
‘যমুনা মাছ বিতান’ হলো দোকানের নাম। নামের মধ্যেই মাছের গন্ধ লেগে আছে। সামনের সাইনবোর্ডে বড় করে ইংরেজিতে, ছোট করে বাংলা এবং উর্দুতে দোকানের নাম লেখা। শিকাগো শহরের ডেভন স্ট্রিটে তিনটা বাংলাদেশি দোকানের একটা এটা। ডেভন স্ট্রিটে পা রাখলে করাচি কি দিল্লির কোনো সড়ক বলে মনে হয়। শাড়ি পরা ভারতীয়, কুর্তা পরা পাকিস্তানি, দেকেচি-খেয়েচি কিংবা দেখসি-খাইসি করতে থাকা বাংলা ভাষাভাষী—ডেভন স্ট্রিটে বিচরণ করছে সব সময়। এদের মধ্যে বাংলা বলা লোকজনকে সপ্তাহান্তে রুই-ইলিশ-রুপচাঁদার খোঁজে ‘যমুনা মাছ বিতান’-এ একবার হানা দিতে হয়। যেমন রাজীব এবং লিরা। তারা এসেছে রুপচাঁদার খোঁজে। ‘যমুনা মাছ বিতান’-এ মাছ বিক্রি আর কাটাকাটিতে বাংলাদেশি মালিককে সাহায্য করে এক মেক্সিকান। মেক্সিকান লোকটা ইদানীং বাংলা বলতে পারে টুকটাক। রাজীবকে দেখে এগিয়ে এসে বলে, হুইচ মাছ ইউ আর লুকিং ফর? রুই, ইলিস, রুপশান্দা? মেক্সিকানের মুখে বাংলা শুনতে রাজীবের ভালো লাগে। রুপচাঁদা আছে? সে বাংলায় জিজ্ঞাসা করে। সে ধরেই নেয় লোকটা বাংলা বুঝবে। এদিকে লিরা দেশি চানাচুর আর মসলার প্যাকেট দেখে। রাজীব দেখে, লিরার আসলে কেনাকাটায় মন নাই। তার হঠাৎ করে মনে পড়ে, রুপচাঁদার খোঁজে লিরা ডেভনে আসেনি। সে খুঁজছে অন্য কিছু।
লিরার জিনিসপাতি হারানোর স্বভাব আছে। প্রতিদিনই কিছু-না-কিছু হারাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, বাসের কার্ড, ক্রেডিট কার্ড, চুলের ব্যান্ড, চশমা—এত কিছু সামলানো লিরার কাছে এক বিরাট ঝামেলা। জিনিস ছড়িয়ে রাখা তার ধাত। এভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে রাখতে, হারাতে হারাতে, খুঁজে পেতে পেতে সে এমন একটা জিনিস হারিয়ে ফেলেছে, যা দেশের বাইরে পা রাখা কেউ হারালে তার নাম-পরিচয় বলে আর কিছু থাকে না।
বিশ্ববিদ্যালয়ের কী একটা কাজে পাসপোর্টের দরকার পড়েছিল। কাজ শেষে বাসায় ফিরে লিরা আর পাসপোর্ট খুঁজে পায়নি। বিশ্ববিদ্যালয়ের কোথাও ফেলে এসেছে, নাকি বাসে, নাকি হাঁটাপথে, নাকি বাসার কোনো কানাচে-খাঁজে—পই পই করে খুঁজেও তার হদিস করতে পারেনি তারা।
কী খোঁজো? মসলার প্যাকেট দেখতে থাকা লিরাকে রাজীব জিজ্ঞাসা করে। তারপর টিপ্পনী কাটে, পাসপোর্ট?
লিরা কেবল তাকিয়ে থাকে। তার এই ভাষা রাজীব কোনো দিনই বোঝেনি।
পাসপোর্ট হারানোর দুর্ঘটনায় রাজীব আর লিরার মধ্যে কম চিল্লাচিল্লি হয়নি। রাজীবের অভিযোগ, পুরো ঘটনা লিরা ঘটিয়েছে হেলা করে। তুমি একটা ক্যালাস, বুঝসো? কেয়ারলেস অ্যান্ড ক্যালাস। রাজীব এই দুই বিশেষণ অনেকবার শুনিয়েছে লিরাকে। লিরারও পাল্টা উত্তর তৈরি ছিল। কিন্তু সেসব ভাবতে গিয়ে রাজীবের মনে হঠাৎ করে বিদেশে আসার পর তৈরি হওয়া তার ভাষার সমস্যাটা আবার উঁকি মারে। সে যখন লিরার সঙ্গে কিংবা অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলতে যায়, টের পায়, আটপৌরে কথাগুলো, যেমন কেমন আছ’, সে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে বলছে। ‘যমুনা মাছ বিতান’-এর বাংলাদেশি মালিক খোকন ভাইকে সে যেমন জিজ্ঞাসা করে, ‘সবকিছু ঠিকঠাক?’ সে বোঝে, সে আসলে ‘এভরিথিং অলরাইট?’-কে বাংলা করছে। খোকন ভাই উত্তর দেন ইংরেজিতে, এভরিথিং জাস্ট ফাইন। আর বাংলা শেখা মেক্সিকান লোকটা দাঁত কেলিয়ে বলতে থাকে, রুপশান্দা নেন। বিগ। বড়। রাজীবের সবকিছুতেই বিরক্তি ধরে আজ। তার ওপর লিরাও তার সঙ্গে কথা বলা হঠাৎ বন্ধ করে দিয়েছে। রাজীবের মনে হয়, লিরা হারিয়েছে তার পাসপোর্ট, আর তারা সবাই মিলে হারিয়েছে ভাষা। এই যে লিরা এখন কথা বলছে না, সে কথা বললেও কিছু যায়-আসত না। কারণ, কথা তারা বলত এক অজানা ভাষায়। ভাষা মানে কেবল শব্দ আর বাক্য নাকি? ভঙ্গি, তাকানো—এগুলোও অনূদিত হতে হতে, সমুদ্রের নোনা পানির মতো ভাষার ম্যানগ্রোভ বনে ঢুকে পড়তে পড়তে তাদের সবার পাসপোর্টকে সেই কবে অর্থহীন সবুজ মলাটে ঢাকা কয়েকটা পৃষ্ঠা বানিয়ে ফেলেছে। রাজীবের মনে হয়, এই মলাটের সবুজটুকু তার স্বপ্নের মধ্যে প্রতিদিন বানের মতো যে বাংলাদেশ ঢুকে পড়ে, তার থেকে শুষে নেওয়া। লিরা আসলে ভুগছে এই সবুজটুকু হারানোর বেদনায়।
রাজীবের যেমন মনে হয় পাসপোর্ট কেবল এই দেশে ঢোকার জন্য লাগে কেন? আমেরিকায় তো সে ঢোকে প্রতিদিন, বেরও হয় প্রতিদিন। উইকএন্ডে মানে সপ্তাহান্তে শিকাগো শহরঘেঁষা লেক মিশিগানের সৈকতগুলোতে বন্ধুদের সঙ্গে হেঁটে বেড়ায় রাজীব আর লিরা। লেকের পাড়ে বার-বি-কিউ মানে মাংস পোড়ানো উৎসব হয়। আবার সন্ধ্যায় দেশি আনাজপাতি, মসলার লোভে ডেভনে যায় তারা। সকালে এক মহাদেশে, সন্ধ্যায় আরেকটায়। পেন্ডুলামের মতো তারা একবার এক মহাদেশে, আরেকবার আরেক মহাদেশে হুমড়ি খায়। এ জন্য কি তাদের প্রতি উইকএন্ডে একবার করে পাসপোর্টের দরকার নাই? রাজীব ভাবে।
‘যমুনা মাছ বিতান’ থেকে বের হয়ে বাসে উঠে বসে রাজীব-লিরা। লিরা এখনো কথা বলা শুরু করে না। রাজীব জানালা দিয়ে দেখে তাদের বাস তাদের পরিচিত সিমেট্রিটাকে পাশ কাটায়। ডেভন থেকে ফেরার পথে এই সিমেট্রির পাশ দিয়ে তারা অন্তত কয়েক শ বার গেছে। এটা গরিব মানুষের সিমেট্রি সম্ভবত। বড়লোকদেরগুলোতে অনেক নকশা-টকশা থাকে। গরিবদের হলেও এই সিমেট্রিতে কোনো চিল্লাচিল্লি নাই। মৃতদের নীরবতা পছন্দ। প্রতিটা কবরকে রাজীবের মনে হয় রোদ পোহাতে থাকা একেকটা যতিচিহ্ন। সে এবং লিরাও যেন একটা সিমেট্রি মাঝে রেখে বসে আছে। আর ফেলে আসা দেশটাকেও একটা সিমেট্রি বলে মনে হয় তার। সব মানুষ, ঘটনা আর গল্পে একটা যতিচিহ্ন বসিয়ে রাজীব আর লিরা এখানে চলে এসেছে। যদিও দেশের মানুষের কলরব তাকে শুনতে হয় ফোনে, দেখতে হয় ফেসবুকে। তারপরও সব সময় তার একটা সংশয় থেকে যায়, এটা বোধ হয় মুখর হয়ে ওঠা মৃত মানুষের কলরব। তার দেশ আর দেশের মানুষ যে বেঁচে আছে—তার প্রমাণ কী, যতক্ষণ না সে নিজে সেখানে আছে? ফেসবুকে ভেসে ওঠা দেশকে একটা তীব্র, দুর্বোধ্য নয়েজ বলে মনে হয় রাজীবের। সে ভাবে, নয়েজের বাংলা কী? আরও অনেক শব্দের মতো এটার বাংলাও মনে করতে পারে না সে।
২.
লিরার অনেক কাজেরই কোনো মানে বের করতে পারে না রাজীব। গুগলের ম্যাপ দিয়ে পৃথিবীর প্রায় প্রতিটা অংশের ছবি দেখা যায় এখন। পাসপোর্ট হারানোর পর লিরা বাংলাদেশে তাদের বাড়ির ছবি গুগল ম্যাপে খুঁজে খুঁজে বের করেছে। তারপর সে ছবি তার কম্পিউটারে ওয়ালপেপার করে রেখে দিয়েছে। এই সব কইরা কোনো লাভ আছে? রাজীব জিজ্ঞাসা করেছিল। লিরা উল্টো প্রশ্ন করেছিল, আচ্ছা, গুগল সার্চ করে পাসপোর্ট বের করা যায় না? হেঁয়ালি করতেসো কেন, লিরা? রাজীব বিরক্ত হয়েছিল। আই অ্যাম সিরিয়াস, ট্রাস্ট মি। লিরা উত্তর দিয়েছিল। লিরার সিরিয়াসনেসও ইদানীং রাজীব ধরতে পারে না।
ইন্টারনেটে খোঁজখবর নিয়ে রাজীব জানতে পেরেছে, আমেরিকার আরেক প্রান্তে বাংলাদেশের দূতাবাস আছে। সেখানে গেলে পাসপোর্ট সমস্যার সমাধান হবে। একদিন সে ফোন করে দূতাবাসে। অনেকবার চেষ্টার পর একজন নারীর গলা শুনতে পায় সে। রাজীব আবিষ্কার করে নারীর সঙ্গে সে কথা বলছে ইংরেজিতে। ইংরেজি থামিয়ে হঠাৎ বাংলা বলা শুরু করে সে। কিন্তু তার করসি, হারাইসি বাংলা শুনে ওই নারী আর তাকে পাত্তা দিতে চায় না বলে মনে হয় তার। সে আবার ইংরেজিতে বলে। মাস খানেক পরের একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করা যায়।
পাসপোর্ট ফিরে পাওয়ার বন্দোবস্ত হয়েছে—এই সংবাদ লিরাকে বিশেষ কোনো স্বস্তি দেয় বলে মনে হয় না রাজীবের। বরং সে শোনে, লিরা তাকে বলছে, আজ সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে, ফেসবুকে সবাই স্ট্যাটাস দিচ্ছে। আজ সকাল দশটায় মানে রাত দশটায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চট্টগ্রামে টেস্ট ম্যাচ। আজ থেকে তিন দিনের হরতাল। রাজীবের ধরতে কষ্ট হয়, লিরা আসলে কোন সময়ে আছে। লিরা বারবার বাংলাদেশ আর আমেরিকার বারো ঘণ্টার পার্থক্য গুলিয়ে ফেলে কেন? ফেসবুক লিরাকে বাংলাদেশের সময়, মানুষ আর গল্পের মধ্যে চুবিয়ে রাখছে? পাসপোর্ট ছাড়াই সম্ভবত দুই দেশে বাস করছে লিরা।
ট্রেনে করে আঠারো ঘণ্টার ভ্রমণ করতে হয় রাজীবদের। ট্রেন ভ্রমণের ক্লান্তি নিয়ে সকাল-সকাল তারা হাজির হয় বাংলাদেশি দূতাবাসে। ফোনে কথা বলা নারীকে রাজীব খুঁজে পায়। ফোনে কোনো এক ভাবির সঙ্গে রান্নার রেসিপি নিয়ে আলাপ করছেন তিনি। রাজীবরা পাশে রাখা সোফায় বসে মিনিট পনেরো তার আলাপ শোনে। এমন সময় দূতাবাসে এক সাদা আমেরিকান এসে উপস্থিত হয়। রাজীবকে সে জানায়, বিশ্বভ্রমণের অংশ হিসেবে এবার সে যাচ্ছে বাংলাদেশে। ভিসার জন্য এখানে এসেছে। রান্নার রেসিপি-সংক্রান্ত আলাপ শেষ হলে সাদা আমেরিকান নারীকে গিয়ে বলে, হাউ আর ইউ ডুইন? ওই নারী বলে, আই অ্যাম ফাইন, স্যার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তারপর তারা দাপ্তরিক আলাপে মশগুল হয়। রাজীব বিশেষভাবে খেয়াল করে, সাদা আমেরিকানের সঙ্গে কথা বলার সময় নারীটি প্রায় প্রতিটা বাক্য ‘স্যার’ দিয়ে শুরু করছে। তার এই ভদ্রতা রাজীবের ভালো লাগে। আমেরিকানের কাজ শেষ হলে রাজীব আর লিরা গিয়ে কাউন্টারের সামনে দাঁড়ায়। ওই নারী ডেস্ক থেকে মুখ না তুলে জিজ্ঞাসা করে, ‘বলেন, কী সমস্যা।’ রাজীব আর লিরা একটু থতমত খায়। নারীটি উত্তর না পেয়ে কিছুটা বিরক্তি নিয়ে মাথা তুলে জিজ্ঞাসা করে, ‘বলেন, হোয়াটস দ্য প্রবলেম? হোয়্যার আর ইউ ফ্রম?’ এই প্রশ্নটা রাজীবের জন্য সব সময়ই একটা ধাঁধা, বিশেষ করে আমেরিকায় পা রাখার পর থেকে। সে টের পায় ধাঁধাটা লিরারও। কারণ সে দেখে, নারীর প্রশ্নের উত্তরে লিরা বলে না যে, আমাদের বাড়ি শেরপুর, ময়মনসিংহ। বরং ইংরেজিতে বলে, উই আর ফ্রম শিকাগো, ইলিনয়।