রেমব্রান্টের ছবির আড়ালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ছবির ভেতর থেকেই হোক কিংবা শিল্পী-সমাজে প্রজন্মের পর প্রজন্ম প্রবল প্রভাব বিস্তারকারী অভিভাবক-শিক্ষক হিসেবেই হোক, ৪০০ বছর ধরে রেমব্রান্ট ফিরে ফিরে আসছেন।৩৮২ বছর আগে আঁকা ‘সামরিক পোশাকে বুড়ো’ রেমব্রান্টের বেশ কটি মাস্টারপিসের অন্যতম। বোর্ডের ওপর ৬৫ x ৫১ সেন্টিমিটার মাপের তেলরং ছবিটি ১৬৩০-৩১ সালে আঁকা। এই ছবির মানুষটি ভিন্ন বেশে রেমব্রান্টের অন্য ছবিতেও উপস্থিত। এই ছবিটিতে বুড়োর মাথায় পালক-খচিত হ্যাট, শরীরের সামনে ঊর্ধ্বাংশে শীতল ধাতব ব্রেস্ট-প্লেট। তার সমরসজ্জা হয়তো স্পেনের বিরুদ্ধে ওলন্দাজদের স্বাধীনতাযুদ্ধে শক্তি ও দেশপ্রেমের কথা বলছে। অন্যদিকে তার অশ্রু ছলছল; মুখমণ্ডল, গোঁফ ও দাড়ি বার্ধক্যের প্রক্রিয়া স্পষ্ট করে তুলেছে।ছবিটি এখন লস অ্যাঞ্জেলেস পল গেটি মিউজিয়ামের গ্যালারিতে। ছবি-বিজ্ঞানীরা লক্ষ করেছেন এই তেলচিত্রটির নিচে আরও কিছু ক্ষীণরেখা ভেসে উঠছে। গবেষকেরা আগেও ইনফ্রারেড, নিউট্রন এবং প্রচলিত এক্স-রে মাধ্যমে পরীক্ষা করে ওপরের রং পলেস্তারার নিচে অন্য কোনো ছবির অস্তিত্ব দেখতে পাননি। কারণ, রেমব্রান্ট উভয় ক্ষেত্রে একই রাসায়নিক গঠনের তেলরং ব্যবহার করেছেন। কিন্তু সম্প্রতি অত্যাধুনিক ও সংবেদনশীল এক্স-রে রং পলেস্তারার নিচের ছবিটিকে উদ্ভাসিত করেছে। অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ে ম্যাথিয়াস আলফ্রেন্ড এবং তাঁর দল ছবিটির ‘ম্যাক্রো এক্স-রে ফ্লুরেসেন্স অ্যানালিসিস’ করে তলদেশ থেকে মূল ছবির অনেকটাই বের করে নিয়ে এসেছেন। গবেষকেরা রঙের উপাদানসমূহের মধ্যে ক্যালসিয়াম, লৌহ, পারদ ও সিসা ফ্লুরেসেন্স আলোয় পরীক্ষা করে লুকানো ছবির অধিকতর স্পষ্ট প্রতিচ্ছবি উদ্ধার করতে পেরেছেন। কিন্তু এ নিয়ে হইচইয়ের কী আছে?নিজের আঁকা ছবি পছন্দ না হলে, এমনকি সে ছবি প্রত্যাশিত দামে বিক্রি না হলে খ্যাতিমান শিল্পীদের কেউ কেউ সে ছবি মুছে তার ওপর নতুন কাজ করেছেন। ক্যানভাস রিসাইক্লিং কোনো নতুন ঘটনা নয়। তা ছাড়া একটা সময় এই শিল্পী আর্থিক দুর্দশা কাটিয়ে উঠতে পারেননি। কেউ কেউ বলছেন, নিজের আঁকা যে ছবি রেমব্রান্ট প্রত্যাখ্যান করেছেন, তা আবিষ্কার করে জনসমক্ষে প্রদর্শনের যৌক্তিকতা নেই।অন্যরা বলছেন, এক ক্যানভাসে, এক প্যানেলে একাধিক ছবি পেয়ে গেলে লাভটাই তো বেশি।লেওনার্দো দা ভিঞ্চির মোনালিসা একাধিকবার চুরি হয়েছে, উদ্ধারও করা গেছে। রেমব্রান্টের ‘পোর্ট্রেট অব দ্য ফাদার’ ১৯৯৬ সালে চুরি হয়, উদ্ধার হয় স্পেনে। ২০০৬ সালে আবার চুরি হয় এটিসহ আরও চারটি ছবি। উদ্ধার হয় কেবল একটি। সানফ্রান্সিসকো গ্যালারি থেকে চুরি হওয়া রেমব্রান্টের স্কেচ ‘দ্য জাজমেন্ট’ উদ্ধার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।রেমব্রান্ট (১৬০৬-১৬৬৯) নেদারল্যান্ডসের লেইডেনে ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। রেমব্রান্টের হাত ধরেই ওলন্দাজ চিত্রকলার স্বর্গ যুগ দ্যুতিময় হয়ে ওঠে। তিনি অত্যন্ত উঁচুমানের কিছু ছবি আঁকতে চেয়েছিলেন, যেন তাঁর নাম ইতালিতে পৌঁছায়। সে সময় চিত্রশিল্পের তীর্থস্থান ছিল ইতালি। কিন্তু তাঁর জীবদ্দশায় ইতালির ক্রেতা তাঁর ছবি সেখানে নিয়ে গেলেও তিনি সেখানে যাননি।রেমব্রান্ট সচেতনভাবে দা ভিঞ্চি এবং কারাভাজ্জিওর প্রভাব কবুল করে নিয়েছেন, নিজেও সৃষ্টি করেছেন তাঁর আদলে বহুসংখ্যক ইউরোপীয় শিল্পী। বেপরোয়া ও অমিতব্যয়ী রেমব্রান্ট জীবনের শেষ অধ্যায়ে নিন্দা ও প্রশংসা দুই-ই পেয়েছেন—তবে তিনি যে তাঁর সময়ের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এ নিয়ে চিত্র সমালোচকেরা একটি মতৈক্যে পৌঁছাতে পেরেছিলেন। ১৬৪১ সালে শিল্পী ও সমালোচক ওরলার্স লেখেন, মেধাবী রেমব্রান্ট সপ্তদশ শতকের সবচেয়ে প্রশংসিত চিত্রশিল্পী।রেমব্রান্ট একজন খ্যাতিমান আর্ট ডিলারের আত্মীয়া সাসকিয়াকে বিয়ে করেন। পরবর্তী সময়ে গিরতে ডিরেক্স নামের এক নার্সের সঙ্গে রেমব্রান্টের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি তাঁকে বিয়ে না করায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে তাঁকে প্রতিবছর ২০০ গিল্ডার খোরপোশ-ভাতা প্রদান করতে থাকেন। তাঁর সঙ্গে শিল্পীর আচরণ অমানবিক বলেও উল্লেখ করা হয়েছে। ১৬৪০ দশকের শেষ দিকে কম বয়সী গৃহপরিচারিকা হেনড্রিক স্টোফেলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হলে একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে এবং সংস্কারবাদী চার্চ ‘শিল্পী রেমব্রান্ট বেশ্যা’ হওয়ার অপরাধে তাঁকে চার্চ থেকে বহিষ্কার করে।মৃত্যুর পর অচিহ্নিত একটি কবরে রেমব্রান্টকে সমাহিত করা হয়।তাঁর আঁকা বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে নিজের কয়েকটি পোর্ট্রেট, ইউরোপার অপহরণ, ক্রুশের উত্থান, জোসেফের স্বপ্নবয়ান, স্টুডিওতে শিল্পী, ডাক্তার নিকোলাস টাল্পের অ্যানাটমি ক্লাস রাত্রিকালীন পাহারা, পোল্যান্ডের আরোহী, ইহুদি কনে, ধ্যানমগ্ন দার্শনিক হোমারের আবক্ষ মূর্তির সামনে অ্যারিস্টোটল, আর্টেমিসিয়া, পাথরে বাঁধা অ্যান্ড্রোমিডা, সোনার চেইনে বুড়ো, শুঁড়িখানায় মেধাবী পুত্র এবং বেলহাজারের ভোজ।রং ও তুলিতে যা অর্জন করা সম্ভব, তিনি তার সবটাই করেছেন। সময়ের চেয়ে এতটাই এগিয়ে ছিলেন রেমব্রান্ট, ৪০০ বছর পরও একই রকম অনুকরণীয় রয়ে গেছেন।তথ্যসূত্র: বিভিন্ন ওয়েবসাইট