রিপোর্ট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

রিংকুদের স্কুলে কাল ‘টিচার্স-প্যারেন্টস মিটিং’। অনেকক্ষণ ধরে দাঁত দিয়ে পেনসিলের রাবার চিবোচ্ছে সে। খাবার টেবিলে আব্বু-আম্মু কী নিয়ে যেন কথা বলছে। এখন টিচার্স-প্যারেন্টস মিটিং নিয়ে কথা বললেই বিপদে পড়তে হবে। আবার না বললেও বিপদ। স্কুলে গিয়ে ক্লাস টিচারকে কী বলবে? আনমনে তা-ই ভাবছিল রিংকু। হঠাৎ করেই যেন ভারী কিছু মাথার ওপর এসে পড়ল। দেখল, বাবা পাশে দাঁড়িয়ে। বাবাই গাট্টা মেরেছে মাথায়। একটা অঙ্ক করতে দিয়েছিল। সেটা তো হয়ইনি, বরং রাবারের গুঁড়ায় খাতা ভরে গেছে। বাবা জানতে চাইল—
‘কী হলো, পেনসিল চিবোচ্ছিস, খাতার এ কী অবস্থা, অঙ্ক হলো?’
গাট্টা খেয়ে তালগোল পাকিয়ে গেল রিংকুর মাথায়। বাবাকে টিচার্স-প্যারেন্টস মিটিং নিয়ে বলতে যাবে, তখন মা রাতের খাবার খেতে টেবিলে ডাকছে। সাড়ে নয়টা বাজে! যা বলার এখনই বলতে হবে। কারণ, ১০টা বাজলেই ঘুমাতে হবে, এমন নিয়ম করে দিয়েছে আম্মু। কিন্তু এদিক-সেদিক করে প্যারেন্টস মিটিংয়ের কথা বলাই হলো না। কাল যখন ক্লাসে তারেক স্যার এসে ডাকবে রিংকুকে। কাউকে না দেখে বলবে, ‘বাবা-মাকে এবারও বলোনি নিশ্চয়ই?’ তখন রিংকু বোকা চোখে তাকিয়ে থাকবে আর বাকিরা হাসবে। বিশেষ করে অমি আর ওদের দুষ্টু দলটা। এদিকে নিম্মি মুখ কালো করে তাকিয়ে থাকবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাতে যাওয়ার সময় হলো, টেরই পেল না রিংকু।
আলো নিভিয়ে চলে গেছে আম্মু। কিন্তু ঘুম আসে না রিংকুর। একবার ভাবল, কাল যেভাবেই হোক ক্লাস ক্যাপ্টেন দিপ্তর কাছ থেকে রিপোর্ট কার্ড নিয়ে আব্বুর সাইন নকল করে দেবে। কিন্তু সেটা কি ঠিক হবে? অন্য বুদ্ধিও আসছে না মাথায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল রিংকু।
কখন যে সকাল হলো, বুঝতেই পারল না সে। আম্মু না আব্বু, কে নিয়ে যাবে স্কুলে? আজ কোনোভাবেই দেরি করতে চাইছে না রিংকু। স্কুলে ঢোকার সময় শেষ হয়ে গেলে পারভিন ম্যাডাম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন গেটে। তখন যে-ই ঢোকে, তাকেই শাস্তি পেতে হয়। আজ যদি দেরি হয়, নির্ঘাত আব্বুর সঙ্গে দেখা হয়ে যাবে ম্যাডামের। আর আব্বু জেনে যাবে সব, তখন যা হওয়ার তা হবেই! কিন্তু, আজ বেশি দেরি হয়নি। পয়লা দফায় বেঁচে গেছে সে, এমন একটা ভাব নিয়ে স্কুলে ঢুকলেও সেটা বেশিক্ষণ টিকল না। কারণ, সবাই আব্বু-আম্মুকে নিয়ে এসেছে। রিংকু যেই চোখ কাঁচুমাচু করে ক্লাসে ঢুকতে যাবে, অমনি পেছন থেকে কে যেন টেনে ধরল ওকে। ঘুরে দেখল, ইংরেজির মঈন স্যার। জানতে চাইল:
‘বাবা-মা কোথায়? এসেছে? নাকি ভয়ে বলিসনি?’
বুকের ঢিপ ঢিপ শব্দে স্যারের কোনো কথায়ই যেন কানে আসছে না রিংকুর। স্যারের হাত থেকে বাঁচার জন্য বলল,
‘এসেছে স্যার, আব্বু গাড়ি পার্ক করে আসছে।’
অবশেষে ক্লাস শুরু হয়ে গেল। আজ মিটিং ডে, দুইটার বেশি ক্লাস হবে না। ঠিক সময়ে বাসায় যাওয়া হচ্ছে না। এটা নিয়েও বেশ চিন্তিত ও। দিপ্তর কাছ থেকে রেজাল্ট কার্ডও নেওয়া হয়নি। ও যে গিট্টুবাজ! এখন সুবিধা দিলে পরে ঠিকই সুবিধা নিয়ে নেবে। ব্যাটা এক নম্বরের ভেজা বিড়াল।
স্কুলের করিডর ফাঁকা। প্রতি ক্লাসে টিচাররা রিপোর্ট কার্ড দেওয়া শুরু করেছেন। কিন্তু রিংকু কী করবে বুঝতে পারছে না! দাঁত দিয়ে নখ কাটা ছাড়া আর কোনো বুদ্ধি মাথায় আসছে না। এই বিপদ থেকে উদ্ধারের আর কোনো পথ জানা নেই। এদিকে রিংকুর ডাক প্রায় এসে পড়েছে। কী বলবে স্যারকে? এ সময় হঠাৎ করেই চারপাশ কেঁপে উঠল, মনে হলো ভূমিকম্প। ভূমিকম্প হলে কোথাও লুকাতে হয়, এটা রিংকুর জানা। রিপোর্ট কার্ডের চিন্তার মধ্যে আবার ভূমিকম্প! তবে এটা হয়ে ভালো হয়েছে, আম্মু আর বকার সময় পাবে না! কিন্তু সব এমন কেঁপে উঠছে কেন, নড়তেও পারছে না সে। হঠাৎ করে কোথা থেকে যেন আম্মুর মুখটা সামনে এল। আম্মু কখন এল? কিছুই বুঝতে পারছে না রিংকু। কেমন যেন এলোমেলো লাগছে। চারদিকে আলো। রিংকু চোখ মেলে তাকিয়ে দেখল, ও আসলে ওর ঘরেই শুয়ে আছে! আর আম্মু ডাকছে জোরে জোরে:
‘কখন থেকে ডাকছি! আজ না টিচার প্যারেন্টস মিটিং? জলদি ওঠ! আমি আর তোর বাবা যাব তোর সঙ্গে।’
রিংকুর এলোমেলো ভাব তখনো কাটেনি। তার মানে কী? এই স্কুল, স্যার, ভূমিকম্প—সবই স্বপ্ন ছিল? তার মানে বকা থেকে আর বাঁচা গেলই না?
সেবার বেশ ভালো রেজাল্ট করেছিল রিংকু। রেজাল্টের এক সপ্তাহ পর ও জানতে পেরেছিল, ওদের ক্লাস টিচারই ফোন করে মিটিংয়ের কথা বলেছিল বাবা মাকে। সেই ঘটনার পর আজ পর্যন্ত আর কোনো কিছু লুকানোর চেষ্টা করেনি রিংকু। কারণ, কিছু লুকানোর চাপ ও নিতে পারে না। কোনো কিছু ঘটলে, সে সময় বকা খেলেই শেষ। লুকানোর চেষ্টা করলেই শুধু বুকের মধ্যে ঢিপ ঢিপ করে!