রাষ্ট্রহীন রোহিঙ্গাদের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি প্লাইট অব স্টেটলেস রোহিঙ্গাস—ইমতিয়াজ আহমেদ \ ইউপিএল, ঢাকা \ ২০১০প্রচ্ছদ: মাসুদ আল মামুন \ ২২০ পৃষ্ঠা \ ৫০০ টাকারোহিঙ্গা শরণার্থীর বিষয়টি বাংলাদেশের জন্য জটিল এক সমস্যা। কারণ, বাংলাদেশ দরিদ্র এবং এর নিজের জনসংখ্যাই মাত্রাতিরিক্ত। ভূমিহীন, গৃহহীন, অন্ন-বস্ত্রহীন, কর্মহীন, শিক্ষা-স্বাস্থ্য-সুবিধাহীন জনগোষ্ঠীর সংখ্যা আমাদের নিজেদেরই অনেক। এ অবস্থায় পাশের একটি দেশ থেকে বিতাড়িত আরও বেশ কিছু প্রান্তিক মানুষের জীবন-জীবিকার ভার বহন করা ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশের জন্য কষ্টকর বৈকি।এ রকম সমস্যা নিয়ে গবেষণা অবশ্যই একটি দরকারি কাজ। ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপক তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তেমনই এক বিশদ গবেষণাকর্ম সম্পাদন করেছেন। তা থেকে প্রণীত হয়েছে উত্তম মানের একটি গ্রন্থ: দি প্লাইট অব স্টেটলেস রোহিঙ্গাস: রেসপনসেস অব দ্য স্টেট, সোসাইটি অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সম্পাদনায় বইটি সম্প্রতি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বইটির ভূমিকাসহ মোট আটটি অধ্যায় রচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক। মাঠ পর্যায়ে গবেষণাকর্মে তাঁদের সহযোগিতা করেছেন উল্লিখিত তিনটি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২ জন গবেষক-শিক্ষার্থী।সরকারি হিসাবে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বর্তমানে ২৭ হাজার ১৫০। কক্সবাজারের দুটি শরণার্থীশিবিরে তাদের আশ্রয়। কিন্তু বেসরকারি হিসাবে এ দেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় তিন লাখ, তারা বাস করে ওই দুটি শিবিরের বাইরে, বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। মিয়ানমারের সামরিক জান্তা ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে না। ১৯৭৮ সালের জুনে প্রথমবারের মতো দেড় লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। ১৯৯২ সালে আসে আরও আড়াই লক্ষাধিক। মাঝখানে জাতিসংঘ শরণার্থী সংস্থার মধ্যস্থতায় কিছুসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সে দেশে অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে তারা আবার ফিরে আসতে বাধ্য হয়েছে। এখন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা মানবেতর জীবন যাপন করছে। মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র চোরাচালানসহ নানা রকম অপরাধবৃত্তির সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়।আলোচ্য গবেষণাগ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক, রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের সংকট, সেসব নিরসনে আন্তর্জাতিক মহলের মনোযোগের ঘাটতি, নির্যাতন-নিপীড়নের পরিপ্রেক্ষিতে তাদের দেশত্যাগ ও বাংলাদেশে আশ্রয় নেওয়ার পটভূমি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ধরা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় প্রজন্মের পরিচয় নিয়ে। উপনিবেশ-পূর্ব, উপনিবেশকালীন ও উপনিবেশ-পরবর্তী নানা ঐতিহাসিক পর্যায়ে রোহিঙ্গাদের একটি রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হওয়ার প্রক্রিয়া ও কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে বোঝার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থা, তাদের আত্মপরিচয়ের প্রশ্ন ও শরণার্থী হিসেবে বাস্তব অভিজ্ঞতার মনস্তাত্ত্বিক অভিঘাতগুলো। পঞ্চম অধ্যায়ে চেষ্টা করা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানকল্পে বাংলাদেশ রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণের। রাষ্ট্রীয় সংস্থাগুলো এ বিষয়ে কী কী উদ্যোগ নিয়েছে, সেসব সম্পর্কেও আলোকপাত করা হয়েছে এই অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে খতিয়ে দেখা হয়েছে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা। সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সিভিল সোসাইটি ও বেসরকারি সংস্থাগুলোর কর্মকাণ্ড নিয়ে। বইটির শেষ অধ্যায়ে গবেষকেরা এই শরণার্থী সমস্যা সমাধানকল্পে কতগুলো পদক্ষেপের সুপারিশ করেছেন, যেখানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও উদ্যোগের ওপর। বইটির বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ১৫টি গল্প বা কেস স্টাডি: রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছেন, এমন ১৫ জন নারী ও পুরুষের কাহিনি। এই প্রামাণ্য কাহিনিগুলো রাষ্ট্রহীন রোহিঙ্গা শরণার্থীদের জীবনের যে চিত্র ফুটিয়ে তুলেছে, তা এককথায় হূদয়বিদারক।একটি অত্যন্ত পরিশ্রমসাধ্য গবেষণাকর্মের এই গ্রন্থরূপ বাংলাদেশে সমাজ-গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন। বইটি বাংলায় অনূদিত হলে অধিকসংখ্যক পাঠকের আগ্রহ সৃষ্টি করতে পারে।