
রোজব্যাংক বিপণিবিতানের ভবনটি বহুতল ও বিশাল। আমি ওপরের তলায় ওঠার সিঁড়ির গোড়ায় এসে দাঁড়াই। ঝলমলিয়ে রোদ উঠছে। দালানের কার্নিশ ঘেঁষে একটি জাকারান্দা বৃক্ষ তার আসমানি রঙের পুষ্পসম্ভার নিয়ে উঁকি দিয়ে দেখে নিচ্ছে পণ্যের বেচাকেনা জমে উঠল কি? এত সকালেও এখানে হাঁটাচলা করছে কিছু খদ্দের, দোকানি ও পর্যটক। সিঁড়ি ভাঙতে ভাঙতে দেখি তার তলায় রাখা লেজ বাঁকানো দুটি কৃত্রিম বুনো বিড়াল। তাদের পাশে কাঠের স্ক্রিনের লাগোয়া একটি মনুষ্য মূর্তি যেন তাকিয়ে নজর রাখছে কাদামাটিতে তৈরি ধবধবে সাদা কয়েকটি গরু-বাছুরের দিকে।
বিপণিবিতানের ছাদের ওপর নিত্যদিন জমে জোহানেসবার্গের সবচেয়ে জমকালো ক্রাফটস মার্কেট। বাজার এখনো জমেনি। তবে কোনো কোনো দোকানি ঝাঁট দিচ্ছেন সিমেন্টের চাতাল, কেউ কেউ টাঙাচ্ছেন ছাতা কিংবা শামিয়ানা, আর সাজিয়ে রাখছে কারুপণ্যের পসরা—পোড়ামাটির চিত্রিত তৈজস, হরিণের চামড়ায় তৈরি ঢাল, বয়ামে ভরা বনাজি শিকড়-বাকড় ও জিরাপের খুর। একটি দোকানের দেয়ালে ঝুলছে চিত্রিত কাপড় ও টেবিলের ওপর ছড়ানো চামড়ার পর্চমেন্টে রঙিন করে আঁকা নানা নকশা। বাটিকের স্লিভলেস টপ পরা যুবতী দোকানি মুগ্ধ হয়ে দেখছেন সম্ভবত তাঁর নিজেরই সৃজিত সম্ভার। ছাদের অন্য পাশে যত্নে সাজিয়ে রাখা ব্রোঞ্জে তৈরি হাঁসের বেশ কয়েকটি প্রতিমূর্তি। এদিকটা নির্জন দেখে আমি ছাতাওয়ালা একটি টেবিলে গুছিয়ে বসি। জার্নাল খুলে আজ সকালের বিষয়-আশয় লিখতে গেলে দেখি, খানিক দূরের একটি দোকানে ঝুলছে রঙিন নকশা করা মস্ত একটি পর্দা। তা দুই হাতে সারিয়ে এসে দাঁড়ায় মিনি স্কার্ট পরা কৃষ্ণাঙ্গ একটি মেয়ে। তার বুকের কাছে চেপে ধরা দুটি সাদা কবুতর। সে একটু সময় নিয়ে নজর করে আমাকে দেখে ঝুঁকে সোজা হতে হতে শূন্যে উড়িয়ে দেয় জোড়া কপোত। একমনে সে এবার দোকানের চারদিক ঘেরা চিত্রিত পর্দাটি সরায়। কবুতর দুটি শামিয়ানার ওপরে চক্রাকারে উড়ছে, কিন্তু সে ওদিকে ফিরেও তাকায় না। মেয়েটি এখন দোকানের নানা কোণে কাঠের স্ট্যান্ডে রাখছে মাঝারি মাপের বেশ কয়েকটি আয়না। তাতে প্রতিফলিত হচ্ছে পশু শিকারের নানা ঢঙের হাতিয়ার, হামানদিস্তা, আবলুশ কাঠের বারকোশ ও হরিণের শিং। ওদিকে তাকিয়ে থাকলে মনে হয় আফ্রিকার আত্মা যেন নানা প্রতীকে প্রতিবিম্বিত হচ্ছে রুপালি রঙের কয়েকটি আরশিতে।

ওই দোকানের কিছু কারুপণ্য খুবই চিত্তাকর্ষক। ইচ্ছা হয় উঠে গিয়ে একটি বা দুটি দ্রব্য কিনে নিই ঘর সাজানোর উপকরণ হিসেবে। কিন্তু ঘরের তো কোনো বন্দোবস্ত এখনো হয়নি। তাই জার্নালে শিরোনাম হিসেবে লিখি, ‘অনিশ্চয়তা’। এ সূত্র ধরে কয়েকটি চাবি-শব্দের একটি হিজিবিজি তালিকা তৈরি করতে গেলে প্রথম যে শব্দটি মনে আসে তা হলো ‘অপ্রাপ্তি’। আমি প্রত্যাশা করেছিলাম জোহানেসবার্গে এসে ইয়োভিল এলাকার একটি ছিমছাম বাড়িতে বাস করব, কিন্তু উঠতে হলো গেস্টহাউসে। এর চেয়েও ব্যাপক অপ্রাপ্তিতে ভুগছেন ভ্যান হেন্ডরিক ও মামা কনানানি। এ অসবর্ণ দম্পতি যখন বর্ণবিভাজনপ্রথা রোধ হওয়ার পর বিবাহিত হন, তখন নিশ্চয়ই প্রত্যাশা করেছিলেন একটি মিশ্র বর্ণের সন্তান—আ বায়োলজিক্যাল চাইল্ড। কিন্তু তাঁদের সংসার করতে হচ্ছে পুতুলকে নিয়ে।
চাকাওয়ালা ট্রলিতে কয়েকটি ভারী ফ্লাস্ক নিয়ে টেবিলের পাশে এসে দাঁড়ান মাফলারে কান-মাথা মোড়া এক লোক। তাঁর গাত্রবর্ণ দেখে মানুষটিকে ভারতীয় উপমহাদেশ থেকে আগত অভিবাসী মনে হয়। তিনি বিক্রি করছেন গরম চা ও কফি। তাঁর ট্রলিতে আরও পাওয়া যায় তপ্ত হরলিকস ও ককো। আমি এক পেয়ালা হরলিকসের সঙ্গে মস্ত একখানা নোনামিঠা বিস্কুট কিনি। বিস্কুটটি আকৃতিতে কচুপাতার মতো, নাম নানখাতাই। তা হরলিকসে চুবিয়ে খেতে খেতে দেখি ছাদে জমে উঠছে রোজব্যাংকের কারুপণ্যের বাজার। খালি গায়ে তেল-চকচকে অত্যন্ত পেশিবহুল কৃষ্ণাঙ্গ পুরুষ এক কাঁধে করে বয়ে এনে এককোণে জড়ো করছেন কাঠের ঢেঁকি। তাঁর সঙ্গে এক যুবতী নারীও এসেছেন। তাঁর গাল ও কপালে রঙিন খড়িমাটি দিয়ে আঁকা চমৎকার কিছু নকশা। নারীটি ঢেঁকিগুলো সিজিল-মিছিল করে চিত্রিত মুখে আকাশের দিকে তাকিয়ে একটি ঢেঁকিতে পাড় দেন। কোমরের ওঠানামা ও পাড়ের ক্যাচক্যাচ শব্দের ভেতর আমি জার্নালে তাঁর মুখের সচিত্র আদল আঁকি। পরে বইপত্র ঘেঁটে তিনি কোন গোত্রের নারী, তা জেনে নেওয়া যাবে।
আমার টেবিলের কাছাকাছি আরেকটি শূন্য স্পেসের চাতাল পরিবর্তিত হয় কারুপণ্যের আকর্ষণীয় দোকানে। দেখতে দেখতে দুটি ছেলে ও মাঝবয়সী এক নারী বাক্স থেকে বের করে ওখানে সাজিয়ে রাখেন রকমারি সব কাঠের মুখোশ। একটি বা দুটি পাথরের মূর্তি, নকশা করা কাপড়ের টেক্সটাইল ও ট্যাপেস্ট্রি। আমি জার্নাল লেখা বন্ধ করে ওদিকে তাকিয়ে দেখি, মাঝবয়সী নারীটি প্লাস্টিকের টুলে বসে খুলেছেন প্রভাতী পত্রিকা। এ দোকানের পণ্য ভালো করে খুঁটিয়ে দেখার জন্য আমি উঠে আরেকটু কাছে চলে আসি। চিত্রিত এসব বস্ত্র কিনে ঝোলানো যেতে পারে দেয়ালে, কিংবা তা শালের মতো শরীরে জড়িয়ে করা যেতে পারে কৌতুক অভিনয় অথবা তা পাতলে বিছানায় সম্ভাবনাময় হয়ে উঠতে পারে শয্যা। আমাকে দেখে ছোট ছেলেটি মাস্কগুলোর নিচে কার্ডবোর্ডের লেবেল রেখে দেয়। ওখানে লেখা—ফর হিউম্যান ইউজ। অবশ্য এ রকমের মুখোশ পরলে বলদে যাবে চেহারা-সুরত, নিমেষে পাল্টে যাবে মানুষ। একটি মুখোশের নিচে লেখা—ভেলেন্টাইন’স ডে। ভালোবাসা দিবসে কোনো পুরুষ তার দয়িতার সান্নিধ্যে এটা পরে গেলে মেয়েটির নির্ঘাত বিভ্রান্ত হবে হুঁশ, সরোষে ছুড়তেও পারে সে পাদুকা কিংবা পাপোশ।
ওদিকে ঢেঁকিওয়ালা পুরুষ তাঁর বাইসেপ ফুলিয়ে ডামবেল বারবেলের মতো আস্ত একটি ঢেঁকি শূন্যে তুলে নামিয়ে মেতেছেন শারীরিক কসরতে। তিনি থেকে থেকে গরগরিয়ে আওয়াজ করছেন, তাঁর সশব্দ হরকতে চমকে তাকিয়ে দেখি, চকচকে ঘামে ভিজে উঠছে রঙিন খড়িতে তার সিনার ওপর আঁকা নকশা। কোনো এক দোকানে চাটি মেরে কেউ টেস্ট করছে ঢোলক, তাতে বোল উঠছে মৃদু তাধিন তাধিন। যুবতী নারীও পাড় দিয়ে চলছেন ঢেঁকিতে—বিরামহীন। মুখোশের দোকানে বড় ছেলেটি এখন কাঠের খাঁচা খুলে ছেড়ে দেয় পরপর ছয়টি বিড়াল। বিড়ালগুলো কাঁচমাচু হয়ে রোদে বসে হাই তোলে। এ ভোর বিহানে রোজব্যাংকে পর্যটকেরা এখনো এসে পৌঁছাননি। এ দৃশ্যে তাঁরা সার্টেনলি মাতোয়ারা হয়ে খোঁজ করত জুমওলা ক্যামেরা। মাঝবয়সী নারী নিউজপেপার গুটিয়ে বিড়াল ষষ্টকের সামনে রাখেন গোল একটি জামবাটি। তাতে নরম-সরম তেলতেলে যে বস্তু তা দেখতে অনেকটা যেন গব্য ঘৃত, আফ্রো মেকুররা এতই সভ্য—চাটাচাটি দূরে থাক, ক্যাওম্যাও পর্যন্ত শোনা যায় না।
এতক্ষণ তাঁকে ভালো করে খেয়াল করিনি। তাঁর ধূপদান থেকে বেরোচ্ছে বিস্তর ধোঁয়া। কুঁকড়ানো কিন্তলি চুলে তাঁকে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের বংশধর মনে হলেও তাঁর তামার মতো হালকা গাত্রবর্ণ ও চোখ-মুখের কাটা কাটা ডৌল তসবিরে তিনি যে ‘মুলাটো’ বা মিশ্র প্রজাতির মানুষ, তা নিয়ে আমার কোনো সন্দেহ থাকে না। ইনি যেহেতু ব্ল্যাক কিংবা হোয়াইট—কোনো ক্যাটাগরিতে পড়েন না, তাই দক্ষিণ আফ্রিকায় তাঁদের ‘কালারড’ বলে অভিহিত করা হয়। কালারড এই আদম সন্তানের মুখে গালের চামড়া কীভাবে যেন ঝলসে গেছে। তাতে পোড়া ভুট্টার মতো কালচে খয়েরি ফোঁটা ফোঁটা দাগ। তিনি—ব্লেস দ্য সান অ্যান্ড মুন, বলে দোকানগুলোর ভেতর দিয়ে এলোপাতাড়ি হাঁটছেন। আর ধূপদানি ঘুরিয়ে ধোঁয়া ছড়াচ্ছেন ছিমছাম করে রাখা কারুপণ্যের সর্বত্র। তাঁর এ কাজে কেউ কোনো বাধা দেয় না, তবে তিনি কাছাকাছি হতেই নিউজপেপার পাঠরত দোকানি নারীটি দূর দূর করে ওঠেন। যেন মরা ইঁদুর দেখতে পেয়েছে—এভাবে মুখের ভঙ্গি করে পাশের দোকানের মিনি স্কার্ট পরা নারীও সটকে সরে যান। আন্দাজ করি, মানুষটি মিশ্র বর্ণের মুলাটো বা কালারড হওয়ার জন্য হয়তো তিনি সমাজবহির্ভূত আউট কাস্ট, তাঁর সঙ্গে অচ্ছুতসুলভ আচরণ করাই এখানকার অলিখিত বিধান। ধূপওয়ালা রোদ পোহানো বিড়ালগুলোর চারপাশে চক্রাকারে ধোঁয়া ছড়াতে ছড়াতে ব্লেস ইউ সান অ্যান্ড মুন...সান অ্যান্ড মুন...সান অ্যান্ড মুন, বলে আপন মনে গুনগুন করেন।
কারুপণ্যের বাজারে ক্রমেই গণ্যমান্য খদ্দেররা আসছেন। বন্য আচরণ করছেন চাতালে কুলকুচা করে এক অখ্যাত মাতাল। উদলা গতরে সিনায় তাল ঠুকে থেকে থেকে তিনি রুখে দাঁড়িয়ে খিস্তি করছেন। সান অ্যান্ড মুন শব্দবন্ধ—ঢেঁকি ওঠানামা করনেওয়ালা কৃষ্ণাঙ্গ পুরুষের হলকুম থেকে বেরিয়ে আসা গরগরানো আওয়াজের সঙ্গে মিশে যেতে থাকলে আমি জার্নাল গুটিয়ে উঠে পড়ি। প্রদর্শিত পণ্যের ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয়, চন্দ্র-সূর্য তো তাদের ওপর অর্পিত কর্তব্য বেশ ভালোভাবে পালন করে চলছে, ধুনি জ্বেলে এদের আশীর্বাদ করার দায়িত্ব মিশ্র বর্ণের এ আদম সন্তানের ওপর বর্তাল কীভাবে?

অভিনেতা ওমর শরীফের মতো সুদর্শন একজন মানুষ ডাস্টবিন থেকে তুলে আধখানা পাউরুটি নিয়ে বসেছেন বেঞ্চের পায়ায় হেলান দিয়ে। তাঁর জুতার সুখতলা এত লুজ হয়েছে যে তা মাছের কানকার মতো নড়েচড়ে। তিনি ময়লা জ্যাকেটের পকেট থেকে পাকা চুল বাছার ছোট্ট চিমটা বের করে রুটি থেকে খুঁটে খুঁটে বাছেন পিঁপড়া। বাছতে বাছতে তিনি বিচিত্র ভাষায় সুর ভাজেন গানের। তাঁর সুরের প্রচ্ছন্ন বিক্ষোভ হাতুড়ির মতো আমার পাঁজরে ঘা মারে। আমি এক পেয়ালা গরম ককো কিনে তাঁকে অফার করি। তিনি কাগজের পেয়ালায় বাসি পাউরুটি ভেজাতে ভেজাতে তাকান আমার দিকে। অনেকগুলো কাটাছেঁড়া ও পোড়া দাগের জন্য তাঁর মুখমণ্ডলকে রেখাচিত্রের ড্রাফটের মতো দেখায়। তিনি সোনালি আভার দাড়ি-গোঁফ-চুলকে জানতে চান, ‘হোয়াট ডু ইউ ওয়ান্ট?’ বলি, গানটি আরেকবার করলে আমি কথাগুলো টুকে নিতে পারি। তিনি গাইতে গাইতে পকেট থেকে ছোট্ট নোটবুক বের করে আমাকে দেখান। তাতে লেখা লিরিকটি টুকে নিতে নিতে কথা হয় টুকটাক। কুর্দিস্তানের কবি ইউনিস রেউফ দিলদার ১৯৩৮ সালে তুরস্কের জেলখানায় বসে রচনা করেন এ সংগীত, টর্চার করনেওয়ালা কারাক্ষীদের দিকে তাকিয়ে তিনি গেয়েছিলেন, ‘ইয়ে রাকিব হের মাওয়ে কেওয়ামি কুর্দে জামিন/ নোয়ে শিকেন ডানোরি টপি জামিন’। হালফিল রাষ্ট্রহীন কুর্দি জনতার জাতীয় সংগীত হিসেবে বিবেচিত এ গানের যে তরজমা পাওয়া যায় তা হচ্ছে, ‘হে দুশমন, বেঁচে আছে কিন্তু কুর্দি জনতা, সশস্ত্র নিপীড়নেও ধ্বংস হয়নি তাদের চেতনা।’ মধ্যপ্রাচ্য থেকে কেন জোহানেসবার্গে এসেছেন, তা জানতে চাইলে মানুষটি কোনো কথা না বলে গুনগুনিয়ে ইংরেজিতে আরেকটি গান ধরেন। যার মর্মার্থও আমি টুকে নিই জার্নালে, ‘দেখতে দেখতে জীবনের পাপড়ি শুকিয়ে গেল, হয়ার ইজ কুর্দিস্তান? মানচিত্রে খুঁজে পাই না যে তোমাকে।’
তাঁর সঙ্গে আলাপ আমার আর এগোয় না। তাই বেঞ্চে বসে একটু টোব্যাকো হাতে ডলে পেপারে রোল করি। ঝ্যালঝলে স্যুট পরা এক বৃদ্ধ ইংরেজ এসে হাত পাতেন। তাঁর কোটের বাটনহৌলে গোঁজা বাসি গন্ধরাজ। জানতে চাই, সাহেব তুমি কে? জবাবে তিনি পাইপ বের করতে করতে বলেন, ‘জেন্টেলম্যান, আই অ্যাম আ বেগার। লুকিং ফর আ লিটল টোব্যাকো।’ আমি পাউচ থেকে তাঁকে সামান্য তামাক দিলে তিনি পাইপে খুব কুলীন ভঙ্গিতে ধূমপান করেন। আমি তাঁকে দু-একটি সওয়াল করতে যাই, কিন্তু তিনি মুখখানা গোদরেজের তালার মতো বন্ধ রেখে এক হাতে টাইয়ের নট অ্যাডজাস্ট করেন।
রোজব্যাংকের চকমিলান অট্টালিকা থেকে বেরিয়ে হালকা চালে হেঁটে চলে আসি সড়কের বাঁকে। একটি গাছের ছায়ায় উদলা গতরে গায়ে তেল মেখে দাঁড়িয়ে আছে জুলু সম্প্রদায়ের জনা কয়েক ড্যান্সার। তারা ফুটপাতের চাতালে পা ঠুকে মন্ত্রের মতো জপছে ‘উই আর নো স্লেইভ, নো বডিজ সারভেন্ট’। ঠিক বুঝতে পারি না কেন তারা নৃত্য করতে করতে কেবলই আওয়াজ দিচ্ছে ‘ভৃত্য নই’ বলে। জুলু সন্তানদের ক্রমাগত উলুধ্বনিতে কিছু পথচারী পর্যটক চমকে তাদের দিকে ফিরে ফিরে তাকায়।