রুদ্ধশাস-কাহিনির ডালপালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এ এক অদ্ভুত আর আজব শহর। নাম ‘গোল্ডেন ডোর সিটি। ছোটরা নাম দিয়েছে ডেথ সিটি।’ এমনিতেই নয়, ‘কারণ, মৃত্যু এখানে যখন-তখন হানা দেয়, বিশেষ করে ছোটদের মাঝে।’
এক শুক্রবারের শান্ত এক বিকেলে শহরের সিনেমা হলের বাইরে ঘুরে বেড়াচ্ছিল তিন গোয়েন্দা—কিশোর, মুসা, রবিন। সঙ্গে তাদের বান্ধবী কারিনা ও বন্ধু রোডা। সিদ্ধান্ত নিতে পারছিল না তারা সিনেমা হলে চলতি ছবিটা দেখবে কি দেখবে না। হলে ঢুকবে, না অন্য কিছু করবে।
মনে রাখা দরকার, ‘ডেথ সিটির সিনেমা হলে শুধুই হরর মুভি দেখানো হয়। তিন গোয়েন্দার মধ্যে রোডা আর মুসার এ জিনিসই ভালো লাগে। কারিনা ও কিশোরের তেমন ভালো লাগে না। অন্তত এখন। ওরা এ জিনিস দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। আর রবিন ভুগছে সিদ্ধান্তহীনতায়, দেখবে কি দেখবে না!’
অবশেষে টিকিট কেটে ছবিটা দেখল পাঁচজনই। তারপরই বিপত্তির সূচনা। এ বইয়ের কাহিনি-কেরামতির সূচনা। সিনেমা দেখা শেষে পাঁচজনই হল থেকে বের হলো। ‘পেছনের দরজা দিয়ে একটা সরু গলিপথে বেরিয়ে এল ওরা। হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল ওদের। লেখকের বর্ণনায়, ‘ডান পাশে, দেয়ালের ধার ঘেঁষে, ছায়ার মধ্যে পড়ে আছে। বেশ আকর্ষণীয় চেহারার, ৪০ ইঞ্চি লম্বা, ধাতু দিয়ে তৈরি, কমলা রং করা একটা পুতুল। পেটে বড়সড় একটা হলুদ রঙের ঘড়ি লাগানো। অতি মৃদু সাদা আভা বেরোচ্ছে হাঁ করা মুখ ও চোখ দুটো থেকে। মনে হলো ব্যাটারিতে চলে। ব্যাটারির সুইচ “অন” করা রয়েছে।’
ঘড়িটাকে ঘিরে রহস্যের জাল বিস্তৃত হতে থাকে ওদের মনজুড়ে। নানা ভাবনার পর ভাবনা। কী হতে পরে ওটা। ‘রকিব বলল, এমন জিনিস জীবনেও দেখিনি আমি। মানুষের বানানো কি না তা-ই বা কে জানে। বিপজ্জনক হতে পারে।’
এই রকম তর্ক-বিতর্কের মধ্যেই ঘটল সেই ঘটনা। ‘তীব্র আলোর ঝলকানি দেখা গেল। শব্দের বিস্ফোরণ ঘটল যেন। মনে হলো, বন বন করে ঘুরতে শুরু করল ওরা। চারপাশে ছুটছে লক্ষ কোটি তারা। কী ঘটছে কিছুই বোঝা গেল না।’ ‘অবশেষে দেখল, একটা সবুজ পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে আছে ওরা।’
আসলে পুতুলটা ছিল একটা টাইম মেশিন। রহস্যের মতো। কখনো মেশিনটা তাদের নিয়ে যায় দূর অতীতে, ভবিষ্যতে, আবার ফিরিয়ে আনে বর্তমানে। আর এ রকম ভ্রমণে গিয়ে তিন গোয়েন্দা যে বিপদে পড়ছে না, তাও নয়। ভয়ংকর সব বিপদের মুখোমুখি হচ্ছে। ফলে সব সময়ই তাদের বলতে হয়, ‘সাবধানে থাকতে হবে আমাদের।’ কিন্তু তারপরও ছাড়া পায় না।
এই রকম কৌতূহলবশত রোডা পুতুলরূপী টাইম মেশিনটাকে নাড়াচাড়া করতে গিয়ে অপার বিস্ময়ের সম্মুখীন হয়। এবার ওরা চলে আসে সেই অতীতে, যখন এই শহরের গোড়াপত্তন হয়েছিল। তার রূপটা কেমন ছিল, সেই আগ্রহ থেকেই এই অভিযানী মনোভাব। অবশেষে ফল ফলল। কিন্তু ভয়ংকর জীবন-মৃত্যুর মুখোমুখি হওয়ার ভেতর দিয়ে। যেখানে এল, টাইম মেশিনের কল্যাণে, সেখানকার লোকজন রোডা আর কিশোরকে ডাইনি ভেবে বসল। তাদের বন্দী করা হলো কারাগারে। পুড়িয়ে মারার সিদ্ধান্ত হলো। কী এক মন্ত্র বলে মুসা অদৃশ্য হয়ে গিয়েছিল আগেই। তাকে নিয়েও রহস্যের শেষ নেই। কেন তাদের ডাইনি ভাবা হলো, তারও বর্ণনাটা চমৎকার, বেশ রহস্য-জাগানিয়া। কিশোরের জবানিতে সেই বর্ণনা এ রকম: ‘একেবারে শূন্য থেকে হঠাৎ উদয় হয়েছি আমরা’, কিশোর জবাব দিল। ‘ওদের কাছে ব্যাপারটা অলৌকিক। তাতে ওদের চোখে আমরা সন্দেহভাজন। তা ছাড়া আমাদের সঙ্গে সেই অদ্ভুত পুতুলের মতো টাইম মেশিনটাকে দেখেছে। নিশ্চয় ভেবেছে ওটা ডাইনির বাহন।’

তারপর? তারপর বন্দীখানা থেকে রোডা আর কিশোরকে বের করা হয়। তাদের সঙ্গে বন্দী ছিল ডাইনি ক্যাটারিনা মুন। তিনজনকেই পুড়িয়ে মারা হবে। পুড়িয়ে মারা সব আয়োজন শেষ। অগুনতি লোকের সমাবেশ। আগুন তাদের গ্রাস করতে যাবে, ঠিক সেই রকম ভয়ংকর পরিবেশ থেকে কী করে তারা রক্ষা পেল, সে এক শ্বাসরুদ্ধকর বর্ণনা। শেষ তো এখানেই নয়, তাদের উদ্ধার করতে গিয়ে একই রকম বিপদের মুখোমুখি হয় কারিনা, রবিন ও প্রিকো। কীভাবে তারা এই রকম মৃত্যুর সর্বগ্রাসী থাবা থেকে মুক্ত হলো, তার বর্ণনা পড়তে পড়তে বয়স নির্বিশেষে আমরা হারিয়ে যাব এ বইয়ের অধ্যায় থেকে অধ্যায়ে। রকিব হাসান সত্যিই জাদু জানেন।