এ বছর সুফিয়া-প্রীতিলতার জন্মশতবর্ষ পালিত হচ্ছে। ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার বিপ্লবী আত্মাহুতি দিবস। সেই প্রেক্ষাপটেই শত বছরের নারীবাদী চিন্তাচর্চার বিষয়ে এই আলোকপাত। লিখেছেন মালেকা বেগমপ্রীতিলতা ওয়াদ্দেদার (জন্ম ৫ মে) ও সুফিয়া কামাল (জন্ম ২০ জুন)—এঁদের জন্মসাল ১৯১১। সেই বছরেই, ১৬ মার্চ, রোকেয়া সাখাওয়াত হোসেন কলকাতায় প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। সেই বছরে লীলা নাগ ঢাকার ইডেন স্কুলে পড়ছিলেন। বাংলাদেশের সমাজ-দেশ-সংস্কৃতি-রাজনীতির বৈপ্লবিক পরিবর্তনের জন্য এই চার ব্যক্তিত্বের অবদান ইতিহাসে স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। ভিন্নধারার বৈপরীত্য সত্ত্বেও এঁদের আন্দোলন সমন্বিত ঐক্যের সূত্রে বাঁধা। দেশমুক্তির সঙ্গে নারীমুক্তির যোগসূত্রে এঁদের দৃঢ় বিশ্বাস ছিল। নারী-পুরুষ বৈষম্যের বিষয়ে এঁরা তির্যক প্রশ্ন তুলেছেন—আজ এবং ভবিষ্যতের প্রেক্ষাপটে তাঁদের এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ।রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালে আবির্ভূত হলেন রংপুরের পায়রাবন্দের জমিদারবাড়ির অবরোধবাসিনীরূপে। তাঁর ২০ বছর পরে ১৯০০ সালে লীলা নাগের জন্ম সিলেটের আদর্শিক বাবা-মায়ের পরিবারে। এর ১১ বছর পর চট্টগ্রামে মিউনিসিপ্যাল অফিসের হেডকেরানির পরিবারে জন্ম হলো প্রীতিলতার এবং সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন বরিশালের শায়েস্তাবাদের নবাব পরিবারের দৌহিত্রীরূপে। ১৯১৮ সালে রোকেয়ার সঙ্গে সুফিয়ার প্রথম সাক্ষাৎ হয়। লীলা নাগ রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ পরিচিত ছিলেন না। লীলা নাগের সঙ্গে সুফিয়ার প্রথম সাক্ষাৎ ও কর্মযজ্ঞ শুরু হয় ঢাকায় ১৯৪৭ সালে। প্রীতিলতা ১৯২৮-২৯ সালে লীলা নাগের প্রত্যক্ষ প্রভাবে বিপ্লবের জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠেন। প্রীতিলতার সঙ্গে কখনোই সাক্ষাৎ হয়নি রোকেয়া ও সুফিয়ার। ব্রিটিশবিরোধী স্বদেশি-বিপ্লবী কর্মকাণ্ডে এঁরা প্রত্যক্ষ-অপ্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।রোকেয়া যখন নারীর অবরোধমুক্তির জন্য তীব্র আঘাতে জর্জরিত করছিলেন সমাজমানসকে, লীলা নাগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে একক আন্দোলনে জয়ী হলেন, বিপ্লবী দলে নারীদের সদস্য করতে শুরু করলেন ঢাকায়, রাজবন্দী হলেন। সেই সময়ে প্রীতিলতা ব্যাকুলভাবে চট্টগ্রামের সূর্যসেন পরিচালিত সশস্ত্র বিপ্লবী দলের সদস্য হতে চাইছিলেন। পড়ছিলেন ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, ক্ষুদিরাম, কানাইলাল, বাঘাযতীন, দেশের কথা ইত্যাদি বই। যুক্ত হয়েছিলেন ঢাকার বিপ্লবী নেত্রী লীলা নাগের পরিচালিত দীপালি সংঘের বিপ্লবী কর্মসাধনায়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ম্যাট্রিক প্রথম বিভাগে এবং আইএ পরীক্ষায় প্রথম বিভাগে (মেয়েদের মধ্যে প্রথম) পাস করেন (১৯২৯)।সেই সময়ে চট্টগ্রামের শামসুন্নাহার মাহমুদ অবরোধের মধ্যে থেকেও ম্যাট্রিক পাস করেন এবং সুফিয়া কামাল মুসলিম নারীদের মধ্যে প্রথম অ্যারোপ্লেনে চড়লেন, রোকেয়ার ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম’ নারী সংগঠনের সদস্য হলেন, অবরোধের নিষেধাজ্ঞা ছিন্ন করে সওগাত পত্রিকার প্রথম মহিলা সংখ্যায় ছবিসহ লেখা প্রকাশে সাহসী হলেন। রোকেয়া তাঁর বাড়িতে সংবর্ধনা জানালেন শাসসুন্নাহার মাহমুদ ও কবি সুফিয়াকে। রোকেয়া ১৯৩০ সালে বিমানে চড়েছিলেন। সেটাও ছিল তাঁর আকাশচুম্বী স্বপ্নসাফল্যের পদক্ষেপ।ঔপনিবেশিক পরাধীনতার বিরুদ্ধে রোকেয়া, লীলা নাগ, সুফিয়া ও প্রীতিলতা লিখেছেন, কাজ করেছেন, সংগ্রাম করেছেন। সেই সময়ে দেশমুক্তির শপথ নিয়ে নারীরা অকাতরে কারাবন্দী হয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গজুড়ে সত্যাগ্রহ আন্দোলনে, আত্মরক্ষা সমিতিতে, বিপ্লবী রাজনীতিতে নারীদের যোগদান, নারীর ভোটাধিকার আন্দোলন, কারাবরণ ইত্যাদি নারীমুক্তির ভিত্তি তৈরি করেছিল।স্বদেশি আন্দোলনে প্রত্যক্ষ-অপ্রত্যক্ষভাবে সম্পৃক্ত সংগ্রামী এই চার ব্যক্তিত্ব ইংরেজ শাসনের পরাধীনতা মেনে নেননি, সংগ্রাম করেছেন, কাজ করেছেন। কলকাতায় নিজের স্কুল প্রতিষ্ঠার পর তা পরিচালনার কাজ শেখার জন্য নারী আন্দোলনের পথিকৃৎ রোকেয়া বেথুন স্কুল ও গোখেল মেমোরিয়াল স্কুলে নিয়মিত যোগাযোগ রাখতেন। ছাত্রীদের সঙ্গে ক্লাসরুমে বসে অভিজ্ঞতা অর্জন করতেন তিনি। (শামসুন্নাহার মাহমুদ, ঈদসংখ্যা বেগম, ১৬.২.১৯৬৪)বেথুন কলেজের কৃতী ছাত্রী লীলা নাগ আন্দোলন করে বড়লাটপত্নীকে নতজানু হয়ে সম্মান জানানোর রীতি বন্ধ করেছিলেন (১৯১৯-২১)।সেই বেথুন কলেজে প্রীতিলতা দর্শনে অনার্স নিয়ে পড়েছেন এবং পরে বিএ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ১৯২৯-৩১ সালে। সুফিয়া কামাল কলকাতার করপোরেশন স্কুলে শিক্ষকতা করেছেন (১৯৩৩-৪১)। রোকেয়া-প্রতিষ্ঠিত নারী সংগঠনের সদস্য হিসেবে নারী আন্দোলন শুরু করে জীবনের শেষকাল পর্যন্ত বাংলাদেশের নারী-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সুফিয়া কামাল। প্রীতিলতা বিপ্লবী সংগঠনের নারী সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন (১৯২৯) চট্টগ্রামে।এই চার ব্যক্তিত্ব নারীর মানবাধিকার, রাজনৈতিক-সামাজিক অধিকার নিয়ে নিজ নিজ চিন্তাধারায় আন্দোলন-সংগঠন করেছেন। নারী-পুরুষের বৈষম্য বিষয়ে তাঁরা তিনজনই তির্যক প্রশ্ন তুলেছেন, বাস্তবে এর রূপায়ণের জন্য পথনির্দেশ দিয়েছেন। বাংলাদেশের নারী আন্দোলনে, সামাজিক আন্দোলনে এঁদের আদর্শ, চিন্তাচর্চা ও পথনির্দেশ বিশ শতক থেকে প্রভাব ফেলেছে এবং বর্তমান ও ভবিষ্যতেও এর গুরুত্ব অব্যাহত থাকবে নিঃসন্দেহে।রেকেয়া তাঁর লেখায় বলেছেন: ‘আমরা সমাজেরই অর্দ্ধ অঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে?...আমরা অকর্মণ্য পুতুল-জীবন বহন করিবার জন্য সৃষ্ট হই নাই, একথা নিশ্চিত।’ ‘পুরুষের সমকক্ষ হইতে হইলে যাহা করিতে হয় তাহাই করিব।’ রোকেয়ার মতাদর্শে অনুপ্রাণিত সুফিয়া কামাল নারীর মানবাধিকারের জন্য আন্দোলন করেছেন। কবিতায়, গল্পে, প্রবন্ধে, ডায়েরিতে তিনি দেশ ও মানুষের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে নারীমুক্তির লড়াইকে অভিন্ন করে প্রকাশ করেছেন। নারীর প্রতি বৈষম্য, নারীর মানবাধিকার হরণের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। প্রশ্ন তুলেছেন, নারীর সম-অধিকার কেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হচ্ছে না; কেন পরিবারে, সমাজে নারী নির্যাতিত, লাঞ্ছিত।লীলা নাগ বিপ্লবী-স্বদেশী দলের প্রধান নেতৃত্ব অর্জনে পুরুষ বিপ্লবীদের বাধা পেয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, নারী-পুরুষের বৈষম্যচিন্তা কেন বিপ্লবীদের মধ্যে থাকবে? বিপ্লবী সংগ্রামের মধ্যে নারীদের সম্পৃক্ত করে তিনি প্রমাণ করেছেন, দেশমুক্তি ও নারীমুক্তির সংগ্রাম অবিচ্ছেদ্য।প্রীতিলতার প্রশ্ন ছিল, বিপ্লবী দলে কেন নারী সদস্য থাকবে না? কেন সব বিপ্লবী কর্মকাণ্ডে পুরুষ নেতৃত্ব দেবে, নারী কেন হবে অংশগ্রহণকারী? বলেছেন, ‘আমাদের ভাইয়েরা মাতৃভূমির জন্য যুদ্ধে অবতীর্ণ হইতে পারে, আমরা ভগিনীরা কেন উহা পারিব না?’ ১৯২৮ সালে তিনি বহু সংগ্রাম করে বিপ্লবী দলের সদস্য হলেন, ১৯৩২ সালে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেওয়ার অধিকার অর্জন করলেন এবং শহীদ হলেন। তাঁর মৃত্যুর পর তাঁরই পুরুষ ছদ্মবেশের মধ্যে পাওয়া বিবৃতিতে জানা যায় তাঁর অকপট ঘোষণা, ‘দেশের মুক্তিসংগ্রামে নারী ও পুরুষের পার্থক্য আমাকে ব্যথিত করিয়াছিল।’শতবর্ষের পরিক্রমায় রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২), লীলা নাগ (১৯০০-১৯৭০), সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯) ও প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১-১৯৩২)—এই চার নেত্রীর আদর্শ, চিন্তাচর্চা ও স্বাদেশিক জীবনচর্চার মধ্যে ভিন্নতা থাকলেও তাঁদের সমন্বিত পদযাত্রার ধ্বনি একুশ শতকেও শোনা যাচ্ছে। সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যপূর্ণ অবস্থানের বিরুদ্ধে তাঁদের সংগ্রাম নারী-পুরুষের সম-অধিকারের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে।