আনিসুল হকের মঙ্গলবারের লেখা
লেখকদের নিয়ে যত ঘটনা-২২: লেখক ‘বোকা হোস’—এ কথাটা অক্ষরে অক্ষরে মেনেছেন আবদুল্লাহ আবু সায়ীদ
কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক ঢাকা শহরে এসেছিলেন আশির দশকে রংপুর থেকে, পণ করেছিলেন লেখক হবেন। প্রখ্যাত লেখকদের অনেক মজার ঘটনার তিনি সাক্ষী। এই নিয়মিত কলামে তিনি বিখ্যাত মানুষদের জীবনের মজার ঘটনাগুলোর স্মৃতিচারণা করবেন। অন্য আলো ডটকমে এটি প্রতি মঙ্গলবার প্রকাশিত হচ্ছে।
আবদুল্লাহ আবু সায়ীদ জীবনের একেকটা পর্যায়ে মেতে থেকেছেন একেকটা বিষয় নিয়ে। তিনি বলেন, মানুষের যৌবন একটা নয়। একেকটা বয়সে একেকটা নতুন বিষয় নিয়ে যদি উৎসাহিত হওয়া যায়, তাহলে একটা করে নতুন যৌবন সঞ্চারিত হয়, মস্তিষ্ক আবার সজাগ হয়ে ওঠে।
এই কর্মবীরের জন্ম ২৫ জুলাই ১৯৪০, কলকাতায়। তাঁর পৈতৃক নিবাস কামারগতি, কচুয়া, বাগেরহাট। পিতা মরহুম আযীমউদ্দিন ছিলেন কলেজশিক্ষক। পিতার কর্মসূত্রে তাঁর শৈশব কেটেছে করটিয়া, জামালপুর, পাবনা, বাগেরহাটের সভ্যতা আর নিসর্গ জড়াজড়ি করা পরিবেশে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন পাবনা জিলা স্কুলের ছাত্র হিসেবে, উচ্চমাধ্যমিক প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাট, স্নাতক আর স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
‘কণ্ঠস্বর’ সম্পাদনা, টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনা—এসব পেরিয়ে এখন তিনি লেগে পড়েছেন পরিবেশ আন্দোলন নিয়ে। আর সঙ্গে তো বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মযজ্ঞ আছেই। কিন্তু পরিবেশ আন্দোলনের ভাবনা কেন তাঁর মধ্যে হঠাৎ এল?
এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি একটু প্রকৃতিপরায়ণ ছিলাম। গাছপালা, নিসর্গ, নদী এসব আমাকে আগে থেকেই টানত।’ সত্যি, তাঁর ‘বহে জলবতী ধারা’ বইয়ে আমরা তাঁর এই নিসর্গপ্রীতির পরিচয় পাব।
তাঁর একটা নিবন্ধ থেকে এখানে খানিকটা উদ্ধৃতি দিতে চাই:
‘সারা দিন এখানে আমার চারপাশে এক অদ্ভুত নৈসর্গিক জগৎ। থেকে থেকে ডুকরে ওঠা ঘুঘুর ডাকে নিঃসঙ্গ আর বিষণ্ন। কী যেন একটা সুদূর বেদনা আছে ঘুঘুগুলোর ডাকের ভেতরে...চারদিকে সেগুন, মেহগনি, শিশু আর নাম না জানা সুদৃশ্য গাছে সারা দিন কতগুলো বানর আর হনুমান ঘুরে বেড়ায়। গাছগুলোর ডালে প্রকট শব্দ তুলে এ গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে খাবার খোঁজে, ফল খায়, জীবনের নির্মম সংগ্রামের ভেতর বেঁচে থাকে...
পরশু দিন হঠাৎ একঝাঁক অদ্ভুত পাখি এসেছিল এই বাংলোর বাগানগুলোয়। তাদের গলার স্বর হুবহু মানবশিশুর কান্নার মতো...
আজকে সকাল থেকে একটা হলুদ পাখি বাংলোটাকে ঘুরে ঘুরে পাক খেয়ে বেড়াচ্ছে। চারপাশে ঘুঘুরা ডাকছে। দুদিন ধরে একটা বাগডাশ আচ্ছন্ন-চোখে লনটার ওপর দিয়ে বারদুয়েক হেঁটে তার নিজের রাজ্যে চলে গেছে। সামনের কাঞ্চনগাছের ডালে একটা বিশ্রী প্যাঁচা রাগী চোখে কটমটিয়ে চেয়ে থেকেছে...(“কোদালা চা-বাগান”, নিউ ইয়র্কের আড্ডায়)।’
তো তাঁর এই নিসর্গপ্রেম এই ষাটোর্ধ্ব বয়সের কোঠায় আসার পর তাঁকে করে তুলেছে সক্রিয় পরিবেশবাদী। প্রধানত পরিবেশ রক্ষা শপথের (পরশ) আগ্রহে তিনি একটু একটু করে সক্রিয় হতে থাকেন। এখন বিষয়টা তাঁর সার্বক্ষণিক চিন্তা আর কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘পরিবেশের প্রশ্নে আমি এখন প্রায় হিংস্র হয়ে গেছি।’ গাছপালা, খেলার মাঠ, নদী–নালা, জলাশয় রক্ষার আন্দোলন, পরবর্তী প্রজন্মকে বঞ্চিত না করে যে উন্নতি, যাকে বলে টেকসই উন্নতির আন্দোলন, সেই আন্দোলনে তিনি এখন তুমুলভাবে মত্ত।
দুই.
ভীষণ ব্যস্ত তিনি। এক দণ্ড বসে জিরানোর সময় নেই তাঁর। কেন্দ্রের কাজ, পরিবেশ রক্ষার কাজ, নানা সমিতি, নানা সংগঠনের অনুষ্ঠানের দাওয়াত তাঁকে যেন ছুটিয়ে নিয়ে চলেছে পাগলা ঘোড়ার পিঠে বসিয়ে। এই বয়সেও যেকোনো যুবকের চেয়ে বেশি কাজ করেন। যদিও তাঁর স্বাস্থ্য খুব যে ভালো, তা বলা যাবে না। বহু পুরোনো মাথাব্যথা আছে, পিঠে ব্যথা দেখা দিয়েছে নতুন উপসর্গ হিসেবে। শরীরে একটা অপারেশন হয়েছে গত বছর। কিন্তু এসব তাঁকে টলাতে পারেনি নিজের অবস্থান থেকে, শ্লথ করতে পারেনি তাঁর চলার গতিকে।
এই ক্লান্তিকর আর বিরামহীন ব্যস্ততার মধ্যেও তাঁকে পেয়ে বসেছে লেখালেখি করার উদ্দীপনা। সমানে লিখে চলেছেন তিনি। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর ২১টি বই। কবিতা আর ছোটগল্পের বই ছাড়া বেরিয়েছে আত্মজীবনীমূলক গ্রন্থও: ‘ভালোবাসার সাম্পান’, ‘নিষ্ফলা মাঠের কৃষক’, ‘বহে জলবতী ধারা’, প্রবন্ধের বই: ‘দুর্বলতায় রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ’, ‘বদ্ধ দরোজায় ধাক্কা’, ‘নিউইয়র্কের আড্ডায়’, ‘বিদায় অবন্তী’, ‘উত্তর প্রজন্ম’, ‘সংগঠন ও বাঙালি’, ‘রাস্ট্রাম থেকে’ ১ ও ২ ইত্যাদি।
আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে একটা কথা আমার খুব মনে হয়: তাঁর ভালোবাসার ক্ষমতা অসাধারণ। তাঁর যাবতীয় কাজকর্মের পেছনে আছে তাঁর বিশাল হৃদয়, মানুষের জন্য ভালোবাসা। আমি যতবার তাঁর ‘ভালোবাসার সাম্পান’ পড়ি, দেখতে পাই, সবকিছু ছাড়িয়ে তাঁর ভালোবাসার গুণটাই আমার কাছে বড় হয়ে দেখা দেয়। এই বইয়ে প্রত্যেক সৃষ্টিশীল মানুষ, লেখক, কবি, শিল্পীদের সম্পর্কে তিনি কতটা ভালোবাসা নিয়েই না কথা বলেছেন! ষাটের বা সত্তরের দশকের একেকজনের সাহিত্যিক কীর্তি সম্পর্কে তিনি বলেছেন এতটা ভালোবাসা আর গর্ব নিয়ে, মনে হয় যেন তিনি নিজেরই সাফল্য বা নিজের সন্তানের গৌরবের কথা বয়ান করছেন।
জনপ্রিয়তার চূড়া স্পর্শ করেছিলেন তিনি টেলিভিশনের উপস্থাপক হিসেবে। সেই সূত্রে এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ও অন্যান্য কাজে তিনি যাতায়াত করেছেন ক্ষমতাকেন্দ্রের অনেকটা কাছাকাছি পর্যন্ত। কিন্তু বৈষয়িক ব্যাপারে ব্যক্তিগত উন্নতির দিকে তিনি কখনো পা বাড়াননি। একবার একজন সেনানায়ক-রাষ্ট্রপতি তাঁকে তাঁর উপদেষ্টামণ্ডলীর সদস্য হওয়ার জন্য আহ্বান জানালে তিনি বলেছিলেন, ‘আপনি হলেন ক্ষত্রিয়। আর আমি হলাম শিক্ষক অর্থাৎ ব্রাহ্মণ। ব্রাহ্মণ কখনো ক্ষত্রিয়ের অধীনে থাকতে পারে না।’
স্যার একটা ছোট্ট বাসায় থাকেন। অর্থ-সম্পদের মোহ তাঁর একদমই আছে বলে আমার কখনো মনে হয়নি। এ ক্ষেত্রে মনে হয়, ছোটবেলায় তাঁর বাবার দেওয়া উপদেশ ‘বোকা হোস’—কথাটা তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন।
তিন.
আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে একটা কথা আমার খুব মনে হয়: তাঁর ভালোবাসার ক্ষমতা অসাধারণ। তাঁর যাবতীয় কাজকর্মের পেছনে আছে তাঁর বিশাল হৃদয়, মানুষের জন্য ভালোবাসা। আমি যতবার তাঁর ‘ভালোবাসার সাম্পান’ পড়ি, দেখতে পাই, সবকিছু ছাড়িয়ে তাঁর ভালোবাসার গুণটাই আমার কাছে বড় হয়ে দেখা দেয়। এই বইয়ে প্রত্যেক সৃষ্টিশীল মানুষ, লেখক, কবি, শিল্পীদের সম্পর্কে তিনি কতটা ভালোবাসা নিয়েই না কথা বলেছেন! ষাটের বা সত্তরের দশকের একেকজনের সাহিত্যিক কীর্তি সম্পর্কে তিনি বলেছেন এতটা ভালোবাসা আর গর্ব নিয়ে, মনে হয় যেন তিনি নিজেরই সাফল্য বা নিজের সন্তানের গৌরবের কথা বয়ান করছেন। আবার তাঁর উত্তরসূরি টেলিভিশন উপস্থাপকদের প্রত্যেকের সম্পর্কে তিনি উচ্চ ধারণা পোষণ করেন, তাঁদের সম্পর্কে সুখ্যাতি গেয়ে বেড়ান। এ সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে উত্তরে তিনি বলেন, ‘আমার ভালোবাসাটা কিন্তু ব্যক্তির জন্য নয়। ব্যক্তির জন্যও আমার খুব ভালোবাসা আছে, কিন্তু এ ধরনের ভালোবাসা তো মরে যায়। আমার ভালোবাসা ব্যক্তির সম্ভাবনার প্রতি। কারও মধ্যে কোনো একটা সম্ভাবনা দেখলে আমি আন্তরিকভাবে চাই, সেটা বিকশিত হোক।’
দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্যও রয়েছে সায়ীদ স্যারের সহজাত ভালোবাসা। এ থেকেই তিনি নিজের কবিত্বের বিকাশের চেয়ে অন্যকে কবি করে তোলার কাজে নিজেকে নিয়োজিত করেন বেশি উৎসাহ নিয়ে। বিশ্বসাহিত্য কেন্দ্র গড়ে তোলেন, পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে কায়েমি স্বার্থের সঙ্গে দ্বন্দ্বে মাতেন। হুমকিরও শিকার হন। হুমকি শুনে তিনি হেসে বলেন, ‘আমি তো অনেক বেশি বেঁচে ফেলেছি, অনেক গান শুনে ফেলেছি, অনেক আনন্দ করে জীবন পরিপূর্ণ করেছি, এখন আর এসব ভয় দেখিয়ে কী হবে?’
চার
স্যার বই পড়ার আন্দোলন করে বেড়ান বটে, কিন্তু তিনি জানেন, বেশি বই পড়লে মানুষ বাস্তব জীবনে তেমন কেজো হয়ে উঠতে পারে না। আমাকে তিনি বলেছেন, ‘দ্যাখো, বই থেকে নিয়ে লিখো না, লেখার উপাদান নেবে জীবন থেকে।’
স্যারকে আমি কখনো হতাশ হতে দেখিনি। তাঁকে বলি, ‘স্যার, আপনার হতাশা আসে না? এই যে দেশটার উন্নতি হচ্ছে না, আবার দেখেন এক বুশ-ব্লেয়ার সময়টা পৃথিবীর যাবতীয় সুনীতি-ন্যায়বিচারকে কী রকম অর্থহীন ব্যাপার বানিয়ে ফেলল!
তিনি বলেন, ‘মুহূর্তের ঘটনায় আমি বিমর্ষ হই। কিন্তু হতাশ হই না। কারণ, মুহূর্তের ঘটনা দিয়ে জগতের হিসাব করলে চলবে না। মানুষের সভ্যতার ইতিহাস ক্রমাগতভাবে কল্যাণের দিকে যাত্রার ইতিহাস। বড় পটভূমির বিচারে মুহূর্তের ব্যর্থতা ধোপে টেকে না।’ বাংলাদেশের ব্যাপারেও স্যার খুবই আশাবাদী। মুক্তিযুদ্ধে জাতির জেগে ওঠার আর ঐক্যবদ্ধতার আর সাহসিকতার আর ত্যাগের উদাহরণটাকেই তিনি সামনে আনতে চান।
পাঁচ.
মাঝেমধ্যে আমার নিজের মধ্যেই যে প্রশ্ন জাগেনি, এমন নয়, বই না পড়লেই বা কী ক্ষতি? বহু মানুষ তো পাঠ্যবইয়ের বাইরে একটা বই না পড়েও দিব্যি আয়-উন্নতি করে চালিয়ে নিচ্ছে এবং কখনো কখনো দেশ-সমাজ-রাষ্ট্রকে চালাচ্ছে। চলছে না?
সম্প্রতি এই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। বুশ আর ব্লেয়ার মিলে পৃথিবীর যে এত বড় ক্ষতি করলেন, প্রাণহানি, মানবিক বিপর্যয় ছাড়া মূল্যবোধের ওপরও যে আঘাত, তা ভাবলে খুবই বিষণ্ন লাগে। কোনো কাজে আর উৎসাহ আসে না। এই নিয়ে ভাবতে গিয়েই মনে হতো, আচ্ছা যদি এমন হতো, বুশকে দিয়ে তাঁর ছাত্রাবস্থায় কিছু ভালো কবিতা পড়িয়ে নেওয়া যেত, ভালো সংগীত, উৎকৃষ্ট চিত্রকলা, উৎকৃষ্ট চলচ্চিত্রের একজন রসগ্রাহী ভোক্তায় পরিণত করা হতো তাঁকে, তাহলে কি লোকটা একটা প্রাচীন সভ্যতার ওপর এভাবে নির্বিচার বোমাবর্ষণ করতে পারতেন?
নিশ্চয়ই পারতেন না।
হায় বুশের ছেলেবেলায় বুশের শহরে যদি বিশ্বসাহিত্য কেন্দ্র থাকত!
এই ভাবনা আসার পর আবদুল্লাহ আবু সায়ীদের কর্মকাণ্ডের প্রতি আমার শ্রদ্ধা নিরঙ্কুশ হয়েছে, তিনি আসলে ভেতরে ভেতরে শুশ্রুষা জোগাচ্ছেন পুরো সভ্যতাকে, মানুষের যাবতীয় কল্যাণমুখিনতাকে, কোমলতাকে, সুকুমারবৃত্তিকে, সৌন্দর্যকে, শ্রেয়বোধকে, তিনি আসলে পরিচর্যা করে চলেছেন মানুষের মনুষ্যত্বকে।
গাছের বোঁটায় ধরা ফলের মতো তাঁর ফলটা হয়তো চোখে পড়ে না, কিন্তু তা আছে, তা কাজ করে চলেছে সভ্যতার ভেতরে ভেতরে।
ছয়.
এরপর আরও ১৯ বছর চলে গেছে। স্যার আরও কাজ করেছেন। একটা কাজ হলো ‘অসীমের ভেলা’। বাংলা কবিতার সংকলন। ‘চর্যাপদ’ থেকে পঞ্চাশের দশকের কবিদের কবিতা পর্যন্ত। এটা তিনি সম্পাদনা করেছেন। তাতে পঞ্চাশের কবিদের মধ্যে সৈয়দ শামসুল হকের কবিতা রেখেছেন সবচেয়ে বেশি সংখ্যায়। ‘পরানের গহীন ভিতর’ পুরোটাই তুলে দিয়েছেন। তাঁকে আমি বললাম, ‘কাজটা কি স্যার ঠিক হলো? আমার তো মনে হয়, শামসুর রাহমানের কবিতা বেশি থাকা উচিত ছিল।’
স্যার তাঁর যুক্তি দিলেন।
আমি তাঁর যুক্তি মানলাম কি মানলাম না, তা বড় কথা নয়। আমি জানি, এটা স্যারের সম্পাদিত বই। তিনি তাঁর বিচার-বিবেচনা থেকে কবিতা নেবেন বা বর্জন করবেন। আমার রুচি অনুযায়ী যদি কবিতার সংকলন সাজাতে হয়, তাহলে আমাকে একটা বই সম্পাদনা করতে হবে।
পাঠকদের আমি ‘অসীমের ভেলা’ সংগ্রহে রাখতে অনুরোধ করব।