রায়
ভূমিকা ও অনুবাদ: মাসরুর আরেফিনফ্রানৎস কাফকার ‘রায়’ গল্পের শতবর্ষভরা বসন্তের দিনে এক রোববারের সকাল। গেয়র্গ বেনডেমান, এক তরুণ ব্যবসায়ী, নদীর পাশে লম্বা সারি বেঁধে দাঁড়ানো ছোট-হালকা গাঁথুনির বাড়িগুলোর একটার প্রথম তলায় তার নিজের ঘরে বসে আছে। তার এক পুরোনো বন্ধুর উদ্দেশ্যে একটা চিঠি সে মাত্র লেখা শেষ করেছে। বন্ধুটি বর্তমানে বিদেশে থাকে। ওটা হাতে নিয়ে খেলার ছলে ধীরে ধীরে সে খামে ভরল, তারপর তার লেখার টেবিলে কনুই ঠেকিয়ে তাকাল জানালার বাইরে—নদী, সেতু আর নদীর ওপারে হালকা সবুজ পাহাড়গুলোর দিকে।তার মনে পড়ল, বেশ কয়েক বছর আগে তার এই বন্ধু কীভাবে নিজের দেশে সুযোগ-সুবিধার ব্যাপারে আশাভঙ্গ হয়ে এক রকম দৌড়ে পাড়ি জমিয়েছিল রাশিয়ায়। এখন সে সেন্ট পিটার্সবার্গে একটা ব্যবসা করছে। তার ব্যবসার শুরু হয়েছিল খুব ভালোই, কিন্তু এখন বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে ভালো যাচ্ছে না। তার নিজের কথামতোই, ওখানে বাস করা স্বদেশি লোকজনের সঙ্গে তার সত্যিকারের কোনো যোগাযোগ ছিল না কখনোই, আর স্থানীয় রাশিয়ান পরিবারগুলোর সঙ্গেও কোনো সামাজিক মেলামেশা বলতে গেলে সে করে না। ফলে সারা জীবন চিরকুমার থেকে যাওয়ার ব্যাপারে নিজেকে তৈরি করে নেওয়া ছাড়া তার তেমন বিকল্পও নেই। ওই রকম একটা লোকের কাছে লেখার থাকেই বা কী, যে কিনা আসলেই পথ হারিয়েছে, আর যার জন্য শুধু দুঃখই করা যায়, কিন্তু যাকে সাহায্য করার কোনো সুযোগই নেই? তাকে কি আসলে দেশে ফিরে আসতেই বলা উচিত—এখানে এসে ব্যবসাটা আবার শুরু করো, পুরোনো সব বন্ধুর সঙ্গে যোগাযোগ চালু করো, আর তারপর বাকিটা ছেড়ে দাও বন্ধুবান্ধবের সহযোগিতার ওপর? তিন বছরেরও বেশি হয়ে গেছে, তার এই বন্ধুটি শেষবার দেশে এসেছে। এর কারণ হিসেবে সে খোঁড়া এক অজুহাত তুলে ধরেছে যে রাশিয়ার রাজনৈতিক অবস্থা অনিশ্চিত। ঠিক এই গত তিন বছরেই, অন্যদিকে গেয়র্গের নিজের জীবন বদলে গেছে অনেকখানি। দুই বছর আগে মারা গেছেন গেয়র্গের মা, তখন থেকেই গেয়র্গ আর তার বাবা আছেন এক বাসাতেই। সেই খবর ঠিকই পৌঁছেছে তার বন্ধুর কাছে। যা-ই হোক, তারপর থেকেই গেয়র্গ আরও দৃঢ়সংকল্প নিয়ে শুধু নিজের ব্যবসাই না, অন্য সবকিছুতেও মন দিয়েছে। হতে পারে মা বেঁচে থাকতে তার বাবা, নিজের মতো করে ব্যবসা চালাবেন এই গোঁ থেকে, গেয়র্গকে ব্যবসায় কোনো স্বাধীনতা দেননি। হতে পারে মায়ের মৃত্যুর পর থেকে তার বাবা, যদিও ব্যবসায় সক্রিয়ই আছেন, নিজেকে গুটিয়ে নিয়েছেন পর্দার আড়ালে। যেটাই হোক, এই গত দুই বছরে তাদের ব্যবসা সবচেয়ে অপ্রত্যাশিতভাবে ফুলেফেঁপে উঠেছে। কিন্তু এই পরিবর্তন সম্বন্ধে গেয়র্গের বন্ধুর কোনো ধারণা নেই। গেয়র্গের কখনোই ইচ্ছা হয়নি তার ব্যবসায়িক সাফল্যের কথা বন্ধুকে লিখে জানাতে, আর এতদিন পরে সে কথা বলতে গেলে নিশ্চিত তা সুবিবেচনাসুলভ হবে না। এসব কিছু মিলে গেয়র্গ তার বন্ধুকে চিঠিতে গুরুত্বহীন সব ঘটনার কথাই লেখা শুরু করল। দেখা গেল, গেয়র্গ তার বন্ধুকে তিনবার তিন আলাদা চিঠিতে, একটা থেকে অন্যটা বহুদিন পরপর লেখা, এক গুরুত্বহীন লোকের সঙ্গে সমানভাবে গুরুত্বহীন এক মেয়ের বাগদানের বিষয়ে লিখে বসল; আর শেষমেশ তার বন্ধু, গেয়র্গের ইচ্ছা কখনোই এটা ছিল না—এই আজগুবি ঘটনা নিয়ে কিনা ভালোই আগ্রহী হয়ে ওঠা শুরু করল। তবে গেয়র্গ তার বন্ধুকে এক মাস আগে মিস ফ্রিডা ব্রান্ডেনফেল্ড নামের এক সচ্ছল ঘরের মেয়ের সঙ্গে নিজের বাগদান হয়ে যাওয়ার কথা স্বীকার করার চাইতে বরং ওই সব মামুলি বিষয়ে লেখাই বেশি পছন্দ করছে। তার হবু বউয়ের কাছে সে বেশ কয়েকার তার এই বন্ধুকে নিয়ে গল্প করেছে। ‘তা হলে আমাদের বিয়েতে সে তো আসছে না,’ মেয়েটি বলেছে, ‘তোমার সব বন্ধু নিয়ে আমার কিন্তু জানার অধিকার আছে।’ ‘আমি ওকে ঝামেলা দিতে চাচ্ছি না,’ উত্তরে বলেছে গেয়র্গ, ‘বললে সে হয়তো আসবে, কিন্তু এখানে এসে ওর খুব বেখাপ্পা লাগবে, এমনকি আমাকে নিয়ে ঈর্ষাও হতে পারে ওর, আর এই সব মিলে ও নিশ্চিত মন খারাপ করে বসবে, আর তারপর সেই অসুখী অবস্থা থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা ছাড়াই ওকে কিনা আবার একা ফিরে যেতে হবে রাশিয়ায়। একা, তুমি কি বুঝতে পারছ কথাটার মানে?’ তারপর যখন গেয়র্গের চুমুর তোড়ে দ্রুত শ্বাস নিতে নিতে মেয়েটি আবারও নালিশ জানিয়ে যাচ্ছে: ‘যা-ই বলো না কেন, আমি কিন্তু দুঃখ পেলাম,’ গেয়র্গের তখন মনে হলো আদতে তার বাগদান হয়ে যাওয়ার পুরো গল্প বন্ধুকে লিখে জানানোয় আসলে কোনো অসুবিধা নেই। ‘আমি আমিই। বন্ধু হিসেবে আমাকে ঠিক আমি যা, সেভাবেই মেনে নিতে হবে,’ মনে মনে বলল গেয়র্গ।এভাবেই, এই রোববারের সকালে, বন্ধুর উদ্দেশে লেখা লম্বা চিঠিটায় গেয়র্গ সত্যিই বিস্তারিত জানাল তার বাগদানের কথা: ‘আমার সবচেয়ে সেরা খবরটা শেষে জানাব বলেই রেখে দিয়েছিলাম। মিস ফ্রিডা ব্রান্ডেনফেল্ড নামের ধনী ঘরের এক মেয়ের সঙ্গে আমার বাগদান হয়েছে। আমার এই হবু বধূকে নিয়ে তোমাকে বিস্তারিত লেখার সুযোগ নিশ্চিত পরে আরও আসবে, আজ শুধু এটুকুই বলতে চাই, আমি খুব সুখী। তা ছাড়া আমার হবু বধূকেও তুমি পাচ্ছ (সে তোমাকে জানাচ্ছে তার উষ্ণ শুভেচ্ছা আর শিগগিরই সে নিজেই লিখবে তোমাকে) একজন খাঁটি মেয়েবন্ধু হিসেবে, তোমার মতো এক ব্যাচেলরের জন্য যেটা একেবারে ফেলনা বিষয় না।’এই চিঠি হাতে নিয়েই গেয়র্গ অনেকক্ষণ বসে থাকল তার লেখার ডেস্কে। অবশেষে চিঠি পকেটে ভরল সে, আর নিজের ঘর থেকে বেরিয়ে একটা সরু বারান্দা ধরে হাজির হলো তার বাবার ঘরে, যেখানে সে পা রাখেনি অনেক মাস। তাদের দিনগুলো সাধারণত যেভাবে যায়, সে হিসেবে বাবার ঘরে যাওয়ার দরকারও পড়েনি গেয়র্গের। এই রোদে ভরা সকালেও খাবার ঘরটা এত অন্ধকার দেখে অবাকই হলো গেয়র্গ। তার বাবা বসে আছেন জানালার পাশে, ঘরটার এককোনায়, যেখানে জড়ো করে সাজিয়ে রাখা হয়েছে তার মায়ের নানা স্মৃতিচিহ্ন। তিনি খবরের কাগজ পড়ছেন। টেবিলে পড়ে আছে তাঁর সকালের নাশতার উচ্ছিষ্টটুকু, দেখে মনে হয় না তিনি খেয়েছেন খুব একটা।‘আহ, গেয়র্গ!’ তার বাবা বললেন, আর উঠে এগিয়ে এলেন ছেলের দিকে। তাঁর ভারী ড্রেসিং গাউন হাঁটার সময় দুই পাশে খুলে যাচ্ছে, আর এর ঝুলতে থাকা পাশগুলো পতপত করছে তাঁকে ঘিরে। ‘আমার বাবা আজও কী বিশাল,’ মনে মনে বলল গেয়র্গ। ‘এই ঘরটায় ভয়ংকর রকম অন্ধকার,’ তারপর বলল সে। ‘হ্যাঁ, অন্ধকারই,’ উত্তর দিলেন তিনি। ‘আর আপনি জানালাও বন্ধ করে রেখেছেন?’ ‘আমার ওভাবেই ভালো লাগে।’ ‘বাইরে কিন্তু বেশ ঝলমলে,’ বলল গেয়র্গ, অনেকটা তার আগের কথার সুর ধরেই, তারপর বসল। ‘আপনাকে আসলে বলতে এসেছি,’ গেয়র্গ বলতে থাকল, ‘আমার বাগদানের কথাটা এই এখন সেন্ট পিটার্সবার্গে চিঠিতে জানিয়ে দিলাম।’ চিঠিটা সে পকেট থেকে সামান্য বের করে আবার সেখানেই রাখল। ‘সেন্ট পিটার্সবার্গে?’ জিজ্ঞেস করলেন তার বাবা। ‘আমার বন্ধুকে, আপনি তো চেনেন,’ বলল গের্য়গ, বাবার চোখের দিকে তাকিয়ে। ‘অফিসে তো ওনাকে দেখতে একটুও এমন লাগে না,’ ভাবল সে, ‘কীভাবে নিজেকে ছড়িয়ে বসে আছেন চেয়ারটাতে, হাত দুটো কেমন বুকের ওপর ভাঁজ করে রাখা!’ ‘চিনি। তোমার বন্ধুকে,’ জোরের সঙ্গে বললেন তার বাবা। ‘আপনি তো জানেন বাবা, আমার বাগদানের খবর আমি শুরুতে ওকে জানাতে চাইনি ওর কথা ভেবেই। আপনি নিজেই জানেন, ও কী রকম একটা জটিল মানুষ।’ ‘আর এখন কী হলো, মন বদলে ফেললে?’ জিজ্ঞেস করলেন তার বাবা। ‘হ্যাঁ, আসলেই বদলে ফেললাম। ভাবলাম, সে যদি আমার সত্যি ভালো বন্ধু হয়, তবে আমার বাগদানের এই আনন্দের খবরে সে তো খুশিই হবে। কিন্তু চিঠি ডাকে দেওয়ার আগে মনে হলো আপনাকে জানাই।’গেয়র্গ, তার বাবা বললেন, দাঁতহীন মুখটা বড় হাঁ করে, ‘আমার কথা শোনো! আমার কাছে তুমি এ বিষয়ে কথা বলতে এসেছ, আমার মতামত নিতে এসেছ, ভালো কথা। তোমার প্রশংসা করছি আমি সে জন্য, নিঃসন্দেহে। কিন্তু এর আসলে কোনো মানে হয় না, সত্যি বলতে, যতক্ষণ না তুমি আমাকে সব সত্যি খুলে বলছ, ততক্ষণ এর কোনো মানে হয় না। আমি এখানে অন্য কোনো বিষয় নিয়ে ঝড় তুলতে চাচ্ছি না। তোমার মা মারা যাওয়ার পর থেকে বেশ কিছু বাজে জিনিস ঘটছে নিশ্চিত। অফিসে অনেক কিছুই ঘটছে যে ব্যাপারে আমি কিছু জানতে পারছি না, হতে পারে ওগুলো ইচ্ছে করে আমার থেকে লুকানো হচ্ছে না, আমি আপাতত ভেবে নিচ্ছি আমার থেকে কেউ ইচ্ছে করে লুকাচ্ছে না কিছু, আগের মতো আর শক্তি নেই আমার, স্মৃতিশক্তিও অনেক খারাপ হয়ে গেছে; আর আগের মতো সবকিছুর হিসাব রাখা আমার পক্ষে এখন অসম্ভব। এক, এটাই প্রকৃতির নিয়ম, আর দুই, তোমার মায়ের মৃত্যু তোমাকে না যতটা, তার চেয়ে অনেকগুণ বেশি ধাক্কা দিয়েছে আমাকে। কিন্তু আস যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, তোমার এই চিঠির বিষয়ে, এ ব্যাপারে তোমার দোহাই লাগে গেয়র্গ, আমাকে মিথ্যা বোলো না, আমাকে বোকা বানানোর চেষ্টা কোরো না। তোমার কি আসলেই সেন্ট পিটার্সবার্গে কোনো বন্ধু আছে?’বিব্রত হয়ে উঠে দাঁড়াল গেয়র্গ। ‘আমার বন্ধুদের কথা বাদ দিন। হাজারটা বন্ধু মিলেও আমার কাছে আমার বাবার জায়গা নিতে পারবে না। বুঝছেন তো আমি কী ভাবছি? আপনি ঠিকমতো নিজের দেখভাল করছেন না। বয়স বাড়লে নিজের অনেক যত্ন নিতে হয়। আপনি খুব ভালোমতোই জানেন, আপনাকে ছাড়া আমাদের ব্যবসা সামাল দেওয়া আমার পক্ষে অসম্ভব, কিন্তু সেই ব্যবসা যদি আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়, তা হলে কালই আমি ব্যবসা বন্ধ করে দেব চিরতরে। না, বাবা! আমি ডাক্তার নিয়ে আসব আর আমরা তার নির্দেশমতো চলব।’ গেয়র্গ দাঁড়াল তার বাবার কাছে ঘেঁষে, তিনি তাঁর অগোছালো সাদা চুলে ভরা মাথাটা নুইয়ে রেখেছেন বুকের ওপর। গেয়র্গ, একটুও না নড়ে নরম গলায় বললেন তার বাবা। গেয়র্গ সঙ্গে সঙ্গে তার বাবার পাশে হাঁটু গেড়ে বসল। ‘তোমার সেন্ট পিটার্সবার্গে কোনো বন্ধু নেই। তুমি সব সময়ই তোমার ঠাট্টা-মশকরা নিয়েই আছ, এমনকি আমার সঙ্গেও সেগুলো করতে ছাড়ছ না। এত জায়গা থাকতে ওখানে কী করে তোমার বন্ধু থাকতে পারে! আমি বিশ্বাসই করি না।’ ‘একটু পেছনের কথা মনে করে দেখুন, বাবা,’ বলল গেয়র্গ। ‘বছর তিনেক আগের কথা, যখন আমার এই বন্ধু আমাদের এখানে বেড়াতে এসেছিল। আমার এখনো মনে আছে, ওকে আপনার খুব একটা পছন্দ হয়নি। কিন্তু পরে দেখা গেল ওর সঙ্গে আপনার বেশ ভালোই যাচ্ছে। আমার সত্যিই দেখে গর্ব হচ্ছিল যে আপনি ওর কথা শুনছেন। মনে করে দেখুন, আপনার নিশ্চিত মনে পড়বে, ও রাশিয়ার বিপ্লব নিয়ে আমাদের কী সব অবিশ্বাস্য গল্প বলত। যেমন ওই গল্পটা, ওই যে সে একটা ব্যবসার কাজে কিয়েভে গিয়েছিল, আর ওখানে এক দাঙ্গার সময় এক যাজককে দেখেছিল একটা ব্যালকনিতে দাঁড়িয়ে হাত ওপরে তুলে সামনে জড়ো হওয়া ভিড়ের দিকে চিৎকার করে কিছু বলছে, তার হাতের তালুতে রক্ত দিয়ে বড় একটা ক্রুশচিহ্ন কাটা। ওর ওই গল্প আপনি নিজেই পরে দু-একবার লোকজনকে বলেছেনও।’ইতিমধ্যে গেয়র্গ তার বাবাকে সফলভাবে আবার চেয়ারে বসাতে পেরেছে, সাবধানে খুলেছে ওনার লিনেন প্যান্টের ওপরে পরা উলে বোনা পাওয়ালা অন্তর্বাস। এসব নোংরা হয়ে যাওয়া অন্তর্বাস দেখে তার নিজের প্রতি খেদ হলো বৃদ্ধ বাবাকে এভাবে অবহেলা করার জন্য। এই এখন পর্যন্ত সে তার হবু বধূর সঙ্গে তার বাবার ভবিষ্যৎ দেখভালের বিষয় নিয়ে কী ব্যবস্থা করা যায়, সে সম্বন্ধে খোলাসা করে কোনো আলাপ করেনি। এখন, যা হোক, মুহূর্তের মধ্যে গেয়র্গ সিদ্ধান্ত নিল, তার নিজের সংসার হওয়ামাত্র বাবাকে সঙ্গে নিয়ে যাবে। পরমুহূর্তেই তার এমনকি এও মনে হলো, যে যত্ন আর মনোযোগ সে তার বাবাকে নিজের বাসায় নিয়ে যাওয়ার কথা ভাবছে, তত দিনে অনেক দেরি হয়ে যেতে পারে। বাবাকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিল গেয়র্গ। বিছানার দিকে ওই কয় পা এগোতে গিয়েই ভয়ংকর এক অনুভূতি হলো তার; সে বুঝতে পারল তার বাবা তার কোলের মধ্যে গুটি হয়ে বসে, তার কোটের কলারে লাগানো ঘড়ির চেইনটা নিয়ে খেলছেন। এমন জোরে তিনি চেইন আঁকড়ে রেখেছেন যে তাকে সোজা বিছানায় শুইয়ে দিতে গেয়র্গের রীতিমতো কষ্ট হলো খানিকটা। তবে বিছানায় শুইয়ে দেওয়ার পরে অবশ্য আর কোনো ঝামেলা হলো না। তিনি নিজেই নিজেকে কম্বলে ঢাকলেন, কম্বল টেনে নিলেন কাঁধেরও বেশ খানিক ওপরে। গেয়র্গের দিকে তাকালেন তিনি, মোটামুটি বন্ধুসুলভ দৃষ্টি নিয়ে। ‘এখন কী, তোমার মনে পড়ছে তো ওকে, তাই না?’ জিজ্ঞেস করল গেয়র্গ, বাবার প্রতি উৎসাহের ঢঙে মাথা নেড়ে। ‘আমাকে ঢাকা হয়েছে ঠিকমতো?’ জানতে চাইলেন তার বাবা, মনে হচ্ছে তিনি দেখতে পারছেন না তাঁর পা দুটো কম্বলে ঠিকভাবে গোঁজা কি না। ‘বলেছি না, বিছানায় আপনার ভালো লাগবে,’ বলল গেয়র্গ, বাবার চারপাশে কম্বল ভালোভাবে মুড়ে দিতে দিতে। ‘আমাকে ঢাকা হয়েছে ঠিকমতো?’ আরেকবার জিজ্ঞেস করলেন তার বাবা। ‘চিন্তা করবেন না, আপনাকে ভালোভাবেই ঢেকে দিয়েছি।’ ‘না!’ গর্জে উঠলেন তিনি আর কম্বলটা এত জোরে ছুড়ে ফেললেন যে খানিকের জন্য ওটা শূন্যে খুলে গিয়ে ভেসে রইল। বিছানার ওপর দাঁড়িয়ে গেলেন তিনি, তারপর এক হাতে ছাদ ধরে নিজের শরীর সোজা করলেন কোনো রকমে। ‘আমাকে তুমি যে ঢেকে দিতে চাও তা আমি জানি, আমার বদমাশ বাচ্চা ছেলে। কিন্তু আমাকে ঢাকতে পারোনি এখনো। আমার শরীরের সব শক্তি একদম শেষ হয়ে গেলেও তোমাকে সোজা করার জন্য ওইটকুুই যথেষ্ট। তোমার বন্ধুকে তো আমি অবশ্যই চিনি। সে আমার এমনই একটা ছেলে হতো যে কি না আমার মতো করেই ভাবে। সে জন্যই তো এতগুলো বছর ধরে তুমি তাকে ঠকিয়ে চলেছ, না কি? তোমার কি মনে হয়, তার জন্য আমি কাঁদিনি? সে জন্যই তো অফিসে নিজের কামরা বন্ধ করে বসে থাকো তুমি। বস ব্যস্ত, কেউ তাকে বিরক্ত করবে না, যাতে রাশিয়ায় ওই সব মিথ্যা চিঠির পরে চিঠি লিখে যেতে পারো। কিন্তু ভাগ্যক্রমে নিজের সন্তানের ভেতরটা পড়ে ফেলার জন্য কোনো বাবারই অন্য কারও কাছ থেকে শেখার কিছু নেই। আর এখন এই যেমন তুমি ভাবলে ব্যাটাকে এবার পেড়ে ফেলেছি, এত শক্ত করে নিচে ফেলেছি যে তার ওপর পাছা দিয়ে বসব আর ও ব্যাটা নড়তেও পারবে না, এ রকম, এ রকমই একটা সময়ে আমার সুযোগ্য পুত্র কী সিদ্ধান্ত নিল, বিয়ে করবে! বাহ!’গেয়র্গ চোখ তুলে তাকাল তার বাবার এই দুঃস্বপ্নময় চেহারার দিকে। সেন্ট পিটার্সবার্গে তার এই বন্ধু, যাকে হঠাৎ করেই তার বাবা এত ভালোভাবে চিনে ফেলেছেন, গেয়র্গের হূদয় স্পর্শ করল অন্য যেকোনো সময়ের চেয়ে গাঢ়ভাবে। সে ভাবল তাকে নিয়ে—রাশিয়ার বিশালত্বের মধ্যে হারিয়ে যাওয়া এক মানুষ। তাকে সে দেখল তার ফাঁকা, লুট হয়ে যাওয়া দোকানের দরজার সামনে। কোনোমতে দাঁড়িয়ে রয়েছে সে তার দোকানের ধ্বংস হয়ে যাওয়া তাকগুলো, লন্ডভন্ড হয়ে যাওয়া মালপত্র আর বেঁকেচুরে যাওয়া গ্যাস বার্নারগুলোর মধ্যখানে। তাকে কেন চলে যেতেই হলো এত এত দূরে? ‘আমার দিকে মনোযোগ দাও,’ গর্জে উঠলেন তার বাবা, আর গেয়র্গ, কী করছে ঠিকমতো বুঝতেই পারছে না, সবকিছু আঁকড়ে ধরতে ছুটে গেল বিছানার দিকে, কিন্তু শেষে থমকে দাঁড়াল মাঝপথে। ‘কারণ কী, কারণ মেয়েটা তার স্কার্ট তুলেছে,’ তার বাবা শুরু করলেন বাঁশির সুরে, ‘কারণ সে এই এমন করে তার স্কার্ট উঠিয়েছে, জঘন্য বদ মেয়ে কোথাকার,’ আর ব্যাপারটা দেখার জন্য তিনি রীতিমতো তার রাতের ঢোলা জামা এতই ওপরে ওঠালেন যে তার উরুর ওপরে যুদ্ধের ক্ষতটা পর্যন্ত দেখা গেল, ‘কারণ সে তার স্কার্ট উঠিয়েছে এই এমন করে, আর তাই তুমি ওর পেছনে ছুটলে, নির্ঝঞ্ঝাটে যেন ওর সঙ্গে ফুর্তিবাজি করতে পারো তাই চুনকালি দিলে তোমার মায়ের স্মৃতিতে, প্রতারণা করলে নিজের বন্ধুর সঙ্গে আর নিজের বাবাকে ঠুসে দিলে বিছানাতে, যেন তিনি নড়তে-চড়তে না পারেন। কিন্তু নড়তে তিনি পারেন, কি পারেন না?’ এবার তিনি দাঁড়ালেন কোনো কিছুর সাহায্য না নিয়েই, লাথি মারতে লাগলেন শূন্যে। আকস্মিক এক উপলব্ধিতে ঝলমল করছেন। গেয়র্গ দাঁড়িয়ে আছে এক কোনায়, বাবার থেকে যতটা সম্ভব দূরে পারা যায়। বেশ অনেক আগেই সে মনস্থির করেছিল, সবকিছুর ওপরে তীক্ষ নজর রাখবে, যেন পেছন থেকে বা ওপর থেকে হঠাৎ কোনো আক্রমণে সে হতবিহ্বল কিংবা ধরাশায়ী হয়ে না যায়। ‘কিন্তু তোমার বন্ধুকে শেষমেশ ঠকাতে তুমি পারোনি!’ তার বাবা চিৎকার দিলেন, তার আন্দোলিত তর্জনী সুনিশ্চিত করল কথাটা, ‘এই এখানে, ঘটনা ঘটার জায়গাতে, আমিই তার প্রতিনিধি।’ ‘ভাঁড় একটা!’ নিজেকে আর চিৎকার করে ওঠা থেকে থামাতে পারল না গেয়র্গ, তৎক্ষণাৎ বুঝতে পারল কী ক্ষতি হয়ে গেছে। ‘হ্যাঁ, ঠিকই তো, আমি তো ভাঁড়! ভাঁড়ামিই চলছে! তোমার বউ মরে যাওয়া বুড়ো বাপের জন্য আর অন্য কোনো সান্ত্বনা আছে কি? আর আমার পুত্রধন বেশ বিজয়োল্লাস করে বেড়াচ্ছে দুনিয়াজুড়ে, আমার আনা ব্যবসাগুলো নিয়ে মাতব্বরি ফলাচ্ছে, আর বাপের কাছ থেকে কী সুন্দর দূরে পালাচ্ছে ভদ্রলোকের কঠিন মুখোশ পরে! তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসিনি, আমি যে তোমাকে জন্ম দিয়েছি?’ এবার উনি সামনে ঝুঁকবেন, ভাবল গেয়র্গ, কী হবে যদি খাটে থেকে পড়ে যান, আর টুকরো টুকরো হয়ে যান! এই কথাগুলো তার মাথার মধ্যে হিসিহস্্ করে উঠল। তার বাবা সামনে ঝুঁকলেন বটে, কিন্তু পড়লেন না। যেহেতু গেয়র্গ সামনে তাঁর দিকে এগিয়ে গেল না, যেমনটা তিনি আশা করেছিলেন, আবার তিনি দাঁড়ালেন খাঁড়া হয়ে। ‘যেখানে আছো সেখানেই থাকো, তোমাকে দরকার নেই আমার। ভাবছ আমার কাছে আসার শক্তি এখনো তোমার আছে, কিন্তু আসছ না মন চাচ্ছে না বলেই। হুঁ, এত নিশ্চিত হয়ো না। এখনো তোমার চাইতে আমার শক্তি বেশি। নিজে একা হলে হয়তো পিছিয়ে যেতাম, কিন্তু তোমার মা আমাকে তাঁর শক্তিগুলো দিয়ে গেছেন; তোমার বন্ধুর সঙ্গে একটা চমৎকার জোটও বেঁধে ফেলেছি আমি, তোমার সব খদ্দের এই আমার পকেটে! ’ ‘তার রাতের জামার আবার পকেটও আছে!’ মনে মনে বলল গেয়র্গ, ভাবল এই কথার মাধ্যমে সে তার বাপকে সারা দুনিয়ার সামনে এক হাস্যকর চিড়িয়ায় পরিণত করতে পারে। ‘তোমার বউয়ের হাত ধরে আস না আমার কাছে! চেষ্টা করে দেখো! একদম তোমার পাশ থেকে ঝেটিয়ে বিদায় করব ওই বেটিকে, যদি না করি তো দেখো! ’ গেয়র্গ এমন একটা মুখ বানাল যেন তার এটা বিশ্বাস হচ্ছে না। তার বাবা গেয়র্গের কোনার দিকে মাথা নাড়লেন, নিজের বলা হুমকির সত্যতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতেই। ‘হাসালে আমাকে তুমি আজ, আমার কাছে জানতে এসেছ তোমার বাগদানের খবর বন্ধুকে জানাবে কি না! বাহ্্! সে সব জানে, গর্দভ, সে সবই জানে! আমি নিজে ওকে লিখে জানিয়েছি, আমার লেখার জিনিসগুলো তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে ভুলে গেছ বাছাধন। এ জন্যই তো এত বছর সে এখানে আর আসে না। তোমার চেয়ে সে শতগুণ ভালো করেই জানে সবকিছু।’ নিজের মাথার ওপরে একটা হাত তিনি দোলাতে লাগলেন মহা উৎসাহের সঙ্গে। ‘সে তোমার চেয়ে সবকিছু হাজার গুণ ভালো জানে !’ তিনি চেঁচিয়ে বললেন। ‘দশ হাজার গুণ!’ বাপকে নিয়ে মশকরা করার জন্যই বলল গেয়র্গ, কিন্তু শব্দগুলো ঠোঁট থেকে বের হওয়ার আগেই একটা ঐকান্তিক চেহারা নিয়ে নিল। ‘বহু বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি কখন তুমি আমাকে এটা জিজ্ঞেস করবে! তোমার মনে হয় অন্য কিছু নিয়ে আমার কোনো মাথাব্যথা আছে? তুমি মনে কর যে আমি ওই খবরের কাগজগুলো আসলেই পড়ি? এই যে!’ গেয়র্গের দিকে তিনি ছুঁড়ে মারলেন খবরের কাগজের একটা পাতা। ‘বড় হতে তোমার কত লম্বা সময় লাগল! তোমার মাকে মরতে হলো, তোমার বন্ধু তার ওই রাশিয়ায় পড়ে পড়ে মরছে, আর আমাকে তো দেখতেই পারছ কী অবস্থা। ওটুকু দেখার তো চোখ আছে তোমার!’ ‘তো আপনি, তা হলে অপেক্ষা করে ছিলেন আমাকে ধরার জন্য!’ চিৎকার করে উঠল গেয়র্গ। সমবেদনার স্বরে তার বাবা হালকা চালে বললেন, ‘আমার মনে হয়, কথাটা আরও আগে বললে কোনো অর্থ হতো। এখন আর এ কথার কোনো মানে নেই।’ এবার আরও উঁচু গলায়, ‘সুতরাং আজ তুমি জানলে যে নিজেকে ছাড়াও পৃথিবীতে আর কী কী আছে; এর আগ পর্যন্ত নিজেকে ছাড়া আর কিছুই বোঝোনি! নিরপরাধ একটা শিশু ছিলে তুমি, সত্যিই, কিন্তু তার চেয়েও বড় সত্য, তুমি ছিলে একটা মানুষরূপী শয়তান! আর তাই জেনে নাও: আমি তোমাকে পানিতে ডুবে মরার মৃত্যুদণ্ড দিচ্ছি!’গেয়র্গের মনে হলো তাকে ঘরটা থেকে বহিষ্কার করা হলো, সে দৌড়ে বের হয়ে যাচ্ছে, তার কানে বাজছে তার বাবার বিছানায় ধপ করে পড়ে যাওয়ার শব্দ। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে সে, এমনভাবে যেন কোনো ঢাল বেয়ে গড়িয়ে পড়ছে; ঠিকাঝির সঙ্গে ধাক্কা খেল সে, সকালবেলার ঘর পরিষ্কারের কাজ করার জন্য মহিলা যাচ্ছিল ওপরের ফ্ল্যাটে। ‘যিশু!’ চিৎকার দিয়ে উঠল মহিলা, অ্যাপ্রোন দিয়ে মুখ ঢাকল, কিন্তু ততক্ষণে গেয়র্গ হাওয়া। সামনের দরজা দিয়ে ছিটকে বের হলো সে, তার ঝোড়ো গতি তাকে রাস্তা পার করে নিয়ে চলেছে পানির দিকে। এমনভাবে রেলিংটা আঁকড়ে আছে সে, যেমন কোনো ক্ষুধার্ত মানুষ আঁকড়ে ধরে খাবার। ওটার ওপর দিয়ে শরীর বাউলি কেটে সে নিয়ে গেল ও পাশে, ঠিক ছোটবেলার সেই দক্ষ জিমন্যাস্টের মতো, যাকে নিয়ে গর্ব করতেন তার বাবা-মা। দুর্বল হয়ে আসা মুঠিতে তখনো রেলিং ধরে, রেলিংগুলোর ফাঁক দিয়ে সে দেখল একটা বাস চলে যাচ্ছে। বুঝল এর আওয়াজে তার পতনের শব্দ সহজেই ঢেকে যাবে; আর নরম গলায় বলে উঠল, ‘প্রিয় বাবা-মা, তোমাদের সব সময়ই ভালোবেসেছি আমি,’ আর ছেড়ে দিলো নিজেকে। সে সময় সেতুটার ওপর দিয়ে পার হচ্ছে এক রীতিমতো অফুরন্ত যানবাহনের স্রোত।কাফকা যে রাতে কাফকা হলেনডব্লু এইচ অডেন লিখছেন: ‘ফ্রানৎস কাফকার “রায়” (ইংরেজি অনুবাদে The Judgement ও The Verdict) গল্পটি পড়লে পায়ের তলার মাটি সরে যায়।...পড়া শেষ হলে সাহিত্য অনুরাগী যে কারোরই বোধ হয় বিভ্রান্তচিত্তে কলম নিয়ে গল্প লিখতে বসার ইচ্ছে হবে।’ কাফকা নিজেই বন্ধু ম্যাক্স ব্রডকে লিখে গেছেন, তাঁর অসংখ্য ছোটগল্পের মধ্যে মাত্র যে-ছয়টি লেখা কালোত্তীর্ণ হবে, তার প্রথমটিই ‘রায়’। আজ থেকে এক শ বছর আগে, ১৯১২ সালের ২৩ সেপ্টেম্বর কাফকা তাঁর ডায়েরিতে লিখছেন: ‘এই গল্পটি—নাম “রায়”—গতকাল ২২ তারিখের রাত ১০টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত এক বসায় লিখলাম।...স্রেফ এভাবেই সম্ভব লেখালেখি, স্রেফ এ রকম প্রাঞ্জলতা নিয়েই, শরীর ও আত্মা এ রকম সম্পূর্ণ খুলে দেওয়ার মধ্য দিয়েই।’ গল্পের নায়িকা ফ্রিডা ব্রান্ডেনফেল্ড যে কাফকার প্রেমিকা ফেলিস বাউয়ার আর গেয়র্গ যে কাফকা নিজেই, তার পরিষ্কার ইঙ্গিত কাফকা তাঁর ডায়েরিতে দিয়ে গেছেন, ১১ ফেব্রুয়ারি, ১৯১৩ তারিখে। ‘রায়’ লেখার মাত্র দেড় মাস আগে তাঁর পরিচয় হয় ফেলিসের সঙ্গে, আর এ-গল্প লেখার ১৮ মাস পর কাফকার সঙ্গে প্রথমবারের মতো বাগদান হয় ফেলিসের; মোট দুই দফা বাগদান, কিন্তু বিয়ে হয়নি একবারও, কারণ দুবারই বিয়ে থেকে পিছিয়ে আসেন কাফকা। গল্পটি উৎসর্গ করা হয়েছে ‘মিজ ফেলিস বি.’-কে। সব কাফকাবোদ্ধা এ বিষয়ে একমত, কাফকা নিজেও, যে ‘রায়’ লেখার মধ্য দিয়েই তিনি তাঁর ভেতরের সত্যিকারের লেখক সত্তা ও শক্তি আবিষ্কার করেন। পৃথিবীর নানা প্রান্তে তাই এ বছরের ২২-২৩ সেপ্টেম্বরকে বলা হচ্ছে: ‘ফ্রানৎস কাফকার কাফকা হয়ে ওঠার শতবর্ষ।’ প্রাগ ও আমেরিকার ‘কাফকা সোসাইটি’ কিংবা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ই শুধু নয়, লাটভিয়ার এক অখ্যাত বিশ্ববিদ্যালয়ও ঘোষণা করেছে ২২ সেপ্টেম্বর রাতে কাফকাপ্রেমীরা রাত জেগে স্মরণ করবে বিশ শতকের এই সবচেয়ে প্রভাবশালী লেখকের লেখক হয়ে ওঠার মুহূর্তটিকে। শেক্সপিয়ারের পরে আর কোনো লেখককে নিয়ে এত লেখালেখি ও গবেষণা হয়নি, যতটা হয়েছে কাফকাকে নিয়ে। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস পত্রিকা লিখছে: ‘সাম্প্রতিক এক হিসাবমতে, স্রেফ গত ১৪ বছরেই প্রতি ১০ দিনে কাফকার ওপরে বের হয়েছে নতুন করে একটি বই।’ দ্রষ্টব্য যে কাফকা নিজেও খুব ভালোবাসতেন এই গল্পটি। ব্যাপারটি তাঁর জন্য খুব অস্বাভাবিক—মনে রাখতে হবে, নিজের সব লেখার প্রতিই সন্দিগ্ধ হয়ে তিনি তাঁর সব সৃষ্টি পুড়িয়ে ফেলতে বলেছিলেন ম্যাক্স ব্রডকে। সেই তিনি নিজেই বন্ধুদের কাছে প্রশংসা করেন ‘রায়’ গল্পের নিঃসংশয়তার। এই লেখার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি লিখলেন ‘রূপান্তর’—গ্রেগর সামসার পোকা হয়ে যাওয়ার আরেক ‘নিঃসংশয়’ মাস্টারপিস; একই রকম ভয়ংকর, কিন্তু ‘রায়’-এর চেয়ে অনেক কম স্নায়ুবিকারগ্রস্ত, কম কমিক, কম ‘অযৌক্তিক’।পত্রিকায় স্থান সংকুলানের খাতিরে, গল্পের কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না দিয়েই, বাংলা অনুবাদটি কিছুটা সম্পাদনা ও সংক্ষেপ করা হলো।