লারকানার নাপিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক ঐতিহাসিক শহর লারকানা। লারকানা সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর জন্মস্থান হিসেবে বিখ্যাত। সেই লারকানা এখন কুখ্যাত হয়ে উঠেছে শিশু অপহরণকারীদের স্বর্গরাজ্য হিসেবে। এই শহরে ডাকাতদের হাতে অপহরণ হওয়া শিশুদের সংখ্যা অনেক। পাকিস্তানের অন্যান্য প্রদেশের সঙ্গে সিন্ধু প্রদেশের কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এই প্রদেশ এখনো পাঞ্জাব ও খাইবার পাখতুনখা (সাবেক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ) কিংবা বেলুচিস্তানের মতো তালেবান ও উগ্রপন্থীদের তৎপরতায় জর্জরিত নয়। বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় উদারতার ঐতিহ্যের জন্য গর্বই করেন সিন্ধু প্রদেশের অধিবাসীরা। পাকিস্তানের স্বল্পসংখ্যক ধর্মীয় সংখ্যালঘুদের বসবাসও এই প্রদেশে। এই প্রদেশে এখনো চোখে পড়ে সবুজ পাথরের মসজিদ আর ত্রিশূলখচিত মন্দিরের সহাবস্থান। কিন্তু, এই প্রদেশ বিশেষ করে লারকানার সব গৌরব, সব আনন্দ যেন কেড়ে নিয়েছে শিশু অপহরণের সেই দমবন্ধ করা ব্যাপার-স্যাপার।আনোয়ার খোকার এই লারকানা শহরের একজন গরিব নাপিত। সিন্ধুসহ পাকিস্তানের অন্যান্য প্রদেশে এই একবিংশ শতকেও ‘রাজত্ব’ করে যাওয়া সামন্তশ্রেণী ও জোতদার মহাজনদের তুলনায় তিনি দরিদ্রই। ভুট্টোর প্রধানমন্ত্রিত্বের সময়কালে তিনি পিপলস পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছিলেন ভুট্টোর একেবারে অন্দরমহলে তাঁর চুল ছাঁটার দায়িত্বে। পিপলস পার্টির নিবেদিত প্রাণ কর্মীর পুরস্কার হিসেবে লারকানাতেই পেয়েছিলেন কিছু জমি। তার একটিতে ঘর বানিয়ে আর আরেকটিতে চুল ছাঁটার দোকান খুলে দিনকাল মোটামুটি কেটে যায় তাঁর।খোকারের পরিচয় নাপিত হলেও তিনি তার চেয়েও বড় পরিচয়ে পরিচিত। এই মুহূর্তে লারকানাময় তাঁর খ্যাতি অন্য একটি কারণে। মানবহিতকর একটি কাজের জন্য। শিশু অপহরণকারীদের উৎপাতে উন্মত্ত লারকানাবাসীর হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করার গুরুত্বপূর্ণ দায়িত্বটি তিনি পালন করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে, একান্তই নিজের দায়িত্ববোধ থেকে।আগেই বলা হয়েছে, এক অর্থে সিন্ধু প্রদেশের মালিক স্বল্পসংখ্যক সামন্ত-জোতদার। পৃথিবী থেকে অনেক আগেই জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেলেও সিন্ধুতে এরা বহাল তবিয়তেই রয়েছে। এই অল্পসংখ্যক ‘জমিদার’ই সিন্ধুর অধিকাংশ উর্বর আবাদযোগ্য জমির মালিক। স্থানীয় দরিদ্ররা সেই সব জমিতে চাষ-বাস করে কোনোমতে খেয়ে-পরে থাকেন। এই প্রদেশে ‘বাপ-মা’ অভিভাবক বলতে সেই জোতদারেরাই। সামাজিক অসমতার সুযোগে সেখানে তৈরি হয়েছে অপরাধপ্রবণতা। অপরাধীদের কাছে শিশু অপহরণ এখন অর্থ আয়ের সবচেয়ে বড় হাতিয়ার। একটি শিশুকে অপহরণ করে তার বাবা-মার কাছে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবির মধ্য দিয়েই এই ভয়ংকর ও হূদয়বিদারক অপরাধটি সংঘটিত হয়ে আসছে। অপহরণের শিকার প্রথমদিকে ধনীর শিশুরা হলেও এখন অপহরণকারীদের কাছে ধনী-দরিদ্র কোনো ব্যাপার নয়। যারা মুক্তিপণ পরিশোধ করতে পারছে না, তাদের নিশ্চিত পরিণতি—সন্তান হারানো। কারণ, মুক্তিপণ না পেয়ে পাষণ্ড ডাকাতদের পাশবিকতার শিকার হয় শিশুরা।আনোয়ার খোকার অপহূত শিশুদের উদ্ধার ও এসংক্রান্ত কাজে জড়িয়ে পড়েন ঘটনাচক্রেই। প্রথমে পাশের বাড়ির শিশুটি হারিয়ে গেলে তিনি মাইকে ‘হারানো বিজ্ঞপ্তি’ প্রচারের কাজ করতেন। ঘোষণার দায়িত্বটি তিনি নিজের কাঁধেই নিতেন। এভাবে ধীরে ধীরে তিনি ব্যাপারটির গভীরতা অনুভব করতে শুরু করেন। অনুধাবন করতে শুরু করেন হারিয়ে যাওয়া শিশুদের কষ্ট ও তাদের হারিয়ে বাবা-মাদের মনের ভেতরের হাহাকারগুলো। এভাবে তিনি একসময় হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করা ও খুঁজে পাওয়া শিশুদের তাদের বাবা-মার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটি কাঁধে তুলে নেন সযতনেই।খোকার এখন তাঁর কাজের পরিধি অনেকটাই বাড়িয়েছেন। তিনি কেবল হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করার দায়িত্বই পালন করছেন না, প্রতিদিন হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া শিশুদের রেকর্ডও দায়িত্বের সঙ্গে সংরক্ষণ করছেন। যে দেশে সন্ত্রাস, অপহরণ, খুন, বোমাবাজি নিত্যদিনের ঘটনা, যে দেশে খুন, জখম ও অপহরণের কোনো হিসাব সরকার রাখে না, সেখানে আনোয়ার খোকার আশ্চর্য এক ব্যতিক্রম।দ্য গার্ডিয়ান অবলম্বনে এন ইকবাল