রেখাচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির ৭/এ সড়কে প্রতিষ্ঠিত ঢাকা আর্ট সেন্টারের অন্যতম একটি লক্ষ্য হলো নবীন ও প্রবীণ শিল্পীদের জন্য স্টুডিওর ব্যবস্থা করা এবং নিয়মিতভাবে কর্মশালার আয়োজন করা। আর্ট সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার আগে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তরুণ শিল্পীরা কিছুদিনের জন্য একটি ড্রয়িং কর্মশালার আয়োজন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, নারায়ণগঞ্জ সরকারি চারুকলা মহাবিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের ৬০ জন তরুণ শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম ও আমিনুল ইসলাম।কর্মশালায় নির্ধারিত কয়েকজন মডেল দেখে শিল্পীরা বেশ কিছু ড্রয়িং করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার মতো এখানে কোনো নির্দিষ্ট নিয়মে বা নির্দেশনায় শিল্পীদের ড্রয়িং করতে হয়নি। তাঁরা স্বাধীনভাবে কাজ করেছেন। প্রয়োজন অনুযায়ী তাঁরা নবীন বা প্রবীণ শিল্পীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কর্মশালা আয়োজনের আরেকটি দিক ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভাবের আদান-প্রদান এবং একে অন্যের কাছে আসা।প্রায় তিন মাসব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার ২৩ জন শিল্পীর বাছাই করা ৩৪টি ড্রয়িং নিয়ে ৬ জুলাই থেকে সেন্টারের গ্যালারিতে চলছে প্রদর্শনী। নির্ধারিত কয়েকজন মডেলকে নিয়ে অনুশীলনধর্মী কাজ হলেও প্রত্যেকের ড্রয়িং স্বাতন্ত্র্য-বৈশিষ্ট্যমণ্ডিত। চঞ্চল কুমার বিশ্বাস সহজ, গতিময় রেখা দিয়ে ফিগার নির্মাণ করেছেন। ফারজানা আহমেদ ঊর্মি, সাদিয়া শারমিন, জাহিদ হোসেনের কালি ও জলরঙে করা ড্রয়িংগুলো স্বতঃস্ফূর্ত আলোছায়া প্রয়োগের কারণে আয়তন বোঝা যাচ্ছে। সোমা জান্নাত বর্তুল ও সিলিন্ডার আকৃতিতে ড্রয়িং করে মানবশরীরের আয়তন সৃষ্টি করেছেন।ড্রয়িং মূলত রেখাকে প্রতিনিধিত্ব করে। পাশ্চাত্যের শিল্পীরা বস্তুর আয়তন ও ঘনত্ব বোঝাতে রেখার ব্যবহারের ওপর জোর দিয়েছেন। অন্যদিকে প্রাচ্যের ঐতিহ্যবাহী শিল্পীরা বস্তুর দুই মাত্রার রূপ বোঝাতে ও ছন্দ আনতে রেখার ব্যবহারকে প্রধান ধরেছেন। এ দুটি বৈশিষ্ট্যের মিশ্রিত রূপ পাব আমাদের আধুনিক শিল্প-আন্দোলনের পথিকৃৎ জয়নুল আবেদিন এবং ব্যাপকভাবে কামরুল হাসানের ছবিতে। তাঁদের অনেক ছবি ছিল রেখাসর্বস্ব এবং তা আমাদের আধুনিক শিল্পের ভান্ডারকে সমৃদ্ধ করেছে।ড্রয়িং অনুশীলন বা কর্মশালার মাধ্যমে রেখার চর্চা এবং সম্ভাবনাময় ছবি তৈরির একটি অন্যতম উপাদান হিসেবে রেখার সৃষ্টিশীল ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যেই ঢাকা আর্ট সেন্টারের ড্রয়িং কর্মশালার আয়োজন। এ ধরনের প্রচেষ্টা আমাদের আধুনিক শিল্পচর্চার ক্ষেত্রে বৈচিত্র্য আনবে এবং নতুনত্ব যোগ করবে।