লি ব্রেনন এবং অতঃপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের পড়ন্ত দুপুরে হঠাৎ করে মুঠোফোন বেজে ওঠে। ওপাশ থেকে অপরিচিত এক ভদ্রলোক জানালেন, ‘গত ২৫ মার্চ লি ব্রেননের গানের রেকর্ড নিয়ে “নিখোঁজ পরম আত্মীয়” নামে একটি লেখা ছাপা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত এই রেকর্ডটি কোনো ভুতুড়ে উপায়ে পাওয়া যায়নি। লি ব্রেনন সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে আপনাকে যেতে হবে এ রেকর্ডের প্রকৃত সংরক্ষকের কাছে. যিনি মুক্তিযুদ্ধের সময় লিভারপুলে ছিলেন এবং লি ব্রেননের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর।খবরটা শোনার পর আর তর সইছিল না। এত দিন পর মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত এ রেকর্ডের প্রকৃত মালিক সম্পর্কে জানা যাবে! ঠিকানা নিয়ে রওনা হলাম ধানমন্ডির সাতমসজিদ রোডের দিকে। ঘণ্টা খানেকের মধ্যে পৌঁছে গেলাম ভদ্রলোকের বাসায়। শুরু হলো আমাদের মধ্যে কথোপকথন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার সাবেক অধ্যাপক। নাম মাহবুবুর রহমান খান। ১৯৬৯ সালে পাকিস্তান সরকারের সময় তরুণ এই শিক্ষক স্কলারশিপ নিয়ে চলে যান ইংল্যান্ডের লিভারপুল শহরে। সেখানে মাঝেমধ্যে তিনি খেতে যেতেন বাংলাদেশি রেস্টুরেন্ট ‘কিসমত’-এ। সেখানেই কাকতালীয়ভাবে পরিচয় এবং হূদ্যতা গড়ে ওঠে কিসমতের মালিক সৈয়দ সাহেবের সঙ্গে। ১৯৭১ সালের মার্চ মাসে, লিভারপুলে বসে তাঁরা বিবিসির মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের ভয়াবহ তাণ্ডবলীলার খবর জানতে শুরু করেন। এবং এরই মধ্যে বিদেশে জনমত গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। লিভারপুলে তাঁরই নেতৃত্বে ছিল বাংলাদেশ অ্যাকশন কমিটি। লিভারপুলের এ অ্যাকশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন ‘কিসমত’ রেস্টুরেন্টের মালিক সৈয়দ সাহেব, সেক্রেটারি ছিলেন রসায়ন বিভাগের পিএইচডির ছাত্র জনাব মেফতা। পাকিস্তান সরকারের স্কলারশিপ পেয়ে ইংল্যান্ডে গেছেন, তাই সরাসরি মাহবুবুর রহমান নিজে এ অ্যাকশন কমিটির গুরুত্বপূর্ণ পদে না থাকলেও কমিটিকে সব সময় নিজের পড়াশোনা, উপদেশ, ফান্ড তোলা, জনমত তৈরি করা—এসব বিষয়ে সাহায্য করেছেন। অ্যাকশন কমিটিতে লিভারপুলের সব বাংলাদেশির নাম মনে না থাকলেও রেস্টুরেন্টের বয় ১২ বছর বয়সী এক কিশোরের সামান্য টাকাও বাংলাদেশের মানুষের সহায়তায় দান করা হয়েছিল। অ্যাকশন কমিটির সভা বেশির ভাগ সময় বসত কিসমত রেস্টুরেন্টে। লি ব্রেননের সঙ্গে মাহবুবুর রহমানের পরিচয়ের ঘটনাটি বেশ আকস্মিক। ঘটনাটা তাঁর নিজের জবানিতেই শোনা যাক:‘১৯৭১ সালের মার্চ মাসের পর আমরা কয়েকজন বাংলাদেশি মিলে মিটিং করছিলাম কিসমত রেস্টুরেন্টে। এরই মধ্যে দীর্ঘকেশী, মুখে খোঁচা দাড়ি, পিঠে শান্তিনিকেতনের স্টাইলে ঝোলানো ব্যাগ, হাতে একটি গিটার নিয়ে লি ব্রেনন আমাদের পাশে এসে দাঁড়ালেন। লিভারপুলের বিভিন্ন পাবে তিনি গান গেয়ে শোনাতেন। বিবিসির প্রচারমাধ্যমে বাংলাদেশের ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখে তিনি নিজ থেকে বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য কিছু করতে চাইলেন। “তুমি শিল্পী, তোমার অস্ত্র দিয়ে তুমি এগিয়ে আসতে পারো বাংলাদেশের মানুষের সহায়তায়”—এই বলে তাঁকে উৎসাহিত করি আমি। মুচকি হেসে সেদিনের মতো লি ব্রেনন চলে যান। পরের দিন লি ব্রেনন তাঁর নিজস্ব “জাগুয়ার” গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে হাজির। বাংলাদেশের জন্য তিনি চারটি গান লিখেছেন এবং সুর দিয়েছেন সেগুলোর, শোনার জন্য সস্ত্রীক আমাদের নিয়ে যান তাঁর বাড়িতে। সেখানে গিয়ে দেখি, লি ব্রেননের গানের দলের সদস্য ডন, প্যাটি টমাস, জন ব্রাউন, জিমি সেফটন। মুক্তিযুদ্ধের পক্ষে এ দলটি চারটি গান গেয়ে শোনাল। গানগুলো এতই শ্রুতিমধুর ও মনোমুগ্ধকর যে, শুনতে শুনতে সেগুলো আমি ফিলিপসের রেকর্ডারে রেকর্ড করে ফেলি। পরের দিন মি. মেফতা ও লি ব্রেনন বিবিসির স্টুডিওতে গিয়ে গানগুলো রেকর্ড করলেন। এরপর রেকর্ড করা এসব গান জমা করা হলো রেস্টুরেন্ট কিসমতে। রেস্টুরেন্টে তো বিক্রি হতোই, লি ব্রেনন যখন যেখানে যেতেন, গানের রেকর্ড সঙ্গে করে নিয়ে যেতেন। কেউ যদি আগ্রহী হয়ে গানের রেকর্ড কিনতে চাইত, তখন তিনি এই গানের রেকর্ড বিক্রি করে টাকা সংগ্রহ করে ফান্ডে জমা করতেন। পরে এ ফান্ডের টাকা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষের জন্য।’ দেশ স্বাধীন হওয়ার পর তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন শেষে ১৯৭২ সালে দেশে ফিরে আসেন তিনি। এরই মধ্যে কিসমত রেস্টুরেন্টের মালিক সৈয়দ সাহেব মারা যান। তাঁর ইংল্যান্ডের রেস্টুরেন্টগুলো ভাগাভাগি হয়ে যায়। ফলে লি ব্রেননের রেকর্ড সব হারিয়ে যায়। লি ব্রেননেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ১৯৯২ সালে তিনি ও তাঁর স্ত্রী লিভারপুলে চিকিৎসার জন্য গেলে বিভিন্নভাবে লি ব্রেননের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। অবশেষে পূর্বপরিচিত, তখন লিভারপুলে অবস্থানরত, ওয়াহিদুল ইসলাম নিজের ক্লায়েন্টের সহায়তায় বিবিসি স্টুডিও থেকে উদ্ধার করেন এই রেকর্ড। কিন্তু সরকারি জটিলতার কারণে তখন তিনি এ রেকর্ড বাংলাদেশে আনতে পারেননি। পরে ১৯৯৬ সালে লিভারপুল থেকে তাঁর এক আত্মীয় ঢাকায় এলে তিনি লি ব্রেননের এ রেকর্ড নিয়ে আসেন। হাতে পাওয়ামাত্র এ রেকর্ডের কপি তিনি দিয়েছেন ক্যান্টনমেন্টের বিজয় নিকেতনে, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, মুক্তিযুদ্ধ জাদুঘর ও জাতীয় জাদুঘরে। মুক্তিযুদ্ধ জাদুঘরে তিনি এ রেকর্ড নিয়ে কয়েকবার গিয়েছিলেন, কিন্তু নির্ভরশীল কাউকে না পেয়ে অনেকটা অভিমান করে রেকর্ডটি রেখে এসেছেন প্রবেশ ফটকে। ‘নিজের প্রচার নয় বরং এই বিদেশি গায়কের মুক্তিযুদ্ধের পক্ষে অসামান্য অবদানের স্বীকৃতি যেন বাংলাদেশের মানুষ দেয়, এত দিন পরে হলেও লি ব্রেনন সম্পর্কে প্রথম আলোর ‘অন্য আলো’য় প্রকাশিত এ ফিচার যেন বাংলাদেশের মানুষের মনে লি ব্রেননের প্রতি সম্মান জাগাতে পারে, এটাই আমার চাওয়া।’ বলেন ড. মাহবুবুর রহমান খান।