রূপ-অরূপের মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মুখাবয়ব অন্তর্গত অভিব্যক্তি প্রকাশ করে। আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি বিম্বিত হয় মানুষের প্রতিকৃতির মাঝে। আলো-অন্ধকার আর উজ্জ্বল বর্ণের প্রলেপে শিল্পী রেজাউন নবী এঁকেছেন প্রতিদিন দেখা হাজারো মুখের ভিড়ে খুঁজে পাওয়া চেনা কিছু মুখ। এ প্রদর্শনীকে প্রতিকৃতি প্রদর্শনী বলা যায় না। শিল্পীর মনের গহিনে বাস করা সেই সব মুখ রঙের প্রপাত ভেদ করে উঠে এসেছে দৃষ্টির সামনে। আজ ১৮ মে গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে শিল্পী রেজাউন নবীর ‘যে আছো অন্তরে’ শিরোনামের একক প্রদর্শনী। ১র্২র্ ও ১র্৮র্ বর্গ আয়তনের ও বড় দুটি কাজসহ মোট ৪০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এবারের প্রদর্শনীতে। সবগুলো ছবিই অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা। ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন মানুষের মুখ। কোনো কোনো ছবিতে মাধ্যম হিসেবে অ্যাক্রিলিক রঙের সঙ্গে মিশিয়েছেন সফট প্যাস্টেল বা মোম প্যাস্টেল। আলো-ছায়ার তীব্র বৈপরীত্যের মধ্য দিয়ে ছবির বিষয়কে প্রকাশ করেছেন। অঙ্কন কৌশলে শিল্পীর দীর্ঘ সময় চর্চায় রপ্ত করা নিজস্ব ভঙ্গি অক্ষুণ্ন রেখেছেন। শিল্পী রেজাউন নবী এবারের ছবির জমিন হিসেবে বেছে নিয়েছেন ব্লকপ্রিন্ট কারখানায় ব্যবহূত মোটা ক্যানভাস কাপড়। প্রিন্ট টেবিলে অজস্র ব্লকের রং যে ছোপ ছোপ বুনট তৈরি করে, সে রং হুবহু রেখে শিল্পী তার ওপর ছবির বিষয় এঁকেছেন।ছবি আঁকা শেষে ক্যানভাস কাপড়ের উল্টো দিকে মোটা কাগজ আঠা দিয়ে সেঁটে নেন। ক্যানভাস ও কাগজ মিলে শক্ত জমিন তৈরি হয়। এবারের প্রদর্শনী শিল্পীর সপ্তম একক প্রদর্শনী। এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যে অন্তরের চাওয়া আছে। মানুষ সে চাওয়া প্রকাশ করে বিভিন্নভাবে। আমি এ প্রদর্শনীতে শুধু মানুষের মুখ এঁকেছি। এ মুখগুলোতে হয়তো আমি খুঁজে পাই আমার চেনা মুখ, স্বপ্নের মুখ আর প্রতিদিনের দেখা মুখ।’ ছাত্রাবস্থা থেকেই ১৮ শতকের আলোচিত শিল্পী রেমব্রান্ডের কাজের প্রতি আগ্রহ বোধ করতেন। এবারের কাজগুলোতে রেমব্রান্ডের আঁকা ছবির তীব্র অন্ধকার থেকে উৎসারিত আলোর অনুকরণ করেছেন সচেতনভাবে। গাঢ় রঙের ব্যবহার এড়িয়ে শিল্পী ছবির বিষয়ে ত্রিমাত্রিক রূপ নির্মাণ করেন। রং, বুনট, রেখার নিরীক্ষায় তিনি শেষ গন্তব্যে পৌঁছাতে পারেননি। কোনো শিল্পীই তাঁর কাজের শেষ গন্তব্য খুঁজে পান না। গাঢ় অন্ধকারের মধ্যেও পুঙ্খানুপুঙ্খ বিষয় তুলে এনেছেন। শিল্পী নারীমুখে লাবণ্য, সারল্য, অভিমান-মাখা অভিব্যক্তি খুঁজে পান সব সময়। ‘কুইন অব স্পেড’ ও ‘কিং অব স্পেড’ প্রদর্শনীর দুটি উল্লেখযোগ্য কাজ। লাল ও হলুদ রঙের প্রলেপে স্পেডটার্মের রানির মুখ ও সবুজ রঙের রাজার মুখ এঁকেছেন। ছবির প্রতিকৃতির আদল জ্যামিতিক আকৃতিতে গড়া। টানা টানা প্রাচ্যশিল্পের চোখগুলো উঠে এসেছে শিল্পীর এ দুটি ছবিতে। বুনট ও উজ্জ্বল রং ছবির জমিনকে বিষয়ের সঙ্গে একাত্ম করেছে। অন্য দুটি ভিন্ন রকমের কাজ ‘নারী-১’ ও ‘নারী-২’। প্রদর্শনীর অধিকাংশ কাজের ধরন এ দুটি কাজের মতো। অন্ধকারের ভেতর থেকে আলোর উৎসারণ, গাঢ় ধূসর রং ভেদ করে উদ্ভাসিত মানবীর মুখ। উজ্জ্বল রং ব্যবহার করেছেন সীমিত মাত্রায়। এ দুটো ক্যানভাস অন্য ছবিগুলোর চেয়ে করণকৌশলে ভিন্ন। সাদা-কালো ও নীলের ব্যবহারে ধূসর ছায়াপথ থেকে ভেসে আসা নারীমুখ শিল্পীমনে বাস করা কোনো অজানা মুখের কথাই বলে দেয়। ২০১০ সালে বেঙ্গল গ্যালারির ষষ্ঠ একক প্রদর্শনীতে শিল্পী বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন প্রকৃতি। সে সময়কার প্রকৃতির রূপসৃজন থেকে শিল্পীর মানসপটে জেগে থাকা রঙের কথা জেনেছেন দর্শক। বর্তমান প্রদর্শনীর ছবিগুলো প্রথাগত চিত্রনির্মাণের বাইরে এসে নিরীক্ষার একটি অধ্যায়। মানবমুখ যে অভিব্যক্তি প্রকাশ করে আর শিল্পীর ক্যানভাসে ভেসে ওঠা সে মুখগুলো আমাদের চেনা কি অচেনা, সে রূপের সন্ধান দেবে এ আয়োজন। প্রদর্শনী শেষ হবে ৩০ মে।রেজাউন নবী: জন্ম ১৯৫৬ সালে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে ১৯৮০ ও ১৯৮৩ সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে নেদারল্যান্ডস থেকে গ্রাফিক ডিজাইনে ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। দেশে এবং দেশের বাইরে ছয়টি একক ও ২৮টি উল্লেখযোগ্য দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি বেসরকারি সংস্থা প্রশিকায় প্রধান শিল্পনির্দেশক হিসেবে কাজ করছেন।