১৭৬৬ সালে দিল্লির মোগল বাদশা দ্বিতীয় শাহ আলমের রাষ্ট্রদূত হয়ে বাংলা থেকে লন্ডনে যান মির্জা শেখ ইতেশামুদ্দীন। দায়িত্ব ছিল ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের দরবারে মোগল বাদশার পক্ষে দেনদরবার করা। সেই গল্প লিখেছেন মাহবুব আলম১৭৬৭ সাল। লন্ডনের এক চমৎকার সকাল। কারুকাজ করা হুঁকোয় তামাক সেজে দিয়েছে ভৃত্য। পাগড়ি মাথায় নকশাদার চোগা-চাপকান পরা গৃহস্বামীর তামাক খাওয়ার সময় এখন। তাঁর হাতে হুঁকোর বাহারি নল, মুখে ফিনফিনে ধোঁয়া। অবাক চোখে তাকিয়ে আছেন জনাকয়েক ইংরেজ। ধূমপানের এমন বিচিত্র কৌশল আগে কখনো দেখেননি তাঁরা। এর গুড়ুক গুড়ুক ডাকটাই তাঁদের অবাক করছে সবচেয়ে বেশি। ভেবে পান না এর ভেতরে এমন কী বস্তু রয়েছে, যা থেকে এমন অদ্ভুত শব্দ ওঠে। দূর-দূরান্ত থেকেও অনেকে এই মজাদার আওয়াজ তোলা কলটি দেখতে আসেন। শখের হুঁকোটি দেশ থেকে আসার সময় সঙ্গে নিয়ে এসেছেন তিনি। আরও এনেছেন একটি ভৃত্য কাম পাচক, বিদেশে যেন রান্না করা হালাল খাবার পেতে দুর্ভোগ পোহাতে না হয়।বিলেতপ্রবাসী এই গৃহস্বামী হলেন বাংলার নদীয়া জেলার পাঁচনুর গ্রামের অভিজাত মুসলিম পরিবারের সন্তান মির্জা শেখ ইতেশামুদ্দীন। ১৭৬৬ সালে বাংলা থেকে লন্ডনে যান দিল্লির মোগল বাদশা দ্বিতীয় শাহ আলমের রাষ্ট্রদূত ক্যাপ্টেন আর্চিবল্ড সুইনটনের সহকারী দূত হিসেবে, ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের দরবারে মোগল বাদশার পক্ষে দেন-দরবারের দায়িত্ব নিয়ে। জানামতে, ইতেশামুদ্দীনই শিক্ষিত বাঙালিদের মধ্যে প্রথম বিলেতযাত্রী, যিনি রাজা রামমোহন রায়ের পঞ্চাশ বছর আগে লন্ডনে পৌঁছেছিলেন। দুই বছর পর দেশে ফিরে ফারসি ভাষায় লিখেছেন আকর্ষণীয় এক ভ্রমণকাহিনি—সিগরুফ-ই-বিলায়েতনামা। তাঁর আগে বাংলার আর কেউ বিলেতভ্রমণ নিয়ে বই লিখেছেন কি না, জানা নেই। ইতেশামুদ্দীনের জন্ম আনুমানিক ১৭৩০ সালে। মুর্শিদাবাদের নবাব মীর জাফরের দরবারের মুনশি সলিমুল্লাহর কাছে তিনি ফারসি শিখেছিলেন। ইচ্ছে মুনশির পেশায় যোগ দেবেন। তখনকার দিনে মুনশি ছিল সম্মানজনক বৃত্তি। ফারসি ভাষায় দখল না থাকলে মুনশি হওয়া যেত না। প্রশাসন, কূটনীতি অথবা বিচারব্যবস্থায় ফারসিতে পেশাদারি দক্ষতার চাহিদা ছিল প্রচুর। ফলে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে মুনশির চাকরি পেতে অসুবিধে হয়নি তাঁর। এরই ফাঁকে পাটনার মেজর অ্যাডামের অধীনে চাকরির চেষ্টাও করেছিলেন। কিন্তু আর এক ইতিহাসখ্যাত মুনশি, যিনি পরে ইংরেজের অনুগ্রহে ‘রাজা’ হয়েছিলেন, সেই মুনশি নবকৃষ্ণের চাতুরিতে তাঁর কাজটা ফসকে গেল।তাঁর ভাগ্যের মোড় ফিরল বক্সার যুদ্ধের পর কোম্পানির কাজের সূত্রে বাদশা দ্বিতীয় শাহ আলমের সঙ্গে সাক্ষাতের সুযোগের ফলে। বাদশার নেকনজরে পড়ে শাহি দরবারে মুনশির পদ পেলেন, সঙ্গে মির্জা খেতাব। অচিরেই দরবারে সভাসদ পদে উন্নীত হলেন তিনি। ভাগ্য তাঁর আরও একবার প্রসন্ন হলো। কোম্পানির সাবেক কর্মকর্তা ক্যাপ্টেন আর্চিবল্ড সুইনটনকে ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের জন্য বাদশার চিঠিসহ শাহি দূত হিসেবে পাঠাবার সিদ্ধান্ত নেওয়া হয়। বিলেতের রাজদরবারে ফারসি ভাষায় লেখা এই চিঠি যথাযথভাবে ব্যাখ্যা করার জন্য বাদশা নিজেই ইতেশামুদ্দীনকে বেছে নিলেন। ১৭৬৬ সালে তাঁকে দূত হিসেবে নিয়োগ দিয়ে সুইনটনের সঙ্গে লন্ডন পাঠিয়ে দিলেন বাদশা।কেন শাহ আলম বিলেতে দূত পাঠিয়েছিলেন, আর এই কূটনৈতিক মিশনের পরিণাম কী হয়েছিল তার বিস্তারিত বিবরণ ইতেশামুদ্দীন তাঁর ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন। বিলেতে রাজদূত পাঠাবার সূচনা এলাহাবাদে বাদশার সঙ্গে ক্লাইভের বিদায়ী সাক্ষাতের সূত্রে। তবে কাহিনীর শুরু ১৭৬৫ সালে যখন বাদশাহ শাহ আলম বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিলেন। ক্লাইভকে দিলেন ‘সাবিৎ জঙ্গ’ উপাধি। এলাহাবাদ চুক্তির শেষে হূষ্টচিত্তে ক্লাইভ কলকাতা ফিরে যাওয়ার আগে বাদশাহকে বিদায় জানাতে হাজির হয়েছেন। এই বিদায়ী সাক্ষাতের বর্ণনা প্রসঙ্গে ইতেশামুদ্দীন লিখেছেন, ‘বাদশা চোখে পানি নিয়ে ক্লাইভকে বললেন, “আপনার মনমতোই আপনি কোম্পানির স্বার্থ হাসিল করেছেন। কিন্তু আমার শাসনকে মজবুত করতে কিছুই করেননি। দিল্লির সিংহাসন থেকে যেন আমি নির্বিঘ্নে শাসন চালাতে পারি, সেজন্য ইংরেজ সেনা মোতায়েন করার কোনো পদক্ষেপই আপনি নেননি। এখন বিশ্বাসঘাতক আর ষড়যন্ত্রীদের মধ্যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আপনি...”।’লজ্জিত ক্লাইভ বাদশাকে তাঁর অপারগতার কারণ খুলে বললেন। ইংল্যান্ডের রাজা অথবা কোম্পানির পরিচালকদের অনুমতি ছাড়া তাঁর পক্ষে ইংরেজ সৈন্য ব্যবহার করা অসম্ভব। তবে প্রতিশ্রুতি দিলেন যে সমস্ত বিষয়টি জানিয়ে ইংল্যান্ডের রাজার কাছে আবেদন পাঠাবেন এবং অনুমোদন এসে পৌঁছানোমাত্র অতিদ্রুত সৈন্য সমাবেশের আদেশ দেবেন। এই পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বাদশার এলাহাবাদে অবস্থান করাই যুক্তিসংগত হবে এবং জেনারেল স্মিথ এক ব্যাটালিয়ন ইংরেজ সেনাসহ এলাহাবাদে বাদশার সেবায় নিয়োজিত থাকবেন। এ ছাড়া সদ্যনির্মিত জৌনপুরের ইংরেজ ক্যান্টনমেন্টের পুরো সৈন্যবাহিনী প্রয়োজনবোধে মহামান্য বাদশার সহায়তায় এগিয়ে আসবে। ‘আপনি নিশ্চিন্ত হোন, আপনার আদেশ পালনে আমরা সব সময়ই প্রস্তুত রয়েছি।’ এই বলে বাদশাকে আশ্বস্ত করে বিদায় নিলেন ক্লাইভ।পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে মির্জা লিখেছেন, ক্লাইভের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সম্রাটের ইচ্ছানুসারে তাঁর দুজন মন্ত্রী নওয়াব মুনিরুদ্দৌলাহ এবং রাজা সেতাব রায় ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের উদ্দেশে একটি চিঠির খসড়া তৈরি করলেন। চিঠিতে দুই রাজ্যের মধ্যে সৌহার্দ্যের প্রতীকস্বরূপ ব্রিটিশ হুকুমাধীন একটি ইংরেজ বাহিনীকে বাদশার সাহায্যার্থে মোতায়েন করার অনুরোধ জানানো হলো। চিঠিতে আরও উল্লেখ করা হলো যে ইংল্যান্ডের রাজার প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ এবং ব্রিটিশ সৈন্যের সেবায় পুষ্ট হয়ে হিন্দুস্তানের বাদশা কোম্পানিকে বাংলার রাজস্ব সংগ্রহ করার দায়িত্ব দিয়েছেন। চিঠির সঙ্গে রাজা জর্জের জন্য এক লাখ টাকার নজরানা পাঠানোর সিদ্ধান্ত নিলেন বাদশার পারিষদেরা।বাদশার মন্ত্রী দুজন ক্লাইভের সঙ্গে কলকাতা আসেন। কোম্পানির কাউন্সিলের অন্য সদস্যদের অগোচরে তাঁরা চিঠিটি বাদশার সিলমোহরসহ ক্যাপ্টেন সুইনটনের হাতে তুলে দিলেন। মির্জাকে চার হাজার টাকাও দিলেন বিলাতে আনুষঙ্গিক খরচাপাতি মেটানোর জন্য। দূতিয়ালিতে সফল হয়ে দেশে ফিরলে, আরও পারিতোষিক তাঁকে দেওয়ার প্রতিশ্রুতি দিতেও ভুললেন না মন্ত্রী প্রবররা।১৭৬৬-এর জানুয়ারি মাসের শেষের দিকে একটি ফরাসি জাহাজে চেপে হুগলি থেকে মির্জার সমুদ্রযাত্রা শুরু হলো। তখনো এ দেশে ঔপনিবেশিক ভেদরেখার জন্ম হয়নি আর ইতেশাম ঔপনিবেশিক প্রজার স্তরে নেমে আসেননি। সুতরাং সহকর্মীর মর্যাদায় তিনি সুইনটনের সফরসঙ্গী হয়েছিলেন। ইংরেজি খুব না জানায় তাঁদের কথাবার্তা হতো ফরাসিতে। সুইনটনেরও ফারসি ভাষায় ভালো দখল ছিল।যাত্রার কয়েক দিন পরই তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল, যখন সুইনটন জানালেন, কলকাতায় থাকতেই বাদশার চিঠি ক্লাইভ নিজের কাছে রেখে দিয়েছেন, সুইনটনকে তা আদৌ দেননি। দিল্লি থেকে নজরানার টাকা তখনো কলকাতায় এসে পৌঁছেনি। ফলে নজরানা ছাড়া বাদশার চিঠি লন্ডনে পাঠানো যুক্তিসংগত হবে বলে ক্লাইভ মনে করেননি। তা ছাড়া তিনি তো নিজেই পরের বছর চিঠি এবং নজরানা নিয়ে লন্ডনে হাজির হচ্ছেন—তখন সুইনটন ও মির্জা ইংল্যান্ডের রাজদরবারে চিঠি এবং নজরানা দেওয়ার সুযোগ পাবেন। কায়সর হক মনে করেন, ক্লাইভ কখনো চাননি, বাদশার সঙ্গে ইংল্যান্ডের রাজার প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হোক।এবার মির্জার ভাগ্যের চাকা উল্টো দিকে মোড় নিতে শুরু করল। হঠাৎ যেন এক ঝোড়ো হাওয়ার মুখোমুখি হলো তাঁর জীবন ও জীবিকা। ঘটনার আকস্মিকতায় বিহ্বল ও শঙ্কিত মির্জা তাঁর মানসিক যন্ত্রণার বর্ণনা দিয়েছেন এভাবে, ‘আমি সহজেই বুঝতে পারলাম এর মধ্যে একটি গভীর চাতুরি লুকিয়ে আছে। আর বিলেত পাড়ি দেওয়া ছিল লোক দেখানো অজুহাতমাত্র। যদি এর বিন্দুবিসর্গ আমি জানতাম, তবে এই সফরে পা দিতাম না। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে আমার। ধনুক থেকে তীর ছোড়া হয়ে গেছে—শুধু তাকিয়ে দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। তাই অসহায় হয়ে আল্লাহর হাতে নিজেকে সঁপে দিলাম।’ চিঠি নিয়ে হঠাৎ সিদ্ধান্ত বদল হওয়ার কারণ জানতে চেয়ে বারবার জিজ্ঞেস করেও সুইনটনের কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি। মনের এই ভার কাউকে খুলেও বলতে পারছেন না, আবার তাঁর এমন কোনো সামর্থ্য বা সাহসও ছিল না যে এ ব্যাপারে যা করণীয় তা করতে পারেন। ‘আমার অস্তিত্ব আমার নিজের কাছেই বোঝা হয়ে উঠল।’ সে সময়ে মানসিক অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেছেন ইতেশামুদ্দীন। হয়তো তিনি আঁচ করতে পেরেছিলেন যে, ক্লাইভের শঠতায় তাঁর কূটনৈতিক দায়িত্ব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। উত্তমাশা অন্তরীপ ঘুরে ফ্রান্স হয়ে যাত্রার প্রায় ছ মাসে লন্ডনে পৌঁছলেন ইতেশামুদ্দীন—বাদশার হতাশ এবং নিরুৎসাহিত দূত।মির্জা বিলেতে দেড় বছর কাটিয়েছিলেন। আশা করেছিলেন, এই দীর্ঘ প্রতীক্ষার শেষে ক্লাইভ বাদশার চিঠি নিয়ে লন্ডনে পৌঁছাবেন। সে আশা পূরণ হয়নি। বাদশার চিঠি এবং নজরানা কোনো দিনই ইংল্যান্ডের রাজার হাতে পৌঁছেনি। ক্লাইভ লন্ডনে ফিরলেও বাদশার সেই নজরানা নিজের নামে ইংল্যান্ডের রাজাকে উপঢৌকন দিয়েছিলেন তাঁর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। শাহ আলমের চিঠির কথা ভুলেও তিনি রাজার কানে তোলেননি। বাদশাহর রাষ্ট্রদূত সুইনটনও এ ব্যাপারে ছিলেন নীরব। কারণ, তিনিও ক্লাইভের সহূদয়তা ও অনুগ্রহের প্রত্যাশী। পরে অবশ্য সুইনটন দুঃখ করে বলেছেন, মির্জার আশঙ্কাই সত্যে পরিণত হয়েছে আর ক্লাইভ সুইনটনকে পুরোপুরি ঠকিয়েছেন। কোম্পানির ডিরেক্টররা হলেন ক্লাইভের মুরব্বি। রাজা জর্জের মন্ত্রীদের সঙ্গে জানাশোনাও ছিল না সুইনটনের। ইচ্ছা থাকলেও তাঁর পক্ষে ক্লাইভের চাতুরির কথা ফাঁস করা সম্ভব হয়নি।কেন বাদশার চিঠি ক্লাইভ বেমালুম গায়েব করেছিলেন তার প্রকৃত কারণ লন্ডন থাকাকালীন ইতেশামুদ্দীন জানতে পারেননি। জেনেছিলেন দু বছর পর দেশে ফিরে। তখন তিনি আবার কোম্পানির মুনশি পদে যোগ দিয়েছেন। ফলে এ বিষয় নিয়ে তখন কিছু বলা হয়নি। দেশে ফেরার পনেরো বছর পর লেখা তাঁর ভ্রমণকাহিনীতে ব্যাপারটা খুলে বলার সুযোগ ঘটে তাঁর। মির্জার ভাষ্যমতে, বাদশা যখন বিলেতে চিঠিসহ দূত পাঠানোর চিন্তা করছেন তখন বাংলা বিজয় এবং এর শাসন নিয়ে রাজা জর্জের মন্ত্রীদের সঙ্গে কোম্পানির ঘোর বিরোধ শুরু হয়ে গেছে। মন্ত্রীদের যুক্তি হলো, যেহেতু কোম্পানি ইংল্যান্ডের রাজার প্রতিনিধি এবং বণিক মাত্র, সেহেতু তাঁদের দেশ জয় করার যথার্থ কোনো অধিকার নেই। তাঁদের দৃষ্টিতে, বাংলা জয়ের মূলে রয়েছে ব্রিটিশ রাজ্যের সৈন্যবাহিনীর বীরত্ব এবং আত্মত্যাগ। ফলে বিজিত দেশটির শাসনের অধিকার ব্রিটিশ সরকারের, কোম্পানির নয়। বণিক হিসেবে ব্যবসা-বাণিজ্যের প্রতি পুরোপুরি নজর দেওয়াই কোম্পানির কর্তব্য। কোম্পানির পাল্টা যুক্তিগুলোও মির্জা তুলে ধরেছেন তাঁর লেখায়। কোম্পানির বক্তব্য ছিল, সিরাজ এবং মীর কাশিমের সঙ্গে যুদ্ধের কারণে কোম্পানির ফ্যাক্টরিগুলোর ব্যাপক লুটতরাজ হয়েছে। ফলে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি সইতে হয়েছে কোম্পানিকে। এ ছাড়া বাংলায় সৈন্যবাহিনী পুষতে এবং তাদের বেতন-ভাতা, আনুষঙ্গিক ব্যয় মেটাতে প্রতিবছর মোটা টাকা গুনতে হয় তাদের।ক্লাইভের ভূমিকা প্রসঙ্গে লিখেছেন, ক্লাইভ কোম্পানির ডাইরেক্টরদের সঙ্গে শলাপরামর্শ করে ঠিক করেছিলেন, কোম্পানির স্বার্থের কারণেই দিল্লির বাদশাহর চিঠি সম্পূর্ণ চেপে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। এই চিঠি কোম্পানির বিরুদ্ধে রাজমন্ত্রীদের হাত শক্ত করবে। তাতে কোম্পানিরই ক্ষতি। চিঠিটিতে কোম্পানি সম্পর্কে কয়েকটি মৃদু অভিযোগ ছিল।মির্জা আরও লিখেছেন, এই বিরোধ তিন বছরে নিষ্পত্তি না হওয়ায় রাজা জর্জের কাছে সিদ্ধান্তের জন্য পাঠানো হয়। রাজার সিদ্ধান্তের সারমর্ম হলো—বাদশা শাহ আলম বাংলা প্রদেশ কোম্পানিকে উপহার হিসেবে দান করেছেন, যদি বাংলাকে ইংল্যান্ডের প্রত্যক্ষ শাসনের অধীনে আনা হয়, তবে কার্যত লন্ডন বাদশাহর অনুগ্রহভাজন হয়ে দাঁড়াবে, ইংল্যান্ডের অবস্থান হবে করদ রাজ্যের মতো। ইংল্যান্ডের পক্ষে এহেন পরিস্থিতি হবে মানহানিকর। বিশেষ করে আজ যখন সমগ্র হিন্দুস্তান ব্রিটিশশক্তির পদানত। রাজার এই সিদ্ধান্তের ফলে বিরোধের অবসান হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮৫৭ সাল পর্যন্ত ভারতের শাসনকাজের দায়িত্বে নিয়োজিত ছিল।বিলেত ও স্কটল্যান্ডে বাসের শেষ দিকে দেশে ফেরার জন্য মির্জার মন অস্থির হলো। সুইনটনের সঙ্গে এ সময়ে তেমন বনিবনা হচ্ছিল না। ইংরেজি ভাষা শিখতে পারেননি বলে সুইনটনের ওপর তাঁকে সব সময় নির্ভর করতে হতো—এটাও তাঁর মনঃপূত হয়নি। এ ছাড়া ধর্মীয় অনুশাসন রক্ষা করতে বিশেষ করে হালাল খাবারের ব্যবস্থায় ব্যতিব্যস্ত থাকতে হতো তাঁকে। কখনো না খেয়ে থেকেছেন কিন্তু হালাল খাবার ছাড়া কিছু খাননি। সুইনটন তাঁকে আরও কয়েক বছর বিলেতে রাখতে চেষ্টা করেছিলেন। বিলেতের অনেকে তখন হিন্দুস্তানে গিয়ে ব্যবসা-বাণিজ্য করে ধনী হওয়ার আশায় ফারসি এবং হিন্দুস্তানি শিখতে মোটা পারিশ্রমিক দিতে প্রস্তুত ছিলেন। সুইনটন চেয়েছিলেন, ফারসি শিখিয়ে ইতেশামুদ্দীন ভালো পয়সার মালিক হয়ে বিয়েশাদি করে বিলেতে প্রাচুর্যের মধ্যে দিন কাটান। ইতেশামুদ্দীন রাজি হননি। তাঁর সোজাসাপটা জবাব, ‘বিদেশে প্রাচুর্যের চেয়ে নিজের দেশে দারিদ্র্যের মধ্যে বাস করা শ্রেয়। আর ফর্সা ফিরিঙ্গি নারীদের চেয়ে আমার দেশের শ্যামবর্ণের নারীরা অনেক বেশি কাম্য।’ সুইনটন শেষে হাল ছেড়ে দিয়ে ইতেশামুদ্দীনকে বিদায় দিতে সম্মত হলেন। ১৭৬৮ সালের অক্টোবরে দেশে ফিরে এলেন তিনি। আবার তিনি কোম্পানির চাকরিতে যোগ দিলেন।বিলায়েতনামা লেখা হয় মির্জার দেশে ফেরার পনেরো বছর পরে—১৭৮৪/৮৫ সালে। সাধারণ ক্রমিককাল অনুসরণ করে বিলাত ও ফ্রান্সে যা দেখেছেন, তার একটি সার্বিক ধারাবিবরণী এবং সেখানকার সমাজ, প্রতিষ্ঠান ও জীবনযাত্রা সম্পর্কে তাঁর নিজস্ব মূল্যায়ন—এ বইয়ের বৈশিষ্ট্য। ইউরোপ এবং ভারতের তুলনামূলক আলোচনা প্রসঙ্গে ভারতের অবনতির সমালোচনায় তিনি পেছপা হননি। যেসব কারণে ইউরোপ তথা ব্রিটেনের কারিগরি উন্নতি ঘটেছে, তার উল্লেখ করেছেন। মাঝেমধ্যেই চোখে পড়বে, ইংরেজ সমাজ ও পরিবারে ব্যক্তিস্বাধীনতার প্রতি সম্মান দেখানোর রীতিকে তিনি প্রশংসা করেছেন অকুণ্ঠভাবে। তাঁর থিয়েটার দেখার অভিজ্ঞতা, সার্কাসের প্রবল উত্তেজনা, ‘অক্সফোর্ড মাদ্রাসা’ ভ্রমণ, তাঁর বেশভূষার প্রতি সাধারণ মানুষের কৌতূহলী আগ্রহ, ব্রিটিশদের নৈতিক মূল্যবোধ, বিশেষ করে ফিরিঙ্গিদের অপরিচ্ছিন্ন অভ্যাস—সবই তাঁর লেখার গুণে উপভোগ্য হয়ে উঠেছে। অক্সফোর্ডে উইলিয়াম জোনসের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। কিন্তু তিনি এই বিখ্যাত প্রাচ্যবিদের আরবি-ফারসি ভাষার দক্ষতায় তেমন সন্তুষ্ট হতে পারেননি।সন্দেহ নেই ইতেশামুদ্দীন বাংলায় জন্মেছিলেন। এ সত্ত্বেও প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যই বাঙালি ছিলেন? নাকি সেকালের অধিকাংশ অভিজাত মুসলিম পরিবারের মতো সামান্য কিছু বাংলা জানলেও কথাবার্তা বলতেন উর্দু ভাষায়। গোলাম মুরশিদ বিশ্বাস করেন, তিনি উর্দুভাষী ছিলেন না। তিনি তাঁর বক্তব্যের পক্ষে দুটি যুক্তি হাজির করেছেন। প্রথমটি হলো, তাঁর ভ্রমণ কাহিনীতে ইতেশামুদ্দীন লিখেছেন যে নবাব মীর জাফরের দরবারের মুনশির কাছে সৌভাগ্যক্রমে ফারসি লিখতে ও পড়তে শেখেন। তার মানে এর আগে তিনি ফারসি জানতেন না। আরেকটি পরোক্ষ প্রমাণ গোলাম মুরশিদ দেখিয়েছেন। স্কটল্যান্ডে থাকাকালে একদিন সুইনটন তাঁকে পীড়াপীড়ি করেও মদ ছোঁয়াতে না পেরে বিদ্রূপ করে বলেছিলেন, ‘আপনার এহেন আচরণের একমাত্র কারণ হলো, আপনি একজন বাঙালি আর ভারতীয়দের মধ্যে বোকামি আর নিবুর্দ্ধিতার জন্য তো বাঙালিরা কুখ্যাত।’ সুইনটন কলকাতা মুর্শিদাবাদ ছাড়াও ঢাকায় কিছুদিন চাকরি করেছেন। ঢাকার অধিবাসীদের সঙ্গে তাঁর বেশ ওঠাবসা ছিল। কে বাঙালি আর কে বাঙালি নন, তা সুইনটন ভালোভাবেই জানতেন। বইয়ে সন-তারিখ লেখার সময় ইতেশামুদ্দীন হিজরি মাসের পাশাপাশি বাংলা মাসের নামও দিয়েছেন। যেসব ফুলের উল্লেখ তিনি করেছেন, তা থেকেও গোলাম মুরশিদের মনে হয়েছে যে তিনি বাঙালি ছিলেন। প্রাচীন ফারসি, হিন্দি ও বাংলা সাহিত্যে যে স্বামী-স্ত্রীর বিরহজাত অনেক পদ্যায়িত কাহিনী রয়েছে, তারও উল্লেখ করেছেন তিনি। বাংলা না জানলে ফারসি বা হিন্দি সাহিত্যের পাশাপাশি প্রাচীন বাংলা সাহিত্যের প্রসঙ্গ টেনে আনতেন না। ঐতিহাসিক মাইকেল এইচ ফিসারও ইতেশামুদ্দীনকে বাঙালি বলেছেন।বিলেত থেকে ফিরে ইতেশামুদ্দীনের বেশ নামডাক হয়েছিল। লোকমুখে তাঁর পরিচয় হলো বিলায়েত মুনশি। এ সময় মারাঠা যুদ্ধের প্রেক্ষাপটে ইংরেজের হয়ে মারাঠাদের সঙ্গে কূটনৈতিক দর-কষাকষিতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। তবে দেশে ফিরে বিলেতভ্রমণ বা বিলেত নিয়ে বই লেখার কারণে কোম্পানির কাছ থেকে পুরস্কার, বেতন বৃদ্ধি বা পদোন্নতি—এসব কিছুই পাননি তিনি। কোম্পানির মুনশি হিসেবেই তাঁর বাকি জীবনটা কেটে গেছে। তাঁর লেখায় শেষ জীবনে অভাব-অনটনেরও ইঙ্গিত মেলে।অধ্যাপক কায়সার হকের মতে, ইতেশামুদ্দীন আনুমানিক ১৮০০ সালে মারা যান। বিলেতে থাকাকালীন তিনি নিজের দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও বৈশিষ্ট্য সব সময় তুলে ধরতে চেষ্টা করেছেন। যে প্রধান দায়িত্ব নিয়ে তাঁর বিলেত যাত্রা তা ব্যর্থ হয়েছিল। কিন্তু নিজ দেশের ভাবমূর্তি গড়ে তুলতে তিনি অনেকটাই সফল হয়েছিলেন। এখানেই তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব। পথিকৃৎ অভিযাত্রী হিসেবে বাংলার ইতেশামুদ্দীন আজও স্মরণীয়।গ্রন্থসূত্র:বিলায়েতনামা—মির্জা শেখ ইতেশামুদ্দীন, আবু মহামেদ হাবিবুল্লাহ, মুক্তধারা, ঢকা, ১৯৮১ দি ওয়ান্ডার্স অব বিলায়েত—অনুবাদ: কায়সার হক, পিপল ট্রি, ইংল্যান্ড, ২০০২বিলেতে বাঙালির ইতিহাস—গোলাম মুরশিদ, অবসর, ঢাকা, ২০০৮কাউন্টার ফ্লোম টু কলোনিয়ালিজম—মাইকেল এইচ ফিসার, পারমানেন্ট ব্লাক, দিল্লি, ২০০৪