রূপের অন্বেষায়
শিল্পকে মানুষের প্রয়োজন মেটাতেই হবে, এমন বাধ্যবাধকতায় বিশ্বাসী নন অনেকেই; তবে শেষ বিচারে মানুষের কিছু না কিছু প্রয়োজন শিল্পকে মেটাতেই হয়। মাত্রাগত ভিন্নতা আলাদা বিষয়। কাজেই শিল্পকে আসতে হয় মানুষের কাছে অথবা মানুষকে যেতে হয় শিল্পের দরজায়। এই দ্বৈরথে থাকে নানাবিধ আলো-আঁধারির খেলা, এখানেই থাকে শিল্পকলাবিষয়ক পত্রিকার ভূমিকা। শিল্প ও উপভোক্তার মাঝে সেতুবন্ধের কাজ করে শিল্পকলাবিষয়ক পত্রিকা। শিল্পকে জীবনযাপনে প্রতিফলিত করে সাধারণ শিক্ষিত সমাজে শিল্পবোধ নির্মাণের এমনই এক প্রচেষ্টার দৃষ্টিনন্দন প্রয়াস শিল্পরূপ। এটি শিল্পকলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা।২০০৪ সালে এর যাত্রা শুরু। ২০০৬ সাল থেকে এটি নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। পত্রিকার সম্পাদক নীলিমা আফরিন, প্রকাশক মোখলেসুর রহমান। এঁদের শ্রমে নানা সংকটে, এমনকি অর্থনৈতিক চাপকে অগ্রাহ্য করে শিল্পরূপ চারুশিল্পের প্রতি ভালোবাসা নিয়ে পাঠকদের সামনে হাজির হচ্ছে নিয়মিত। গবেষণাধর্মী লেখা, ধারাবাহিক রচনা, শিল্পী-ব্যক্তিত্ব, অনুবাদ, শিল্পালোচনা, প্রদর্শনী সমীক্ষা, প্রবন্ধ, পাঠ প্রতিক্রিয়া, সংস্কৃতি সংবাদ প্রভৃতির সমন্বয়ে শিল্পকলাবিষয়ক একটি পূর্ণাঙ্গ পত্রিকা এটি। গবেষণাধর্মী লেখা ‘এ দেশের শিল্পকলার উৎস সন্ধান’ অত্যন্ত তথ্যসমৃদ্ধ, যা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। শিল্পবিষয়ক পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা থাকে। শিল্পরূপ-এর শেষ দুই সংখ্যা দেখলে তা স্পষ্ট হবে। সম্পাদকের ভাষ্য, বিজ্ঞাপন-সংকট অর্থাৎ আর্থিক টানাপোড়েনে এই সংখ্যা দুটি সাদাকালো; বহুবর্ণ ছবির সাদাকালো অবয়ব পাঠক-দর্শককে কিছুটা হতাশ করে। শিল্পরূপ-এ বিষয়ের বৈচিত্র্য আছে, অলংকরণের দিকে আরও মনোযোগী হলে এটি আরও পাঠকাদৃত হবে।বর্তমান সংখ্যার প্রচ্ছদ রচনা ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০০৯’। তাতে ঢাকার বাইরে বাংলাদেশের চিত্রচর্চা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সান্ত্বনা সাহরিনের ধারাবাহিক শান্তিনিকেতনের গল্প কিছুটা একঘেয়েমি তৈরি করেছে। প্রদর্শনী সমীক্ষার বাহুল্য সৃষ্টিশীল লেখার ঘাটতিকেই স্মরণ করিয়ে দেয়। লেখক, পাঠক ও অর্থসংকটই আমাদের দেশের শিল্পকলাবিষয়ক অধিকাংশ প্রকাশনার সৌন্দর্য ও সমৃদ্ধির অন্তরায়। শিল্পরূপ এসব সমস্যা কাটিয়ে উঠে আমাদের শিল্পরুচিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা যায়; কারণ, এই কাগজের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধৈর্য, আন্তরিকতা এবং একাগ্রতা আছে।