
আত্মজীবনী কেবল ব্যক্তিমানুষের জীবনকাহিনি নয়, ব্যক্তির অবলোকনে তা হয়ে ওঠে সময়ের কথকতা, রাজনীতির চারুপাঠ এবং একটি ভূখণ্ডের মানুষের আনন্দ-বেদনার দলিল।
আবুল মাল আবদুল মুহিতের আত্মজীবনী সোনালি দিনগুলিতে তাঁর জন্ম, শৈশব, কৈশোর থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠপর্ব পর্যন্ত জীবনকাহিনি উঠে এসেছে। আলোচনার অনুষঙ্গে এসেছে বৈশ্বিক রাজনীতি, তেতাল্লিশের দুর্ভিক্ষ; এসেছে দেশভাগ, সিলেটের গণভোট, বাঙালিদের বিরুদ্ধে পাকিস্তানি শাসকচক্রের ষড়যন্ত্র। সর্বোপরি ভাষা আন্দোলনে তাঁর নিজের যুক্ত হওয়া এবং জেলে যাওয়ার ঘটনার আনুপূর্বিক বর্ণনা আছে এতে।
মুহিত নিজের গল্প বলতে গিয়ে পরিবারের গল্প বলেছেন, পরিবারের কথা বলতে গিয়ে তৎকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি তথা শিল্প-সংস্কৃতির কথা তুলে ধরেছেন অত্যন্ত সহজ-সরল ভাষায়।
আবুল মাল আবদুল মুহিতের জন্ম ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি বা ১৩৪০ সনের ১১ মাঘ সিলেট মহানগরের ১ নম্বর ধোপাদিঘির পূর্বপাড়ে, তাঁর পৈতৃক বাড়িতে। তাঁর ভাষায়, ‘আমার জন্মবছরটি আমাদের দেশের জন্য খুব ভালো ছিল না। ভারত এবং নেপালে ওই বছর প্রলয়ংকরী ভূমিকম্প হয়। সে বছরই সোভিয়েত রাশিয়ায় স্ট্যালিনের ভয়ংকর শুদ্ধি অভিযান শুরু হয় এবং চার বছর এটি অব্যাহত থাকে। সবচেয়ে মারাত্মক ছিল ওই বছরই অ্যাডলফ হিটলারের জার্মানির সর্বময় কর্তা হয়ে দাঁড়ানো।’

সোনালি দিনগুলি
আবুল মাল আবদুল মুহিত
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: চন্দ্রাবতী একাডেমি, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
২৪০ পৃষ্ঠা
দাম: ৬০০ টাকা
এসব ঘটনা বিশ্ব ইতিহাসকে ইতি-নেতি দুভাবেই আলোড়িত করেছে। মুহিতের বইয়ে তিন দশকের দেশের এবং বিশ্বরাজনীতির সংক্ষিপ্ত অথচ সরস চিত্র পাওয়া যায়।
মুহিত যখন ইতিহাসের কথা বলেন, মনে হয়, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। আবার যখন পরিবার বা সুহৃদের কথা বলেন, তখন সবার প্রতি তাঁর সমান সহৃদয়তা প্রকাশ পায়। তাঁর বর্ণনাভঙ্গিটি বেশ আকর্ষণীয়। গল্পের ছলে তিনি ইতিহাস বলেন, আবার ইতিহাসের ধারা বর্ণনা করতে গিয়ে রাজনীতির গতি-প্রকৃতি ব্যাখ্যা করেন।
নিজের শৈশব-কৈশোরের বর্ণনা দিতে গিয়ে মুহিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইউরোপের বিভাজন, ১৯৪২ সালের ভারত ছাড় আন্দোলন, সুভাষচন্দ্র বসুর আইএনএ গঠন, কংগ্রেস-মুসলিম লীগ বিরোধ, মুকুল মেলা ও মুকুল ফৌজ গঠন, মুসলিম ছাত্র ফেডারেশন ইত্যাদির কথা লিখেছেন।
বায়ান্নর ভাষা আন্দোলনের সময় মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফলে একুশের পূর্বাপর ঘটনার তিনি যেমন প্রত্যক্ষদর্শী, তেমনি একজন সক্রিয় কর্মীও। বায়ান্নর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন: ‘...শেষ পর্যন্ত এই সালটি ছিল বাংলাদেশের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ বছর এবং উপমহাদেশের ভবিষ্যৎ নির্মাণে একটি যুগান্তকারী সময়।’
সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে তিনি ছাত্রসংসদের প্রথমে যুগ্ম সম্পাদক ও পরে সহসভাপতির দায়িত্ব পালন করেন। সে সময়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সেমিনার হতো এবং সেসব সেমিনারে মন্ত্রী-প্রধানমন্ত্রীরাও যোগ দিতেন, মুহিতের বই থেকে আমরা তা-ও জানতে পারি। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার সেই ধারা অনেকটাই সংকুচিত হয়ে পড়ে।
১৯৫৫ সালের একুশের বর্ণনা দিতে গিয়ে মুহিত লিখেছেন: ‘...তখনো পর্যন্ত পূর্ব বাংলার ক্ষমতার চাবিকাঠি নিয়ন্ত্রণ করত দেশশত্রু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল ইস্কান্দার মির্জা। তাঁর হুকুমে পূর্ব বাংলা সরকার সিদ্ধান্ত নিল যে রাষ্ট্রভাষা আন্দোলনকে দমিয়ে রাখতে হবে। এই উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ১২ ফেব্রুয়ারি ভোরবেলা আমাকেসহ সাতজন ছাত্রনেতা ও সংশ্লিষ্ট দু-একজনকে গ্রেপ্তার করা হলো।’ এরপর একুশে ফেব্রুয়ারি আমতলার সমাবেশ থেকে আরও কয়েক শ ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়। মার্চের ২১ তারিখে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী এসে সবাইকে মুক্তির নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের জেলেই থাকতে হয়।
পেছনে ফেলে আসা জীবন স্মৃতিসূত্রে গাঁথা নিঃসন্দেহে কঠিন কাজ। সেই কঠিন কাজটিই করেছেন আবুল মাল আবদুল মুহিত আত্মজীবনীর প্রথম খণ্ডে।
মুহিতের বইটি পড়ে রবীন্দ্রনাথের ছোটগল্পের কথাই মনে পড়ে। ‘শেষ হইয়াও হইল না শেষ।’