রুমীকে নিয়ে
রুমীকে নিয়ে লেখা বই। জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইটি যাঁরা পড়েছেন, তাঁরা এক সন্তানহারা মায়ের চোখে একাত্তরকেও দেখে নিয়েছেন। ২০১০-এর অক্টোবরে রুমীকে নিয়ে যে স্মারকগ্রন্থটি বের হলো, তাতে শহীদ শাফী ইমাম রুমী সম্পর্কে আরও বেশি করে জানা যাবে। রুমী সম্পর্কে জানা মানে আমাদের মুক্তিযুদ্ধের একটি অংশ জানা। অবরুদ্ধ ঢাকায় যে অসম সাহসী মুক্তিযোদ্ধারা অপারেশন করে কাঁপিয়ে দিয়েছিলেন পাকিস্তানি সৈন্যদের প্রাণ, তাঁদেরই একজন রুমী। যাঁরা রুমীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাঁদের কেউ কেউ লিখেছেন স্মারকগ্রন্থটি। রুমীকে নিয়ে পপতারকা আজম খানের দীর্ঘশ্বাস যেমন দেখতে পাচ্ছি, তেমনি দেখতে পাচ্ছি রণক্ষেত্রেই শাহাদত চৌধুরীর সঙ্গে কথোপকথন। শাহাদত চৌধুরীকে রুমী একটি চায়নিজ এসএমজি এনে দেওয়ার কথা বলেছিলেন। অন্যদের এসএমজি ছুঁয়ে দেখতেন ছেলেটা। সতীর্থ আলম বা কাজীর এসএমজি ব্যবহার করতেন। ডা. মেজর আখতার আহমেদ (বীর প্রতীক) লিখছেন, ‘রুমী ক্যাপ্টেন হায়দারের প্রিয়পাত্র হয়ে উঠেছিল। হায়দার ভাই কোথাও গেলে রুমীকে সঙ্গে নিয়ে যেত।’সেই যোদ্ধা রুমী তো ছিলেন কারও স্বজন। রুমীর বড় খালা তাহমীদা সাঈদা বলছেন ছোট্ট রুমীর কথা। রুমী যখন ১৫ দিনের শিশু, তখনই তার প্রথম ছবি তোলা হয়েছিল। মা-বাবা আর খালার সঙ্গে ছবি। অনেক নামের মধ্য থেকে জাহানারা ইমাম পছন্দ করেছিলেন ‘রুমী’ নামটি। তিনি চেয়েছিলেন তাঁর সন্তান কবি জালালুদ্দিন রুমীর মতো জ্ঞানী ও দার্শনিক হবে।আবুল বারক্ আল্ভী একাত্তরের ৩০ আগস্ট পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েছিলেন আলতাফ মাহমুদের সঙ্গেই। আল্ভীদের ধরে রাখা হয়েছিল সেই সময়ের সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে। মুক্তিযুদ্ধের সময়ই রুমীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল আল্ভীর। যাঁদের ধরে আনা হয়েছে, তাঁদের মধ্যে রুমী, জুয়েল, বদি, হাফিজদের চিনলেন তিনি। রুমীকে যে নির্যাতন করা হয়েছিল, তা নিয়ে আল্ভী লিখেছেন, ‘রুমীকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছিল, প্রচণ্ড টর্চার করা হয়েছে। দুপুরের পর ওকে নিয়ে গেল। তারপর আর দেখা হয়নি। আমাকে ও আমার সহযোদ্ধা অন্য গেরিলা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কথা বের করার জন্য অনেক টর্চার করা হয়েছে। রক্তাক্ত হয়েছে দেহ, আঙুল ভেঙে গেছে, হাত, পিঠ ফেটে রক্ত বেরিয়েছে। থেঁতলে দিয়েছে সারা শরীর। অতএব আমিও জানি, রুমীর কাছ থেকেও কথা বের করতে এই নির্দয় পাকিস্তানি সেনারা কী কী করতে পারে।’এ রকম অনেক লেখা নিয়ে বইটির শরীর। রয়েছে বেশ কিছু ছবি। রুমীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছবিও আছে তাতে। পারিবারিক ছবিগুলো স্মৃতিজাগানিয়া।যাঁরা একাত্তরের স্পর্শ পেতে চান নানাভাবে, তাঁরা সংগ্রহ করতে পারেন বইটি। একটি শোষণহীন সমাজের স্বপ্ন দেখতে দেখতে একাত্তরে হারিয়ে গিয়েছিলেন রুমী। তাঁর স্বপ্নে নিজের স্বপ্ন যোগ করে স্বপ্নের সমাজকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা যাঁরা করবেন, তাঁদের জন্যও বইটি হবে সহায়ক।