রেহনুমার ফোনকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বেশ কয়েক দিন হয় আমি চাকরি ছেড়ে দিয়েছি। এই চাকরিহীন সময়ের চাকরিহীনতায় আমি কিছুটা ভীত হয়ে পড়েছি দু-এক দিন ধরে।
প্রথম দিকে এটা ছিল না। ছিল চাকরি ছেড়ে দিতে পারার মতো সাহস থাকায় নিজের প্রতি নিজের বাহবা আর দ্রুতই আরেকটা কাজ জুটিয়ে ফেলতে পারার মতো থইথই আত্মবিশ্বাস।
কিন্তু যতই দিন যেতে থাকল, দেখলাম আরেকটা চাকরির জন্য কেউই আমাকে ডাকছে না। অথচ ছেড়ে দেওয়ার আগে সব সময় মনে হয়েছে এ সেকশনে আমার একটা নামডাক আছে।
আমার কাজের ভেতরকার সূক্ষ্ম ডাইমেনশনগুলো এ সেকশনের সত্যিকার মেধাবী মালিকপক্ষের চোখে পড়ার কথা বলেই ভাবতাম।
যেন এর চেয়ে বাঁকা করে ভাবার কী আছে, এটাই তো সহজ অঙ্ক, যাকে দিয়ে কাজটা ভালোমতো সম্পন্ন হবে, তাকে দিয়ে করিয়ে নেওয়াই তো কোম্পানির জন্য লাভজনক!
আর সেই সূত্রেই অপেক্ষা করছিলাম নতুন কোনো চাকরির ডাকের। কিন্তু সে রকম কিছু ঘটছিল না। আননোন নাম্বার থেকে কল এলেই মনে হচ্ছিল, নতুন কোনো হাউসের এইচআর থেকে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
একদিন সে রকমই এক আননোন নাম্বার থেকে কল এল। আর আমি স্মার্টলি হ্যালো বলতেই ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠ জিজ্ঞেস করে বসল, ‘কে, নিয়াজ?’
আমি ‘হ্যাঁ’ বলার পর সুরেলা কণ্ঠ আরও সুরেলা হয়ে জানতে চাইল, ‘চিনতে পারছ আমাকে? আমি রেহনুমা।’
চিনতে না পারার কোনো কারণ নেই, কিন্তু বিশ্বাস করাটা বেশ কষ্টকর।
আমি কান থেকে সরিয়ে ফোনটা হাতের তালুতে নিয়ে চোখের সামনে এনে ধরলাম, আর স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটা পরখ করলাম। যেন স্বচক্ষে নাম্বারটা দেখেই ১৫ বছর পেছন থেকে হঠাৎ ঘাড়ের ওপর উঁকি দিয়ে রেহনুমার ‘কে নিয়াজ’ বলে ওঠার আকস্মিকতাটা কাটিয়ে উঠব আমি।
ক্লাস এইটের বছরটাই শুধু, বাবার পোস্টিংয়ের কারণে কুমিল্লা থাকতে হয়েছিল রেহনুমাকে। কুমিল্লার একটা উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলি হয়ে এসেছিলেন ওর বাবা।
স্কুল ছুটির পর নিজ নিজ অথচ পাশাপাশি কলোনির দিকে একই সঙ্গে যেতে—পথে প্রথম দিনই রেহনুমার সঙ্গে আলাপ হয়েছিল আমার। আমি বলেছিলাম, ‘দেখো, আমরা তো ছোট, আমরা প্রেম করলেই কী, আর না করলেই কী, ছোটবেলার প্রেম তো আর বড় হওয়া পর্যন্ত থাকবে না।’
কিন্তু রেহনুমার কাছে সেটাই ছিল প্রেমটা করার পক্ষে প্রধান যুক্তি। আমি আরও কয়েক রকমের গড়িমসি করলে ব্যাপারটা আমাকে খুলে বলে রেহনুমা:
ক্লাস ফাইভের বছর থেকে বছরে একটা এমনি এমনি প্রেম করে সে। প্রায় ক্ষেত্রেই বাবার বদলির কারণে আজ এখানে তো কাল ওখানে দশা। ফলে ওর আগের প্রেমিকদের একজন ব্রাহ্মণবাড়িয়ায়, একজন ভৈরবে এবং অন্যজন ফেনীতে।
কাহিনি শুনে আমি হাঁ করে বসে পড়ি। আর এ রকম একটা পাগলামিতে জড়িয়ে পড়ার ব্যাপারে ভেতরে-ভেতরে নিজেকে নিরুৎসাহিত করি। এতে রেহনুমাও আমার পাশে এসে বসে আর ব্যাগ থেকে বের করে ওর আগের প্রেমিকদের ছবি দেখিয়ে বলে, ‘বুঝছ, কেন তোমার সঙ্গে প্রেম করতে চাইলাম?’
‘কেন?’
‘এদের সবার থেকে তুমি বেশি সুন্দর।’ এ কথা শেষেই হ্যাঁচকা টানে আমার হাত ওর মাথার ওপর ধরে রেখে জানতে চাইল, ‘সত্যি করে বলো, স্কুলে বা পাড়ায় আমার চেয়ে সুন্দর আর কাউকে দেখছ তুমি?’
মাথা নিচু করে আমাকে স্বীকার করেই নিতে হয় যে ‘না, তা দেখিনি সত্য।’
পরদিন স্কুলে যাওয়ার পথে পানির ট্যাংকের নিচে একভাবে স্থির করিয়ে দিয়ে আর ঠিক সেভাবেই স্থির হয়ে থাকার নির্দেশ দিয়ে ব্যাগ থেকে ক্যামেরা বের করে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার দু-চারটা ছবি তোলে রেহনুমা।
ছবি তোলা শেষে পরিচিত হতে চায় আমার মায়ের সঙ্গে। জানায়, ওর মা নেই, ওকে জন্ম দিতে গিয়েই মারা গেছেন। আমারও বাবা ছিলেন না, এ জন্য রেহনুমার বাবার সঙ্গে পরিচিত হতে চাইব? কখনোই না। তা ছাড়া আমার বাবা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যাননি।
বাবা মারা যান এমনি এমনি। তাঁর নাকি কিছুই ভালো লাগত না। একদিন সকালে ঘুম থেকে উঠে বাড়িভর্তি মানুষজনের কাছ থেকে জানা গেল, বাবা মারা গেছেন। তাঁর লাশ বাইরে বরইগাছের নিচে।
এ রকমই ধীরস্থির লাগত সবকিছু। রেহনুমার পাগলামি মেনে নেওয়ার মতো ইচ্ছা বলব না, বরং একধরনের বৈরাগ্য ছিল আমার মধ্যে। ও আমাকে নিয়ে যা ইচ্ছা হতো করত, আমার কিছুতেই নিষেধ ছিল না, ছিল না বাড়তি কোনো আগ্রহ।
এভাবে দিন যাচ্ছিল। জুনে রেহনুমার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে মাকেসহ প্রথমবার ওদের বাসায় গেলে অদ্ভুত এক ঘটনা ঘটে। রেহনুমার বাবা ফিরোজ সাত্তার এবং আমার মা সাহারা আক্তার দুজন দুজনকে অনেককাল আগের হারিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকা হিসেবে আবিষ্কার করে বসেন।
মুহূর্তেই আপনি থেকে তুমিতে অধঃপতিত হয়। তাঁরা লজ্জাহীনভাবে প্রকাশ্যেই পরস্পরের অনুপস্থিতিতে কে কতটা খারাপ ছিলেন তার ফিরিস্তি দিতে থাকেন।
তাৎক্ষণিকভাবে চুপসে গিয়ে আমি আর রেহনুমা পরস্পরের দিকে অবাক তাকিয়ে থাকি।
আমার মৃত বাবার জন্য আমার মনটা খারাপ হয়। কিছুই ভালো লাগত না তাঁর। যেন এখন আমি বুঝতে পারছি, কেন তাঁর কিছু ভালো লাগত না।
রেহনুমা বলে, ‘দেখছ, আমরা ভাইবোনও হতে পারতাম!’
আমি হতাশ হই এতক্ষণ ধরে দেখা ওর বিস্ময়াভিভূত অভিব্যক্তির ভেতরকার এই ওজনহীন পর্যবেক্ষণে। ফলে খানিকটা রেগে যাওয়া কণ্ঠে জানতে চাই, ‘তোমার মায়ের জন্য তোমার খারাপ লাগছে না?’
কিন্তু এ প্রশ্নের অন্তর্নিহিত বক্তব্যটাই ধরতে ব্যর্থ হয় ও। সম্ভবত এ কারণে যে মায়ের সঙ্গে ওর কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা বা স্মৃতি ছিল না।
তারপর খুব দ্রুত সময়ের মধ্যে আমার আর রেহনুমার না, বরং রেহনুমার বাবা ও আমার মায়ের—প্রেম জমে ওঠে। এতই যে একপর্যায়ে সেটা টক অব দ্য কুমিল্লায় পরিণত হয়।

>মা আর কখনোই যোগাযোগ করেননি আমার সঙ্গে। হতে পারে প্রথম প্রথম চাইতেন, সম্ভবত আমার চাচা-জ্যাঠারাই তা হতে দেননি। লোকমুখে বলাবলি হয়, অন্য জেলায় বদলি হওয়া ফিরোজ সাত্তারের কাছেই চলে গেছেন মা

দাউদকান্দি থেকে আমার চাচা-জ্যাঠারা এসে একদিন মাকে খুব শাসিয়ে যান। স্থানীয় কোনো অখ্যাত পত্রিকায় ‘বিপত্নীক টিএনওর সঙ্গে বিধবা শিক্ষিকার প্রেম’ শিরোনামে নিউজও বেরোয়।
একদিন পর রেহনুমা আমাকে ওই পত্রিকার একটা কপি সরবরাহ করে। শেষের পাতার বক্স নিউজে পাশাপাশি ফিরোজ সাত্তার ও মায়ের ছবি দেখে আমার বুক কেঁপে ওঠে।
রাগে-ক্ষোভে রেহনুমাকে জড়িয়ে ধরে আমি কাঁদতে শুরু করি আর রেহনুমা আমাকে ‘এই বোকা এই বোকা’ বলে সরিয়ে দিতে থাকে। প্রচণ্ড মেজাজ খারাপ হয়। ওকে কষে চড় মারি। শুধু তা-ই নয়, চুল টেনে ধরি, এমনকি পিঠে কিলঘুষি দিই।
হতভম্ব রেহনুমা মার খেতে খেতে নিজেও ডুকরে কেঁদে উঠলে সেটাকেই তার নিজের মায়ের জন্য খারাপ লাগার কান্না ভেবে নিয়ে আমিই আবার ওকে সান্ত্বনা দিই, আশ্বস্ত করি।
কিন্তু রেহনুমা গিয়ে ওর বাবাকে এই বলে নালিশ করে যে আমি তার গায়ে হাত দিয়েছি। সেই সূত্রে সন্ধ্যার পর ঘরের দরজা লাগিয়ে আমার মা আমাকে পেটাতে থাকেন। বলতে থাকেন আমার চরিত্র নাকি আমার মরহুম বাবার মতোই লাম্পট্যে ভরা।
সোজা জানিয়ে দেন, আমার সঙ্গে, আমার গেঁয়ো চাচা-জ্যাঠাদের চোখ রাঙানির সামনে তিনি আর থাকবেন না। আমি বিনা বাক্যব্যয়ে মাথা নিচু করে মার খেয়ে যাই। কিন্তু আমার মতে, খারাপ চরিত্র ধারণের যোগ্যতাই ছিল না বাবার।
বাবা ছিলেন নিপাট নিরীহ। বলাবাহুল্য ফিরোজ সাত্তারের তুলনায় নিতান্তই গরিব ও অসাংস্কৃতিক। মায়ের পক্ষে দ্বিতীয়বার ফিরোজ সাত্তারের প্রেমে পড়া তাই খুবই স্বাভাবিক।
ভালো করে বুঝতে শেখার পর থেকে আমি আমার মাকে খুব আয়োজন করে সম্মান করতে শুরু করি। সম্মান করি তাঁর সঠিক সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়চেতা মনোভাবের জন্য।
আসলে কাউকে কিছু স্যাক্রিফাইসে বাধ্য করা যায় না। সঠিক স্যাক্রিফাইসের মাধ্যমে মা যদি আমার সঙ্গেই থেকে যেতেন, তাতে আসলে খুব ভালো আর কী-ই হতো? আজকে আমার কাঁধে একটা স্যাক্রিফাইসড লাইফের বোঝা থাকত। সম্ভবত মায়ের মতো হয়েছি বলেই এ রকম করে ভাবতে পারি।
মারধরের রাতেই আবার আমাকে ধরে হাউমাউ কান্নাকাটি করেন মা। এ দফায় সব দোষে নিজেকেই দোষী সাব্যস্ত করেন। নিজের স্বার্থপর মনোভাবে নিজেই বাকরুদ্ধ হয়ে পড়েন। তওবা করেন আল্লাহ যেন তাঁকে পাপের পথ থেকে মুক্ত করে নিয়ে আসেন।
আমি কিছুই না বলে বসে থাকি। এখন হলে বলা যেত ‘ইটস ওকে, মা’। মা আরও ভেঙে পড়েন। আমাকে অহেতুক মারধর করায় ক্ষমা চাইতে থাকেন। আমি ছি ছি করে উঠি, মা হয়ে ছেলের কাছে মাফ চাইতে হয় না বলে। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মা একসময় আমার খাটেই ঘুমিয়ে পড়েন।
এ চাকরিটা ছাড়ার রাতে। এবার অনেক দিন পর আবারও স্বপ্নটা দেখি। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মায়ের ঘুমিয়ে পড়ার স্বপ্ন। মা চলে যাওয়ার পর অসংখ্য রাত এই একই স্বপ্ন দেখে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে জেগে উঠেছি।
এমন না যে পরদিন সকালেই মা চলে যান। বরং মায়ের চলে যাওয়া ছিল এর চেয়ে অনেক গোছানো এবং পরিকল্পিত। বাবার মৃত্যুবার্ষিকীতে দাউদকান্দিতে আমার দাদার বাড়িতে প্রায় ৩০ জন এতিমকে নিয়ে মিলাদের আয়োজন করা হয়।
বলা হচ্ছিল আমিও নাকি এতিম। কিন্তু চাচা-জ্যাঠাদের সঙ্গে আমি এই বলে তর্ক করছিলাম যে শুধু বাবা না থাকায় কেউ এতিম হয় না, আমার তো মা আছেন এখনো। মোটকথা কিছুতেই আমি নিজেকে এতিম বলে মেনে নিচ্ছিলাম না, আর বাকি ৩০ জন এতিমের সঙ্গেও তাই চাচ্ছিলাম না বসতে।
মায়ের কাছে বিচার নিয়ে যাই। তাঁকে বোঝাই আমি এতিম না। মা হাসেন, আর বলেন, অবশ্যই আমি এতিম না কিন্তু চাচা-জ্যাঠাদের কথাও শুনতে বলেন। আমি মন খারাপ করে আমন্ত্রিত ৩০ এতিমের সঙ্গে বসে গরুর মাংস আর লাউয়ের তরকারি খাই।
দাউদকান্দিতেই, পরদিন সকালে ঘুম থেকে জেগে আর মাকে পাওয়া যায় না। জানতে পারি, বাজারে যাওয়ার কথা বলে বেশ ভোরেই মা বেরিয়েছেন। এখনো ফেরেননি। ফেরেননি তো ফিরবেন, এমন ভাবি।
কিন্তু আমার দাদার বাড়ির লোকজনদের চেহারায় নিশ্চিতভাবে যা বোঝার বুঝে যাওয়া সুলভ একটা ভঙ্গি ফুটে থাকে। ধীরে ধীরে সেটা আরও বিকশিত হয়।
একটা পর্যায়ে বড় জ্যাঠা মাকে অকথ্য গালাগাল শুরু করলে ততক্ষণে আমিও, মা যে আসলেই চলে গেছেন সে বিষয়ে নিশ্চিত হয়ে পড়ি। সে নিশ্চয়তা না থাকলেও বড় জ্যাঠার সঙ্গে তর্কে লিপ্ত হওয়ার সাহস ছিল না।
মা আর কখনোই যোগাযোগ করেননি আমার সঙ্গে। হতে পারে প্রথম প্রথম চাইতেন, সম্ভবত আমার চাচা-জ্যাঠারাই তা হতে দেননি। লোকমুখে বলাবলি হয়, অন্য জেলায় বদলি হওয়া ফিরোজ সাত্তারের কাছেই চলে গেছেন মা।
আমার আর কুমিল্লা শহরে যাওয়া হয় না, দাউদকান্দিতে দাদার বাড়িতে থেকে ওখানকারই স্কুল-কলেজ থেকে এসএসসি-ইন্টার পাস করে ঢাকায় চলে আসি।
‘তো রেহনুমা, কী ব্যাপার বলো?’
আমি এসব অতীত দ্বারা প্রভাবিত নই, এমন একটা স্বরারোপ সাপেক্ষে জিজ্ঞেস করি। ততোধিক ডিপ্লোম্যাটিক কণ্ঠে রেহনুমা জানায়, ও নাকি সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানির এইচআর থেকে ফোন করেছে!
এ কথা শুনে আমার বিস্ময়ের সীমা থাকে না। বলি, ‘মানে কী? কাকতালীয়?’
রেহনুমা হাসে। বলে, ‘ফেসবুকে আমি তোমায় ফলোয়ার, জানি তোমার চাকরি নেই। এ সেক্টরে তোমার তো একটা অবস্থান আছেই, বাকিটা আমিই কথা বলেছি অফিসে। তুমি আসো, চাকরিটা মনে হয় হয়ে যাবে। আর আমাদের না করা প্রেমটাও করার সুযোগ মিলবে!’
আমিও খুব দ্রুত ভেবে ফেলি, চাকরিটা আমি করব।
জানতে চাই, ‘তোমার মা-বাবা ভালো আছেন?’
রেহনুমা বলে, ‘তুমি কি ভুলে গেছো আমার মা ছিলেন না! আর, বাবার শরীর খুবই খারাপ। দুবার স্ট্রোক হয়েছে।’
আমি ভাবি, হতে পারে আমার মাকে নিজের মা বলে শেষ পর্যন্ত মেনে নেয়নি রেহনুমা। তাই বুঝতে পারি না এভাবে বলা ঠিক হবে কি না যে আমার মা কেমন আছেন।
কিন্তু ঠিক এই সময়েই আমার ভাবনা-চিন্তায়, মোটকথা এই ডিপ্লোম্যাটিক পরিস্থিতির ভেতর থেকে মায়ের খবরটা কীভাবে জেনে নেওয়া যায়, সেই চিন্তায় যখন দুই হাত মাথায় ঠেকিয়েছি, হঠাৎই রেহনুমা জিজ্ঞেস করে বসে, ‘তোমার মায়ের কী অবস্থা, ভালো আছেন আন্টি? কুমিল্লা ছাড়ার পর বাবা অনেকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন’...
‘মানে?’
কথা শেষ করতে না দিয়ে আমি ধমকাই। ‘মা কই? মা তোমাদের সঙ্গে না?’
রেহনুমা অবাক হয়, ‘কী বলছ এসব’...আমি ধমকাতেই থাকি।...‘শোনো শোনো, সমস্যা কী তোমাদের?...আমার মা কই...মা...?’