লজ্জাবতী বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিত্রকরণ : গৌতম চক্রবর্তী
সচিত্রকরণ : গৌতম চক্রবর্তী

যেন একটা মঞ্চ। আলো ক্রমে কমে আসে চারদিকে। ঘিরে ঘিরে আসে মেঘ। যেন এরপর নাটকের সবচেয়ে ক্লাইমেক্স দৃশ্যটা অভিনীত হবে। হঠাৎ বজ্রপাত শুরু হয়। অদ্ভুত বজ্রপাত একের পর এক। বেশ কিছু সময়ের ব্যবধানে একটার পর একটা। থামে না। কোথাও কোনো গ্যালাক্সিতে মহাযুদ্ধ বেধেছে বুঝিবা। আধো অন্ধকার হয়ে আসা ফুটপাত ধরে হাঁটে পলাশ। সে নিরালম্ব বোধ করছে। এ সময় তার মোবাইল বেজে ওঠে। রুমার ফোন।

তুমি কই? রুমা জিজ্ঞাসা করে।
ফুটপাতে হাঁটতেছি, বলে পলাশ।
তারপর রুমা কিছু একটা বলে। কিন্তু তখনই বিকট শব্দে আরেকটা বজ্রপাত হওয়ায় কিছু শুনতে পায় না পলাশ।
কী বললা?
শুনো, তুমি একটা কোনো শেডের নিচে যেয়ে দাঁড়াও।
কেন কী হইছে?
দেখতেছ না কী রকম বজ্রপাত হচ্ছে? ফুটপাতে না হেঁটে একটা কোনো শেডের নিচে যেয়ে দাঁড়াও।
রুমার কণ্ঠস্বর শুনে পলাশের মনে হলো উজ্জ্বল হলুদ পা নিয়ে একটা শালিক পাখি আলতো করে তার ভারী হয়ে ওঠা বুকের ওপর বসল। কিছুক্ষণ নীরব থেকে পলাশ বলে, আচ্ছা, আচ্ছা দেখি। তুমি ফোন রাখো।
এ সময় ঝুম ধরে বৃষ্টি নামে। অঝোরধারায় বৃষ্টি। পলাশ দৌড়ে টিনের ঝাঁপি দেওয়া একটা পান-সিগারেটের দোকানে গিয়ে দাঁড়ায়। তুমুল বৃষ্টি নামে। রাস্তার গাড়ির গতি কমে আসে। লোকজন নানা দিকে ছোটাছুটি করে বিভিন্ন আশ্রয়ে গিয়ে দাঁড়ায়। তারপর সবাই কেমন যেন ধ্যানস্থ হয়ে পড়ে। ক্রমেই সবাই যেন কেমন অন্য গ্রহের বাসিন্দা হয়ে যায়। মঞ্চের সব অভিনেতা-অভিনেত্রী অঝোর বৃষ্টি দেখতে দেখতে কী যেন ভাবে। পলাশও ভাবতে থাকে। ভাবে রুমার শেষ কথা, শেডের নিচে যেয়ে দাঁড়াও। কী বোঝাতে চায় রুমা?
ফ্রাঙ্ক সিনাত্রার গানটা মনে পড়ে তার—ফ্লাই মি টু দ্য মুন: আমাকে চাঁদে নিয়ে যাও। আমি তারার সঙ্গে খেলি। দেখি মঙ্গল গ্রহে কী করে বসন্ত আসে...ইন আদার ওয়ার্ডস আই লাভ ইউ। রুমার কণ্ঠ বুকে বাজে তার শেডের নিচে দাঁড়াও...ইন আদার ওয়ার্ডস আই লাভ ইউ।
পলাশের মনে হয়, ভাগ্যিস পৃথিবীতে রুমার মতো মেয়েরা জন্মেছিল।
বৃষ্টি থামে না।
বৃষ্টিতে ভিজতে ভিজতে এক ছেলে পান দোকানদারকে এসে বলে, ওস্তাদ, এই এক শ টাকার নোটটা বদলাইয়া দেন, ছিঁড়া, কেউ নেয় না।
পান দোকানদার রেগে তার দিকে তাকিয়ে বলে, এই ছিঁড়া টাকা যদি চালাইতে না পারস, তোর ঢাকা শহরের ভিসা বাতিল।
আবার একটা বজ্রপাত হয়। বৃষ্টি থামে না।
মঞ্চের অভিনেতা-অভিনেত্রীরা ধ্যানমগ্ন। একটা কুকুর পান দোকানের টিনের ঝাঁপির নিচে এসে জোরে শরীর থেকে পানি ঝাড়ে। সে পানি পলাশের গায়ে এসে লাগে। দোকানদার চেঁচিয়ে ওঠে, এই শালা কুত্তারে তাড়া।
একটা খুব দমকা হওয়া বয়। হাওয়ায় কে যেন বলে যায়, প্রতারণার দক্ষতাই এই শহরে টিকে থাকার মন্ত্র।
রাস্তায় রিকশার সারি। সব রিকশার সামনে পর্দা। পর্দার আড়ালে আলো-অন্ধকারে দেখা যায় যাত্রীদের মুখ। গত বৃহস্পতিবারও ঠিক এমন তুমুল বৃষ্টি হচ্ছিল। সেদিনই রিকশার পর্দায় লাল কবুতরের ছবির কথাটা পলাশ বলেছিল কায়সার ভাইকে।
কায়সার হক কোম্পানির কমিউনিকেশন ডিভিশনের দায়িত্বে। তাঁর অধীনেই কাজ করে পলাশ। অফিসে কিছুকাল ধরে খানিকটা কোণঠাসা হয়ে আছেন কায়সার হক। মার্কেটিং ডিভিশনের হেড হিসেবে সম্প্রতি জয়েন করেছেন আকরাম আলী। তিনি কায়সারকে বিশেষ পছন্দ করেন না। কোম্পানির জেনারেল ম্যানেজার শহীদুল ইসলামকে আকরাম আলী প্রায়ই বলেন, কমিউনিকেশন ডিভিশনে নিউ ব্র্যান্ড দরকার, কায়সার হকের কোনো ইনোভেটিভ আইডিয়া নেই।
পলাশ কায়সারের অনেক জুনিয়র কলিগ, তবু কায়সার প্রায়ই তার সাথে বসে আড্ডা দেয়। অফিস ছুটির পর কায়সার প্রায়ই পলাশকে বলে, চলো একটু চা খাই। অফিসের ক্যানটিনের বদলে তারা গিয়ে বসে রাস্তার ওপারে একটা ছোট চায়ের দোকানে।
গত বৃহস্পতিবার ছুটির পর ওই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল কায়সার আর পলাশ।
পলাশ বলে, কায়সার ভাই, বৃহস্পতিবার নিয়ে বিনয় মজুমদারের একটা কবিতা পড়লাম, আপনাকে শোনাই।
বৃহস্পতিবার নিয়ে কবিতা? সেইটা কী রকম?
শোনাই আপনাকে।
পলাশ আবৃত্তি করে:
আজ বৃহস্পতিবার: পৃথিবীতে হয়তো বৃহস্পতিবার নয়
মাঠে মাঠে ছাগল ঘাস খাচ্ছে, তাদের পিঠে লাগছে
মহাজগতের রোদ। আমারও ঘুমানোর সময়
হয়ে এল। কিন্তু একদা ভুট্টা চন্দ্রসিক্ত হয়েছিল
এই স্মৃতি মনে করে আমি ঘুমাতে পারি না,
বসে বসে ম্যাচ বাক্সের কাঠি গুনি।
কায়সার বলে, কবিতার মাথামুণ্ডু তো কিছু বুঝলাম না।
বেশি বোঝার দরকার নাই কায়সার ভাই। এই ধরেন একটা লোক দুপুরে ঘুমানোর চেষ্টা করছে। বাইরে মাঠে কতগুলো ছাগল ঘাস খাচ্ছে, সেই ছাগলের গায়ে এসে রোদ পড়েছে। রোদটা তো ধরেন আসছে বহু দূর থেকে। সূর্য থেকে। সূর্য তো মহাজগতের একটা ব্যাপার। ধরেন সেই লোকটা কোনো একটা গ্রামের বাড়িতে বসে রোদের মতো একটা মামুলি ব্যাপার দেখছে। কিন্তু ব্যাপারটা তো মামুলি না। একটা মহাজাগতিক ব্যাপার। তো সেই ছোট্ট গ্রামে বসে তার মহাজাগতিক একটা ব্যাপারের অভিজ্ঞতা হচ্ছে। রোদের মতো একটা মহাজাগতিক ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে চাঁদের আলোর মতো আরেকটা মহাজাগতিক ব্যাপারের কথা মনে আসে তার। এই লোক কোনো এক রাতে ভুট্টাখেতে ভুট্টার গায়ে চাঁদের আলো এসে পড়তে দেখেছে। সেটা নিশ্চয়ই বেশ একটা অপূর্ব দৃশ্য। সেই অপূর্ব দৃশ্যের স্মৃতি মনে করে তখন তার ঘুম আসছে না। কী করবে সে ঠিক বুঝতে পারছে না। একটু আগে সিগারেট খেয়ে ম্যাচ বাক্সটা তার টেবিলের ওপর রেখেছিল। সেটা থেকে ম্যাচের কাঠিগুলো বের করে সে গুনতে শুরু করে। একটা কাজ পায় যেন সে। কোনো এক বৃহস্পতিবার ঘটনাটা ঘটে। ছাগল, ভুট্টা, ম্যাচ বাক্সের একটা অদ্ভুত জাকষ্টাপজিশন আছে এখানে। কবিতাটা বোঝার দরকার নাই কায়সার ভাই। একজন নিঃসঙ্গ লোক বসে বসে ম্যাচের কাঠি গুনছে, শুধু এই দৃশ্যটা ভাবেন, তাহলেই হবে।
তুমি তো আমার মাথা আউলাইয়া দিতেছ পলাশ। তোমার মাথার ভেতরে তো আইডিয়া গিজগিজ করে কিন্তু সেগুলো তুমি ঠিকমতো চ্যানেলাইজ করো না। ডিসট্রাকটেড থাকো। ফোকাসড হইতে হবে তো।
ফোকাসড তো হতে চাই কায়সার ভাই, কিন্তু মন খালি এদিক-ওদিক ছোটে।
এদিক-ওদিক ছুটলে তো হবে না। অ্যালার্ট থাকতে হবে। দেখতেছ না মার্কেটিংয়ের ওই আকরাম আলী আইসা কী শুরু করছে? অফিসের পরিবেশটারে টক্সিক কইরা তুলতেছে। আমারে থ্রেট করে।
তাকে তো খরগোশের মতো অ্যালার্ট লাগে। কান সব সময় খাড়া। কখন কোন দিকে ছুটতে হবে জানে।
সে আমারে কনুই মারার তালে আছে। বসকে নানাভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে।
কায়সার ভাই, আমি তো এখনো প্রভিশনাল পিরিয়ডে। আমার চাকরির কনফারমেশনের ব্যাপারটা একটু খেয়াল রেখেন।
আরে মিয়া আমারই এখন সারভাইভালের প্রশ্ন। বসরে ইমপ্রেস করতে না পারলে আমারই চাকরি থাকে না। তোমার কথা মাথায় আছে আমার।
তারা বেরোতে যাবে, সে সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। আরেক কাপ চা নেয় পলাশ আর কায়সার। বাইরে ঝুমবৃষ্টি হতে থাকে। রাস্তায় রিকশার ভিড়। রিকশার সব যাত্রী বরাবরের মতো একটা প্লাস্টিকের পর্দা দিয়ে বৃষ্টি ঠেকিয়ে রেখেছে। কোনো কোনো রিকশায় দড়ি দিয়ে পর্দাটা টানিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো রিকশায় যাত্রী নিজেই পর্দাটা দুহাত দিয়ে ধরে রেখেছে। বরাবরের মতো বাইরে থেকে আধো অন্ধকারে শুধু দেখা যাচ্ছে যাত্রীদের মাথা অথবা চোখ। বৃষ্টি অঝোরধারায় পর্দার ওপর পড়ছে, তারপর সরু ধারা হয়ে নামছে। পলাশ আর কায়সার হক চায়ের কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি দেখে।
পলাশ হঠাৎ বলে, কায়সার ভাই, একটা ব্যাপার ভাবতেছি।
কী ব্যাপার?
আচ্ছা, আমরা রিকশার এই পর্দাগুলিকে কমিউনিকেশন ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করি না কেন?
কী রকম?
এই যে দেখেন সারি সারি প্রত্যেকটা রিকশার সামনে একটা পর্দা। পর্দাগুলি এম্পটি। ধরেন রিকশার এই পর্দাগুলি কিন্তু হতে পারে এক–একটা বিলবোর্ড। আমাদের কোম্পানির লোগো দিয়ে আমরা স্পেশাল রিকশার পর্দা বানাব। তারপর ঢাকা শহরের সব রিকশাওয়ালাকে সেগুলো সাপ্লাই করব।
ব্যাপারটা আরেকটু এলাবোরেট করো তো।
মানে ধরেন আমরা সব রিকশাওয়ালাকে আমাদের কোম্পানির লোগো এই লাল কবুতর ইমপ্রিন্ট করা প্লাস্টিকের পর্দাগুলো ফ্রি ডিসট্রিবিউট করলাম। ধরেন সাদা পর্দায় লাল কবুতরের লোগো। এখন তো প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই সব যাত্রী ওই পর্দা খুলবে। সারা শহরের রিকশায় রিকশায় হঠাৎ ফুটে উঠবে লাল কবুতর। আমাদের প্রোডাক্টের কোনো ইমেজ দেওয়ার দরকার নাই, শুধু ওই লাল কবুতরটা থাকবে। সারা শহরের বড় রাস্তায়, ছোট রাস্তায়, অলিতে-গলিতে দেখা যাবে লাল কবুতরের মিছিল। যারা আমাদের লোগো চেনে, তাদের ভেতর এই ইমেজের একটা ইমপ্যাক্ট হবে আর যারা চেনে না, তাদের কিউরিওসিটি হবে।
কায়সার চুপ করে শোনে। শুধু বলে, হুম।
পলাশ বলতে থাকে, ব্যানার বলেন, বিলবোর্ড বলেন, পোস্টার বলেন—রিকশার পর্দাই সে পারপাসটা সার্ভ করবে। এর জন্য বাড়তি কোনো কস্ট নাই। সিম্পল আইডিয়া, সিম্পলভাবে এক্সিকিউট করা যাবে।
খারাপ বলো নাই। ঠিক আছে এখন চলো, বৃষ্টি থামছে, বাড়ি ফিরি।
বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিনে কায়সার ভাইয়ের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরে পলাশ। তিন বন্ধু মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে তারা। একেকজন একেক অফিসে কাজ করে। কয়েক গলি পরেই রুমাদের বাড়ি। আড্ডা দেওয়ার জন্য পলাশের বাড়িতে মাঝে মাঝে আসে রুমা। শুক্রবার, শনিবার কোথাও বের হয় না পলাশ। রুমার সঙ্গেও দেখা হয় না। ল্যাপটপে ‘ব্রেকিং ব্যাড’ টিভি সিরিয়ালের সব কটা এপিসোড ডাউনলোড করে দেখে। ছুটি কাটিয়ে রোববার অফিসে গেলে পলাশ জানতে পারে বিকেলে ছুটির আগে তাদের কোম্পানির জেনারেল ম্যানেজার একটা স্পেশাল মিটিং ডেকেছেন।
বিকেলে মিটিংয়ে যায় পলাশ। জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম বললেন, আপনাদের ডাকলাম একটা বিশেষ কারণে। উইক এন্ডে কায়সার আমাকে ফোন করে বলল, তার একটা মার্কেটিং আইডিয়া আছে, সেটা সবার সাথে শেয়ার করতে চায়। আমাদের অপিনিয়ন চায়। শহীদুল ইসলাম বলেন, কায়সার, ফ্লোর ইজ ইয়োর্স।
কায়সার টেবিলের সামনে গিয়ে পাওয়ার পয়েন্ট খোলে, বলে, আমার আইডিয়াটা খুব সিম্পল। একটা ছোট্ট ভিজ্যুয়াল ক্লিপ দেখাচ্ছি আপনাদের। ভেরি শর্ট। ফর্টি সেকেন্ডের একটা ক্লিপ।
স্ক্রিনে একটা অ্যানিমেশন দেখা যায়। রাস্তায় শত শত রিকশা। বৃষ্টি হচ্ছে। রিকশার সামনে পর্দা। সেই পর্দায় তাদের কোম্পানির লোগো লাল কবুতর। রিকশাগুলো এগিয়ে যাচ্ছে।
কায়সার, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই হচ্ছে আমার আইডিয়া। আমরা রিকশার পর্দাগুলিকে বিলবোর্ডে ট্রান্সফর্ম করব।
হঠাৎ পলাশের নিশ্বাস দ্রুত হতে থাকে। কেমন যেন ঝিম ধরে মাথায়। সে বার কয়েক চোখের পাতা বন্ধ করে আবার খোলে।
জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম বলে ওঠেন, দ্যাটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া কায়সার। দারুণ ইনোভেটিভ থিংকিং। আমার তো খুব পছন্দ হয়েছে। হোয়াট ডু ইউ অল থিংক, বলে তিনি অন্য কলিগদের দিকে তাকান।
হিউম্যান রিসোর্সের মঞ্জুরুল হক বলে ওঠে, এটা তো স্যার ফাটাফাটি আইডিয়া। রীতিমতো সেনসেশন তৈরি করবে।
শহীদুল ইসলাম মার্কেটিং হেডের দিকে তাকিয়ে বলেন, হোয়াট ডু ইউ থিংক আকরাম?
কায়সার তীক্ষ্ণ চোখে আকরাম আলীর মন্তব্যের জন্য অপেক্ষা করে।
আকরামকে একটু অপ্রস্তুত দেখায়। সে বলে, আই অ্যাম জাস্ট থিংকিং, ব্যাপারটা খুব চিপ হয়ে যায় কি না? রিকশার পর্দায় আমাদের লোগো, কেমন না ব্যাপারটা?
শহীদুল ইসলাম বলেন, নো আকরাম, আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ। সিম্পল হলেই একটা জিনিস চিপ হয়ে যায় না। কায়সার আই থিংক ইউ শুড গো অ্যাহেড উইথ দ্য আইডিয়া সুন।
কায়সারের আত্মবিশ্বাসের পারদ তখন অনেক উঁচুতে। আকরাম আলীর দিকে একটা তির্যক দৃষ্টি দিয়ে সে বলে, সে জন্যই স্যার আমি এই আর্জেন্ট মিটিংটা কল করতে বললাম। এই বর্ষার ভেতরই আমি এটা লঞ্চ করতে চাই।
শিউর। পলাশকে দ্রুত কাজে নামিয়ে দাও। পলাশ কই? বলে তিনি টেবিলে বসে থাকা কলিগদের দিকে তাকান এবং এক কোনায় বসে থাকা পলাশকে দেখে বলেন, পলাশ, তোমার অন্য অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে কাল থেকেই কায়সারকে এই প্রজেক্টটায় অ্যাসিস্ট করো। আগামী সপ্তাহেই একটা পাইলটিং করো।
পলাশের চোখের পাতা আরও বার কয়েক ওঠা–নামা করে। সে তাড়াতাড়ি বলে, নিশ্চয়ই স্যার।
মিটিং ভাঙলে পলাশ দ্রুত টয়লেটে যায়। তার কেমন বমি বমি লাগে। সে চোখেমুখে পানি দিয়ে কিছুক্ষণ বেসিনে দাঁড়িয়ে থাকে। তারপর ইউরিনালে গিয়ে দাঁড়ায় প্রস্রাব করতে।
কিছুক্ষণ পর তার পাশের ইউরিনালে এসে দাঁড়ায় কায়সার। তার ভেতর একটা ফুরফুরে ভাব। মৃদু শিস দিতে গিয়ে আড়চোখে আরেক ইউরিনালে পলাশকে দেখে চুপ হয়ে যায়। পলাশ একবার তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়।
পলাশ আর কায়সার পাশাপাশি দাঁড়িয়ে প্রস্রাব করে। কেউ কোনো কথা বলে না। তাদের মাথার ওপর একটা নিঃশব্দতা ঝুলে থাকে। শুধু ইউরিনালে দুজনের প্রস্রাবের ধারার মৃদু শব্দ শোনা যায়।
একপর্যায়ে কায়সার ইউরিনালের দিকে তাকিয়েই পলাশকে বলে, ছুটির পর থাইকো। কথা আছে তোমার সাথে। আই উইল এক্সপ্লেইন।
পলাশ কিছু বলে না। টয়লেটের দরজা খুলে বেরিয়ে যায়। যেতে যেতে পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ শোনে।
ছুটি হওয়ার কিছু আগেই বেরিয়ে যায় পলাশ। কায়সারের জন্য আর অপেক্ষা করে না। হাঁটতে থাকে ফুটপাত ধরে। তখনই বজ্রপাত শুরু হয়। তারপর রুমার ফোন আসে। পলাশ একটা সিগারেটের দোকানের শেডের নিচে গিয়ে দাঁড়ায়। তারপর শুরু হয় তুমুল বৃষ্টি। ধ্যানস্থ হয়ে ঝুমবৃষ্টি দেখতে থাকে পলাশ। সামনে রিকশা। রিকশার সামনে পর্দা। পর্দায় তখনো লাল কবুতর নেই কিন্তু দেখা দেবে অচিরেই। ভেজা কুকুর আবার গা ঝাড়ে। পলাশের গায়ে আবার সেই পানি এসে লাগে। আবার রুমার ফোন বেজে ওঠে, তুমি শেডে দাঁড়াইছ?
পলাশের ধ্যান ভাঙে, হ্যাঁ, একটা শেডের নিচেই আছি।
রুমা বলে, বৃষ্টি না থামা পর্যন্ত বের হোয়ো না কিন্তু। অপেক্ষা করো।
অবশ্যই পলাশ অপেক্ষা করবে। পলাশ জানে, অপেক্ষা করতে শিখতে হয়। মহাভারতের গল্পটা মনে পড়ে তার।
প্রজাপতির দুই রূপবতী কন্যা, কুদ্র আর বিনতা। কশ্যপ বললেন, তোমাদের বর দেব, কী বর চাও? কুদ্র বলল, আমার অত্যন্ত বলশালী এক হাজার নাগ পুত্র হোক। কশ্যপ তাকে সেই বর দিলেন। বিনতা তখন বলল, আমাকে শুধু দুই পুত্র দিন, যারা কুদ্রের পুত্রের চেয়েও বলবান আর তেজস্বী হবে। কশ্যপ তাকেও সেই বর দিলেন। এর কিছুদিন পর কুদ্র এক হাজার ডিম প্রসব করল এবং বিনতা শুধু দুটা ডিম প্রসব করল। তারপর দিন যায়, বছর যায়। এভাবে পাঁচ শ বছর পর একদিন একসাথে কুদ্রের এক হাজার ডিম থেকে এক হাজার নাগ পুত্র জন্ম নেয়। কিন্তু বিনতার ডিম থেকে কিছুই বের হয় না। বিনতা তখন অধৈর্য হয়ে ওঠে। এ সময় সে তার দুটি ডিমের একটিকে ভেঙে ফেলে ভেতরে কী আছে দেখার জন্য। ডিম ভেঙে বিনতা দেখতে পায়, ভেতরে তার পুত্রের শরীরের ওপরের অংশটা তৈরি হয়েছে কিন্তু নিচের অংশটা তখনো অপরিণত। তার সেই অপরিণত পুত্র অধৈর্য হয়ে ডিম ভেঙে ফেলায় মায়ের ওপর খুব খেপে যায়। রেগে ওই ডিমের ভেতর থেকেই মাকে অভিশাপ দেয় সে। বলে, তোমার লোভের কারণে আমার শরীর অসম্পূর্ণ হয়ে থাকল। এ জন্য তোমাকে তোমার বোন কুদ্রের দাসী হয়ে থাকতে হবে পাঁচ শ বছর। বিনতা ছেলের এই অভিশাপে খুবই মুষড়ে পড়ে। ছেলে তখন বলে, তবে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে, যদি তোমার যে আরেকটা ডিম আছে, সেটা অসময়ে না ভাঙো। সে ডিম থেকে আমার যে ভাই ভূমিষ্ঠ হবে, সে–ই তোমার দাসত্ব মোচন করবে। সুতরাং নিজে থেকে সেই ডিম না ভাঙা পর্যন্ত অপেক্ষা করো।
পলাশ অপেক্ষা করবে। কোন ডিম ফেটে কে কোথায় তাকে দাসত্ব থেকে মুক্ত করে, সেটা দেখার জন্য সে অপেক্ষা করতে প্রস্তুত।
বৃষ্টি থামলে ফ্ল্যাটে ফিরে যায় পলাশ। তার রুমে গিয়ে ল্যাপটপের সামনে বসে। তার ফ্ল্যাটমেটরা তখনো কেউ বাসায় ফেরেনি। পলাশ অনলাইনে সেদিনের পত্রিকা পড়তে চেষ্টা করে।
দেখে ব্রেকিং নিউজ চলছে। লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর কে একজন একটা গাড়ি নিয়ে উঠে পড়েছে পথচারীদের ওপর। মারা গেছে বেশ কজন। একটি মেয়ে ব্রিজ থেকে লাফ দিয়েছে টেমস নদীতে। হন্তারককে পুলিশ হত্যা করেছে। এটাকে একটি টেরোরিস্ট অ্যাটাক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে সন্ত্রাসী একাকী কি না, ‘লোন উলফ’ কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
লন্ডনের সেই ক্রাইম সিনের ছবিগুলোতে চোখ বোলায় পলাশ কিছুক্ষণ। আহত পথচারীরা পড়ে আছে রাস্তায়, অ্যাম্বুলেন্স ছুটে আসছে। তারপর অন্য পৃষ্ঠার খবরগুলো পড়তে থাকে। পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্রাউজ করতে করতে একটা খবরে চোখ আটকে যায় পলাশের:
‘নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে গত সোমবার রাতে এক ব্যক্তি একটি লজ্জাবতী বানর আটক করেছেন। এটির উচ্চতা প্রায় এক ফুট, লম্বায় দেড় ফুট। ওই ব্যক্তির নাম মো. আমিরুল ইসলাম। তিনি পৌরসভার চকলেঙ্গুরা এলাকার বাসিন্দা। বানরটি বর্তমানে তাঁর বাসায় রয়েছে। গতকাল প্রাণীটির ছবি দিয়ে তাঁর বড় ভাই তাজুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই ব্যক্তি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম সোমবার রাত দশটার দিকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে টর্চলাইচ জ্বালালে আলোয় একটি প্রাণীর চোখ জ্বলজ্বল করে ওঠে। এতে তিনি ভয় পান। চিৎকার করলে বাড়ি থেকে তাঁর ভাই তাজুল ইসলাম ও লোকজন আলো নিয়ে আসেন। এ সময় এ প্রাণীটি পাশের কুমড়াগাছের মাচায় ওঠে। লোকজন এটিকে আটক করে বাড়িতে এনে বেঁধে রাখে। গতকাল সকালে বাজার থেকে খাঁচা এনে প্রাণীটি রাখা হয়। খাবার হিসেবে কলা, রুটি ও ডিম দেওয়া হয়। পরে তাজুল ইসলাম ফেসবুকে প্রাণীটির ছবি দিয়ে পোস্ট দেন। দুপুরে বিষয়টি বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আল সাদির নজরে আসে। পরে তিনি বিষয়টি লজ্জাবতী বানর গবেষণা ও সংরক্ষণ প্রকল্পের লোকজনকে জানান।’
পলাশ অনেকক্ষণ খুঁটিয়ে খবরটা পড়ে। খবরের সাথে সেই লজ্জাবতী বানরের ছবিটা মনোযোগ দিয়ে দেখে। তারপর সে রুমাকে ফোন দেয়।
ফোন ধরে ওপাশ থেকে রুমা বলে, বাসায় পৌঁছাইছ ঠিকমতো?
হ্যাঁ। পৌঁছেছি। তোমার বাসায় আজকের পেপারটা আছে না?
আছে তো। ক্যান কী হইছে?
পেপারটা একটু নাও তো।
কেন, কোনো বিশেষ খবর আছে?
তুমি নাও না।
আচ্ছা নিলাম।
আঠারো নম্বর পেইজে যাও।
তুমি কোন পত্রিকার কথা বলতেছ?
আরে আমি জানি তো তোমাদের বাসায় কোন পত্রিকা রাখে। তুমি আঠারো নম্বর পেইজে যাও।
গেলাম।
ওই পৃষ্ঠার ডান দিকের কোনায় দেখো একটা খবর আছে লজ্জাবতী বানর নিয়ে। ওইটা পড়ো।
আচ্ছা দাঁড়াও পড়ি।
রুমা খবরটা পড়ে। পলাশ ফোন ধরে থাকে।
রুমা বলে, পড়লাম তো। তুমি এই বানরের খবর পড়াইতে আমাকে ফোন দিছ?
ওই প্রাণীটার একটা ছবি দিয়েছে না? ছবিটা দেখো ভালো করে।
দেখলাম তো ছবিটা। কিন্তু তোমার কী হইছে বলো তো?
ওর চোখগুলি দেখছ। কী ভীষণ করুণ। কেমন ভয় পেয়েছে সে।
আচ্ছা তোমার সমস্যা কী বলো তো? একটা বানর নিয়ে পড়লা কেন তুমি?
সেইটাই তো আমার সমস্যা। এই যে এটাকে বানর বলা হচ্ছে, এটাই আমার সমস্যা। এটা তো আসলে বানর না। এটা লেমুর গ্রুপের প্রাণী। প্রাইমেট, দেখতে অনেকটা বানরের মতো কিন্তু এটা তো বানর গ্রুপের না। লোকে এটাকে বানর গ্রুপে ফেলে দিয়েছে। নাম আবার দিয়েছে লজ্জাবতী। আরে এটা কি বানর নাকি যে মানুষের সাথে বাঁদরামি করবে? লজ্জা তো সে পাবেই। কুমড়াগাছের মাচায় তো সে উঠবেই। বেচারার জায়গা তো অন্যখানে। পথ ভুলে এখানে চলে এসেছে, তারপর তাকে আবার বানর আইডেন্টির ভেতর ফেলে দেওয়া হচ্ছে। এটা তো একদম ঠিক হয় নাই। এটা আনফেয়ার। ওর চোখ দুইটা দেখো। কী ভীষণ ভানরাবেল। সে তো এখানে থাকতে চায় না।
রুমা বলে, তুমি আবার কোথাও ধাক্কা খাইছ না? তোমাকে কেউ চিট করছে। তাই না পলাশ?
সেটা কোনো পয়েন্ট না। আমি তোমাকে অন্য একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করছি। মানে ধরো এই যে এই প্রাণীটার বেলায় যেটা ঘটল, সেটা তো মানুষের বেলাতেও ঘটতে পারে। পারে না? এমন তো হতে পারে একজন মানুষ, মানুষের ভেতর সে আছে, দেখতে হয়তো অনেকটা মানুষের মতো কিন্তু আসলে সে মানুষ না। হয়তো অন্য কিছু। হয়তো সে ভুল করে মানুষের ভেতর চলে এসেছে। আমি জিন-ভূতের কথা বলছি না। ধরো অন্য একটা কিছু। তারপর সে মানুষের আইডেন্টির ভেতর ট্র্যাপড হয়ে গেছে। সে সেই আইডেন্টি চায় না। সে আসলে খুব লজ্জিত। সে ভীষণ ভয় আর লজ্জা নিয়ে চারদিকে তাকাচ্ছে।
রুমা বলে, পলাশ তুমি ফোন রাখো। আমি তোমার ওখানে আসতেছি।
না, তোমার আসার কোনো দরকার নাই। তুমি লজ্জাবতী বানরের ব্যাপারটা বোঝার চেষ্টা করো।
আচ্ছা আমি আসতেছি। তোমার সামনাসামনি এসে বুঝব।
ফোন কেটে দেয় রুমা। পলাশের কাছে যাওয়ার জন্য রওনা দেয় রুমা। উজ্জ্বল হলুদ পায়ের একটা শালিক পাখির মতো এখন সে পলাশের ভারী হয়ে ওঠা বুকের ওপর গিয়ে বসবে।