লকডাউনে আছে মে দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
>আজ মহান মে দিবস। করোনাকালে এ আয়োজনে চোখ ফেরানো হয়েছে শ্রমজীবী মানুষের পৃথিবীতে 

তারা হাঁটছে ছোট ছোট দলে।

তবে সব দলকে একসঙ্গে মেলালে হয়ে যাবে প্রায় অর্ধ লক্ষ মানুষ। লম্বা হাঁটায় বেশি বোঝা সঙ্গে নেওয়া যায় না। তেমন কিছু আসলে তাদের নেই-ও। আছে একটা করে উজ্জ্বলতা হারানো ট্রাভেল ব্যাগ বড়জোর। তাদের চেহারার মতোই মলিন। হাঁটার পাশাপাশি কখনো ভ্যান-রিকশা, কখনো ভটভটি, কখনো-বা মাছের ড্রাম নিয়ে যাওয়া ট্রাক, এতে চেপেচুপে যেভাবেই হোক ঢাকাতে পৌঁছাতেই হবে। পৌঁছাতে হবে দরজিনগরের ফটকে। ডাক এসেছে মালিকের কাছ থেকে। বড়লোকের দেশের মানুষকে করোনা থেকে বাঁচানোর জন্য মাস্ক আর পিপিইর অর্ডার পেয়েছে তারা। এই পথযাত্রীদের জন্য লকডাউন নেই। সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও কেউ ভাবছে না। রাস্তার পাশের জানালা খুলে আয়ত চোখের কোনো তরুণী ভয়ার্ত চোখ আরও বড় করে বাতাসে ছুড়ে দিচ্ছে প্রশ্ন, এদের কি করোনার ভয় নেই?

এই সব দেশে সবার করোনার ভয় থাকতে নেই। জীবনের মায়া থাকতে নেই। এদের কাছে কতশত পথ দিয়ে মরণ হেঁটে হেঁটে আসে! করোনায় না মরলে অনাহারে মরা। কোনটা বেশি কষ্টের? করোনাকে ওরা চেনে না। তবে পেটের খিদের কষ্ট জানে। তাই তারা পথ হাঁটছে।

মালিকেরা বলেছে, তাদের সুরক্ষার সব ব্যবস্থা থাকবে। ফ্যাক্টরিতে ঢোকার মুখে থাকবে হাত ধোয়ার ব্যবস্থা, নাক-মুখ ঢাকা থাকবে মাস্ক দিয়ে, তাদের যাতে গায়ে গা লাগিয়ে দাঁড়াতে না হয়, সে জন্য থাকবে দূরত্ব।

কিন্তু তারা যখন কাজ শেষে ফিরবে তাদের বস্তির মতো ঘরগুলোতে! আট ফুট বাই বারো ফুট ঘরে দশজন শুতে হয় যেখানে! তিরিশ-চল্লিশ জনের জন্য যেখানে একটা বাথরুম! রান্নার চুলাও তিরিশ জনের জন্য দুই বা তিনটি। কোথায় থাকবে সামাজিক দূরত্ব? রোজ ফ্যাক্টরি থেকে বেরিয়ে কাঁচাবাজারে ঢুকতে হবে তাদের। সেখানে কোথায় সামাজিক দূরত্ব? একজনের সংক্রমণ হলেই পুরো এলাকা সয়লাব হয়ে যাবে।

এই সব ভাবনার দায়িত্ব মধ্যবিত্তের। যাদের কিছু করার সামর্থ্য নেই প্রশ্ন তোলা ছাড়া।

কোথায় কোন চীনের কোন শহরে বাদুড় থেকে একটা জীবাণু বের হলো। আর সেই জীবাণুর ভয়ে আজ আমরাও কাঁপছি। হেঁটে চলা মানুষগুলো এইটুকু জানে। তবে জানে না যে জীবাণুগুলো বাতাসে ভেসে আসেনি। এসেছে দিব্যি উড়োজাহাজে চড়ে। দেশ-বিদেশ করে বেড়ায় যেসব মানুষরা, তাদের শরীর বেয়ে এসেছে। সেই মানুষগুলোকে প্লেন থেকে নামার পরে আলাদা করে রাখলে, কোয়ারেন্টিনে রাখলে আজ দেশের কোটি কোটি মানুষের এই অবস্থা হতো না। তিন মাস আগে খবর পেয়েও তাদের আটকানো হয়নি। সেই তিন মাসে দুধভাত খেলা দেখিয়েছে দেশের পরিচালকেরা।

পথহাঁটা মানুষদের মধ্যে অশক্ত কেউ কেউ পিছিয়ে পড়ে। অন্যেরা অপেক্ষা করে তাদের কাছে আসা পর্যন্ত। কেউ কেউ ধপ করে বসে পড়ে রাস্তার ওপরেই। সঙ্গীরা হাত ধরে, পিছিয়ে থাকলে চলবে না। ঠিকসময়ে হাজিরা দিতে না পারলে চাকরি থাকবে না। বকেয়া বেতনটাও পাওয়া যাবে না।

কিন্তু কারও কারও তো ওঠার শক্তিটুকুও নেই। ভাই তখন বোনকে তুলে নেয় কাঁধে। টলমল পায়ে হাঁটে।

মে দিবস তাকিয়ে থাকে বোবাচোখে।