লুসাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশের কাছাকাছি বাড়ি।
ও লুসাই, পাহাড়ি জননী—
তোমাকে দেখতে এসে উঁচু-নিচু কত
চঞ্চল সবুজ বাঁক দিতে হলো পাড়ি।

ঊরু-পেটে কাটা-ফাটা দাগ,
প্রসবের মরণজ্বালা আজও সাক্ষী আছে;
তোমার একটিই মেয়ে নদী কর্ণফুলী—
নাড়ি-ছেঁড়া সেই ধনও নাই আজ কাছে।

সাগরের সংসারে বউ হয়ে
সেই যে পালাল কন্যা ফিরেনি তো আর,
জলের শরীর তবু লোহার পাষাণী মন;
কখনো রাখেনি খোঁজ অভাগিনী মা’র।

কত লোক আসে-যায়, আনন্দ বাজায়;
মেঘের ঘোমটার ফাঁকে বোবাকান্না ঢেকে
অপেক্ষায় রয়েছ মা হাজার বছর—
একবার মেয়েটি যদি আসিত নাইয়র।