লেখকদের সঙ্গে সাক্ষাৎ করে কী বার্তা দিলেন তালেবান নেতারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবুলের রাস্তায় তালেবানরা
ছবি: এএফপি

কাতারের মধ্যস্থতায় তালেবান মুখপাত্র আনাস হাক্কানি সম্প্রতি আফগানিস্তানের খোস্ত প্রদেশের লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তালেবান নেতার এই আকস্মিক সাক্ষাৎ সারা বিশ্বের লেখকদের মধ্যে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। চাঞ্চল্যের কারণ, এই তালেবানের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে, মাত্র কদিন আগে (৪ আগস্ট) তারা কাবুলের কবি ও ইতিহাসবিদ আবদুল্লাহ আতেফিকে হত্যা করেছে, তার আগে গত ২৮ জুলাই মেরে ফেলেছে কৌতুকাভিনেতা ফজল মোহাম্মদকে। পেন আমেরিকা নামের সংগঠন ১৭ আগস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের সংগঠনের সদস্য দুই লেখককে হত্যা করেছে তালেবান। বিশ্বের ২২টি সংগঠন ও ৩৫৪ লেখক ২৫ আগস্ট এক খোলা চিঠি লিখে আফগান কবি, সাহিত্যিক ও শিল্পীদের বাঁচানোর আহ্বান জানিয়েছেন। খ্যাতিমান আফগান চলচ্চিত্র নির্মাতা সাহরা কারিমি দুনিয়াবাসীর কাছে খোলা চিঠি লিখে বলেছেন, আফগান নারী, শিশু, শিল্পী ও চলচ্চিত্রকারদের রক্ষা করতে পৃথিবীর মানুষের সহযোগিতা ও সমর্থন দরকার, কারণ তারা ভালো নেই। এমন পরিস্থিতিতে কোনো তালেবান নেতা যদি আফগানিস্তানের লেখক–শিল্পী সমাজের সঙ্গে সাক্ষাৎ করেন, তবে তা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করবে—এটাই স্বাভাবিক।

কী কথা লেখকদের সঙ্গে

খোস্তের লেখক ও শিল্পীসমাজের সঙ্গে সাক্ষাৎ করে তালেবান মুখপাত্র আনাস হাক্কানি বলেছেন, নবগঠিত তালেবান সরকার আফগানিস্তানের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালকদের কাজে কোনো বাধা তো দেবেই না, বরং তাদের সব ধরনের সহযোগিতা করবে।

আনাসের কথায় কতটা আস্থা রাখবেন আফগান লেখকেরা? কিছুটা আস্থা সম্ভবত এ কারণে রাখবেন যে আনাস হাক্কানি বেশ আগে থেকেই আফগানিস্তানে রাজনৈতিক সমঝোতা আনার চেষ্টায় নেতৃত্ব দিচ্ছিলেন। তালেবান কাবুল দখলের পর তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি, জাতীয় পুনর্মিলনবিষয়ক উচ্চ পরিষদের প্রধান ড. আবদুল্লাহ আবদুল্লাহ এবং অন্যান্য নেতার সঙ্গে দেখা করেছেন।

গেল শুক্রবার (২০ আগস্ট) তিনি খোস্তে অবস্থিত আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিভাগ পরিদর্শন করেন। এরপরই তিনি খোস্তের স্থানীয় সংবাদিক, কবি, লেখক ও সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন। পশতু ভাষার অনলাইন সংবাদমাধ্যম ‘নান তাক্কি এশিয়া’য় এ–বিষয়ক সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে হাক্কানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি আফগান গণমাধ্যম ও সাংবাদিকদের মুসলিম সংস্কৃতি ও আফগান সংস্কৃতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষ এবং আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আনাস হাক্কানি বলেন, তালেবান সরকার সম্ভাব্য সব উপায়ে লেখক, শিল্পী ও সাহিত্যিকদের সহায়তা করবে এবং তাঁদের সমস্ত অভিযোগ শুনবে। শিল্পীসমাজের কাজের উন্নতির জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হবে।

আফগানিস্তানের খোস্ত প্রদেশের লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সামনে বক্তৃতা দিচ্ছেন আনাস হাক্কানি, ২০ আগস্ট
ছবি: সংগৃহীত

খোস্তের লেখকদের উদ্দেশে আনাস হাক্কানি বলেন, আমাদের একে অপরকে সহ্য করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে বাইরের কেউ যেন আর নাক গলানোর সুযোগ না পায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে।

এর আগে গত মঙ্গলবার (২৪ আগস্ট) তালেবানের আরেক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তালেবান নেতাদের এই আশ্বাস কতটা ফলপ্রসূ হবে, তা দেখার জন্য অধীর আগ্রহে ভবিষ্যতের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছেন সারা বিশ্বের লেখকরা।

সূত্র: সামা টিভ, পেন আমেরিকা, ই-ফ্লাস্ক ও লিট হাব।