রেখার বুনন কাব্য
সুচিকর্মগুলো দেখে বিস্মিত হয়েছিলাম, এগুলো হাতে বোনা? হতেই পারে না, প্রযুক্তির অগ্রগতির ফলে মেশিনের সাহায্যে আমরা এ রকম শিল্পকর্মের প্রতিরূপ সহজেই পেতে পারি। ‘সিল্ক স্টোরি’ প্রদর্শনীর কিউরেটর অরুণ জেইনের সঙ্গে কথা বলে আমার ভাবনায় চমক যুক্ত হলো। অরুণ জেইন ভারতীয়, তাঁর সঙ্গে জেনি চেন চীনের সাংহাই থেকে এসেছেন। প্যারিস প্রবাসী শিল্পী শাহাবুদ্দিন আহমদের শিল্পকর্মকে সিল্ক সুতায় হাতে বুনে হুবহু রূপ তুলে ধরেছেন। এমন কাজের পরিকল্পনা অরুণ জেইন ও জেনি চেনের। তাঁরা ২০০৬ সালে কলকাতায় শিল্পী শাহাবুদ্দিনের প্রদর্শনী চলাকালে আগে থেকেই করে রাখা একটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি শিল্পীকে দেখাতে চান। তখন শিল্পী এটিকে প্রথমে গুরুত্ব দেননি, পরে সুচিকর্মের পর্যায় ও সুতার বৈচিত্র্যপূর্ণ রং দেখে বিস্মিত হন। প্রদর্শনীর ১৫টি কাজ সম্পর্কে বলতে গিয়ে অরুণ জেইন জানান, কোনো কোনো কাজ সম্পন্ন করতে তিন থেকে চার মাস সময় লেগেছে। এই প্রথম বাংলাদেশে এ ধরনের পেইন্টিং ইমেজকে হুবহু হাতে সুঁই-সুতায় বুনে আরেকটি ক্যানভাস দর্শক দেখতে পাবে। কাজগুলো দেখভাল করতে গিয়ে কখনো চীনের ওই এলাকা, যেখানে ৯৪ বছর বয়সী বৃদ্ধা থেকে একেবারে কিশোরীরাও সুচিকর্মে ব্যস্ত, সেখানে দিনে ১৫ ঘণ্টা সময় দিয়েছেন। এ কাজ করতে অরুণ সাংহাইতে চার বছর অবস্থান করেন। এই দীর্ঘ সময় ধরে শিল্পকর্মের প্রতিরূপ তৈরিতে তিনি ভীষণ আনন্দিত হয়েছেন। শিল্পী শাহাবুদ্দিনের কাজ ছাড়াও ভারতীয় শিল্পী সতীশ গুজরালের পেইন্টিং নিয়ে তিনি কিছু কাজ করিয়েছেন। গ্যালারি চিত্রকে ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে শাহাবুদ্দিনের ১৫টি তৈলচিত্রের অনুকরণে সৃষ্ট হাতে বোনা শিল্পকর্মের প্রদর্শনী। প্রদর্শনীর কাজ নিয়ে কিউরেটর অরুণ জেইনকে প্রশ্ন করি, কেন শাহাবুদ্দিনের কাজ বেছে নিলেন? উত্তরে বললেন, ‘কলকাতা ও বেঙ্গালুরুতে শাহাবুদ্দিনের প্রদর্শনীতে গিয়ে প্রথমত বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মগ্ন বঙ্গবন্ধু, পেশিবহুল গতিশীল মানুষের ক্যানভাস আমার ভালো লাগল। তখন ভাবলাম, পেইন্টিং তো একটি কিন্তু এটিকে আমার বাণিজ্যিক প্রতিষ্ঠান শিসু অর্থাৎ (শি হচ্ছে সিল্ক ফাইন হ্যান্ড ক্রাফটম্যানশিপ এবং সু হচ্ছে সিল্ক স্টোরি ব্র্যান্ড)-এর মাধ্যমে করার পরিকল্পনা করি। “সিল্ক স্টোরি” চীনে প্রচলিত ২০০ বছরের পুরোনো সুচিশিল্পের বিশ্বব্যাপী বিপণন, উৎপাদনে মনোযোগী, আটলান্টা, হংকং, সাংহাই, নিউ দিল্লি, দুবাই—এ কয়টি শহরে তাদের ব্যবসা পরিচালিত হয়। ২০০০ বছর আগে পশ্চিম চীনে এ শিল্পকর্মের চর্চা ছিল। বর্তমানেও চীনে হাতে তৈরি এ বুননকাজের চর্চা অব্যাহত আছে। সরু সুচে অতি সূক্ষ্ম মিহি সুতায় চিত্রকলায় দৃশ্যমান রঙের প্রলেপ ও স্তরবিন্যাসকে স্পষ্টভাবে বুননশিল্পীরা তুলে আনেন। তেলরং ও জলরঙের ছবি সিল্ক সুতার বুননের জন্য শিল্পকর্মে নিজে এক ধরনের আলো তৈরি করি এবং ছবির ত্রিমাত্রিক রূপ স্পষ্ট হয়।’সুচিকর্মে নিয়োজিত মানুষগুলো বংশপরম্পরায় মা থেকে কন্যা এবং তার পরের প্রজন্ম এ পেশায় যুক্ত থাকে। তৃণমূল পর্যায়ের নারীরা বংশানুক্রমে বুননকাজে প্রশিক্ষণ নেন। সুতা আর সুঁইয়ের কাজ করতে গিয়ে হাতে এক ধরনের অমসৃণ ভাব তৈরি হয়। তারা তখন নিজ গৃহকর্মে নিজেদের আর যুক্ত করে না। অরুণ জেইন এ কাজগুলোতে ব্যবহূত প্রায় ১০০টি রঙের সুতার প্রামাণ্যচিত্র দেখিয়ে বলেন, ‘শাহাবুদ্দিনের চিত্রকর্মে মানুষের শরীরের গতি, পেশির টানটান অনুভূতি সুঁই-সুতার বুননে ফুটিয়ে তোলাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমরা সফল।’ একে একে ১৫টি শিল্পকর্মের আলোকচিত্রে তিনি সূক্ষ্ম তুলির টান গতির সঙ্গে মানুষের দেহের দ্রোহী তেজি ভাব স্পষ্ট করার জন্য তাঁর মনোযোগের কথা জানান। নিজের আঁকা শিল্পকর্মগুলো নিয়ে শিল্পী শাহাবুদ্দিন বলেন, ‘অরুণ জেইনের সঙ্গে আমার পরিচয় ভারতে। দুই বছর আগে আমার প্রদর্শনীতে এসে আমাকে না জানিয়ে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি সিল্ক সুতায় বুনে এনে দেখায়। আমার কাছে এটি তখন মূল্যবান কৌশল মনে হয়নি। পরবর্তীকালে এর কাজের প্রক্রিয়া দেখে বিস্মিত হয়ে অরুণ জেইন ও জেনি চেনকে আমার কাজের প্রতিরূপ তৈরির অনুমতি দিই।’ এ প্রদর্শনীতে ১৫টি কাজে দর্শক ও শিল্পবোদ্ধারা শিল্পী শাহাবুদ্দিনের কাজের হুবহু বুনন দেখতে পাবেন। তার সঙ্গে একটি নতুন মাধ্যমের শিল্প নির্মাণের সঙ্গেও পরিচিত হবেন। ‘সিল্ক স্টোরি’ শিরোনামের প্রদর্শনীর কাজগুলোতে যে কৌশলে দুই মাত্রার পরিসরে ত্রিমাত্রিক বোধের ঘনত্বকে উপস্থাপন করেছেন, তাতে প্রদর্শনী কিউরেটর অরুণ জেইন সন্তুষ্টি প্রকাশ করেন। শিল্পী শাহাবুদ্দিনের ইচ্ছা অনুযায়ী এ কাজের প্রদর্শনী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। আমার নিজের ভেতর চলতে থাকা প্রশ্নের উত্তর এতক্ষণে পেয়ে যাই। বস্তুর ওপর আলোর কম্পনে যে রঙের অনুভূতি দর্শকমনে তৈরি হয়, সে অনুভূতির একটুও কমতি থাকে না প্রদর্শনীর কাজগুলো দেখে। ব্যতিক্রমী এ প্রদর্শনী শেষ হয় গত ২৭ সেপ্টেম্বর।