রুম নম্বর ১১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিরোনমহীন’, শিল্পী: রনবীর পাল
‘শিরোনমহীন’, শিল্পী: রনবীর পাল

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি রুমের বাসিন্দা ছিলেন যাঁরা, প্রদর্শনীটি তাঁদের শিল্পকর্ম নিয়ে। শিরোনাম ‘রুম নম্বর ১১৬’। ঢাকা জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনের (উত্তর বাড়ি) ১১৬ নম্বর গণ-রুমটি ১৯৯৮ সাল থেকে চারুকলার ছাত্রদের জন্য বরাদ্দ দেওয়া শুরু হয়। এই রুমের আবাসিক ছাত্রদের অনেকেই শিক্ষাজীবন শেষে শিল্পাঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন চারজন। জলের গানের রাহুল আনন্দ আর অভিনয়শিল্পী প্রাণ রায়ের অনেক স্মৃতি এই রুম ঘিরে। সমসাময়িক সময়ের তরুণ মৃৎশল্পী অসীম হালদার, ভাস্কর মানবেন্দ্র ঘোষ, তেজস হালদার, শ্যামল সরকার এবং চিত্রশিল্পী অসিত মিত্র, রত্নেশ্বর সূত্রধর ছিলেন এই কক্ষের বাসিন্দা। তো এই শিল্পীসহ আরও অনেকের ছবি নিয়ে যে প্রদর্শনী, সেটি উৎসর্গ করা হয়েছে অকালপ্রয়াত শিল্পী রনবীর পালের স্মৃতির উদ্দেশে, তিনি নিজেও ছিলেন এই রুমের আবাসিক।
সুমন কুমার বৈদ্যের ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে-৩’ চিত্রে আছে বাংলার বর্ষার অপরূপ রূপের বহিঃপ্রকাশ। ঘন বর্ষা আঁধার করে ধেয়ে নামছে শহরের রাস্তার দিকে। বৃষ্টিস্নাত রাস্তায় রূপসী রঙিন রিকশা যেন অভিসারে ধাবমান—সুমনের ছবি দেখে এমন অনেক কিছুই হয়তো বলা যাবে।
অপঘাতে মৃত্যুর সাংকেতিক উপস্থাপন উঠে এসেছে নির্মল অধিকারীর তেলরঙের ক্যানভাসে। ‘ব্যথিত মৃত্যু’ শিরোনামের এই চিত্রে গাঢ় লাল রঙের সঙ্গে সাদা কাফনের কাপড়ের ব্যবহার কি মানুষের জীবনের অসহায়ত্বকেই প্রকাশ করল?

‘আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে-৩’ শিল্পী: সুমন কুমার বৈদ্য
‘আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে-৩’ শিল্পী: সুমন কুমার বৈদ্য

অসীম হালদার সিরামিক মাধ্যমে নিরীক্ষামূলক কাজের মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে মানুষের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উপস্থাপন করেছেন। মাতৃভূমিকে মায়ের মুখাবয়বে এবং প্রাণিজগৎকে রূপক অর্থে শক্তির প্রতীক আকারে পাখি হিসেবে মাতৃভূমি মায়ের কপালে বসিয়ে প্রকৃতি ও মানুষের মধ্যকার সম্পর্ককে তুলে ধরেছেন তিনি।
ছাপচিত্রের এচিং মাধ্যমে প্রতীক ও বিন্দু ব্যবহার করে প্রকৃতি ও বিশ্বব্রহ্মাণ্ডের বিশালত্বের সঙ্গে মানবমনের জটিল মনস্তত্ত্বকে ফুটিয়ে তুলেছেন অসিত মিত্র।
আমাদের লোকজ প্রতিমাশিল্পের মূল কাঠামো তৈরি হয় খড় দিয়ে। মানবেন্দ্র ঘোষ দীর্ঘদিন ধরে খড় ব্যবহার করে সৃষ্টি করে চলেছেন ভাস্কর্য। এ মাধ্যমে তিনি নারী ও পুরুষের আদিম উন্মাদনার সম্পর্ককে উপস্থাপন করেছেন প্রতীকায়িত ফর্মে।
রনবীর পালের ‘শিরোনমহীন’ শীর্ষক টেরাকোটা ভাস্কর্যে উপস্থাপিত হয়েছে একান্তে কথোপকথনের আকুল অনুভূতি। মানুষের একে অপরের কথা বলার কিংবা শোনার যে সহজাত প্রবৃত্তি, তা-ই যেন প্রতীয়মান হয়েছে রনবীরের শিল্পকর্মে।
হিন্দুপুরাণের প্রসিদ্ধ জগন্নাথ, বলরাম, সুভদ্রা—এসব চরিত্রকে উড রিলিফে এবং পৌরাণিক সিম্বলে এঁকেছেন জয়দেব বিশ্বাস। অন্যদিকে মোমের ছাঁচে তৈরি ‘রানার’ ভাস্কর্যে সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতার ছায়ারূপ যেমন ফুটে ওঠে, তেমনি এটি হতে পারে বিলুপ্তপ্রায় ডাকব্যবস্থার নস্টালজিক স্মৃতিচারণা।
প্রদর্শনীতে সেরিগ্রাফ, কাঠের ভাস্কর্য, ব্রোঞ্জের ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, বুক ইলাস্ট্রেশন, মেটাল কাস্টিং, ড্রাই পয়েন্ট, লিথোগ্রাফি প্রভৃতি মাধ্যমের কাজগুলো দর্শকদের আকৃষ্ট করেছে।
১১৬ নম্বর রুমের সাবেক ও বর্তমান মোট ২৪ জন শিল্পী নানা মাধ্যমে গড়েছেন শিল্পকর্ম। এসব শিল্পকর্মে সমাজ, প্রকৃতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এসেছে, এসেছে শিল্পীদের মনোজগৎও।
জয়নুল গ্যালারিতে ২১ মে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ২৬ মে।