লক্ষ্য একটাই: সবার জন্য শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে বিশ্বকাপ। পৃথিবী দাপিয়ে, কোটি কোটি ফুটবল অনুরাগীর হূদয়ের একুল-ওকুল ছাপিয়ে ছুটে চলেছে তার জয়রথ। সুদূর দক্ষিণ আফ্রিকার ফুটবল মাঠ থেকে একসময় শেষ হবে এবারের মতো এই ছুটে চলা। জয়মাল্য বরণ করে নেবে কোনো একটি দেশ, আনন্দের জোয়ারে ভাসবে তাদের ভক্ত, অনুরাগীরা। অপূর্ণতার বেদনা নিয়ে ফিরে যাবে অন্য প্রতিযোগীরা, কিন্তু জেগে থাকবে আশার প্রদীপ—আগামীর স্বপ্নে, নতুন করে বিজয়ের প্রত্যাশায়।পুরো বিশ্বকাপের এই মহাযজ্ঞে যারা প্রতিযোগী, তাদের লক্ষ্য একটাই—গোল করে জয়মাল্য নিয়ে বাড়ি ফেরা। ইতিহাসে এই প্রথমবারের মতো তথাকথিত ‘অন্ধকার আফ্রিকা’ মহাদেশে এই মহামিলনের আয়োজন। শুধু ফুটবল অনুরাগীদের প্রেম-ভালোবাসায় সিক্ত হয়ে নয়, এই মিলনমেলা এসেছে অনন্য এক অঙ্গীকার নিয়ে, এসেছে একটি অসাধারণ প্রত্যাশার বাণী বহন করে—‘লক্ষ্য একটাই: সবার জন্য শিক্ষা’।বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্দা ওঠার আগের দিন ১০ জুন জোহানেসবার্গের বিশাল সকার স্টেডিয়াম থেকে লক্ষাধিক মানুষের মিলনমেলায় ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কিক অব সেলিব্রেশন কনসার্ট’-এর শুভ সূচনার মুহূর্তে এল সেই অবিস্মরণীয় ঘোষণা। ফিফার সভাপতি সেপ ব্লাটার এবারের বিশ্বকাপের মূল উদ্দেশ্য ব্যক্ত করলেন। বললেন, ‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি খেলার চেয়ে বেশি (ইট ইজ মোর দ্যান অ্যা গেইম)। এবারের লক্ষ্য একটিই—ওয়ান গোল: এডুকেশন ফর অল।’ তারপর ছোট্ট একটি ভিডিও ফুটেজ দেখানো হলো। সেখানে বিশ্বের অনেক বরেণ্য ফুটবলার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নীতিনির্ধারকের কথা ভেসে এল। আঙুল তুলে একে একে তাঁরা ব্যক্ত করলেন সেই মহান উদ্দেশ্য—লক্ষ্য একটাই, সবার জন্য শিক্ষা। অঙ্গীকারে, প্রত্যয়ে দীপ্ত তাঁদের জোরালো কণ্ঠ, ‘আমি আছি এই শপথের সঙ্গে, আপনি আছেন তো?’ জোহানেসবার্গের সকার স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকের উচ্চকণ্ঠের সঙ্গে যুক্ত হলো বিশ্বের আরও কোটি কোটি ফুটবল অনুরাগীর উচ্ছ্বাস। দেখা গেল, জননন্দিত গায়িকা শাকিরার পেছনে সারি সারি স্কুল-বয়সী শিশু-কিশোর ‘ওয়ান গোল: এডুকেশন ফর অল’ লেখা টি-শার্ট পরে সমস্বরে বলছে ‘লক্ষ্য একটাই: সবার জন্য শিক্ষা’। শাকিরার গানের সঙ্গে নেচে-গেয়ে সুর তুলছে ‘ওয়াকা-ওয়াকা আফ্রিকা’, এখন আফ্রিকার সময়। প্রাথমিক শিক্ষায় গমনোপযোগী বয়সের পৃথিবীর ৭২ মিলিয়ন শিক্ষাবঞ্চিত শিশুর বঞ্চনার কথা একাকার হয়ে গেল শাকিরার গানে, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অভিব্যক্তিতে আর ফুটবল তারকাদের অঙ্গীকারে।সেই মুহূর্তে বাংলাদেশ কি ছিল তাদের সঙ্গে? হয়তো ছিল, হয়তো ছিল না। সেই অঙ্গীকারে, সেই প্রত্যয়ে কি প্রদীপ্ত হয়েছিল আমাদের হূদয়? কে বলে হয়নি? ‘সবার জন্য শিক্ষা’র দাবিতে সর্বদা সোচ্চার অসংখ্য মানুষ, শতশত সামাজিক সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব, সংস্কৃতিসেবী, রাজনীতিবিদ, সমাজকর্মী-গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে বিশ্বকাপ ও ওয়ান গোল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একাত্ম হলেন, ঘোষণা করলেন, ‘লক্ষ্য একটাই: সবার জন্য শিক্ষা’। বাংলাদেশের সব জেলা শহরের মাঠে-ময়দানে, টাউন হলে, অডিটরিয়ামে সর্বস্তরের অসংখ্য মানুষ বড় পর্দায় বিশ্বকাপের প্রথম খেলার প্রথম গোলটি প্রত্যক্ষ করল—ফিফার ঘোষণা অনুযায়ী ১৯তম বিশ্বকাপ আসরের এই গোলই তো ‘সবার জন্য শিক্ষা’র লক্ষ্য অর্জনে নিবেদিত হলো। আশান্বিত হলাম আমরা, জনমানুষের মিলনমেলায়, বিশ্বকাপের আসরে শুধু ফুটবলের গোলই নয়, শিক্ষার লক্ষ্যও যখন সমানতালে গুরুত্ব পেল। পৃথিবীর বহু দেশের জননন্দিত সব তারকার সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের রুনা লায়লা, কাজী সালাউদ্দিন, হাবিবুল বাশার, আলমগীর, মুহম্মদ জাফর ইকবালসহ আরও অনেকের প্রত্যয়দীপ্ত অঙ্গীকার ‘আমরা আছি এই লক্ষ্যের সাথে, আপনারা আছেন তো?’ যুক্ত হলো গণমাধ্যমের আগ্রহ, এগিয়ে এল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড, গ্রামীণফোনসহ অনেকে। কিন্তু পথচলা যে এখনো অনেক বাকি। সরকারেরই জরিপ অনুযায়ী এই মুহূর্তে ১২ লক্ষাধিক শিশু স্কুলের বাইরে। যারা আসতে পেরেছে, তাদেরও অর্ধেক যাচ্ছে ঝরে। কখনো দারিদ্র্যের ছোবলে, কখনো বিদ্যালয় নামক প্রতিষ্ঠানের ভীতিতে, কখনো ধারে-কাছে বিদ্যালয় না থাকার কারণে, কখনো বা শিশু-কিশোরের নিরাপত্তাহীনতায় দুশ্চিন্তাগ্রস্ত মা-বাবার অনীহা তাদের বিদ্যালয়গামী করতে পারেনি অথবা একসময় ঝরে যেতে বাধ্য করেছে। এখনো প্রত্যন্ত অঞ্চলে, চর-হাওর-বাঁওড় এলাকায়, চা-বাগানে, দুর্গম পাহাড়ি জনপদে, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে অথবা নগরের সুরম্য অট্টালিকার পাশেই বস্তিগুলোতে বহু শিশু-কিশোরের পড়ালেখার সুযোগ নেই, নেই ফুটবল খেলার মাঠ, বিশ্বকাপের খেলা দেখার বা অন্য কোনো সুস্থ বিনোদনের সুযোগ। হয়তো এদের মতো সুবিধাবঞ্চিত পৃথিবীর আরও ৭০ মিলিয়ন শিশুর কথা ভেবেই ফিফা ও তার সহযোগী সংগঠন গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের (জিইসি) সহযোদ্ধারা বিশ্বকাপের আসরটাকে বেছে নিয়েছেন। সর্বস্তরের মানুষের, নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের এ-যে এক বড় সুযোগ। যে রিকশাওয়ালা ভাই বনানী মাঠে (কোনো এক কোম্পানির সৌজন্যে) বড় পর্দায় খেলা দেখছেন, তিনি যদি অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেন তাঁর শিশুদের স্কুলে পাঠাতে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ শিক্ষার্থী টিএসসির মাঠে বসে বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন অথবা যে নীতিনির্ধারক কাজের ফাঁকে ফাঁকে খেলা দেখছেন অথবা শহরে-বন্দরে যে মা শিশুসন্তানকে ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে খেলা উপভোগ করছেন, তাঁকেও যে ভাবতে হবে—তাঁর সন্তানের সঙ্গে সঙ্গে সব শিশু যেন শিক্ষা পায়, আলোকিত মানুষ হয়ে ওঠে। এই দেশটা, এই পৃথিবীটা কারও একার নয়, কোনো বিশেষ গোষ্ঠীর নয়, আমাদের সবার—শ্রমজীবী, খেটে খাওয়া, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, বিত্তহীন, নারী-পুরুষনির্বিশেষে সবার। বিশ্বকাপ শুধু ফুটবলারদের বা ফুটবল অনুরাগীদেরই নয়, ১৯তম বিশ্বকাপের পর্দা উঠেছে শুধু গোল দেওয়ার জন্য নয়, জনমানুষের প্রিয় খেলা দেখার জন্য নয়, আফ্রিকার খেলার মাঠে আর্জেন্টিনা বা ব্রাজিলের ছন্দময় বিচরণ উপভোগের জন্য নয়, এবারের বিশ্বকাপ যে আমাদের স্মরণ করিয়ে দিয়েছে—‘লক্ষ্য একটাই: সবার জন্য শিক্ষা’ অর্জনে আরও অনেক পথ অনেক দ্রুত চলতে হবে। ১৯৯০ সালে যখন ইটালিতে বিশ্বকাপের পর্দা উঠেছিল, তখন বিশ্বসমাজ থাইল্যান্ডের জমতিয়েনে বসে লক্ষ্য স্থির করেছিল, ২০০০ সালের মধ্যে ‘সবার জন্য শিক্ষা’ অর্জন করবে। ২০০০ সাল চলে গেছে কিন্তু অর্জিত হয়নি লক্ষ্য। বিশ্ব নেতারা আবার সেনেগালের রাজধানী ডাকারে বসে ঘোষণা দিলেন—সরিয়ে দিলেন গোলপোস্ট—এবার লক্ষ্য স্থির হলো ২০১৫ সালের মধ্যে অর্জন করতে হবে ‘সবার জন্য শিক্ষা’। ফুটবলের গোলপোস্ট কখনো সরানো হয় না। কিন্তু শিক্ষার গোলপোস্ট আমরা ক্রমাগত সরিয়ে যাচ্ছি, প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্ব নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা, সুশীল সমাজের দায়বদ্ধতা। প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকারের যথার্থতা নিয়েও।১৯তম বিশ্বকাপ এসেছে এক অনন্য অঙ্গীকার নিয়ে। এর যথার্থতা নিয়ে প্রশ্ন নেই; প্রশ্ন হচ্ছে, লক্ষ্য অর্জনে আর কত সময় লাগবে, আর কত শিশু-কিশোর শিক্ষার আলো ছাড়া বেড়ে উঠবে, আর কত দিন এভাবে চলবে? ইউনেসকো ইতিমধ্যেই সতর্ক সংকেত দিয়ে বলেছে, ‘যেভাবে চলছে, তাতে ২০১৫ সালে বিশ্বব্যাপী শিক্ষাবঞ্চিত শিশুর সংখ্যা প্রায় তিন কোটিতে দাঁড়াবে।’ তাহলে আমাদের অঙ্গীকারের কী হবে?সেদিন রিকশায় যাচ্ছিলাম, রিকশাচালক ভাই চলতে চলতে বিশ্বকাপের জন্য মানুষের আগ্রহ নিয়ে তাঁর ঔৎসুক্যের কথা বলছিলেন। সবিনয়ে আমার কাছে জানতে চাইলেন, ‘আপা, শুনতে পাই অনেকগুলো গোল দিয়া ফালাইছে, তাইলে হামেশা এক গোলের কথা রেডিওতে বলতাছে ক্যান?’ হাসলাম, ভালো লাগল এই ভেবে যে তিনি হয়তো লেখাপড়া জানেন না কিন্তু বিষয়টি তাঁকেও নাড়া দিয়েছে। কিন্তু পরমুহূর্তেই মনে হলো, এই সব মানুষের কাছে ‘সবার জন্য শিক্ষা’র লক্ষ্যটা কবে, কখন নিয়ে যাওয়া সম্ভব হবে? সে দিনটি আর কত দূর?