লাট সাহেবের সেই রুমাল

‘বাংলার মসলিন/বোগদাদ রোম চিন/স্বর্ণের বিনিময়ে কিনিত একদিন’—এটা কবির রচনা হলেও অত্যুক্তি নয়। সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলা ভ্রমণে এসে এ দেশের সুতিবস্ত্রের রমরমা দেখে বিস্মিত ফরাসি পর্যটক বার্নিয়ের লিখেছেন এ বিষয়ে।
রাজশাহী-মুর্শিদাবাদে তৈরি রেশমের নানা রকম কাপড়ের তখন বিলেত ইউরোপে বেজায় চাহিদা। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির নথিতেই লেখা আছে, বাংলাদেশ হচ্ছে তামাম হিন্দুস্তানের রেশমের ভান্ডার। এই রেশমের উৎকৃষ্ট সরবরাহকারীদের মধ্যে অন্যতম প্রধান কেন্দ্র ছিল রাজশাহী। শুধু রেশম কাপড় বা কাঁচা রেশমই নয়, সে সময় বাংলা থেকে আরও একটি রেশমজাত পণ্য বিদেশে রপ্তানি হতো—এর নাম চশম। চশম হলো রেশমের ছাঁট। বাদশাহি আমল, নবাবি আমলে বাংলার বস্ত্রশিল্প তাই ‘রেশমে-চশমে-সুতা জরিতে’ অতুলনীয় হয়ে ওঠে। বিলেতের বস্ত্রশিল্পের মালিকেরা ইস্ট-ইন্ডিয়া কোম্পানির আমদানি করা বাংলার কাপড়ের সঙ্গে দামে এবং মানে টিকতে না পেরে বিলেতের পার্লামেন্টে বাংলা থেকে সুতিবস্ত্র আমদানিতে ক্রমাগত মোটা শুল্ক বসানোর দাবি তোলা শুরু করে। এসব ঝড়-ঝাপটা সামলেও নিয়েছিল বাংলার পণ্য। কিন্তু অচিরেই ইউরোপের শিল্প বিপ্লবের ঝাপটায় বাংলার তাঁতশিল্পের স্রোতে ভরা কটালের বদলে মরা কটাল নেমে এল। বিলেতের কলের সস্তা সুতোর গনগনে আঁচে বাংলার চরকায় হাতেকাটা নরম সুতা শুকিয়ে গেল অল্প দিনের মধ্যেই ।
বাংলার রেশম কিন্তু নিজ গুণেই টিকে রইল আরও বহুদিন কলের দাপট এড়িয়ে। তাই রেশমশিল্প শুধু বেঁচেই থাকেনি, এর শ্রীবৃদ্ধিও হয়েছিল।
এমনি করে গত শতকের প্রথম মহাযুদ্ধের আগ পর্যন্ত রাজশাহী-মুর্শিদাবাদ থেকে রেশমের ছাপা কাপড়, রুমাল, চাদর বিলেত ও ফ্রান্সে রপ্তানি হয়েছে। যদিও আগের চেয়ে পরিমাণে অনেক কম। সেই সময়ের বাংলার রেশমশিল্পের সামান্য প্রদীপ থেকে যে আলোর ঝলকানি বের হলো—তা নিয়েই আজকের কাহিনির অবতারণা।
সাল ১৯১১। নভেম্বর মাসে লর্ড কারমাইকেল বিলেত থেকে মাদ্রাজে গভর্নর হয়ে এসেছেন। কারমাইকেল বাংলাদেশের শিক্ষিত মানুষের কাছে অপরিচিত নন, ১৯১২ সালে বাংলার গভর্নর ছিলেন। রংপুরের কারমাইকেল কলেজ তাঁর নামেই প্রতিষ্ঠিত।
বিলেতে থাকার সময় এডিনবরা শহরের দোকান থেকে কেনা এক বিশেষ ধরনের রেশমি রুমাল ব্যবহার করতেন কারমাইকেল। লম্বা ও চওড়ায় ২০ ইঞ্চি, ঘন নীল রেশমি কাপরের ওপর লাল-হলুদে নানা রং মিলিয়ে ছোট ছোট মোরগের ছবি ছাপা এই রুমাল ছিল তাঁর ভীষণ পছন্দের। শুধু তাঁরই নয়, সমসময়ের বিলেতের অভিজাত মহলেও বেশ চল ছিল এই ছাপা রেশমি রুমালের। ভারতের উদ্দেশে জাহাজে চাপার আগে তাঁর ইচ্ছে ছিল, এডিনবরার চেনা দোকান থেকে কয়েক ডজন এই রুমাল কিনে সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু নানা কাজের ব্যস্ততায় আর শেষ পর্যন্ত তাঁর সাধের রুমাল কেনা হয়ে ওঠেনি। মাদ্রাজে পৌঁছে বাক্স খুলে দেখলেন, বাড়িতে যে কখানা রুমাল ছিল, তাই নিয়েই মাদ্রাজে চলে এসেছেন। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। কারণ, মাদ্রাজ এ সিল্কের জন্য বিখ্যাত। সুতরাং এখানকার বাজার থেকে এক ডজন রুমাল কেনার জন্য লোক পাঠিয়ে দিলেন। সঙ্গে সেই এডিনবরার কেনা রুমালের নমুনা। কিন্তু মাদ্রাজের সারা বাজার ঘুরেও সেই রুমাল পাওয়া গেল না। সেখানকার নামীদামি ব্যবসায়ীরা জানালেন, এ ধরনের রুমাল বাংলাদেশে পাওয়া যেতে পারে।
কিছুদিনের মধ্যেই কারমাইকেল ১৯১২ সালে তৈরি নতুন বাংলা প্রদেশের গভর্নর হয়ে মাদ্রাজ থেকে কলকাতায় চলে এলেন। এবার তাঁর মাদ্রাজি ব্যবসায়ীদের পরামর্শ মনে পড়ল। কলকাতা শহর আর তার আশপাশের এলাকায় রুমালের খোঁজ পড়ল। লাট সাহেবের হুকুম। তাঁর কর্মচারীরা রুমলের নমুনা নিয়ে কলকাতার ব্যবসায়ীদের গদিতে বিস্তর ছোটাছুটি করেও রুমাল খুঁজে পেলেন না। কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ নগর দেশ-বিদেশের নানা শৌখিন বস্তু এখানকার সাহেবি দোকানে থরে থরে সাজানো। অথচ সামান্য একটি ছাপা মোরগ আঁকা রুমাল পাওয়া গেল না—আজব ব্যাপার! কলকাতার বড় বড় ব্যবসায়ীরা পরামর্শ দিলেন, লাট সাহেবের এই রুমাল মুম্বাইয়ে পাওয়া যাবেই। সেখানকার ধনী রইস আর অভিজাত পারসি নারী-পুরুষের শৌখিন পোশাক-আশাকের ওপর বেজায় ঝোঁক। অতএব এবার অনুসন্ধান চলল মুম্বাইয়ের নানা শৌখিন দোকানে। সেখানেও নেই এই সামান্য রুমাল। মুম্বাইয়ের ব্যবসায়ীরা পরামর্শ দিলেন বার্মায় খবর নিতে। বার্মা তখন ব্রিটিশ ভারত সাম্রাজ্যের অন্তর্গত। বার্মা সরকারের কাছে চিঠি গেল কলকাতার লাট ভবন থেকে। বার্মা সরকার সেটা খবর নিয়ে জানাল, এমন রুমাল বার্মায় নেই, তবে তাদের অনুমান, এই রুমালের হদিস মিলতে পারে জাপানে। সামান্য রুমালের পেছনে তাড়া করে জাপানে চিঠি লিখতে মন চাইল না লাট সাহেবের।
ইতিমধ্যে ভারতীয় শিল্প ও বাণিজ্য দপ্তরের কানেও লাট সাহেবের রুমাল খোঁজার কাহিনি পৌঁছে গেছে। বাজারে রুমাল খুঁজে না পাওয়ায় তারা একটু বিব্রতও হয়েছে। দপ্তরের ভেতরে-ওপরে-নিচে অনেকবার নথি চালাচালি করার পর তারা নিশ্চিন্ত হয়ে জানাল, এই রুমাল ভারতীয় নয়। যদি এ দেশেই এগুলো তৈরি হতো, তাহলে এত খোঁজাখঁুজির পরও কি এর সন্ধান পাওয়া যেত না? তাদের সুচিন্তিত মত, ফ্রান্সের দক্ষিণ অংশে মিলতে পারে এই রুমাল। গরমের সময় প্রতিবছর দক্ষিণ ফ্রান্সের সমুদ্র উপকূলে দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক বেড়াতে আসেন, তাঁদের জন্যই সম্ভবত এই রুমাল তৈরি করা হয়েছে।
লাট সাহেব হতাশ এবং কিছুটা ক্ষুন্ন² মনেই স্থানীয় বাজার থেকে তাঁর শখের রুমাল কেনার আশা জলাঞ্জলি দিলেন। এডিনবরার সেই পরিচিত দোকানেই এক ডজন রুমালের অর্ডার দিলেন চিঠিতে। সঙ্গে জানতে চাইলেন, এই রুমাল কোথায় তৈরি হয়। কিছুদিন পর এডিনবরার দোকান থেকে পাঠানো রুমালের সঙ্গে এক চিঠিতে জানানো হলো, এগুলো পাওয়া যাবে বাংলার মুর্শিদাবাদ জেলায়।
এবার কলকাতার লাট ভবন থেকে মুর্শিদাবাদ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি গেল রুমালের নমুনাসহ। ম্যাজিস্ট্রেট কালবিলম্ব না করে রুমালের খোঁজে লোকলস্কর লাগিয়ে দিলেন। এবার সঠিক খবর মিলল। মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়ায় ওই সময়ের এক প্রসিদ্ধ বাঙালি ব্যবসায়ী জানালেন যে ওই ধরনের রুমাল এবং গাউনের ছাপা সিল্কের কাপড় তাঁরাই বিলেত ও ফ্রান্সে রপ্তানি করে থাকেন। এত দিনে লাট সাহেবের রুমালের সঠিক ঠিকানার হদিস পাওয়া গেল। রুমাল বাংলাদেশের মুর্শিদাবাদ জেলারই তৈরি এবং এখান থেকে বিলেত ও ইউরোপে পাঠানো হয়েছে।
রুমালের প্রাপ্তিস্থানের সঠিক তথ্য পেয়ে লাট সাহেবের কৌতূহল নিরসন হলো, কিন্তু কারা এই রুমাল তৈরি করে এবং কীভাবে তৈরি হয় তা জানার আগ্রহও বেড়ে উঠল তাঁর। পরের বছর মুর্শিদাবাদে সরকারি ভ্রমণে এসে রুমাল তৈরির খুঁটিনাটি নিজের চোখে দেখতে চাইলেন তিনি। তাঁর ইচ্ছা মেটাতে রুমাল তৈরি করা কারিগরের ডেরাও বের করে ফেললেন মুর্শিদাবাদের ম্যাজিস্ট্রেট সাহেব। এবার লর্ড কারমাইকেলকে নিয়ে যাওয়া হলো বহরমপুর শহরের শেষ উত্তর প্রান্তে মহারাজ নন্দকুমারের ভাঙাচোরা প্রাসাদের কাছেই একটি জনবিরল স্থানে। সেখানে দুটি খড়ের ছাউনি দেওয়া ঘর দাঁড়িয়ে আছে। একটি ঘরে থাকে রুমালের নির্মাতা আবদুল ও অপরটি তার রেশমের রুমাল ছাপানোর কারখানা।
লাটকে দেখে আবদুল ভীত ও সন্ত্রস্ত। সাহেব পকেট থেকে সেই মোরগ ছাপা নীল রুমাল বের করে আবদুলকে দেখালেন। দোভাষীর মাধ্যমে জানতে চাইলেন, এই রুমাল আবদুল বানিয়েছে কি না। এবার আবদুলের সাহস ফিরে এল। রুমাল দেখেই আবদুল চিনতে পেরেছে, এটি তারই তৈরি। কুঁড়েঘরে ঢুকে মিনিট কুড়ির মধ্যেই দুখানা রুমাল ছেপে লাট সাহেবের হাতে তুলে দিয়ে আবদুল সালাম জানালা। লাট সাহেব দেখলেন, অবিকল সেই ছাপা মোরগ রুমালের ভেতর থেকে পিট পিট করে তাঁর দিকে চেয়ে আছে। সন্তুষ্ট কারমাইকেল দস্তানা পরা হাত বাড়িয়ে জড়সড় আবদুলের সঙ্গে করমর্দন করে দুটি সোনার মোহর দিলেন তাকে। ইংরেজিতে একটা কথা রয়েছে, যা সবাই জানেন, ‘চেসিং ওয়াইল্ড গুজ’—‘বুনো রাজহাঁসের পেছনে ছোটা’ অর্থাৎ নিষ্ফল কাজের পেছনে সময় ব্যয় করা। লাট সাহেব বুনো রাজহাঁসের বদলে পোষা মোরগের পেছনে ছুটে শেষ পর্যন্ত সফল হলেন। কাঙ্ক্ষিত রুমালও পেলেন।
আবদুল সামান্য কারিগর। বিলেতি রং ব্যবহার করে না। পয়সা কোথায় বিদেশি রং কেনার। নিজেই গাছগাছড়া, শিকর-বাকড় দিয়ে রং তৈরি করে নেয়। এই পাকা রং তৈরি করার কৌশল অবশ্য কাউকে ফাঁস করে না সে। বহরমপুর শহরে আবদুলের ঝলমলে রুমাল গলায় বাঁধা সেই থেকে ফ্যাশন হয়ে উঠল। শৌখীন মানুষের খাবার টেবিলে বিছানোর জন্য তার রুমালের চাহিদা আরও গেল বেড়ে—এক টাকা বা পাঁচ সিকের রুমালের দাম বেড়ে দুই টাকায় বিক্রি হতে থাকে লাট সাহেবের সফরের দৌলতে। দুই টাকা কিন্তু তখন একেবারে ফেলনা নয়। আর এখন রুমাল আবদুলের একার নয়, খোদ লাট সাহেব ব্যবহার করেন এই রুমাল। দাম তো বাড়বেই। তিনিই যেন এখন থেকে হলেন বাংলার রেশমশিল্প ও আবদুলের রুমালের চলন্ত রাজকীয় বিজ্ঞাপন।