
রেখাচিত্রে ত্রিমাত্রিক রূপ ফুটিয়ে তোলার জন্য রঙের প্রয়োগ করতে হয় এবং ভাবতে হয় আলোছায়ার কথা। রণজিৎ দাশ নিজের রেখাচিত্রে বাস্তবধর্মী রূপ ফুটিয়ে তোলার জন্য সূক্ষ্ম-সাবলীল রেখার সঙ্গে যুক্ত করেছেন রঙের স্ফুরণ। ফলে ‘অব আ পোয়েটিক ভিশন’ শিরোনামে তাঁর এবারের রেখাচিত্র প্রদর্শনী ভিন্নমাত্রা পেয়েছে। গ্যালারি শিল্পাঙ্গনে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনীতে রয়েছে ৫০টি রেখাচিত্র বা ড্রয়িং। এসব ড্রয়িংয়ের আলাদা কোনো শিরোনাম নেই। প্রতিটি কাজের মাধ্যম কাগজে কালি ও কলম। রণজিৎ প্রথমে শুরু করেন মানুষের মুখচিত্রের নির্মাণ দিয়ে। সময়টা ১৯৮০। সে সময় তিনি মনে করতেন মানুষের অভিব্যক্তির মধ্যেই রয়েছে মানবমনের ভাষা।
আবহমান বাংলার মানুষের সরল-সাবলীল ভঙ্গি ফুটে উঠেছে রণজিৎ দাশের রেখায়। একটা নিরীক্ষার সূত্র এবারের কাজে যোগ করেছেন তিনি—ছবির ব্যাকগ্রাউন্ডে রঙের ওয়াশ পদ্ধতির প্রয়োগ। এতে প্রথাগত ড্রয়িংয়ের চরিত্র বানচাল হয়ে গিয়ে তৈরি হয়েছে একটি আধা বাস্তবরীতির শিল্প। বিমূর্তায়ন যে রণজিৎ পছন্দ করেন, তাঁর ছবি দেখলে এমনটি মনে করা কঠিন। সহজ-সরল উপস্থাপন পদ্ধতি অনুসরণই হলো তাঁর কাজের বৈশিষ্ট্য।
বেশ কিছু ছবিতে সাদা-কালো রং-রেখার প্রয়োগের পাশাপাশি বর্ণময় রঙিন চিত্ররচনার মাধ্যমে নিজের প্রকাশভঙ্গিকে আলাদা বলে জানান দিয়েছেন রণজিৎ। কোনো কোনো ক্যানভাসে উপস্থাপিত হয়েছে লাল-কমলা, কালো-হলুদ—এই দুই ধরনের চিত্র নির্মাণ।
তাঁর কাজে রেখাচিত্রের বিষয় হিসেবে দেখা যায়, বিশ্রামরতা নারী, কথোপকথনে ব্যস্ত গ্রামীণ রমণী, ছাগলছানা কাঁধে নারী, শিশুমুখ, চুল বাঁধায় ব্যস্ত রমণী, শিশুর হাতে এক জোড়া কবুতর, ঘুড়ি হাতে দুরন্ত শিশু, হুঁকা সেবনরত মানুষ, ভেঁপু বাজানো মানুষ, আবার কোনো ছবিতে দেখা যায় কোলে শিশু নিয়ে বসে আছে নারী।
সব কটি ড্রয়িংয়ে তুলে এনেছেন মানবদেহের পূর্ণ অবয়ব। কোনো কোনো চিত্রে রেখাচিত্রের পেছনে জলরঙের ধোঁয়ায় গড়ে তুলেছেন ছবির জমিন। অধিকন্তু রেখাচিত্রের মধ্যে আলোছায়ার উপস্থিতি প্রকাশ করে প্রচলিত ধারণাকে দিয়েছেন বদলে।
এই শিল্পীর চিত্রকলার বৈশিষ্ট্য হলো ‘ইনার কম্পোজিশন রিপিটেশন’ চিত্ররচনার ভেতরে তার চরিত্রকে বড় করে দর্শকদের দেখানো। তবে সেই পুনর্দৃশ্যায়ন পদ্ধতি প্রয়োগ করেননি ড্রয়িংয়ের ক্ষেত্রে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন জলরং ছবিতে দেখিয়েছেন রেখাপ্রধান আচরণ। পরবর্তী সময়ে শুধু রেখাচিত্রে আবদুর রাজ্জাক, দেবদাস চক্রবর্তী, আমিনুল ইসলাম মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী ও হাশেম খানের কাজে রেখাকে প্রধান করে তোলার প্রবণতা দেখা যায়। রণজিৎ দাশের কাজেও প্রধান হয়ে ওঠে রেখার ব্যবহার।
রণজিৎ দাশ এসব পথিকৃৎ শিল্পীর উত্তরসূরি। তাঁর চিত্ররচনায় পাওয়া যায় আবহমান বাংলার মানুষ ও প্রকৃতির লালিত্যময় ছন্দের খোঁজ। পাশ্চাত্যের চিত্ররচনার ভঙ্গি গ্রহণ করলেও প্রাচ্যের জলরঙের ওয়াশ পদ্ধতি ব্যবহার করে চিত্রকলায় প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণে তিনি সৃষ্টি করেছেন এদেশীয় নতুন এক চিত্রঘরানা। এবারের রেখাচিত্র প্রদর্শনী সেই ঘরানারই অংশ। প্রদর্শনীটি শেষ হবে ১২ মার্চ।