লেখক
হাসান আতিকুর রহমান মেজাজ খারাপ করতে চান না, তবুও চোখমুখ ফেটে ক্রোধটা বেরিয়ে আসে। বইমেলার সপ্তম দিনেও তাঁর দুটো বইয়ের একটিরও মোড়ক উন্মোচন করা হয়নি। হবে কেমন করে, বই তো মেলার চৌহদ্দির মধ্যেই ঢুকতে পারেনি। কোথায় আছে? প্রুফ রিডারের কাছে? ছাপাখানায়? নাকি ছাপা-বাঁধাই সব শেষ, কোথাও স্তূপ হয়ে পড়ে আছে? ষড়যন্ত্রকারীরা পাঠকের নাগালের মধ্যে আসতে দিচ্ছে না। তিনি ভ্রু কুঁচকে নাক দিয়ে রতিক্লান্ত দুর্বল ঘোড়ার মতো শব্দ করলেন বেশ কবার। তারপর জিজ্ঞেস করলেন, ঘটনা কী?বাংলাবাজারভিত্তিক ব্যবসায়ী ও প্রকাশক সমবয়সী মহিউদ্দিন চোকদার বললেন, বাঁধাই হয়ে গেছে। শুকানোর জন্য দু-একটা দিন দেবেন না? রাগটা তাঁর মহিউদ্দিনের ওপর হলেও গালটা দিলেন হুমায়ূন আহমেদকে। শালার হুমায়ূন আহমেদ। তাঁর পাঠক বেশি, সে জন্য গাল খাবেন, যুক্তিটা তিনিও সঠিক মনে করেন না। কিন্তু হুমায়ূন লিখতে অন্তঃস্থ য়-তে দীর্ঘ ঊ-কার লাগান কেন? হ্রস্ব উ-কার কী দোষ করল?হাসান আতিক এ কারণে ক্ষুব্ধ? বাংলাদেশে একজন নেতার নাম জমির উদ্দিনের বদলে গমির উদ্দিন, মিসরে নাকি জামালের বদলে গামাল, তখন তো রাগ হয় না। তাহলে?হাসান আতিক বিড়বিড় করেন, ধ্যাৎ। হাসান আতিক প্রকাশকের জন্য নতুন বাক্য নির্মাণ করেন: চোকদার, পাণ্ডুলিপি দুটো আপনাকে দিয়ে ভুলই করলাম মনে হচ্ছে। আমার সাড়ে আট বছরের দিন-রাতের পরিশ্রম। আর আপনি বলছেন শুকায়নি।না শুকালে কীভাবে বলি শুকিয়েছে? সময় দেবেন না?তা কেন দেব না? পাণ্ডুলিপি তো দিয়েছি গত বছর বাইশে জুলাই। এ বছর বাইশে জানুয়ারি যার পাণ্ডুলিপি আনলেন, তার বই তো এসে গেছে মেলার প্রথম দিনই।মহিউদ্দিন ধীর স্বরে বললেন, তা ঠিক। তবে তফাত একটা আছে। আপনি পাণ্ডুলিপি দিয়েছেন, আর যার কথা বলছেন আমি তার কাছ থেকে পাণ্ডুলিপি এনেছি। তফাতটা বোঝেনই তো, ভাই।হাসান আতিক কেন বুঝবেন না। পাণ্ডুলিপি নেওয়ার আগে মহিউদ্দিন চোকদার তাঁকে স্যার সম্বোধন করতেন, এখন ভাই। প্রকাশকের ভাই হওয়া দোষের কিছু নয়। তবুও চোকদার বলেন, হুমায়ূন স্যার। তখনই একজন সম্ভাব্য ক্রেতা জিজ্ঞেস করলেন, বইয়ের দাম এত বেশি কেন? মহিউদ্দিন চোকদার বললেন, বেশি কোথায়? আমরা তো গতবারের দামই বহাল রেখেছি। এবারের নতুন বইয়েও একই রেট। পাঁচ ফর্মার বেশি হলে পঁচিশ টাকা ফর্মা। বাংলাদেশে বই-ই সবচেয়ে সস্তা। পঁচিশ টাকা ফর্মা কোথায় পাবেন? ডলারের দাম যেভাবে বাড়ছে, এক ডলারে চার ফর্মা পাবেন। আর কী চান?ফর্মা মানে? ক্রেতা জিজ্ঞেস করলেন।এসব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না। তার হয়ে পুরোনো কর্মচারী আবুল হাসেম বুঝিয়ে দেন—ওয়ান এইটথ ডাবল ডিমাই, ষোলো পৃষ্ঠা। আর কোনো প্রশ্ন না করলেও ফর্মা নিয়ে তাঁর হতভম্ব দশা যে বেড়েছে, চেহারাতেই তা বেশ ফুটে উঠছে। তবুও তিনি বললেন, দামের একটা স্ট্যান্ডার্ড থাকলে সবারই সুবিধা। এই যে বইটার দাম তিন শ পঁচিশ টাকা—এটা আমি তিয়াত্তরে কিনেছি সাড়ে তিন টাকায়।আবুল হাসেম কথার সঙ্গে দেঁতো হাসি মিশিয়ে বললেন, কী যে বলেন! শায়েস্তা খাঁর আমলে টাকায় আট মণ চাল কিনেছি।অস্বস্তি কাটাতে তিনি হুমায়ূন আহমেদের তিনটি উপন্যাস কিনে দ্রুত স্টল বদল করলেন।কথোপকথনে বিরক্ত হাসান আতিক হুমায়ূন আহমেদকে আরও একবার গালি দিলেন। শালার শায়েস্তা খাঁ-ও বলতে পারতেন। কেন বলেননি, তিনিই ভালো জানেন। হয়তো শালার শায়েস্তা খাঁতে ক্রোধের পূর্ণ প্রকাশ ঘটে না। যাঁরা সস্তায় দেন, যাঁরা বেশি বেশি দেন, তাঁদের গাল খেতেই হয়। আবার এমনও হতে পারে, হাসান আতিকুর রহমানের মনে হয়েছে শালার শায়েস্তা খাঁর দেহ তো সেই কবে ৪০০ বছর আগে জৈবসার হয়ে গেছে। জৈবসার গালাগালের ঊর্ধ্বে। তার চেয়ে হুমায়ূন আহমেদকেই দিই—‘রস কষ সিঙ্গাড়া বুলবুলি মস্তক’ খেলায় একটু বিঘ্ন ঘটুক। তা ছাড়া গালাগাল নাকি ভালো হজম করতে পারেন।মহিউদ্দিন চোকদার বললেন, মেলায় বইচোর বেড়ে গেছে। বইচোর, ফুলচোর এমন খারাপ কিছু নয়।পড়লে তো সমস্যা ছিল না। তিন শ টাকার বই তিরিশ টাকায় বেঁচে নেশা করে। তাও কম চালু বই নিলে একটা কথা। নেয় হুমায়ূন আহমদের বই। বায়ার খুঁজতে নীলক্ষেত যেতে হয় না, মেলাতেই আছে।হাসান আতিক আরও একটি পয়েন্ট পেয়ে যান, রসায়নের মানুষ, সাহিত্যের কী বোঝেন? এমনিতে বই দিয়েই নেশাগ্রস্ত করে রেখেছেন, আবার নেশাখোরদের পয়সাও জোগাচ্ছেন। দেশের গোয়েন্দা সংস্থাগুলো যে কী করে।বায়ার কথাটার মধ্যে একটা মায়া লুকিয়ে আছে। ক্রেতা কথাটা তেমন জুতসই নয়। বায়ার আসেন ইউরোপ-আমেরিকা থেকে। আরএমজি সেক্টরে বায়ার বেশি।মহিউদ্দিন চোকদারের প্রকাশনাপ্রতিষ্ঠানটির নাম লাইসিয়াম। গত মেলায় স্টল পেয়েছে দুই ইউনিট, এবার তিন। জায়গা একটু বেশিই। সুতরাং সাজাতে সুবিধা হয়েছে। লেখকদের গ্রন্থের বড় বড় প্রচ্ছদ পেছনের দেয়ালে সাঁটানো, ডানে বড় হরফে লেখা ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না’। বাঁয়ে একজন লেখকের বিশাল ছবি। হাসান আতিকের অপছন্দের লেখকদের একজন। হাসান আতিকের সমসাময়িক বুদ্ধিদীপ্ত লেখক ফরিদ চিশতি, আইনুল কামার, সৌম্য চক্রবর্তী ও অনিন্দিতা রডড্রিগস তিন দিন ধরে দুবার করে জিজ্ঞেস করে যাচ্ছেন, বই দুটো এসেছে?এ ধরনের প্রশ্নের উত্তর তৈরিই থাকে: নতুন করে প্রচ্ছদ করতে দিয়েছি, প্রেসে আছে, বাইন্ডিং হচ্ছে, বই ভেজা।সপ্তম দিনেই মেজাজ কিছুটা বিগড়ে গেল অনিন্দিতার। বলেই ফেললেন, ওস্তাদ, আর কোনো পাবলিশার পেলেন না। মোক্ষম পাবলিশার্স তো আমাদের চারজনের চারটা বই প্রথম দিনই মেলায় এনেছে।ফরিদ চিশতি বললেন, হাসান আতিক একটু বেশি ওস্তাদি দেখাতে চেয়েছিলেন কি না। মোক্ষমের মতো রাইটার্স ফ্রেন্ডলি আরও পাঁচ-সাতটি প্রকাশক মেলাতে স্টল নিয়েছে। ওস্তাদ যে কী করেন।সৌম্য চক্রবর্তী লেখক ও গায়ক দুই-ই। বেশ মেজাজ দেখিয়ে বললেন, দেখি তো ওস্তাদ লাইসিয়ামের একটা ক্যাটালগ। দেখি কাদের ছাপছে। অধিকাংশ পাবলিশারেরই তো রুচিটুচি বলে কিছু নেই। তখন বেশ ভরাট গলায় শামসুল কবীর মাইক হাতে বললেন, আজ মেলার সপ্তম দিন। একুশে বইমেলা ধীরে জমে উঠছে। আমরা বইয়ের বাজার নিয়ে মিলেনিয়াম লাইভ টেলিভিশনের পক্ষ থেকে লেখক-প্রকাশক-পাঠক এই ত্রিপক্ষীয় জোটের প্রত্যেকের আলাদা আলাদা এবং সম্মিলিত মতামত শুনব। আমার সামনে আছেন বিশিষ্ট লেখক হাসান আতিকুর রহমান। আপনি বলুন, এবার বইয়ের বাজার কেমন? তিনি সংক্ষেপে বললেন, ভালোই তো।লাইসিয়ামের পুরোনো কর্মচারী আবুল হাসেম, ভেতর থেকে চেঁচিয়ে বললেন, কিসের ভালো? বই কেনার জন্য যাঁরা টাকা জমিয়েছিলেন, তাঁদের প্রায় সবাই আরও বেশি বই কেনার আশায় সেই টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন। কিন্তু...।শামসুল কবীর বললেন, হোয়াট এ নোবেল আইডিয়া। ভাষার মাস ফেব্রুয়ারিতে শেয়ার ব্যবসার লভ্যাংশের একাংশ অবশ্যই বইপত্রের জন্য খরচ করা যেতে পারে। জনাব বই বিক্রেতা, কী নাম আপনার?আমার নাম আবুল হাসেম।বই বিক্রেতা আবুল হাসেম আমাদের আলোচনার মধ্যিখানে ‘কিন্তু’ ঢুকিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কিন্তু...।আবুল হাসেম বললেন, শেয়ারবাজার থেকে যাঁরা ছেঁকে টাকা তুলে নিয়ে নিয়েছেন, তাঁদের প্রায় সবাই পারিচিত বলে গণরোষের ভয়ে মেলা থেকে নিজেদের সরিয়ে রেখেছেন। আর যাঁরা মার খেয়েছেন, বই কেনার টাকার অভাবে তাঁরা বইমেলায় আসতে পারছেন না। শামসুল কবীর মাইক নিজের মুখের কাছে এনে বললেন, জনাব আবুল হাসেম বই বিক্রেতা হলেও অর্থনীতির গতিপ্রকৃতি সম্বন্ধে বিশেষ ধারণা রাখেন। এখন আমাদের দেখার বিষয়, যে বছর শেয়ারবাজারের অবস্থা ভালো, সে বছরের মেলায় মোট বই বিক্রি এবং ধসের বছরের বিক্রির তারতম্য কেমন। যদি ফারাকটা খুব বেশি হয় অর্থাৎ ধসের বছর অনেক নিচে নেমে যায়, তাহলে মানতেই হবে, বইয়ের বাজারে শেয়ারবাজারের বিরূপ প্রভাব পড়েছে। যদি বিক্রি সমান হয়, তাহলে ধরে নিতে হবে, শেয়ারবাজারের সঙ্গে বইমেলার কোনো সম্পর্ক নেই। যদি বেশি হয়, তাহলে মনে করা যেতে পারে, মার খাওয়া পুঁজির তলানিটুকু পুনর্বিনিয়োগ না করে সে অর্থে বই কেনা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে আমরা মনে করি। অসমাপ্ত রয়ে গেল হাসান আতিকের সাক্ষাৎকার। প্রসঙ্গক্রমে নিজের বই দুটোর নাম যে উচ্চারণ করবেন, তা-ও হয়ে উঠল না। কারণ ফরিদ চিশতি তাঁকে অনেকটা টেনেহিঁচড়ে মেলার বাইরে বাংলা একাডেমীর দেয়ালঘেঁষা চায়ের দোকানে নিয়ে এলেন। অনিন্দিতা বললেন, ভেতরে আমাদের পাঁচজনের কফি খেলেই পাঁচ কুড়ি এক শ লাগত। এখন চায়ে লাগবে পঁচিশ। কাজেই বাকি পঁচাত্তর টাকার পুরি-পিঁয়াজুু-পাকুরা চাই।হাসান আতিক জিজ্ঞেস করলেন, তোমাদের বেচাকেনা কেমন?সৌম্য চক্রবর্তী বললেন, আমার তো প্রবন্ধ ‘সমকালের ইতিবৃত্ত’ এক কপি বিক্রি হয়েছিল দু তারিখে। আজ ফেরত দিতে এসে মেজাজ দেখাল, বলল, সিএনজি ভাড়া কে দেবে?ফেরত দিল কেন?ভেবেছিল বইটার নাম ‘সমকামের ইতিবৃত্ত’।অনিন্দিতা রডড্রিগস বললেন, আমার সমস্যা নেই। এক শ কপি আমার অফিসকে গছিয়ে দেব। কথা হয়েছে। জেন্ডার ইস্যু ফোকাস করা উপন্যাস কি না। সৌম্য চক্রবর্তী বললেন, অবস্থা জটিল। আমার স্ত্রীর কড়া হুকুম। অটোগ্রাফ দিতে পারবে কিন্তু নাম সই করে নিচে নিজের ফোন নম্বর দিতে পারবে না।ক কপিতে অটোগ্রাফ দিলে?না, মানে বই বিক্রি তো শুরু হয় একুশে ফেব্রুয়ারির পর, তখন দেখি কী দাঁড়ায়।আইনুুল কামাল বললেন, ভাগনে-ভাগনিদের মোট দশ কপির দাম দিয়ে এসেছিলাম। ওরা মেলায়ও এসেছিল। স্টলেও। শেষ পর্যন্ত দুই রাউন্ড রোল ও কফি খেয়ে পয়সা উড়িয়ে দিয়েছে। অবশ্য দুটো ফ্রি ক্যাটালগ নিয়েছে। ক্যাটালগ ঘাঁটতে ঘাঁটতেই একসময় বই কিনতে আগ্রহী হবে।অনিন্দিতা রডড্রিগস বললেন, ভুল ধারণা। কিনবে, তবে আমাদেরগুলো নয়। কিনবে যত সব অখাদ্য-কুখাদ্য।সৌম্য চক্রবর্তী মনে করেন, রাষ্ট্রীয় খরচে বইমেলার আয়োজন করে অখাদ্য-কুখাদ্য ও বিষাক্ত আবর্জনা ভক্ষণের অভ্যাস বৃদ্ধি করা হচ্ছে। তিনি প্রমিত সাহিত্যমান কমিশন গঠনের প্রস্তাব করেছেন। কমিশনই কেবল সৃজনশীল লেখা যেকোনো মাধ্যমে প্রকাশ ও প্রচার করার আগে ছাড়পত্র প্রদান করবে।কমিশনের সদস্য কারা হবেন, এ প্রশ্ন করা হলে তিনি বললেন, যাঁরা সাহিত্য বোঝেন।কারা সাহিত্য বোঝেন, এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একটু বিব্রতই হলেন। দশটি নামও বলতে পারলেন না। আজিজ মার্কেট ডিবেটে ফরিদ চিশতি বললেন, যাঁরা স্যুররিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম, পোস্টমডার্নিজম, ফোর্ডিজম—এসব বিষয় ভালো বোঝেন, তাঁদের মধ্য থেকে একজন কাউকে কমিশনের চেয়ারম্যান করা যায়। আইনুল কামাল বললেন, তাহলে তো ওস্তাদ হাসান আতিকুর রহমান ছাড়া আর কাউকে তেমন জুতসই ক্যান্ডিডেট মনে হচ্ছে না।অনিন্দিতা রডড্রিগস বললেন, কমিশনের চিন্তাটা থাক। কমিশন পরে ব্যাকফায়ার করতে পারে। প্রায় চল্লিশ বছর ধরে অখাদ্য-কুখাদ্য ও বিষাক্ত আবর্জনা খেয়ে মানুষের টেস্ট নষ্ট হয়ে গেছে। মানুষ হুপা হয়ে গেছে।হুপা মানুষ?হুপা মানুষ হুবহু মানুষের মতো। তারা কেবল হুমায়ূন পাঠক। তাদের কোনো উত্তরণ নেই, তাদের কোনো অধঃপতন নেই—তারা কেবলই হুপা। হুমায়ূন আহমেদের বই পড়ে, কেনে, বিতরণ করে। সৌম্যের কমিশন চলে যাবে তাদের হাতে।মেলা ছেয়ে গেছে হুপা মানুষে, দেশ ভরে আছে হুপা মানুষে। হাসান আতিকুর রহমান এবং সৌম্য, চিশতি, কামাল ও অনিন্দিতার দায়—হুপা মানুষকে ফিরিয়ে আনতে হবে তাদের মূলধারায়। ২.মেলার একাদশ দিনে হাসান আতিকুর রহমানের একটি গ্রন্থ এল। সঙ্গে কটি বাড়তি প্রচ্ছদ। সাংবাদিকেরা চাইলে দেওয়া হবে। অন্তত প্রচ্ছদটাও যদি কোনো পত্রিকায় ছাপা হয়, দেশের মানুষ খবরটা পাবে।হাসান আতিক সবুজ, নীল ও কালো কালির তিনটা কলম সযত্নে পকেটে ভরে নিলেন। অটোগ্রাফ দেবেন। তিনি ক্রেতার চেহারা দেখে ঠিক করবেন, কার জন্য সবুজ, কার জন্য নীল আর কার জন্য কালো কালি। আবুল কাশেমের আপত্তির মুখে তিনি ভেতরে গিয়ে বসলেন। পাঠকের মুখোমুখি হতে হলে ভেতরে বসাটাই উত্তম। পাঠক তাঁর বইটি হাতে নেবেন, বস্ফািরিত চোখ মেলে বইয়ের পাতা ওল্টাবেন, বলবেন, লেখকের অটোগ্রাফ পাওয়া যাবে তো?প্রথম দিন আর কেউ তাঁর বইয়ের জন্য আসেননি। দ্বিতীয় দিন একই অবস্থা থাকায় ইমার্জেন্সি রেট দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার দুদিন পর দ্বিতীয় বইটি কেনা কিংবা দেখার জন্য একজন পাঠক এলেন। হাসান আতিকুর রহমান ভেতরে বসেই ছিলেন। আবুল কাশেম এগিয়ে এসে বললেন, একই লেখকের আরও একটি বই আছে। এটা এখনো আসেনি। পাঠক বললেন, যা কিনতে বলে দিয়েছে তা দেন, ফালতু আলাপের সময় নেই। ম্যাডামকে দোয়েল চত্বরের কাছে গাড়িতে বসিয়ে রেখে এসেছি। ভেতরে কত ধুলো—ম্যাডামের অ্যালার্জি আছে।আবুল কাশেম জিজ্ঞেস করলেন, ম্যাডাম আর কী বই কিনতে বলেছেন? হুমায়ূন আহমেদের সাতটা বই।ম্যাডামকে যখন গাড়িতে বসিয়ে রেখে এসেছেন, তিনি নিশ্চয়ই ড্রাইভার। আবুল কাশেম বললেন, অন্যপ্রকাশে যান। হুমায়ূন আহমেদের সব খবর পাবেন। শরীর-স্বাস্থ্য, লেখালেখি সব খবর।তিনি চোখে অদ্ভুত ভঙ্গি করে এমনভাবে আবুল কাশেমের দিকে তাকালেন, যেন এখনি জিজ্ঞেস করবেন, লেখকদের আবার শরীর-স্বাস্থ্য কী? লেখকের কাজ লেখা। থানার রাইটারের মতো। ফরমায়েশ আসবে, রাইটার দু মিনিটে এক কাপ কড়া চা খেয়ে আধখাওয়া বাকি সিগারেটটা ফুঁকে লিখতে বসে যাবেন। ব্যস। শরীর-স্বাস্থ্য!তিনি জিজ্ঞেস করলেন, বইটা কবে আসবে।আবুল কাশেম বললেন, এই মেলায় সম্ভাবনা নেই।সম্ভাবনা নেই মানে। হাসান আনিসুর রহমান জিজ্ঞেস করলেন।আবুল কাশেম বললেন, স্যার, আপনি তো নিজেদের মানুষ। আপনাকে বলা যায়। বস বলেছিল, প্রথমটার বেচাকেনা দেখে পরেরটা চিন্তা করবেন।বস মানে? মহিউদ্দিন? বই ছাপবে না বলেছে। অসম্ভব। ইম্পসিবল। দেখছ না ওটারই তো ডিমান্ড বেশি। এই মাত্র একজন চাইল।বইমেলার অষ্টাদশ দিনে হাসান আতিকের বড় ভাগনি উপমা কাউন্টারের ওপার থেকে বলল, কী বড় মামা, হাতে কলম নিয়ে ছোঁচার মতো বসে আছো কেন? অটোগ্রাফ দেবে?হাসান আতিক বললেন, না, মানে আমার রিডার তো সিলেক্টেড। হাইলি ইললুমিনেটেড। বই পড়ে বুঝতে হবে তো?ঘণ্টা খানেক পর উপমা ফিরে এল, খুশিতে ফেটে পড়ছে। সাতটা বই-ই পেয়েছে। হুমায়ূন আহমেদের লেখা। প্যাকেটটা আবুল কাশেমকে দিয়ে বলল, বড় মামাকে বলেন অটোগ্রাফ দিতে—একটাতে লিখবেন, উপমাকে ফাগুন দিনের শুভেচ্ছা, একটাতে দোয়া করি, তুমি আরও বড় হও, একটাতে পরীক্ষায় ভালো করা চাই ...এভাবেই শেষেরটাতে লিখতে হবে ভাগনির জন্য বই কিনে কোনো মামা দেউলিয়া হয়নি। সবগুলোতে অটোগ্রাফ আর বইয়ের দাম ১০৫০ টাকা, ২৫% কমিশনে। আমি জোর করে ৫০ টাকা কম দিয়েছি। এখন এক হাজার টাকা মাত্র।হাসান আতিকুর রহমানের বিরক্তি তাঁর ভাগনি বুঝতে পারছে না। বলছে, অটোগ্রাফ দাও কি না দাও, বইয়ের দামটা দাও।এই উপমা হুপা (নারী)। তার ক্লাসমেটদের অধিকাংশই হুপা (পুং)। এরা দল বেঁধে এসে আরও বই কিনেছে।মেলার ২৭তম দিন পর্যন্ত তার সতেরোটি বই বিক্রি হয়েছে। এর মধ্যে অন্তত পনেরোটির টাকা তাঁরই দেওয়া। তবুও আস্তে আস্তে পাঠকের রুচি তৈরি হোক।সেদিন মহিউদ্দিন চোকদার জানালেন, এই বই আর বিক্রি হচ্ছে না। বইয়ের ভেতর অন্য মাল ঢুকে পড়েছে। এমন কিছু তো তাঁর চোখে পড়েনি।মহিউদ্দিন বললেন, সরি ভাই, এটা বাইন্ডারের ভুল। আপনার বইয়ের ৮১ থেকে ৯৬—এ ষোলো পৃষ্ঠা অন্য কারোর লেখা।মানে?মানে সোজা। অন্যের এক ফর্মা আপনার বইতে ঢুকেছে, আর আপনার এক ফর্মা ঢুকেছে তার বইয়ে। এবার বুঝুন ঠেলা!আমি তো অন্য কারও এক ফর্মা চাইনি।আপনি চাননি সত্য, তিনিও চাননি।কিন্তু ব্যাপারটা ঘটে গেছে। এটা তাঁর প্রকাশকের হাতেই ধরা পড়েছে। পত্রিকায় প্রকাশ হয়ে গেলে কী যে কেলেঙ্কারি হতো!হাসান আতিক সপ্তম ফর্মার একটি পাতার ওপর দৃষ্টি নিবদ্ধ করলেন। সেখানে একটি চিঠি:মা গো,দোয়া কর, সমাচার এই যে, কুলাঙ্গারটি এক্ষণ নিশ্চয়ই তোমার কাছে উপস্থিত হইয়াছে। আমি বর্তমানে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকার কারণে আসিতে পারিতেছি না। যদি পারিতাম তবে কানে ধরিয়া কুলাঙ্গারকে নিয়া আসিতাম। তাহার যে বিবাহ দিয়াছি সেই সংবাদ নিশ্চয়ই অবগত হইয়াছ। বিবাহের পরদিন অতি প্রত্যুষে সে কাহাকেও কিছু না বলিয়া চলিয়া যায়। নূতন বৌ খুব কান্নাকাটি করিয়াছে। এই অতীব সুলক্ষণা, বুদ্ধিমতী মেয়েটির দুঃখে আমার হূদয় ভারাক্রান্ত। আমি নিজেও কিঞ্চিত অশ্রুবর্ষণ করিয়াছি। যাহা হউক, এখন কী করিব বুঝিতে পারিতেছি না।আমার বর্তমান পরিকল্পনা কুলাঙ্গারটিকে কঠিন শাস্তির বিধান করা। কীভাবে তাহা করা যায়, তাহাই ভাবিতেছি। শরীর ভালো না বলিয়া কোনো পরিকল্পনাই কার্যকর করিতে পারিতেছি না। আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করিবে, যাতে অতি শীঘ্রই হাঁটাচলার সামর্থ্য লাভ করি এবং কুলাঙ্গারকে শাস্তি প্রদানে সক্ষম হই। আর কী—ভালো থাকিবে। জামাই ও পুত্রকন্যাদের আমার দোয়া দিবে। আল্লাহ হাফেজ।দোয়া গোতোমার পিতা, মোহাম্মদ ইসমাইল খাঁপ্রশ্নই আসে না। যত ভালো চিঠিই হোক ‘দোয়া গো’ লিখে হাসান আতিকুর রহমান চিঠির ইতি করবেন না। তাঁর উপন্যাসে এ ধরনের কোনো চিঠি থাকার কারণ নেই। মোহাম্মদ ইসমাইল খাঁ নামে তাঁর কোনো চরিত্রও নেই। কুলাঙ্গারটি কে?হাসান আতিক জিজ্ঞেস করলেন, অন্যের বইয়ের ফর্মা ঢুকল কেমন করে? এটা নিশ্চয়ই একটা স্যাবোটাজ। বিশুদ্ধ সাহিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র। মহিউদ্দিন চোকদার বললেন, লাইসিয়াম থেকে প্রকাশিত কোনো উপন্যাসে এ ধরনের কোনো চিঠি নেই। অবশ্য থাকলে আমি খুশিই হতাম। আমার পিতা, আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন, এই ভাষায় কেবল চিঠি লিখতেন তা-ই নয়, কথাও বলতেন। ভাষাটা আমার খুবই প্রিয়। আসলে এক বাইন্ডারের কাছে অনেক প্রকাশকের বই আসে—বাঁধাইয়ের সময় এমন গোলমাল আগেও হয়েছে। কী করব বলেন। হাসান আতিকুর রহমান লাইসিয়াম স্টলে বসার অধিকার হারালেন। কারণ, তাঁর বইটি প্রত্যাহার করা হয়েছে। তা ছাড়া ভেতরে বসাটা অস্বস্তিকর। আর অন্য তিনজন লেখক অটোগ্রাফ দিয়েই চলেছেন। তাঁর কেবল প্রতীক্ষা। সুশিক্ষিত সুরুচিসম্পন্ন পাঠক না হলে তাঁর বইয়ের মর্যাদা কে দেবে। সিংহশাবক আর ইঁদুরছানার প্রদর্শনীতে ইঁদুরছানাই বিক্রি হবে। সিংহশাবক সামলানোর মতো প্রশিক্ষিত মানুষ কোথায়?চেয়ার হারিয়ে হাসান আতিকুর রহমান মোক্ষম প্রকাশনীর সামনে এসে দাঁড়ালেন।সৌম্য চক্রবর্তী বললেন, ওস্তাদ, খবর পেয়ে গেছি। সাবোটাজ, পুরোপুরি সাবোটাজ। হুপা সাবোটাজ। তারা আর কোনো লেখককে দাঁড়াতে দেবে না। খোদ রবীন্দ্রনাথ ঠাকুর উঠে এলেও মার খেয়ে যাবেন।একটি বই প্রকাশক প্রত্যাহার করার এবং একটি বই প্রকাশ না করায় হাসান আতিকুর রহমানের বইমেলার আগ্রহে ভাটা পড়তে থাকে। কিন্তু ওস্তাদ মাঠে না থাকলে অনিন্দিতা, সৌম্যরা একটু কমজোর হয়ে পড়বে। সুতরাং মোক্ষম সাহিত্য বুলেটিন একুশ ফেব্রুয়ারি সংখ্যার সৃজনশীল শ্রেষ্ঠ পাঁচটি শুদ্ধ গ্রন্থের তালিকার শীর্ষে থাকল হাসান আতিকের প্রত্যাহূত বই। নির্বাচনী বোর্ড হাসান আতিককে বলেছে, তিনি পাঠকের নন, লেখকের লেখক। তাঁর গ্রন্থটি অপসাহিত্যের এই যুগে নতুন রুচি নির্মাণে সহায়ক হবে।টেলিভিশনে লেখকের একটি লাইভ সাক্ষাৎকারও প্রচারিত হয়েছে।আপনি কি অবহিত যে আপনাকে লেখকের লেখক মনে করা হয়ে থাকে? হাসান আতিকুর রহমান যে লেখকের লেখক এ বিশ্বাসটি তাঁর মনে যতই ঘনীভূত হতে থাকে, হুমায়ূন আহমেদ কিংবা শায়েস্তা খাঁর ওপর তাঁর ক্রোধ ততই কমতে থাকে।তবে লেখকের লেখক হিসেবে লেখালেখিটা অব্যাহত রাখবেন, না ছেড়ে দেবেন, সে সিদ্ধান্ত নিতে পারছেন না। চারপাশে যা দেখছেন, সব হলুদ মনে হচ্ছে। হুপা মানুষেরা তাঁকে ঘিরে রেখেছে। নিজের ভেতর একধরনের কাফকাস্ক পরিবর্তন টের পাচ্ছেন—তিনি কি অতিকায় এক গুবরে পোকায় পরিণত হয়েছেন?হঠাৎ লোডশেডিং। মোবাইল ফোনের টর্চ জ্বেলে লোকজন সামনে এগোচ্ছে। তিনি ফোন ব্যবহার করেন না। টিএসসি পর্যন্ত পৌঁছাতেই আলো ফিরে এল। বিদ্যুতের প্রবাহ কি বেশি—সবকিছু এত আলোকিত মনে হচ্ছে কেন? হুপা মানুষদের মাঝখান থেকে উপমা চেঁচিয়ে উঠল, আরে, বড় মামা, তুমি? হলুদ পাঞ্জাবি কবে কিনলে?হলুদ পাঞ্জাবি? তাই তো!তাহলে কোট কোথায়? আজ তো সদ্য ইস্তিরিভাঙা ঘিয়ে রঙের প্যান্ট, নীল শার্ট এবং সপ্তাহ খানেক আগে ইস্তিরিভাঙা কালো কোট পরে বের হয়েছিলেন।উপমা বলল, কালো প্যান্ট?হাসান আতিক দেখলেন, ঘিয়ে রঙের প্যান্ট রং বদলেছে।উপমা আবার চেঁচিয়ে উঠল, তোমার জুতো কোথায়?জুতো! তার পায়ে জুতো ছিল কি না তিনি মনে করতে পারলেন না। তিনি ধীরপায়ে এগোচ্ছেন। সেই কবে ছোটবেলায় খালি পায়ে হেঁটেছেন।[এক ফর্মা হুমায়ূন আহমেদ লেখকের লেখক হাসান আতিকুর রহমানের ভেতর ঢুকে পড়েছে। হুমায়ূন আহমেদ হাসান আতিকের গালাগাল আমলে নেবেন বলে মনে হয়নি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হলুদ পাঞ্জাবি ও কালো প্যান্ট পরিয়ে খালি পায়ে ঢাকার রাস্তায় নামিয়ে দিয়েছেন। এতটা করা কি ঠিক হয়েছে?