লা মিজারেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই সব সময়ই আমার জীবন চলার পথে পুষ্টি জুগিয়েছে। শুধু বাংলা নয়, প্রচুর ইংরেজি বইও পড়েছি আমি। সুদীর্ঘ জীবনে এত সব ভালো ভালো বই পড়েছি—কোনটা রেখে কোনটাকে বাদ দিই! শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব উপন্যাসই পড়েছি। এর মধ্যে বিশেষভাবে বলতে হবে দত্তার কথা। অতি সাধারণ মানুষের জীবনকাহিনি যেমন নান্দনিক উপস্থাপনায় উঠে এসেছে এখানে, একইভাবে ফুটে উঠেছে মানবতার জয়গানও। বড় পরিপ্রেক্ষিতে মানবতার জয়কেতন ধ্বনিত হয়েছে আরও একটি উপন্যাসে—ভিক্তর হুগোর লা মিজারেবল। দুই খণ্ডের এই উপন্যাস জীবনভর নানাভাবে প্রভাবিত করেছে আমাকে। যে কারণে আমার পছন্দের বইয়ের প্রসঙ্গ এলে লা মিজারেবল-এর নাম অবশ্যই প্রথম সারিতে থাকবে।লা মিজারেবল-এর সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে সিনেমা হলে, গত শতাব্দীর চল্লিশের দশকে। তখন সিনেমা হলে লা মিজারেবল-এর চলচ্চিত্ররূপ দেখে উপন্যাসের নায়ক জাঁ বালজাকের প্রেমে পড়ে যাই আমি। পরে বইটি সংগ্রহ করে এক নিঃশ্বাসে পড়ে ফেলি। এই বইয়ে মানুষের প্রতি মানুষের যে মমতা পরস্ফুিট হয়েছে, তা সত্যিই বিস্ময়কর! আমার মনে হয়, প্রতিটি ভালো বইয়ের মধ্যে একটি বাণী থাকে। তবে বইটি কেবল বাণীসর্বস্ব হলে পাঠক সেটি গ্রহণ না-ও করতে পারে। কিন্তু বিশ্বাসযোগ্য কাহিনির মাধ্যমে বাণী প্রতিফলিত হলে মানুষকে তা আকৃষ্ট করে। সত্যিকারের সাহিত্যস্রষ্টারা তাঁদের সাহিত্যে জীবনকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে ধারণ করেন, জীবনের মহত্তম সত্য সেখানে এমনিতেই ধরা পড়ে।ফরাসি লেখক ভিক্তর হুগোর লা মিজারেবল এমনই একটি বই। পুরো উপন্যাসে নায়ক বালজাকের ভাগ্যবিড়ম্বনা ও দুর্দশা যেকোনো সংবেদনশীল মানুষকে স্পর্শ করতে বাধ্য। এ ছাড়া এই বইয়ের আরেকটি চরিত্র পুলিশ কর্মকর্তা জেভার্টও আমাকে মুগ্ধ করেছে নিজের কর্মনিষ্ঠা দিয়ে। গোটা উপন্যাসে এমন একটি চরিত্রও নেই, যাকে লেখক সমান মমতা দিয়ে আঁকেননি। উপন্যাসটি যেমন বড় পরিসরের, তেমনি এর চরিত্রগুলোর আছে বিস্তৃতি ও বহুমাত্রিকতা। এক বালজাকের জীবনেই তো কত ভাঙাগড়া। এই গড়ন-ভাঙনের মধ্য দিয়ে জীবনের মহৎ সত্যের কাছে পৌঁছাতে চেয়েছে বালজাক—‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।ভিক্তর হুগোর লেখার অন্যতম বৈশিষ্ট্য তাঁর গল্পকথনের সাবলীলতা এবং চরিত্র চিত্রণের পারঙ্গমতা। এই উপন্যাসে সেটি বরং আরও বেশি মাত্রায় অটুট, বলা যায় ধ্রুপদি মাত্রা পেয়েছে। এখানে প্রতিটি পরিস্থিতিকে লেখক এত নান্দনিকভাবে উপস্থাপন করেছেন, পড়া শুরু করলে শেষ না করে আর থামা যায় না। তাই লা মিজারেবল যতবার পড়ি, প্রতিবারই নতুন নতুন উপলব্ধি অনুভব করি নিজের ভেতরে। অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ