
নোবেল জয়ের আগে থেকেই নিজের জন্মভূমি ফ্রান্সে বেশ আলোচিত ছিলেন ঔপন্যাসিক পাত্রিক মোদিয়ানো। তবে মিতবাক আর লাজুক স্বভাবের এই কথাশিল্পী বরাবরই এড়িয়ে চলেছেন গণমাধ্যম। প্যারিসের জমজমাট সাহিত্য আড্ডা বা টক শোতেও তাঁর দেখা মেলা ভার। সাক্ষাৎকার দিয়েছেন খুব কম, হাতে গোনা। সেখানেও লেখালেখি ও নিজের সম্পর্কে বলেছেন যৎসামান্য কথা। বিভিন্ন সাক্ষাৎকার থেকে নেওয়া পাত্রিক মোদিয়ানোর সেই সব কথামালা গ্রন্থনা করেছেন মিজান মল্লিক
আমি লিখি শুদ্ধতম ধ্রুপদি ফরাসিতে
‘আমি লিখি শুদ্ধতম ধ্রুপদি ফরাসি ভাষায়। কারণ আমার উপন্যাসের জন্য এ শৈলীই প্রয়োজন: যাতে ঘোর অন্ধকারাচ্ছন্ন, ভাসমান, অস্থির আবহকে সম্ভাব্য সবচেয়ে ঐতিহ্যবাহী ভাষায় সুশৃঙ্খল করে তুলতে পারি এবং দিতে পারি স্বচ্ছতম রূপ।’ ১৯৭৫ সালে এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন পাত্রিক মোদিয়ানো। অক্সফোর্ডের ফরাসি ভাষা ও তুলনামূলক সাহিত্যের অধ্যাপক লেখক পাত্রিক ম্যাকগুইনেসের টেলিগ্রাফে প্রকাশিত এক লেখায় পাওয়া যায় মোদিয়ানোর এ সাক্ষাৎকারের বিবরণ।
নোবেল জয়ের সংবাদ পাওয়ার পর আবেগাপ্লুত মোদিয়ানো সংবাদ সম্মেলনে স্বভাবসুলভ বিনয়ের সঙ্গে বলেছেন, ‘একজন লেখক হিসেবে যে যা-ই লেখেন না কেন, এ বিষয়ে তাঁর একধরনের অন্ধ পক্ষপাত থাকে। আমি প্রতীক্ষায় আছি, তাঁদের (নোবেল কমিটি) কাছ থেকে শুনব, কেন তাঁরা আমাকে বেছে নিলেন।’
একটি বই-ই লিখে চলেছি
২২ বছর বয়সে মোদিয়ানোর প্রথম উপন্যাস লা প্লাস দো লেতোয়াল প্রকাশিত হয় ১৯৬৮ সালে। এখন তাঁর বয়স ৬৯। এ সময়ের মধ্যে লিখেছেন অন্তত ৩০টি বই। এসব বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানির নাৎসি বাহিনীর দখলদারত্বের সময়ে ফ্রান্সের সাধারণ মানুষের জীবনাখ্যান ধ্রুপদি ফরাসি ভঙ্গিমায় বয়ান করেছেন তিনি। নোবেল জয়ের পর নোবেলপ্রাইজ ডট ওআরজির পক্ষ থেকে নেওয়া এক সাক্ষাৎকারে অবলীলায় মোদিয়ানো জানালেন সত্য কথাটি, ‘আমার সব সময় মনে হয়, একটি বই-ই লিখে চলেছি আমি।’
আনন্দের চেয়ে লেখা বড় বেশি বোঝা
মোদিয়ানোর কাছে লেখালেখি আনন্দময়তার চেয়ে বড় বেশি বোঝা বলে মনে হয় এবং এ ভার থেকে মুক্ত হতে চান তিনি। সম্প্রতি ফরাসি দৈনিক লা ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ঘুরেফিরে একটি স্বপ্ন দেখি আমি—স্বপ্ন দেখি, আমার আর কিছু লিখতে হবে না, তখন আমার মুক্তি। কিন্তু হায়, মুক্তি তো মেলে না। এখনো এমন এক ভূখণ্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করে চলেছি যে, এ কাজ কখনো ফুরাবে বলে মনে হয় না।’ ওই সাক্ষাৎকারে তাঁর শুরুর দিকের লেখালেখি সম্পর্কে এ কথাসাহিত্যিকের ভাষ্য, ‘লেখালেখি শুরুর দিকের পাণ্ডুলিপিতে চোখ বোলাই, আর আহত বোধ করি। এ কী, ওই সব লেখায় কোনো স্পেস নেই... নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। ঠিক এভাবেই অনুভব করতাম তখন... যেন দম আমার বন্ধ হয়ে আসছিল।’
লিখি প্রতিদিন
নিরলস সাহিত্যসাধনা সফলতা দিয়েছে মোদিয়ানোকে। বহু বছরের চর্চার মধ্য দিয়ে তিনি সৃষ্টি করেছেন অনন্য এক স্টাইল, যা তাঁর নিজস্ব। এর পরও লেখালেখিকে কুয়াশাচ্ছন্ন ঝুঁকিপূর্ণ পথে গাড়ি হাঁকানোর সঙ্গে তুলনা করে ২০১১ সালের ১৫ মে প্রকাশিত ফ্রান্স টুডের সাক্ষাৎকারে বললেন চমকপ্রদ এক কথা, ‘কোথায় যাচ্ছ, তা তুমি জানো না, শুধু এইটুকু জানো যে, যেতে হবে সামনে।’
লিখে লিখে পার করেছেন প্রায় ৫০ বছর। এর পরও তাঁর দাবি, লেখালেখি উপভোগ করেন না তিনি! অবশ্য এর কারণ ব্যাখ্যা করেছেন ফ্রান্স টুডের ওই সাক্ষাৎকারেই, ‘লেখালেখি এক যন্ত্রণাদায়ক কাজ, যত দ্রুত সম্ভব এ থেকে পরিত্রাণ পেতে চাই। প্রতিদিন লিখি, তা না হলে খেই হারিয়ে ফেলি।’
অন্য কিছু করার কথা ভাবিনি
২০১১-তে প্রকাশিত ফ্রান্স টুডের সাক্ষাৎকারে নিজের লেখালেখি প্রসঙ্গে মোদিয়ানো বললেন আরও অনেক কথা, ‘আসলে অন্য কিছু করার কথা ভাবিনি কখনো। আমার কোনো ডিপ্লোমা নেই, পূরণ করার নির্দিষ্ট লক্ষ্যও ছিল না আমার। কিন্তু একজন তরুণ লেখকের জন্য এত তাড়াতাড়ি লেখা শুরুর কাজটা ছিল দুরূহ। সত্যি, আমার প্রথম দিকের বইগুলো পড়ার ব্যাপারে এখন আর তেমন আগ্রহ বোধ করি না। এমন নয় যে এগুলো আমার অপছন্দের, কিন্তু আমি নিজেকে মোটেও খুঁজে পাই না সেখানে, বরং দেখি, যেন কোনো বুড়ো অভিনেতা তাঁকেই দেখছেন নেতৃত্বদানকারী এক তরুণ রূপে।’
কয়েক বছর ধরে প্যারিসের ঐতিহাসিক একটি ভবনে বসবাস করছেন ফ্রান্সের এই কথাশিল্পী। তাঁর কার্যালয়ে অনেকগুলো বুকশেলফ। তাতে থরে থরে সাজানো আছে হরেক কিসিমের বই। এর মধ্যে বিশ্বযুদ্ধের ওপর ফরাসি ও ইংরেজি ভাষায় লেখা প্রবন্ধের বই-ই বেশি। নিজের পড়াশোনা প্রসঙ্গে ফ্রান্স টুডের পক্ষে সাক্ষাৎকার নিতে আসা জুলিয়েন বিসনকে মোদিয়ানো বলেন, ‘আমি প্রচুর ইংরেজি পড়ি, কিন্তু এ ভাষায় কথাবার্তা তেমন বলতে পারি না। বেশ কঠিন লাগে।’
আত্মজীবনীমূলক উপন্যাস
অত্যন্ত সংবেদনশীল এই কথাশিল্পীর জন্ম ১৯৪৫ সালের ৩০ জুলাই প্যারিসের বুলন শহরতলিতে। বাবা ইতালীয় ইহুদি আলবার্তো মোদিয়ানো আর মা লুইজা কোলপেন ছিলেন বেলজিয়ান অভিনেত্রী। তাঁর ভাই রুডি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় মাত্র ১০ বছর বয়সে। এরপর ভাই হারানোর বেদনায় শোকাতুর মোদিয়ানো ১৭ বছর বয়সে বাবার সঙ্গে ছিন্ন করেন সম্পর্ক। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তাঁর বাবার সুবিধাবাদী চরিত্র ও অবস্থান। এর অনেক পরে উন পেডিগ্রি, ইন ২০০৫ শিরোনামের ভীষণ জনপ্রিয় আত্মজীবনীমূলক উপন্যাসে নিজের শৈশব স্মৃতি তুলে ধরলেন তিনি। এখানে নির্মোহ দৃষ্টিতে আঁকলেন বাবার সেই সুবিধাবাদী অবয়ব। যদিও উপন্যাসটিকে আত্মজীবনী বলতে নারাজ মোদিয়ানো। এ সম্পর্কে ফ্রান্স টুডেকে বলেছেন, ‘আমি তো আর কোনো আত্মজীবনী লিখতে পারতাম না, তাই একে বলেছি, ‘পেডিগ্রি: সে সময় আমি কী করেছি, সেসব কথা বরং এখানে খুব কমই বলেছি, বেশি বলা হয়েছে অন্যদের সম্পর্কে, বিশেষ করে, বাবা-মা আমার সঙ্গে কী করেছিলেন, সে বিষয়ে।’
পুলিশ ডাকলেন বাবা
আলজেরিয়ায় তখন যুদ্ধ চলছে। মোদিয়ানো প্যারিসে, প্রায় একা, হাতে কানাকড়িও নেই। গেলেন বাবার কাছে, সামান্য অর্থ চেয়ে মিনতি করলেন। কিন্তু তাঁর বাবা ডাকলেন পুলিশ। তারপর তাঁর গণিতের শিক্ষক খ্যাতিমান লেখক রেমন্ড কুয়েনিউ যখন মোদিয়ানোর মেধার ঝলকানি আবিষ্কার করলেন, তখনই লেখকজীবন শুরু হলো এই তরুণের। বিশ্বযুদ্ধের সময় দখলদার নাৎসিদের দোসর ইহুদি রাজাকারদের চরিত্র আঁকলেন তাঁর প্রথম উপন্যাসে। আর এতেই ক্রুদ্ধ হলেন তাঁর বাবা। বইটি যাতে পাঠকদের হাতে না পড়ে, সেই উদ্দেশ্যে উপন্যাসের প্রায় সব কপি কেনার চেষ্টা করলেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি বাহিনীর ফ্রান্স দখলদারত্বের (১৯৪০-৪৪) সময় মোদিয়ানোর ইহুদি বাবা জড়িয়ে পড়েছিলেন ছায়াময় সন্দেহজনক কাজে। তবে দখলদারদের দোসর নিজের বাবাকে কখনোই ক্ষমা করতে পারেননি মোদিয়ানো। তাঁর প্রায় সব কটি উপন্যাসেই ‘ঘোর অন্ধকারাচ্ছন্ন’ সেই সময়ের চিহ্ন রয়েছে। বারবার তিনি ফিরে গিয়েছেন সেখানে। গ্রন্থের পর গ্রন্থে তুলে ধরেছেন প্রায় একই চিত্র। এ বিষয়ে মোদিয়ানোর কথা, ‘প্রতিটি উপন্যাস লেখার পর আমার মনে হতো, যাক, এবার সেই অন্ধকারাচ্ছন্ন বিষয়টিকে পরিষ্কার করা গেল। কিন্তু জানি, আমি আবার ফিরে আসব এখানেই। টুকরো টুকরো বিবরণ দিয়ে আঁকব ছোট্ট সব বিষয়, যেগুলো আমার জীবনেরই অংশ। শেষমেশ আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, সেই স্থান ও কালের দ্বারাই আমাদের সবাইকে নিরূপণ করা হয়।’
মোদিয়ানোর জন্য সেই ‘স্থান’ হলো ফ্রান্সের রাজধানী প্যারিস। এই শহর সম্পর্কে বছরের পর বছর নিরলসভাবে লিখেছেন তিনি। এর রাস্তাগুলোর পরিবর্তন, বাসিন্দাদের আচার-ব্যবহার—সবই এঁকেছেন নিপুণ হাতে।
গোয়েন্দা-উপন্যাস লেখার সামর্থ্য অর্জন
সুইডিশ একাডেমির স্থায়ী সচিব পিটার ইংলান্ড মোদিয়ানোর নোবেল জয়ের পর স্টকহোমে সাংবাদিকদের বলেছিলেন, মোদিয়ানোর সাহিত্যকর্মে প্রায়ই সময়, স্মৃতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান আছে। লিখেছেন ছোট ছোট কিন্তু সরস সব বাক্যে। লেখার মধ্যে একই বিষয়ে ফিরে ফিরে আসেন তিনি, সময় ও অতীতকে সৃজন করেন পুনরায়। তো, নিজের লেখায় একই বিষয়ে বারবার কেন ফিরে গেছেন তিনি? এ সম্পর্কে ইংলান্ডের মন্তব্য, ‘কারণ, এসব বিষয়ে আপনারাও বলে শেষ করতে পারেন না। আপনি নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেন না: কেন আমি আজকের এই মানুষে রূপান্তরিত হয়েছি? আমার মধ্যে কী ঘটেছিল? সময়ের ভার থেকে কী করে মুক্ত হব? কেমন করে প্রত্যাবর্তন করব অতীতের দিনগুলোতে?’
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার আগে মোদিয়ানোর সঙ্গে যোগাযোগ করার সুযোগ না পেলেও তাঁর লেখা সম্পর্কে ইংলান্ড বলেন, ফরাসি এই লেখক গোয়েন্দা-আখ্যানের ছাঁচ নিয়েও মেতে উঠেছেন। তাঁর মিসিং পারসন উপন্যাসে একজন প্রাইভেট ডিটেকটিভ নিযুক্ত করার বিষয়ে লিখেছেন মোদিয়ানো। ওই ডিটেকটিভের কাজ হলো স্মৃতিভ্রষ্ট তিনি কে, তা চিহ্নিত করা, খুঁজে বের করা।
গেল সপ্তাহে তেলেরামা সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে যথাসম্ভব বিনয়ী কণ্ঠে মোদিয়ানো বললেনও গোয়েন্দা-উপন্যাস লেখা নিয়ে, ‘সব সময় একটি ইচ্ছে লালন করেছি, তা হলো, গোয়েন্দা-উপন্যাস লেখার সামর্থ্য অর্জন করা। যেসব বিষয় আমাকে ঘোরগ্রস্ত করে রাখে, সেগুলো গোয়েন্দা-উপন্যাসের প্রধান থিমের—গুম, পরিচয়ের সমস্যা, আংশিক বা সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়া, বিভ্রান্তিকর অতীতে ফিরে যাওয়া—খুব কাছাকাছি।’