রেখার প্রাণস্পন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আরিফের শিল্পচর্চায় হাতেখড়ি আশির দশকে। এটি তাঁর চতুর্থ একক প্রদর্শনী। বিষয় ও কৌশলের দিক থেকে গত তিনটি প্রদর্শনীর চেয়ে কিছুটা ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে এ প্রদর্শনীতে। একেবারে সাদাকালো ক্যানভাস থেকে বেরিয়ে এসে জমিনে কিছু কিছু রঙের প্রয়োগ ভিন্নতা তৈরি করেছে। আরিফ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন দোয়াতের ঝরনা কলমের কালি, সাধারণ কলম, ভুসা কালি। সারফেস নিয়েছেন নানান বুনটের কাগজকে। কাগজের নানা রংকে তিনি ছবির রং হিসেবে বিবেচনায় রেখেছেন। ছবির জমিনে কখনো স্থূল রেখা আবার কখনো সূক্ষ্ম ছন্দময় রেখা ও বিন্দুর ব্যবহারের মাধ্যমে ছবির বিষয়বস্তুকে তুলে ধরেন। আমাদের চেনাজানা অতি কাছের বিষয় তিনি তুলে আনেন। কোনো কোনো ক্ষেত্রে লোকজ মোটিফকে বিষয় হিসেবে গ্রহণের মধ্যে লোকজ আকৃতির প্রতি শিল্পীর আগ্রহ প্রকাশ পেয়েছে। বিশ্রামরত মানুষ, নৃত্যরত মানবফিগার, পাখি হাতে রমণী, সম্পর্ক, কর্মরত নারী, অভিব্যক্তি, সুরের মূর্চ্ছনা—এসব বিষয়কে সরাসরি উপস্থাপন না করে শিল্পী ছবির জমিনের সঙ্গে বিষয়কে কখনো মিলিয়ে দিয়ে আবার কখনো গাঢ় অন্ধকারে ছায়া তৈরি করে বিষয়কে জমিন থেকে আলাদা করেছেন। পুরো ছবির আঙ্গিক অধিকতর গাঢ় কালোতে ঢেকে কোনো নির্দিষ্ট বিষয় ও নির্দিষ্ট স্থানে আলোর প্রক্ষেপণ তাঁর কাজের প্রধান বৈশিষ্ট্য। বাস্তবধর্মী ছবির বিপরীতে একেবারে বিমূর্ত ঢঙের সৃষ্টিতে উৎসাহী তিনি। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়েছে ৯ ডিসেম্বর। আজ শেষ হচ্ছে।