
রেখাচিত্র এমন এক মাধ্যম, যেখানে শিল্পীর স্বতঃস্ফূর্ত স্বাধীনতার বিষয়টি থাকে। আত্মমগ্নতা ও স্বাধীনতা রেখাচিত্রকে দিতে পারে বিশেষ নান্দনিক মাত্রা। সুদূর অতীত থেকে সমসাময়িক কালে বিশ্বজুড়ে এ মাধ্যমের যে বিপুল বৈচিত্র্য, তাকে নির্দিষ্ট কোনো একক সংজ্ঞায় বাঁধা যাবে না। রেখাচিত্রের প্রসঙ্গে কথাগুলো বলতে হলো, কারণ এই রেখাচিত্রের বৈচিত্র্যের মধ্যেই নিহিত ছিল ‘হাত দিয়ে দেখা—চোখ দিয়ে আঁকা’ শিরোনামে আলোচ্য প্রদর্শনীটির আঙ্গিকগত বৈশিষ্ট্য। কীভাবে? ব্যাপারটি যেন আরও স্পষ্ট হয়েছে প্রদর্শনীর সর্বকনিষ্ঠ শিল্পী অদ্বৈত অভিজ্ঞানের ‘সাইকোলজিক্যাল ড্রয়িং’-এর মাধ্যমে।
যাপিত জীবনের নানা ক্ষেত্রে, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বিস্ময়ে যখন হাঁপিয়ে উঠি আমরা, শিল্পী তখন হয়তো নতুন কিছু আঁকবেন বলে ভাবেন। শিল্পীর সেই ভাবনা রেখায় মূর্ত হলেও দর্শকের কাছে কখনো কখনো সেটি হয়ে ওঠে অর্ধবিমূর্ত, এমনকি বিমূর্তও। এমনই মূর্ত অথচ বিমূর্ত রেখাচিত্র নিয়ে এই তো কদিন আগেই রাজধানীর বসুন্ধরা শপিং মলের সাততলার পূর্বদিকের খোলা জায়গায় নিজেদের শিল্প-তৎপরতার প্রথম প্রদর্শনী করল শিল্পসংগঠন ‘আঁতুড়ঘর’।
আবদুল হালিম (সবার কাছে যাঁর পরিচয় চঞ্চল নামে), পার্থপ্রতীম কুন্ডু, আবদেল্লা সাইদ, সাইফুল্লাহ বিন আসাদ ও অদ্বৈত অভিজ্ঞান—শিল্পী এই পাঁচজন। চিত্রকর্ম মোট ৩১টি।
প্রদর্শনীর প্রত্যেক শিল্পীর কাজে যেমন নিরীক্ষার ছাপ প্রকাশিত, তেমনি আছে নিজস্ব ভাষা-শৈলীর প্রকাশও। তবে এখানে সর্বাধিক প্রাধান্য পেয়েছে তাঁদের সাবলীল উপস্থাপনার কলাকৌশল। সর্বোপরি বিষয়বস্তুর আলোকে সমাজ ও মানুষের হৃদয়ে মিশে যাওয়ার চেষ্টা ছিল সবার মধ্যেই। দিন যাপনের আনন্দ-বেদনার পাশাপাশি, মানুষের জৈবিক চেতনা, নাগরিক হয়ে ওঠার গল্প এবং দ্রোহে জেগে ওঠার বোধের প্রকাশ দৃশ্যমান হয়েছে রেখাচিত্রগুলোর পরতে পরতে। বিষয়টি আরও পরিষ্কার করার জন্য এখানে বরং দু-একটি চিত্রকর্মকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যাক। সাইফুল্লাহ বিন আসাদের চিত্রকর্মের শিরোনাম ‘অনুভব’। মানুষের ব্যক্তিগত জীবনের চাহিদাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি। আবার পার্থপ্রতীম কুন্ডুর ‘বিশৃঙ্খলা’ শীর্ষক চিত্রে উঠে এসেছে সমসাময়িক কালের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন ও প্রতিক্রিয়া। আবদুল হালিমের কাজের মধ্যেও তাই। এককথায় ছবিগুলোর মধ্যে আছে রেখার শক্তি। উপরন্তু প্রদর্শনীতেও রয়েছে নতুনত্ব। নতুনত্ব এই অর্থে যে, প্রদর্শনীকক্ষের চার দেয়ালের বাইরে কোনো শপিং মলে চিত্র প্রদর্শনীর আয়োজন বোধ করি আমাদের দেশে এই প্রথম। এই উদ্যোগকে দেশের গণমানুষের রুচি গঠনে একটি নতুন পদক্ষেপ হিসেবে বিবেচনা করলে অত্যুক্তি হবে না নিশ্চয়। প্রদর্শনীটি চলেছিল ৯ থেকে ৩১ মে পর্যন্ত।