লেখক হওয়ার পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সাদাত হোসাইন
সাদাত হোসাইন
[সাদাত হোসাইন, পুরোদস্তুর লেখক হওয়ার আগে তিনি কিছুদিন আলোকচিত্রীর কাজ করেছেন। ‘গল্পছবি’ নামে একটি আলোকচিত্রের বই প্রকাশ করেন, ২০১৩ সালে। প্রশংসিত হওয়ার পর লেখালেখিতে প্রত্যাবর্তন ঘটে। মাঝখানে সংবাদকর্মী হিসেবে পত্রিকায় কাজ করেছেন। ২০১৪ সালে প্রকাশিত হয় ‘জানালার ওপাশে’ বইটি, ‘আরশিনগর’ (২০১৫) বের হওয়ার পর পাঠকের নজর কাড়েন। 

লেখালেখির পাশাপাশি সাদাত হোসাইনের চলচ্চিত্র নির্মাণেও আগ্রহ আছে। তাঁর পরিচালনায় তৈরি হয়েছে ‘গহীনের গান’ নামে সংগীতনির্ভর চলচ্চিত্র।
এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর সুবৃহৎ উপন্যাস ‘অর্ধ্ববৃত্ত’]

সাক্ষাৎকার নিয়েছেন: রাসেল রায়হান

(শেষ অংশ)

প্রশ্ন: লেখালেখিতে আপনি কোনো ভাগ্যের সহায়তা পেয়েছেন?
সাদাত: আই বিলিভ ইন ফেইট। ব্যাপারটাকে কীভাবে ব্যাখ্যা করব জানি না। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় যে দুটো ক্ষেত্রে হতে পারে। ধরুন শচীন টেন্ডুলকার। তাঁকে কিন্তু তাঁর মা–বাবা ফুটবলার বানানোর চেষ্টা করতে পারতেন, টেবিল টেনিস খেলাতে পারতেন, কিন্তু সেটা তাঁর আসল শক্তির জায়গা ছিল না। শচীন টেন্ডুলকারের শচীন টেন্ডুলকার বা একজন ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তাঁর ইন্সটিংকট এবং ভাগ্য সবচেয়ে বড় ফ্যাক্ট আমার কাছে মনে হয়। দুটোর সমন্বয় খুব দরকার। লিয়েন্ডার পেজ বা মহেশ ভূপতি, ক্রিকেটের দেশ ইন্ডিয়ায় তাঁরা টেনিস না খেলে ক্রিকেট খেলতে পারতেন ছোটবেলা থেকেই, তাই না? কিন্তু তাঁরা হয়েছেন টেনিস তারকা। টেনিস ভারতে একদমই পপুলার নয়। কিন্তু তাঁরা নিজেদের টেনিস প্লেয়ার হিসেবেই প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এটাকে আপনি কী বলবেন? যেমন আমাদের সাকিব আল হাসান ছোটবেলায় ফুটবলের প্রতি অনেক বেশি আগ্রহী ছিলেন। তিনি ক্রিকেটার হয়েছেন। এখানে আমার কাছে মনে হয়, যার যে জায়গাটায় যদি এক্সট্রা অরডিনারি বা কোনো একটা বিশেষ সক্ষমতা থাকে, সেটা কোনো না কোনো একটা জায়গায় গিয়ে ফ্লারিশ হবেই। এটিকে আটকে রাখা আসলে ডিফিকাল্ট। আমি ঠিক জানি না...মানে ধরেন, যদি আমার লেখালেখির ক্ষমতা থেকেই থাকে, কিংবা হয়তো নিশ্চয়ই আছে, সেটি হয়তো একটা দীর্ঘ সময় পর্যন্ত আমার চারপাশের এনভায়রনমেন্ট বা সিচুয়েশনের কারণে আমি হয়তো দেরি করে উপলব্ধি করেছি যে এই ক্ষমতাটা আমার আছে। হয়তো কোনো না কোনোভাবে সেটি ফ্লারিশ হয়েছে বা আরও হবে।
আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি ৮ বছর বা ১০ বছর আগে লিখতাম, তাহলে অনেক দূর যেতে পারতাম আবার কখনো মনে হয় যে না। সম্ভবত এইটাই আমার ভাগ্য, আমার জন্য ডিফাইন করে রেখেছিল যে আমি এই সময়টায়ই শুরু করব।

যেতে চাইলে যেও
যেতে চাইলে যেও

প্রশ্ন: আপনি কবিতাও লেখেন। কবিতা লেখেন বলে আপনি ব্যাপক আক্রমণের স্বীকার হয়েছেন। বিশেষ করে কবিদের কাছ থেকে। একে আপনি কীভাবে দেখেন?
সাদাত: আমার কাছে মনে হয় আমার অন্য কিছুর চেয়ে আমার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো। আমি আমার চারপাশের মানুষগুলোকে খুব সাবকনশাসলি দেখে ফেলি, জানি না কেন? সে জায়গা থেকে আমার কিছু উপলব্ধি তৈরি হয়েছে। অন্যরা হয়তো লেখার ক্ষেত্রে অনেক কিছু পরিকল্পনা করেন, অনেক ভাবনাচিন্তা করে লক্ষ্য নির্ধারণ করে তারপর লিখতে বসেন। আমি এসবেরই কিছুই করি না। আমার কাছে এই মুহূর্তে আমি যে অনুভূতিটা ফিল করছি, আমি তাই প্রকাশ করতে চাই। আর প্রকাশ করার পর এটা কে কীভাবে নিচ্ছে বা নেবে, সেটা নিয়ে আমি ভাবি না। আমার কাছে মুখ্য হলো আমি শেষ পর্যন্ত আনন্দ পেতে চাই এবং আনন্দটা যদি অন্য কারও ক্ষতির কারণ না হয়, তাহলে সেটি প্রত্যেকটা মানুষের পাওয়ার অধিকার আছে। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আক্রমণের কথা বললেন, তা নিয়ে আমার খুব একটা বিচলিত হওয়ার কারণ নেই। একজন আমাকে নিয়ে প্রচণ্ড আক্রমণাত্মক কথা বলেছিলেন তো আমি তাঁকে বললাম যে বাংলাদেশে কি আমিই সবচেয়ে খারাপ লিখি? আমার চেয়ে খারাপ আর কেউ কি লেখে?
উনি বললেন, নিশ্চয়ই লেখে। আমি জিজ্ঞেস করলাম, কতজন আমার চেয়ে খারাপ লেখেন? উনি তখন বললেন, হাজার হাজার।
আমি বললাম, তাহলে আপনি তাদের কিছু না বলে সারাক্ষণ কেন আমাকেই আক্রমণ করেন? অবিরাম, ক্লান্তিহীন? কেন?
উনি বললেন, কারণ, আপনার বই বেশি বিক্রি হয়। আমি তখন তাঁকে বললাম, ওহ, তাহলে সমস্যা আমার লেখা না, সমস্যা হচ্ছে, আমার বই বেশি বিক্রি হয়, মানুষ আমার বই বেশি পড়ে। তাই তো? সংকটের জায়গাটা আসলে এটা না যে আমি খারাপ লিখি, সেটা খারাপ কবিতা হোক কিংবা খারাপ গল্প হোক, এটা কোনো সমস্যা না! সংকট হলো আমার লেখা মানুষ বেশি পড়ে।
বাংলাদেশে সবচেয়ে আলোচনা-সমালোচনায় স্বীকার হন ক্রিকেটারদের মাঝে সাকিব আল হাসান। আমি উদাহরণ হিসেবে বলছি, তর্কের খাতিরে ধরুন সাকিব আল হাসানের আচরণ খারাপ কিন্তু হয়তো বাংলাদেশে আরও অনেক ক্রিকেটর আছে, যাদের আচরণ সাকিব আল হাসানের থেকেও খারাপ। কিন্তু আপনি সাকিব আল হাসানকে বেশি চেনেন, ফলে তাঁর সমালোচনা করেন, পান থেকে চুন খসলেই তাঁকে কাঠগড়ায় দাঁড় করান, কারণ উনি সবচেয়ে বেশি আলোচিত ক্রিকেটারদের একজন। তেমনি ধরুন বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে জয়া আহসান, শাকিব খান—তাঁরা প্রচুর সমালোচনায় স্বীকার হন। এখন তরুণদের মধ্যে সাহিত্যে, ধরুন আমি বা অন্যান্য সেক্টরে পপুলার তরুণ যাঁরা রয়েছেন, খেয়াল করে দেখুন, তাঁদের সবাইকে নিয়েই তুমুল আলোচনা-সমালোচনা হয়। এ জন্য আমার কাছে বাংলাদেশের এমন যে ধরেন এখানে যারা পরিচিত মুখ, নোন ফেসেস, তারা সবাই কন্ট্রভারসিয়াল। আপনি এমন একজন মানুষের কথা বলতে পারবেন না, যিনি কন্ট্রভার্সিয়াল না। এটা আশ্চর্যজনক না?

প্রশ্ন: ঠিক আছে। তাহলে কি বলব আপনি পপুলার বলেই শুধু শুধু আপনার সমালোচনা হচ্ছে? আদতে আপনার কোনো সীমাবদ্ধতা নেই?
সাদাত: ফেসবুকে একটা জিনিস খেয়াল করি আমি, কেউ একজন আপনার একটা পোস্টে—বিশেষ করে আমার ক্ষেত্রে—যখন কেউ লেখে যে আপনার সাথে আমি একমত, আপনার লেখাটা আমার ভালো লেগেছে। নিচে এসে একজন বলবে, আপনি তো অন্ধ, আপনি তার লেখা না বুঝেই সহমত প্রকাশ করছেন। আপনি ‘সহমত ভাই’। এখানে আমার কাছে মনে হয়, ভাবনা সব সময় মাল্টিলিনিয়ার হওয়া উচিত। মানে বহুরৈখিক হওয়া উচিত। যিনি এই কথাটি বলছেন, মানে তাঁর পছন্দ হয়নি, তিনি ধরেই নিচ্ছেন যে কমেন্টকারীর ‘সহমত বক্তব্য’টা যেহেতু আমার মতের সাথে মিলে গিয়েছে, সেহেতু আমার মত তাঁর মতের সাথে মিলছে না কিংবা তাঁর স্ট্যান্ডার্ডকে স্পর্শ করছে না। তার মানে আমার ভাবনা বা মতামত তাঁর ভাবনার তুলনায় হীন। কিন্তু ভাবনাটা উল্টো দিক থেকেও দেখা যেতে পারে যে তাঁর ভাবনাটা বরং আমার ভাবনার তুলনায় নিকৃষ্ট। এখন পাশাপাশি এটাও বলব, মানুষ শুধু শুধু আমাকে ঈর্ষা করছে কি না, আমার সমালোচনা করছে, আমি এসব কখনোই দেখি না। একটা মানুষ কখনোই কোনো দিক থেকে স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ হয়ে উঠতে পারে না। পৃথিবীতে এমন কোনো সৃষ্টিশীল মানুষ নেই, যিনি সর্বজন কর্তৃক গৃহীত। যেহেতু নেই, আমি তো ছোট একজন মানুষ। আমি নিজেকে এখনো মনে করি খুবই ছোট একজন লেখক। তো সে জায়গা থেকে আমি কখনোই আশা করি না, সব পাঠক আমাকে বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে। আপনি বাংলাদেশেই বলতে পারবেন না যে এমন কোনো লেখক আছে যে সবাই তাকে অবিসংবাদিতভাবে গ্রহণ করেছে? তো আমাকে সেখানে কেউ অবিসংবাদিতভাবে মেনে নেবে—এই ভাবনাটাই তো বোকামি। এই জায়গা থেকেই আমি ভাবি না যে জনপ্রিয় হয়েছি বলে কিংবা মানুষ চিনেছে বলেই আমার কেবল সমালোচনা হয়। আমি এভাবে ভাবি না। আমি ভাবনার মাল্টিলিনিয়ার অ্যাপ্রোচ বিশ্বাসী। সমালোচকদের তুলনায় আমাকে যাঁরা পছন্দ করেন, প্রশংসা করেন তাঁদের সংখ্যা হাজার গুণ বেশি। এটা স্বীকার করতে কারও কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ, এটা ধ্রুব সত্য। এখন যারা সমালোচনা করে, তাদের সংখ্যা হাতে গোনা। ফারাকটা হচ্ছে সমালোচকেরা সব সময়ই উদ্ধত ও সরব থাকে বলে তাদের উপস্থিতি বেশি টের পাওয়া যায়।

প্রশ্ন: প্রকৃত সমালোচনা হলে তাকে কীভাবে মূল্যায়ন করেন?
সাদাত: ফেসবুকের কল্যাণে পাঠক এবং লেখকের মধ্যে সরাসরি একটা যোগাযোগ তৈরি হয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করেছেন এবং প্রচুর মানুষের সাথে কমিউনিকেট করেছেন, তাদের মধ্যে একটা উপলব্ধি হওয়ার কথা। আমার হয়েছে। আমি এখন বুঝতে পারি যে কে আসলে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে কোন ফিডব্যাকটা দিচ্ছেন বা কোন মন্তব্যটা করছেন! আমি সম্ভবত আপনাকে আগে কোনো একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে ‘সমালোচনা যখন উদ্দেশ্যপ্রণোদিত হয়, তখন সেটি ক্রেডিবিলিটি হারায়’। দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করার ফলে এবং পাঠকের সাথে একটা ডাইরেক্ট কমিউনিকেশন তৈরি হওয়ার কারণে এটা এখন আমি বুঝতে পারি যে কোন প্রশংসা উদ্দেশ্যপ্রণোদিত এবং কোন সমালোচনাও উদ্দেশ্যপ্রণোদিত। যেহেতু দুটোই মূলত ফেসবুকের মাধ্যমেই ঘটে থাকে, সুতরাং আমি যখন দেখি যে প্রশংসা হচ্ছে পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য, আমি সেটা বুঝতে পারি এবং আই ডোন্ট টেক ইট। আমি সেইটাকেই গ্রহণ করি, যেটা আমার কাছে নির্মোহ মনে হয়, তা সমালোচনা হোক বা প্রশংসা। যে সমালোচনা বা প্রশংসা উদ্দেশ্যপ্রণোদিত, আমি তা গ্রহণ করি না। আবার যে সমালোচনা আমার কাছে মনে হয়েছে কংক্রিট, মনে হয় যে জিনিসটা গ্রহণ করা উচিত, তখন আমি তা গ্রহণ করি। তেমন নির্মোহ প্রশংসাকে আমি অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি।