লন্ডন অলিম্পিক ২০১২
বিশ্বসাহিত্যের শুরুর দিনটাতে ‘অলিম্পিক সাহিত্য’ বেশ রাজত্ব করেছে। প্রাচীন গ্রিক কবি হোমারের ইলিয়াড এবং আরেক গ্রিক কবি পিন্ডারের অলিম্পিয়ান-১ তো আসলে অলিম্পিক-বন্দনা। অনেক চড়াই-উতরাই ও নিষিদ্ধকরণের বেড়াজাল পেরিয়ে ১৮৯৬ সালে এথেন্সে শুরু হয় অলিম্পিকের আধুনিক পর্ব। মহাযুদ্ধের কারণে ১৯১৬, ১৯৪০ এবং ১৯৪৪-এ কেবল অনুষ্ঠিত হতে পারেনি এই বিশ্ব উৎসব। উৎসবের পরিধি বেড়েছে, গ্রীষ্মকালীন অলিম্পিকের সঙ্গে যোগ হয়েছে শীতকালীন অলিম্পিক। ২০১২ সালের অলিম্পিক অনুষ্ঠানের জন্য প্রধান আবেদনকারীদের মধ্যে ছিল মস্কো, নিউইয়র্ক সিটি, মাদ্রিদ, প্যারিস ও লন্ডন। ২০০৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় লন্ডন হারিয়ে দিল আর সব প্রার্থীকে। আধুনিক অলিম্পিকের ইতিহাসে লন্ডনই তিনবার অলিম্পিক আয়োজনের কৃতিত্বের দাবিদার (১৯০৮, ১৯৪৮, ২০১২) লন্ডন অলিম্পিক ২০১২-এর উদ্বোধন হলো গত ২৭ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠানের নাম ‘আইল অব ওয়ান্ডার’। এ উপলক্ষে খানিকটা পেছন ফিরে, খানিকটা ডানে-বাঁয়ে দেখা।রাজনীতি, না অলিম্পিক?যিনি রাজনীতিতে আকণ্ঠ ডুবে আছেন, অলিম্পিক গেমসে অংশগ্রহণ তাঁর জন্য বিকল্প সুযোগ নয়। তবে অলিম্পিকে পদক পেয়েছেন এমন রাজনীতিক যে নেই তা নয়।১৯২৪ সালের প্যারিস অলিম্পিকে নৌকাবাইচে স্বর্ণপদক বিজয়ী বেঞ্জামিন ম্যাকলেইন স্পোক (১৯০৩-১৯৯৮) ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। তাঁকে বলা হয়েছে ‘পিপলস ক্যান্ডিডেট’।তবে ওই নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিচার্ড নিক্সন। অবশ্য ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। সে সময়কার একটি বিখ্যাত নিক্সন উদ্ধৃতি: ‘অলিম্পিকে দ্বিতীয় হলে রুপার পদক পাওয়া যায়। কিন্তু রাজনীতিতে দ্বিতীয় হলে বিস্মৃতির অতলে হারিয়ে যেতে হয়।’রালফ হ্যারন্ড ম্যাটকাফ (১৯১০-১৯৭৪) ইলিনয় থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি ১৯৩২ ও ১৯৩৬-এর অলিম্পিকে সোনা, রুপা ও ব্রোঞ্জ—তিন ধরনের পদকই পেয়েছিলেন।রবার্ট ব্রুস ম্যাথিয়াস (১৯৩০-২০০০) সোনাজয়ী অলিম্পিয়ান। তিনি ক্যালিফোর্নিয়া থেকে রিপাবলিকান দলের হয়ে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁকে নিয়ে তৈরি চলচ্চিত্র দ্য বব ম্যাথিয়াস স্টোরিতে তিনি নিজেই নাম ভূমিকায় অভিনয় করেছেন। ১৭ বছর বয়স্ক বব ম্যাথিয়াস যখন ডেকাথলান সোনার পদক পেলেন, তিনিই হয়ে উঠলেন অলিম্পিক ইতিহাসে সবচেয়ে কম বয়সী সোনাজয়ী। নারীর ইকোনমি পুরুষের বিজনেস ক্লাসজাপানের জাতীয় প্রমীলা ফুটবল দল উড়োজাহাজে লন্ডন এসে পৌঁছেছে। দলটির সোনার পদক নিয়ে দেশে ফেরার সম্ভাবনা আছে যথেষ্ট। পুরুষ দলের সে সম্ভাবনা নেই। তাদের বেলায় প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই বড় কথা।উড়োজাহাজে পুরুষ দলের আসন বিজনেস ক্লাসে, নারীদের ইকোনমিতে। লন্ডনে পৌঁছার পর অত্যন্ত সংগত কারণে প্রমীলা দল এই বৈষম্যমূলক আসন বণ্টনের তীব্র সমালোচনা করল। জাপানি অলিম্পিক দলের বিব্রতকর অবস্থা কাটার আগেই বোমা ফাটাল অস্ট্রেলিয়ার প্রমীলা বাস্কেটবল দল। জানা গেছে জাপানি প্রমীলা ফুটবল দলের মতো র্যাঙ্কিংয়ে তারাও ওপরে, সোনা জয়ের সম্ভাবনা তাদেরও প্রবল এবং লন্ডন পর্যন্ত দীর্ঘপথ ভ্রমণে তাদের জন্যও কাটা হয় ইকোনমি ক্লাসের টিকিট আর পুরুষদের জন্য বিজনেস ক্লাস। এ ধরনের বৈষম্যমূলক আচরণ আগে থেকেই চলে আসছে, এবং প্রমীলা দল কখনো এ নিয়ে অভিযোগও করেনি। অস্ট্রেলিয়ার প্রমীলা বাস্কেটবল দল আগের তিনটি অলিম্পিকেই (২০০০, ২০০৪, ২০০৮) রৌপ্যপদক জিতেছে, কিন্তু পুরুষদের দলটি কোনো পদকের দেখা পায়নি। তারপরও পুরুষদের শাহি ভ্রমণ আর মেয়েদেরকে এবারও পা গুটিয়ে জড়সড় হয়ে দীর্ঘ ভ্রমণ শেষে লন্ডন পৌঁছাতে হয়েছে। অস্ট্রেলিয়া দল অবশ্য সেক্সিজম বা লিঙ্গজনিত বৈষম্য অস্বীকার করে বলেছে, খেলোয়াড়দের আকার অনুযায়ী আসন দেওয়া হয়েছে। অস্ট্রেলীয় পুরুষ বাস্কেটবল দলে সদস্যদের গড় উচ্চতা ২০০ দশমিক ২ সেন্টিমিটার আর নারী দলের সদস্যদের গড় উচ্চতা ১৮৩ সেন্টিমিটার। অস্ট্রেলিয়ার পক্ষে আরও ব্যাখ্যা দেওয়া হয়: প্রতিটি জাতীয় দলেরই একটি নিজস্ব বাজেট আছে। সেই বাজেটের সঙ্গে সংগতি রেখেই খেলোয়াড়দের ভ্রমণ পরিকল্পনা করা হয়। কাজেই প্রশ্নটি নারী-পুরুষ বৈষম্যের নয়, জাতীয় দলগুলোর আর্থিক সংগতির।অলিম্পিক স্বর্ণপদকে রুপাই বেশি২০১২ সালের লন্ডন অলিম্পিকে স্বর্ণপদকের ওজন ৪১২ গ্রাম। আমাদের পুরোনো দিনের মাপে আধা সেরের কাছাকাছি। এই ভারী স্বর্ণপদকে স্বর্ণ আসলে কতটুকু?অলিম্পিক স্বর্ণপদকে পুরো ছয় গ্রামও সোনাও নেই। পদকের মোট ওজনের ১ দশমিক ৩৪ শতাংশ স্বর্ণ, বাকি সবটুকুর ৯৩ শতাংশ রৌপ্য এবং ৬ শতাংশ তামা। রৌপ্যপদকে রৌপ্য ৯৩ শতাংশ, তামা ৭ শতাংশ।তবে ব্রোঞ্জপদকে প্রায় সবটাই তামা। এবং এর দাম মাত্র পাঁচ মার্কিন ডলার।খাঁটি সোনার পদক শুরুতে দেওয়া হতো। কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে তাও ১০০ বছর, ১৯১২ সালে স্টকহোম অলিম্পিক থেকে।অলিম্পিক শতবর্ষ আগে১০০ বছর আগের অলিম্পিক ১৯১২ সালের স্টকহোম অলিম্পিক স্বর্ণপদক সত্যিই স্বর্ণ দিয়ে তৈরি ছিল। কিন্তু ওটাই শেষ। ১৯১২ সালের অলিম্পিকে (৫ মে-২৭ জুলাই) ২৮ দেশের দুই হাজার ৪০৮ জন প্রতিযোগী ১৪টি বিভাগে ১০২টি ইভেন্টে অংশ নিয়েছিল। শতবর্ষ আগের ওই প্রতিযোগিতায় নারী ক্রীড়াবিদ ছিলেন ৪৮ জন। সেবারই জাপান এশিয়ার প্রথম দেশ হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করে।১৯১২ সালের অলিম্পিক অনুষ্ঠানের জন্য একমাত্র স্টকহোমই আবেদন করেছিল। আর ১৯০৯ সালেই তা চূড়ান্ত করা হয়। ১৯১২ সালের অলিম্পিকে মোট পদকে শীর্ষে ছিল সুইডেন (৬৫টি) কিন্তু সর্বাধিক স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র (২৫টি)। অ্যাথলেটিকসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০০ মিটার স্প্রিন্টে যে কজন দৌড়ায়, তাদের পাঁচজনই ছিল যুক্তরাষ্ট্রের। রালফ ক্রেইগ সোনা জিতলেন। জাপানি ম্যারাথন দৌড়বিদ কানাকুরি সিজো দৌড়ের মাঝখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ম্যারাথন ট্র্যাকের এক পাশে একটি পার্টি হচ্ছিল। সিজো তৃষ্ণা মেটাতে সেখান গিয়ে যোগ দেন। তারপর কাউকে না বলে স্টকহোমের ট্রেন ধরেন এবং পরদিন জাপানের পথে পাড়ি জমান।৫০ বছর পর সুইডিশ কর্তৃপক্ষ এই জাপানি ক্রীড়াবিদকে সুইডেনে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন এবং ম্যারাথনের অবশিষ্ট দৌড় শেষ করতে অনুরোধ করেন। তিনি ম্যারাথন দৌড় শেষে করতে সময় নেন (১৯১২ থেকে হিসাব করে) ৫৪ বছর আট মাস ছয় দিন আট ঘণ্টা ২০ দশমিক ৩ সেকেন্ড। একই অলিম্পিকে দৌড়ানোর সময় মাঝপথে রৌদ্রতপ্ত হয়ে মৃত্যুবরণ করেন পর্তুগিজ ক্রীড়াবিদ ফ্রান্সেসকো ল্যাজারো। পেন্টাথলন ও ডেকাথলনে স্বর্ণ বিজয়ী জিম থর্পের পদক কেড়ে নেওয়া হয়—অভিযোগ, জিম কিছুদিন পেশাদারি বাস্কেটবল খেলেছেন। ৭০ বছর পর ১৯৮২ সালে অলিম্পিক কমিটি তাঁর পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তত দিনে জিম থর্পের মৃত্যুর পর ৩০ বছর কেটে গেছে।দড়ি টানাটানির প্রথম দিনের খেলায় গ্রেট ব্রিটেন যখন মাঠে নামল প্রতিপক্ষ বোহেমিয়াকে কোথাও খুঁজে পাওয়া গেল না। একই দিনের দ্বিতীয় খেলায় সুইডেন যখন মাঠে প্রতিপক্ষ অস্ট্রিয়া দল তখনো সুইডেন এসে পৌঁছায়নি। ফলে দড়ি টানাটানির একমাত্র খেলাটিই ফাইনাল খেলায় পরিণত হয়—ব্রিটেন বনাম সুইডেন। ব্রিটিশ দলের অধিকাংশই লন্ডন পুলিশের সদস্য এবং সুইডেনের অধিকাংশ স্টকহোম পুলিশের। পুলিশের লড়াইটা ভালোই জমে। সুইডেন সোনা জেতে।লন্ডনের আরও দুটি অলিম্পিক১৯০৮ লন্ডন অলিম্পিক: রাজা সপ্তম এডওয়ার্ড ২৭ এপ্রিল ১৯০৮ উদ্বোধন করেন। অংশগ্রহণ করে ২২টি দেশ। অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ২০০৮ জন; এর মধ্যে নারী ৩৭ জন। ২২টি বিভাগে ১১০টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।উদ্বোধনী মার্চ: ফিনল্যান্ড তখন রাশিয়ার অধীনে। কিন্তু ফিনিশ খেলোয়াড়েরা নিজের পতাকা নিয়ে মার্চ করতে চাইলেন। কিন্তু আইনত সে অনুমতি দেওয়া সম্ভব ছিল না। ফলে তাঁরা পতাকা ছাড়াই মার্চ করেন।স্টেডিয়ামে সুইডিশ পতাকা উড়ানো হয়নি বলে প্রতিবাদে সুইডিশ খেলোয়াড়েরা মার্চে অংশ নেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাও ওঠানো হয়নি। ফলে আমেরিকান টিম মার্চপাস্টের সময় পতাকা নামিয়ে রাজাকে অভিবাদন জানাতে অস্বীকার করে।১৯৪৮ লন্ডন অলিম্পিক: ২৯ জুলাই অলিম্পিক উদ্বোধন করেন রাজা পঞ্চম জর্জ। অংশ নেয় ৫৯টি দেশ। ৪০ বছরে অলিম্পিকে মহিলা ক্রীড়াবিদের সংখ্যা ১০ গুণেরও বেশি বেড়ে যায়। ৩৯০ জন মহিলা খেলোয়াড়সহ চার হাজার ১০৪ জন ১৭টি খেলায় ১৩৬ ইভেন্টে অংশ নেন। সে বছর নতুন কোনো অলিম্পিক স্টেডিয়াম কিংবা অলিম্পিক গ্রাম তৈরি করা হয়নি। দুই মহাযুদ্ধে টিকে থাকা ওয়েম্বলি স্টেডিয়ামকে প্রধান ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়। পুরুষ ক্রীড়াবিদদের রাখা হয় সেনা ক্যাম্পে এবং নারী ক্রীড়াবিদদের সাউথল্যান্ড কলেজের ডরমিটরিতে।দ্বিতীয় লন্ডন অলিম্পিকে আবির্ভূত হন ‘দ্য ফ্লাইং হাউসওয়াইফ’ উড়ন্ত গৃহবধূ নেদারল্যান্ডস-এর ফ্যানি ব্ল্যাঙ্কার-কোয়েন। ৩০ বছর বয়সী তিন সন্তানের মা ফ্যানি ১০০ মিটার, ২০০ মিটার ও ৮০ মিটার হার্ডলসে এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে সোনা জেতেন। এই ‘দ্য ফ্লাইং হাউসওয়াইফ’ খ্যাত অ্যাথলেট আরও সোনা জিততে পারতেন। কিন্তু তখন নিয়ম ছিল এককভাবে সর্বোচ্চ তিনটির বেশি ইভেন্টে অংশ নেওয়া যাবে না।২০১২ লন্ডন অলিম্পিকের ভেতরের খবর১. আড়াই বর্গ কিলোমিটার অলিম্পিক পার্ক তৈরি করতে নির্ধারিত স্থানের ২০০-র বেশি ভবন ধূলিস্যাৎ করতে হয়েছে।২. অ্যাথলেট ও কর্মকর্তাদের জন্য নির্মিত প্রায় পাঁচ হাজার বাড়ি অলিম্পিক শেষ হলে জনগণের কাছে বিক্রি করা হবে।৩. লন্ডন অলিম্পিকের নিরাপত্তা বাজেট ৫৫৩ মিলিয়ন পাউন্ড স্টার্লিং।৪. অলিম্পিক পার্ক তৈরি করতে গিয়ে নির্ধারিত স্থানে ২৪ প্রজাতির প্রাণীর দেখা মিলেছে। এখান থেকে যা উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে তিন হাজার বছর আগে মৃত একজন মানুষের দেহাবশেষ।৫. অলিম্পিক সাইটে ৫২৫টি পাখির ঘর এবং ১৫০টি বাদুড়ের ঘর তৈরি করে দেওয়া হয়েছে।৭. লন্ডন ফিলহারমোনিক অলিম্পিকের জন্য ২০৫টি দেশের জাতীয় সংগীত রেকর্ড করেছে। উরুগুয়ের জাতীয় সংগীত সবচেয়ে বেশি সময় নিয়েছে—সাড়ে ছয় মিনিট। কিন্তু কোনো দেশের জাতীয় সংগীতই এক মিনিটের বেশি বাজানো হবে না।৮. খেলোয়াড়েরা মোট ২৫ হাজার পাউরুটি খাবেন। আলু খাবেন ২৩২ টন এবং সামুদ্রিক মাছ ৬৮২ টন। তাঁদের জন্য সবজি বরাদ্দ হয়েছে ৩৫০ টন আর মাংস ১০০ টন। তাঁরা ৭৫ হাজার লিটার দুধ খাবেন।৯. অলিম্পিক স্টেডিয়াম তৈরিতে ১০ হাজার টন স্টিল লেগেছে। খেলা পরিচালনা করতে লাগছে মোট নয় লাখ ক্রীড়াসামগ্রী। এর মধ্যে থাকছে ২৬ হাজার ৪০০ টেনিস বল এবং দুই হাজার ৭০০ ফুটবল।