লন্ডনে বাংলাদেশের সৃজনশীল শিল্প ও সংস্কৃতি তুলে ধরার এক অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল ফেব্রুয়ারির শেষ সপ্তাহান্তের তিন দিন। টেমসের দক্ষিণ তীরে বার্জ হাউসে ঐতিহ্য নামের এই আয়োজন ২২ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হলেও ছুটির দিন শনি ও রবিবার ছিল নানা বিষয়ে একের পর এক আড্ডা, আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র এবং সংগীতের আসর। যুক্তরাজ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং উভয় দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে আয়োজিত হয় ঐতিহ্য। বার্জ হাউসের দুটি তলাজুড়ে ছিল প্রদর্শনী এবং তৃতীয় তলায় ছিল বিষয়ভিত্তিক আলোচনা, আড্ডা এবং সংগীতানুষ্ঠান। চলচ্চিত্র, চিত্রকর্ম, আলোকচিত্র এবং বিভিন্ন প্রকাশনার প্রদর্শনী ঘুরে দেখেন শত শত দর্শনার্থী। আড্ডা এবং আলোচনায় শিল্প-সাহিত্য ও সৃজনশীলতায় প্রতিভার স্বাক্ষর রেখে পরিচিতি লাভ করেছেন তরুণ প্রজন্মের এ রকম বেশ কয়েকজন আগ্রহী তারকা দর্শক-শ্রোতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এঁদের মধ্যে ছিলেন তাহমিমা আনাম, আকরাম খান, কিষণ খান, রেজিয়া ওয়াহেদ, সঞ্চিতা ইসলাম, শাপলা শালুক, দৃক গ্যালারির শহীদুল আলম, এনামুল হক প্রমুখ। বাঙালি বিয়ে বা উপমহাদেশের বিয়ের সাজ-পোশাকের প্রদর্শনী, সিল্কের উৎপাদন-প্রক্রিয়া, জামদানি ও মসলিনের ঐতিহ্য তুলে ধরে প্রদর্শনী এবং এগুলোর ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়। এ রকম এক অধিবেশনে লন্ডন স্কুল এবং ফ্যাশনের লিপি বেগম, তারা বোধমুনি এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী সোফিয়া হায়দার জামদানি, বেনারশি এবং সিল্কের নানা রকম নকশা, ব্যবহার এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন এবং শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যুক্তরাজ্যে বাংলাদেশি জনগোষ্ঠীর যেসব গণমাধ্যম রয়েছে সেই কমিউনিটি মিডিয়ার ভূমিকা নিয়েও অনুষ্ঠিত হয় একটি অধিবেশন। যাতে লন্ডনের বাংলা সংবাদপত্র, রেডিও-টেলিভিশনের সম্পাদক ও ব্যবস্থাপকদের অনেকে অংশ নেন। তরুণ প্রজন্মের দুই প্রতিনিধি সুনারা বেগম এবং সঞ্চিতা ইসলাম তাঁদের তৈরি শর্ট ফিল্ম দ্য পিলগ্রিম উইথিন এবং ফ্রম ব্রায়ারউড টু বরিশাল টু ব্রিকলেন প্রদর্শনের পর তাঁদের ছবির বিষয় নিয়ে দর্শকদের নানা প্রশ্নের জবাব দেন। ঐতিহ্যের উদ্বোধন করেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস। এ ছাড়া রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা বিষয়ে এক অধিবেশনে ড. কেতকি কুশারি ডাইসন এবং ড. ইমতিয়াজ আহমেদের সঙ্গে আলোচনায় অংশ নেন হাইকমিশনার মিজারুল কায়েস। প্রতিদিন সন্ধ্যায় ছিল গান, কবিতা, জ্যাজ অথবা কনসার্টের আয়োজন। এসব পরিবেশনে অংশ নেন শাপলা শালুক, এম সি নাগা, ঋষি, আর্চিটাইপ, লক্ষ্মী ট্যারা, জোয়ি রহমান, ইদ্রিস রহমান প্রমুখ। আয়োজকদের একজন মাহের আঞ্জুম প্রথম আলোকে বলেছেন, তিন দিনের এই আয়োজনে এক হাজারেরও বেশি দর্শক-শ্রোতা অংশ নেন, যার প্রায় ৪০ শতাংশই শ্বেতাঙ্গ ব্রিটিশ।