রেস্টুরেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

—স্যার, আপনার রেস্টুরেন্টে কি গন্ডারের বটি-কাবাব পাওয়া যাবে?
প্রশ্নটা শুনে যে কেউ চমকে যাবে। কিন্তু জগলুল আব্বাসকে এ রকম প্রশ্ন কেউ করলে তিনি মোটেই চমকাবেন না। কারণ, তিনি এমন একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তাভাবনা করছেন, যেখানে তাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই রেস্টুরেন্টে সবকিছুই পাওয়া যাবে...গন্ডারের বটি-কাবাব তো মামুলি। হাতির শুঁড়ের স্যুপ, অ্যানাকোন্ডার নুডলস...উটপাখির ডিমের ডিম-চপ...সব...সব পাওয়া যাবে।
তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। বেশ কিছু ক্যাশ নিয়ে ফিরেছেন। দেশে এসে তাঁর একটা সেই রকম রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছে। তিনি আট-নয়টি দেশ ঘুরেছেন। সব দেশেই তিনি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরেছেন...খেয়েছেন কখনো কখনো, কোনো কোনো রেস্টুরেন্টে কাজও করেছেন। কাজেই রেস্টুরেন্টের ওপর তাঁর ব্যাপক অভিজ্ঞতা। একেক দেশে একেক অভিজ্ঞতা। তবে যে অভিজ্ঞতা থেকে তাঁর ওই ধরনের একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তাভাবনা মাথায় এসেছে, সেই অভিজ্ঞতাটা বরং শেয়ার করা যাক।
বুলগেরিয়ার এক রেস্টুরেন্টে তিনি একবার খেতে গেলেন। সেখানে খেতে যাওয়ার অবশ্য একটা কারণ আছে। কেননা, ওই রেস্টুরেন্টের বাইরে বিশাল সাইনবোর্ড, তাতে বড় বড় করে লেখা—

‘এই রেস্টুরেন্টে আপনারা যা ইচ্ছা অর্ডার করতে পারেন। আমরা দিতে ব্যর্থ হলে ৫০০০ লেভ (বুলগেরিয়ান টাকা) জরিমানা দেব’। ইন্টারেস্টিং সাইনবোর্ড! জগলুল সাহেব ঢুকে গেলেন। কোনার একটা টেবিলে বসলেন। একটু পর বেয়ারা ছুটে এল।

—স্যার, কী দেব? (বুলগেরিয়ান ভাষায়)

—পান্ডার খিড়ি-কাবাব আর নান।

—ওকে, স্যার বলে বেয়ারা অর্ডার লিখে নিয়ে চলে গেল। জগলুল সাহেব চমকে গেলেন। পান্ডা হচ্ছে পৃথিবীর অন্যতম এনডেনজার্ড স্পেসিস। তার খিড়ি-কাবাবও এরা দেবে? তা-ও কি সম্ভব? পান্ডার খিড়ি-কাবাব খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তাঁর। ওদের আটকে দিয়ে ৫০০০ লেভ কামানোর ধান্দা করেছিলেন। কিন্তু ওরা এখন পান্ডার খিড়ি-কাবাব আনতে গেল! এটা কি সত্যিই সম্ভব?

একটু পর বেয়ারা এল।

—কী হলো?

—সরি, স্যার।

—সরি কেন?

—আমরা স্যার আপনার অর্ডার ডেলিভারি দিতে ফেল করেছি। আমাদের হোটেলের নিয়ম অনুযায়ী এ জন্য আমরা আপনাকে ৫০০০ লেভ জরিমানা দিতে বদ্ধপরিকর। রেস্টুরেন্টের ম্যানেজার সাহেব ৫০০০ লেভ নিয়ে আসছেন। জগলুল সাহেব যারপরনাই খুশি হলেন মনে মনে। যাক, নেট লাভ ৫০০০ লেভ মানে দুই লাখ ৬০ হাজার টাকা বাংলাদেশি টাকায়...!

একটু বাদেই ম্যানেজার সাহেব এলেন। তাঁর হাতে একটা মোটা সাদা খাম। ম্যানেজার সাহেব বিনীতভাবে খামটা জগলুল সাহেবের হাতে ধরিয়ে দিলেন এবং মুখে সরি বললেন।

—না না ঠিক আছে, সরির কিছু নেই।

—না না অবশ্যই সরির ব্যাপার আছে, স্যার...আমরা গত তিন বছরে কোনো কাস্টমারের অর্ডার ফেল করিনি। শুধু আজকেই করলাম।

—না না, এটাতে সরি হওয়ার কিছু নেই। আমার আসলে পান্ডার মতো এনডেনজার্ড প্রাণীর খিড়ি-কাবাব অর্ডার করা ঠিক হয়নি। ৫০০০ লেভের খামটা জ্যাকেটের পকেটে ঢোকাতে ঢোকাতে বলেন জগলুল।

—না, স্যার। পান্ডার জন্য নয়, আজই প্রথম আমাদের নান রুটি শর্ট পড়ে গেল, তাতেই...

শুনে জগলুলের চোয়াল ঝুলে গেল। ম্যানেজার বলে কী!

যাহোক, বুলগেরিয়ার সেই রেস্টুরেন্ট থেকেই তাঁর মাথায় আইডিয়াটা আসে। তিনি দেশে ফিরে একটা রেস্টুরেন্ট দেবেন। সেই রেস্টুরেন্টে সব পাওয়া যাবে। অর্ডার ফেল করলে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকা জরিমানা। তবে তার বিজ্ঞাপনে একটু ফাঁক আছে। যেকোনো কিছু অর্ডার দেওয়া যাবে এই রেস্টুরেন্টে। তবে বাংলাদেশে যা পাওয়া যায়, তার ওপর ভিত্তি করে অর্ডার দিতে হবে। ঢাকায় বসে আফ্রিকান অ্যানাকোন্ডার স্যুপ চাইলে হবে না।

যাহোক, একদিন সত্যি সত্যিই জগলুল সাহেব একটা অত্যাধুনিক রেস্টুরেন্ট দিয়ে বসলেন। উদ্বোধন করালেন খাদ্যমন্ত্রী আলহাজ মোজাম্মেল শিকদারকে দিয়ে। মন্ত্রী মহোদয় রেস্টুরেন্টের প্রথম অর্ডার করতে গিয়ে তাঁর পিএকে ডাকলেন। ফিস ফিস করে বললেন:

—আচ্ছা, কী অর্ডার করা যায় বলো তো?

—স্যার, চিকেন টাং ফ্রাইয়ের অর্ডার করেন। বিদেশে এ জিনিস খেয়েছি আমরা। এখানে আছে...

মন্ত্রী অর্ডার করলেন এবং সঙ্গে সঙ্গে চলে এল চিকেন টাং ফ্রাই। জিনিসটা দেখে সন্দেহ হলো মন্ত্রীর, পিএর মেজাজও খারাপ হলো। পিএ জগলুলকে ডেকে জিজ্ঞেস করলেন, জিনিসটা কী?

—স্যার, এটা চিকেন টাং ফ্রাই, মানে সাদা বাংলায়...মুরগির জিবের ভাজি...

শুনেই বমি এসে যাওয়ার জোগাড় হলো মন্ত্রী মহোদয়ের। কোনোমতে বললেন:

—ছি ছি, মুরগি কত আজেবাজে নোংরা জিনিস খায় মুখ দিয়ে, সেই মুখের ভেতরের জিবের ভাজি? ছ্যা ছ্যা...এরচে বরং একটা ডিম পোচ আনো...

যাহোক, মন্ত্রী মহোদয় ডিম পোচ খেয়ে রেস্টুরেন্ট উদ্বোধন করে বিদায় হলেন। তারপর রেস্টুরেন্টে উপচে পড়া ভিড়। যা-ই অর্ডার দেওয়া যায়, তা-ই পাওয়া যায়। অর্ডারের কিছু নমুনা দেওয়া যাক।

১. বাঘের দুধের ঘোল (অর্ডার দেওয়া মাত্র চলে এসেছে। দাম একটু বেশি)

২. খাটাশের ডিমের মামলেট (অর্ডার দেওয়া মাত্র চলে এসেছে। দাম মোটামুটি)

৩. ফ্রায়েড ভালচার (অর্ডার দেওয়ার পর চলে আসতে একটু দেরি হয়েছে, তবে এসেছে। দাম বেশ বেশি) ইত্যাদি ইত্যাদি!

ভালোই চলছিল জগলুল সাহেবের রেস্টুরেন্ট। এখন পর্যন্ত পাঁচ হাজার টাকাও জরিমানা দিতে হয়নি কাউকে। কিন্তু একদিন দিতে হলো। দিনটি ছিল শুক্রবার। সকালের দিকে এক কাস্টমার এল। কোনার দিকের এক টেবিলে বসে বেয়ারাকে ডেকে পাঠাল।

—আপনাদের রেস্টুরেন্টে যা-ই অর্ডার দেব, তা-ই তো আপনারা দিতে বাধ্য, তাই না?

—জি স্যার। ফেল করলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতেও বাধ্য আমরা।

—ভেরি গুড। আমার আসলে ওই পাঁচ হাজার টাকাই দরকার। বাড়িভাড়া বাকি পড়েছে। এক রুম সাবলেট নিয়ে থাকি...বোঝেন তো, ভাই...

—কিন্তু আগে তো আপনাকে অর্ডার করতে হবে...আমরা ফেল করলে না আপনি পাঁচ হাজার টাকা পাবেন।

—বেশ, অর্ডার করছি...নিয়ে আসুন, যে প্রাণীটাকে আমরা জন্মের আগেই খেয়ে ফেলি, তার ঝাল ফ্রাই আর তন্দুর।

বহু চিন্তা করেও জগলুল সাহেবের মাথায় খেলল না প্রাণীটা কী? শেষে তিনি হতাশ হয়ে পাঁচ হাজার টাকা ক্যাশ জরিমানা দিলেন লোকটাকে। লোকটা হাসিমুখে পাঁচ হাজার টাকার খামটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, কেন, আপনাদের স্টকে মুরগি নেই?