বয়স তখন আমার আট কি নয় হবে। বাবা দুপুরবেলা বাড়ি ফিরলেন ফ্রেমে বাঁধাই করা বিশাল এক ছবি নিয়ে। অবাক চোখে দেখতে থাকলাম আমার দাদির মুখ। কেমন এক সম্মোহনী ক্ষমতা আছে ছবিটির। মানুষটি এখন আর নেই বলেই হয়তো তাঁর ছবি দেখে এমন অনুভূতি জাগছে।—শৈশবে এমনই এক ব্যাখ্যা দাঁড় করিয়েছিলাম অপূর্ব অসাধারণ এই প্রতিকৃতির। যত বড় হয়েছি, আর্ট কলেজের গণ্ডি পেরিয়েছি, প্রতিকৃতিশিল্পের ইতিহাস জানতে শুরু করেছি আর প্রতিকৃতি অঙ্কনেও জড়িয়ে পড়েছি, ততই বুঝেছি শৈশবের ওই কেমন-কেমন অনুভূতির আসল হেতু আলোকচিত্রটির নিজস্ব শিল্পগুণ।তবে আবদুল হামিদ রায়হানকে যাঁরা চেনেন, তাঁদের প্রায় সবাই তাঁর মুক্তিযুদ্ধের আলোকচিত্রের সঙ্গেই পরিচিত। তাঁর স্টুডিও ও অন্যান্য ভিন্নধর্মী আলোকচিত্রের খোঁজও তাঁরা তেমন একটা করেন না। প্রকৃত প্রস্তাবে তিনি আদ্যোপান্ত একজন আলোকচিত্রী। ক্যামেরা তাঁর অন্ন, ক্যামেরা তাঁর রাইফেল, ক্যামেরা তাঁর সৃজনাধার। মাত্র ১৪ বছর বয়সে প্রথম ক্যামেরায় হাতেখড়ি। কিন্তু ১৯৬৫ সালের লুবিডো ক্যামেরাটি হাতে এলেই ফটোগ্রাফির সঙ্গে মূল বোঝাপড়া শুরু হয় তাঁর। ঢাকা ও কলকাতা থেকে প্রয়োজনমতো বইপুস্তক সংগ্রহ করে অফিসের এক কোণে এবং নিজের বাড়িতে ডার্করুম বানিয়ে শুরু করেন আলোকচিত্রের নানা পরীক্ষা-নিরীক্ষা, স্কুলের গণ্ডি না-পেরোনো এই আলোকচিত্রী। বন্ধুর লেদ মেশিন থেকে নিজের প্রচেষ্টায় বানিয়ে নেন এনলারজার। প্রতিনিয়ত আশপাশের মানুষ ও প্রকৃতির ছবি তুলে তাৎক্ষণিক তা প্রিন্ট করে যাচাই করে নিতেন। ১৯৭০ সালের মধ্যেই আলোকচিত্রে তাঁর ক্ষমতা কুষ্টিয়াবাসীর নজর কাড়ে। ফলে ’৭০-এর নির্বাচনী প্রচারণায় যখন বঙ্গবন্ধু কুষ্টিয়ায় এলেন জনসভা করতে, তখন তাঁরই ওপর দায়িত্ব পড়ল ছবি ধারণের। জনসভার সেই ছবি তাঁর আত্মপরিচয় পাল্টে দিল। কুষ্টিয়া টোব্যাকো কোম্পানির সাধারণ এক কর্মচারী হয়ে উঠলেন স্বনামধন্য আলোকচিত্রী। তারুণ্যে যে সময়ে তাঁর হাতে সোনা ফলেছে, সেই সময়ে তিনি নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবেই বেশি ব্যস্ত রেখেছিলেন। ’৭১-এর এপ্রিল থেকে ভারতের করিমপুর মুক্তিযোদ্ধা ক্যাম্পে (ফিডার ক্যাম্প) সহকারী ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেপ্টেম্বরে বাল্যবন্ধু ও রাজনৈতিক সহকর্মী ব্যারিস্টার আমীর-উল ইসলামের আহ্বানে যোগ দেন বাংলাদেশ ভলান্টিয়ার সার্ভিস কোরে, ফটোসাংবাদিক পদে। মাত্র তিন মাসে ৫০০-রও অধিক আলোকচিত্র ধারণ করেন। উদ্দেশ্য ছিল প্রোপাগান্ডা; মুক্তিযুদ্ধের সপক্ষে দেশ-বিদেশে জনমত তৈরি। এভাবেই তাঁর ক্যামেরায় ঠাঁই নেয় ’৭১-এর দুর্লভ অনন্য অনেক মুহূর্ত। ৫০০ থেকে বাছাই করা বাবার ৪০টি আলোকচিত্র নিয়ে রায়হানের ’৭১ শীর্ষক এই আয়োজনে থাকছে প্রাক্-মুক্তিযুদ্ধকালীন উত্তাল জনজীবন, মুজিবনগর সরকারের কার্যক্রম, ভারতে অবস্থিত শরণার্থী ক্যাম্প, মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প, মানুষ ও প্রকৃতির ছবি। শিল্পের দুনিয়ায় উঁকিঝুঁকি দেওয়ার প্রবণতা আছে বিধায় এবারের প্রদর্শনীতে তাঁর সেই সব আলোকচিত্রই বাছাই করেছি, যেখানে প্রধান হয়ে উঠেছে নান্দনিক ও ফরমালিস্টিক বৈশিষ্ট্যসমূহ। ঐতিহাসিক বেশ কিছু আলোকচিত্র আছে, যেগুলোর প্রাসঙ্গিকতাও নানামুখী। এসব আলোকচিত্রের অধিকাংশই এ প্রদর্শনীতেই প্রথম প্রদর্শিত হচ্ছে। বর্তমান প্রদর্শনীর বিষয় না হলেও আমার দাদির প্রতিকৃতিটি রাখা হয়েছে বাবার স্টুডিও ফটোগ্রাফির নমুনা হিসেবে, তাঁর স্টুডিও ফটোগ্রাফির নান্দনিকতা ও বিশেষত্ব হাজিরের উদ্দেশ্যে। এটি তাঁর স্টুডিও ফটোগ্রাফি সম্বন্ধে ধারণা তৈরির ক্ষেত্রে কি হোলের মতো কাজ করবে বলে আমি মনে করি।যুদ্ধের দিনে বাবার তোলা আলোকচিত্রগুলো এক ভিন্ন গল্পগাথার বয়ান দেয়। এ আলোকচিত্রগুলো যেমন সাধারণ মানুষের লড়াই-সংগ্রামের বিষাদময় উপাখ্যানের নথি হয়ে ফুটে ওঠে, তেমনি স্বাধীনতার ৪০ বছর পরেও আমাদের অজানা নানা রাজনৈতিক ইতিহাসের নিভৃত সাক্ষীর গুরুত্ব নিয়ে কথা বলে চলে। যুদ্ধ ও সাধারণ মানুষের দুঃখ-কষ্টের আলোকচিত্র ধারণের প্রবল ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের মধ্যেও এমন সব আলোকচিত্র তাঁর ক্যামেরায় বন্দী হয়েছে, যা কিনা ক্যামেরার প্রতি তাঁর দায় ও প্রেমকেই উপস্থাপন করে। শৈশবে দেখা এমনই আরেকটি আলোকচিত্রের মূল রসাস্বাদন নিতে আমাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। সাতক্ষীরায় তোলা অখ্যাত এক মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিনের আলোকচিত্র সেটি। স্টেনগান হাতে সামনের দিকে তাক করে পোজ দেওয়া এক মুক্তিযোদ্ধা তিনি—শৈশবে ও কৈশোরে এই ছিল আমার ধারণা। পরিণত বয়সে বুঝেছি, আপাত দৃশ্যমান ছবির ওই মুক্তিযোদ্ধা আলোকচিত্রটির একমাত্র বিষয় নয়। বরং আরও একটি বিষয় আলোকচিত্রটির বাঁ পাশে নিচের দিকের ছায়া দুটির মাধ্যমে প্রধান বিষয় হয়ে ওঠে। অদ্ভুত ব্যাপার! আলোকচিত্রের ‘বিষয়’ ও একমাত্র শারীরিক উপস্থিতি নিয়ে ফ্রেমের মধ্যে যে মুক্তিযোদ্ধা পোজ দিচ্ছেন, তিনি এবং আলোকচিত্রী দুজনেই সূর্যের আলোর বিপরীতে থাকায় দুজনেরই ছায়া পড়েছে লেন্সের সীমানার মধ্যে। আর এ কারণেই আলোকচিত্রের বিষয় চরিত্র পাল্টে গেছে। মুক্তিযোদ্ধার পোজ যেন গৌণ হয়ে উঠেছে, বরং তাঁর ও আলোকচিত্রীর ছায়া দুটিই যেন হয়ে উঠেছে মূল কর্তা। এভাবে আলোকচিত্রটি বিষয়ের দ্যোতনায় দুলতে থাকে এবং মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও পারিপার্শ্বিকতার এক সুদূরপ্রসারী চেতনাপ্রবাহ তৈরি করে। ফলে মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিনের অনুরোধে তোলা তাঁর সাধারণ পোজ দেওয়া আলোকচিত্রটি হয়ে ওঠে অনন্য শিল্প। আবদুল হামিদ রায়হান তেমনই একজন আলোকচিত্রী, যিনি কি না ইতিহাসে অনেকগুলো বছর অনালোচিতই রয়ে গেছেন। কেননা একাধারে তিনি ‘একজন ক্যামেরাম্যান’ তো বটেই, উপরন্তু তাঁর ক্যামেরায় ১৯৭১-এর এমন সব মুহূর্তের ছবি ধারণ করেছেন, যা এ দেশের রাজনীতিতে প্রায় তিন দশক উপেক্ষিত ছিল এবং ক্ষেত্রবিশেষে বিতর্কেরও ঝড় তুলেছে। আবার গোদের ওপর বিষফোড়ার মতো থাকেন তিনি মফস্বলে। আমাদের উপেক্ষার রাজনীতি মফস্বলের সৃজনশীল ও স্বনামধন্য এই ক্যামেরাম্যানকে অপরিচিত করে রাখে সারা দেশে, রাজধানীতে। শিল্পকলায় খুব নাজুক হলেও কিঞ্চিৎ আনাগোনার কারণেই হয়তো উপেক্ষার এই রাজনীতি আমাকে পীড়া দিতে থাকে। বাবার ৮০তম জন্মদিনে তাঁকে শিল্পের নয়, জীবনের প্রেরণা দিতে, শতায়ু হওয়ার প্রেরণা দিতেই মূলত এই প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনী চলে ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, ঢাকা আর্ট সেন্টারে।