লেখকদের নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারির দুঃসময়ে নানা প্রতিষ্ঠানের হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিচিত্র সব উদ্যোগ নিয়েছেন লেখকেরা। দেশ-বিদেশের তিন লেখকের উদ্যোগের খবর

দরিদ্রদের জন্য ত্রাণ নিয়ে সেলিনা হোসেন
করোনাকালে ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রয়াত মেয়ে ফারিয়া লারার নামে প্রতিষ্ঠিত ‘ফারিয়া লারা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তিনি এ ত্রাণ দেন।
১৩ মে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের হালডোবা গ্রামে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। সেলিনা হোসেন জানান, তাঁর বইয়ের প্রকাশক ও বিভিন্ন মহৎপ্রাণ মানুষের আর্থিক সহায়তায় প্রায় ৫৫ হাজার টাকা সংগ্রহ করেছে ফারিয়া লারা ফাউন্ডেশন। সেই টাকায় চাল, ডাল, তেলসহ সাত প্রকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্যাকেট করে দরিদ্র-অভাবী মানুষের মধ্যে বিতরণ করা হয়। ‘অন্য আলো’কে এই কথাশিল্পী বলেন, ক্রান্তিকালে লেখক হিসেবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্বের মধ্যে পড়ে।

মানুষকে ঘরে রাখতে রেডিও জকি মুরাকামি
করোনাকালে পাঠক-ভক্তদের ঘরে রাখতে এবং দুশ্চিন্তামুক্ত করতে রেডিও অনুষ্ঠান করতে যাচ্ছেন জনপ্রিয় জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামি। ‘স্টে হোম স্পেশাল’ নামের এই অনুষ্ঠান ২২ মে থেকে টোকিও এফএম ৮০.০ এবং আরও ৩৮টি রেডিও স্টেশনে একযোগে রাত ১০টা থেকে ১১.৫৫ মিনিট পর্যন্ত প্রচারিত হবে। অনুষ্ঠানে মুরাকামি একজন পেশাদার রেডিও জকির মতো নিজের পছন্দের গান শোনাবেন। পাশাপাশি ভক্তদের নানা প্রশ্নের জবাবও দেবেন। মুরাকামি বলেন, ঘরে বসে থাকতে থাকতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থায় আমার পাঠকদের বিনোদিত করতেই এই আয়োজন।

লেখক-প্রকাশকদের পাশে ফিলিপ পলম্যান
করোনার কারণে বন্ধ হয়ে গেছে লেখকদের প্রায় সব ধরনের অনুষ্ঠান, কর্মশালা, বইয়ের দোকান। ফলে আর্থিকভাবে ভয়ংকর ক্ষতির মুখে পড়েছেন লেখক-প্রকাশকেরা। ক্ষতিগ্রস্ত এসব লেখক-প্রকাশকের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ সংগঠন ‘দ্য সোসাইটি ফর অথরস’ ও এর সভাপতি এবং লেখক ফিলিপ পলম্যান। ফিলিপ বলেন, কোভিড-১৯ সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত লেখক ও প্রকাশকদের জন্য ৩ লাখ ৩০ হাজার পাউন্ডের একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই তহবিল থেকে ৯৫ হাজার পাউন্ড বিতরণ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: মারুফ ইসলাম