লেটার প্রেসের কম্পোজিটর

আমির আবরণ খুলে জানাই, আমার প্রথম লেখাটি ছাপা হয়েছিল বাগেরহাট থেকে প্রকাশিত সাপ্তাহিক দক্ষিণ বাংলায়। সামনের দুই কামরায় পত্রিকার ছোট্ট অফিস, পেছনে প্রেস। সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন, প্রায়ই বসতেন না। পত্রিকা চালাতেন নির্বাহী সম্পাদক শেখ নজিবর রহমান। একদিন কলেজ থেকে ফেরার পথে তাঁর কাছে একটা গল্প দিয়ে আসি। কয়েক সপ্তাহ পরে তা ধারাবাহিক ছাপা শুরু হয়।
আসলে গল্পটা আকৃতিতে এমন কিছু বড় ছিল না যে ধারাবাহিক ছাপতে হবে। কিন্তু চার পাতার ২০ বাই ৩০ আকৃতির ওই কাগজে একটি গল্পকে একবারে জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না তেমন। থাকবে কী করে, পত্রিকা ছাপা হতো ১৪ পয়েন্ট টাইপে, লেটার প্রেসে। তখনো জানি না এই টাইপকে ১৪ পয়েন্ট বলে। একটু বড়ই, ডাবল এম বলে একটি শব্দ, মানে দুই লাইনের ভেতরে দুখানা পাত দিয়ে এই স্পেস দেওয়া হতো।
এরপর শুনলাম ‘বারো পাইকা’ বলে এক জোড়া শব্দ। গল্পটা এক কিস্তি বের হলে তার পরের সপ্তাহের কাগজ বের হওয়ার আগে একদিন দক্ষিণ বাংলার প্রেসে ঢুকেছিলাম। সার সার সিসার অক্ষর। ঢালু খোপকাটা টেবিলের বিভিন্ন প্রকোষ্ঠে রাখা। মাঝখানে বসেছেন কম্পোজিটর। নিউজ ও সম্পাদকীয় ইত্যাদি রোববারে কাগজ বাজারে যাওয়ার দু-এক দিন আগে কম্পোজ হতো, কিন্তু অন্য লেখা তো কম্পোজ হতো আগেই। ফলে একদিন যখন আমার ওই লেখার মাঝখানের একটি পৃষ্ঠা কম্পোজ হচ্ছে, তখন সেখানকার একজনকে শেখ নজিবর রহমান বললেন, ‘এই যে লেখক আইচেন, পারলি প্রুফটা দেখাইয়ে নিয়ো।’
প্রুফ দেখা শব্দটা আগেও শুনেছি, কিন্তু নিজের লেখা আর সেই লেখার প্রুফ দেখার কৌশল কোনো কিছুই তো জানি না। আশুতোষ (এ. টি.) দেবের ইংরেজি অভিধানের পেছনে সে কৌশল দেখেছি, কিন্তু দেখে বুঝিনি কিছুই। কোন সাইনকে কী বলে তা-ও জানা নেই।
শেখ নজিবর রহমান আমাকে অজ্ঞাত কারণে তখন আপনি ডাকতেন, আমি ডাকতাম দাদু, হয়তো দাদু-নাতির সম্পর্কের কারণে। জিজ্ঞাসা করলেন, ‘প্রুফ দেখতি পারেন আপনি, লেখক?’
বললাম, ‘না—’
‘আসুক গেলিতে, প্রুফ শিখোয়ে দেবানে—’
‘গেলি!’ গেলি কী জিনিস? গেলিতে করে প্রুফ আসবে! দেখলাম আধভেজা নিউজপ্রিন্টের এক পাশে ছাপা, অন্য পাশে পায়ের ছাপমতো। পরে দেখেছি কীভাবে সাজানো কম্পোজে হাতল ব্রাশ দিয়ে কালি মেখে তারপর কাগজে একটু জলের ছিটে দিয়ে এই গেলি প্রুফ দেওয়া হয়।
এসবই লেটার প্রেসের প্রায় শেষ দিনগুলোর ব্যাপার। জাতীয় দৈনিকগুলো তখনো লেটার কম্পোজে অফসেটে ছাপা হয়, মেশিনগুলোকে বলে রোটারি অফসেট। একটু খরুচে লাইনো তখন প্রায় যায় যায়। কারণ দৈনিকের ফিচার পাতাগুলো কম্পিউটার কম্পোজে ছাপা হতে শুরু করেছে। ছোট কাগজ আর সাপ্তাহিক পত্রিকাগুলো তখন দুই দিকেই আছে। কোনোটা লেটার প্রেসে, সুশ্রী বা পাইকা টাইপে, সাপ্তাহিক কোনো কোনোটি লাইনোতে, কোনোটি কম্পিউটার কম্পোজে। নব্বই দশক প্রায় শুরু হব হব।
কিন্তু মফস্বল শহরে তখনো প্রায় সব ছাপাছাপিই লেটার প্রেসেই। অফসেট প্রায় সেখানে পৌঁছায়নি। দু-একটি বিভাগীয় শহরে অফসেট প্রেস সবে ঢুকছে। তা-ও সেই মফস্বল শহরীয় কাজের জন্য বড় খরুচে। কম্পিউটারের তখনো বেশ আশ্চর্য দ্রষ্টব্য যন্ত্র। যিনি চালাতে পারেন, তিনি প্রায় বাহাদুর। ফলে ছাপার অক্ষর তখনো মূল্যবান। তা প্রেসের একজন কম্পোজিটর যত অভাজনই হোন, কদর তাঁর তখনো আছে। শহরের প্রেসগুলোর সামনে দিয়ে পরীক্ষার মৌসুমে সম্ভ্রমে পা ফেলে পথিক। সেখানে কত গোপন কাজ হয়। সামনের রুমের পরই কম্পোজিটদের ঘরের সামনে লেখা থাকে ‘প্রবেশাধিকার সংরক্ষিত’।
সেই দক্ষিণ বাংলার প্রেসেই হোক কিংবা অন্য কাজের জন্য কোবরা ও আমিনা প্রেসের সঙ্গে একপ্রকার যোগাযোগ ঘটেছিল। বড় মেশিন, ছোট মেশিন, ট্রেডল মেশিন, বিদ্যুৎ না থাকলে পায়ে চালানো যায় ইত্যাদি বিষয়গুলো তখন দেখতে দেখতে জানা। আর সবচেয়ে অবাক করা ছিল এখানকার কম্পোজিটর আর ম্যানেজাররা।
হাতে কোনো কপি পড়লে তাতে আগে ম্যানেজার বাবু সংশোধন করে নিতেন। কোনো বর্ণ অক্ষর শব্দ বোঝা না গেলে গাঢ় মোটা কলমে তা ঠিক করে নিতেন। কোনো কোনো কম্পোজিটর বানান জানতেন ভালো। অভিজ্ঞতার বিষয় যেমন, একই সঙ্গে পেশার প্রতি আন্তরিকতা আর একাগ্রতাও একটি বিষয়। দক্ষিণ বাংলা প্রেসে জবুথবু সামনে প্রায় দাঁতহীন অমল খুড়ো, যাঁকে প্রায় সবাই খুড়ো বলে ডাকত, দাঁড়ির পরে কোনোভাবেই ‘এবং’ কম্পোজ করবেন না। কারণ, এবং দিয়ে একটি শব্দকে জোড়ানো হয়। আবার কোবরা প্রেসের প্রফুল্ল সাহা, দীর্ঘদেহী একহারা গড়ন, প্রায় কুঁজো হয়ে দাঁড়াতেন, গেলিতে প্রুফ দেওয়ার আগেই উল্টো করে বসানো অক্ষরগুলো দেখে দেখে বানান সংশোধন করে দিতেন। ফলে প্রুফ দেখার সময় ভুলের সম্ভাবনা অনেক কমে যেত।
তারপরও ওই লেটার প্রেসে যাকে প্রেসের ভূত বলে তা কি চাইলেই পিছু ছাড়ত? ‘ধস’ বানান একজন লিখেছে ‘ধ্বস’; এমন বানান চলতও, কিন্তু টাইপে যদি ‘ধ্ব’ নাই থাকে, তাহলে? মনে হলো, অন্তীয় ‘ব’ আগে দিয়ে তারপর এটা হতে পারে। পত্রিকায় ছেপে বের হলো ‘বধস’। সামনের ‘ব’-টা একটু ছোট। বিসর্গ আগের বদলে পরে অর্থাৎ শব্দের মাঝখানে বসার বদলে বসেছে শেষে। এসব লেটার প্রেসে খুব ঘটত। আর প্রুফ দেখার সেসব সংকেত চিহ্ন তার অনেক কিছু আজ আর নেই। যেমন একটা টাইপ অর্থাৎ বর্ণ উলটে গেছে কিংবা সবগুলো বর্ণ স্পষ্ট একটি খারাপ অর্থাৎ অস্পষ্ট, সেটিকে বদলাতে হবে, এটি এখন নিষ্প্রয়োজন।
সেই শেষ কৈশোরে একটি দুটি পার্বণি কাগজের সঙ্গে যুক্ত থাকা আর দক্ষিণ বাংলায় লেখার সুবাদে লেটার প্রেসের কম্পোজিটরদের সঙ্গে একপ্রকার সখ্য গড়ে ওঠে। বয়সে বিস্তর ফারাক, তাঁদের অনেকেই প্রবীণ, এই একটি কাজই শত বঞ্চনার পরও করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আয়-রোজগার তেমন কীই-বা হতো। রাজনৈতিক দল বা কিশোর-তরুণদের কাগজের কাজের টাকা সব যে জুটত তাই-বা কী করে বলা যায়। কিন্তু কাজটিতে তাঁদের আনন্দ ছিল, একপ্রকার কর্মতৎপরতার সৌখিনতায় তাঁরা কাজটি করতেন বলে মনে হতো। কিন্তু যা ছিল সবচেয়ে বিস্ময়কর—বাংলা বর্ণমালার এত এত যুক্তাক্ষর সংবলিত টাইপ তাঁরা কীভাবে মনে রাখতেন? কোন খোপে কী আছে সেটি নিমিষেই হাতের সেট করার পেতলের ধারকে মুহূর্তে এনে বসাতেন। কখনো সন্দেহ থাকলে টাইপটা একটু দেখে নিতেন চোখের সামনে। তারপর ঠিক না থাকলে যথাযথটা আনতেন, তারপর বসাতেন। এর ভেতরে হয়তো কথা বলছেন, আড্ডা গুলতানিও চলত, কাজও চলত। বিরামহীন। এসব টাইপ খুদে খুদে টাইপের কাজে চোখও তো ধরে যেত কিছুদিনের ভেতরে। প্রায় প্রত্যেকের চোখে তাই চশমা!
আর তখনো পর্যন্ত কখনো কখনো তাঁদের পাশে একজন-দুজন শিক্ষানবিশও দেখেছি, তাঁরা কম্পোজ শিখছেন। ধীরে ধীরে তাঁরাও একদিন হয়ে উঠবেন লেটার প্রেসের কম্পোজিটর। কিন্তু দূর থেকে যেই কম্পিউটার কম্পোজ আর অফসেট প্রেসের পদধ্বনি শোনা যেতে লাগল, ধীরে ধীরে এই শিক্ষানবিশরাও এই কাজ থেকে নিজেদের গুটিয়ে নিলেন।
কম্পোজ রুমের এক প্রকার নীরবতা, না দেখলে বিশ্বাস করা যায় না। আর এর পাশেই প্রেসের ছাপা যন্ত্রের শব্দ বয়ে যাচ্ছে অবিরল। কিন্তু এই রুমে এর ভেতরেই এক প্রকার সুতোয় গাঁথা তৎপরতা, জানা আছে কোন কাজটির পরে হতে থাকবে কোন কাজ। সেই সব দেখতে দেখতে নিজেও যে দু-একটি সিসার অক্ষর হাতে তুলে নিইনি তা নয়।
তখন হয়তো অমল খুড়ো বলতেন, ‘ভাইপো, হাতে কালি লাগতিচো কী জন্যি!’
আগে ছাপা হওয়া প্রেসের এই অক্ষরে কিছু কালি লেগে থাকত। হাতে লাগলে হাতের তালু, আঙুলের অগ্রভাগ কালো হয়ে যাবে, তাই এই সাবধান করে দেওয়া। কিন্তু তারপর যেন খুড়োকে যদি একটু খ্যাপানে যায়, ‘খুড়ো “রন্ধ্রে” বানান যে আমাদের সেই তারুণ্য পত্রিকায় “রন্ধে” হয়ে গিয়েছিল, আছে এখন “ন্ধ্র” ছাঁচের টাইপ?’
এই জানতে চাওয়ায় অমল খুড়ো যেন একটু চিন্তায় পড়লেন। অথবা বলেই বসলেন, থাকবে না কেন? কিন্তু যদি তখন বলতাম, দেখি কই, নিশ্চিত দেখাতে পারতেন না। রন্ধ্রে বানানের ‘র’ ফলা পাশে থেকে দিয়ে দেওয়ার ফলে সেখানে টাইপ একটু ফাঁকা থেকে গিয়েছিল। এই যে নেই, পাওয়া যাবে না, এটা বুঝে বললেন, আমারে ঠকাও! তাঁর অনেকগুলো দাঁত পড়ে যাওয়া মুখে হাসিতে ভরে উঠল। চোখের চশমাজোড়া খুলে আবার পরে নিলেন একবার। হাতের কালি ওই চশমার ডাঁটেও একটু লাগল। সে হাত প্রয়োজনে ছেঁড়া কোনো কাগজে একটু মুছে নিয়ে আমার দিকে বাড়িয়ে দিলেন একখানা বিস্কুট আর একখানা নিজের মুখে পুরে দিতে দিতে ওই ফোকলা দাঁতে আবার হাসলেন। তারপর বললেন, ‘চা খাবা নাই (নাকি) এট্টু।’ তারপর ম্যানেজার তপন খুড়োকে বললেন, ‘ও তপন, খুড়োরে চা দিও এট্টু!’
নিজের কথার বাইরে যাওয়া যাক। মফস্বল শহর থেকে রাজধানীর দিকে পা বাড়াতে বাড়াতে টের পেলাম, ওই ছোট্ট শহরেও অফসেট প্রেস ঢুকছে ঢুকছে। যদিও অফসেট খরচ বেশি, অন্তত তখনকার হিসাবে লেটার প্রেসের চেয়ে তো বেশি বটেই। ফলে স্কিন প্রিন্ট সেই জায়গা নিয়ে নিল। অল্পসংখ্যক কাজে তখন প্রায় অফসেটেই ছাপার মতো কাজ পাওয়া যায়। সেই সব ছোট্ট কাজের জন্য আর কে যায় লেটার প্রেসে। প্রেসগুলো তখন টিকেই ছিল ছোট ছোট সাপ্তাহিক পত্রিকা প্রকাশের কাজে আর আঞ্চলিক নির্বিচারে পোস্টার আর হ্যান্ডবিল ছাপানোয়। তা-ও একসময় অফসেট প্রেসের দখলে চলে এল। তখন অফসেটে দ্রুত ঝকমকে সুন্দর আর লেটার প্রেসের তুলনায় সস্তায় কাজ পাওয়া যায়।
তাহলে জাতীয় দৈনিক থেকে যেমন একদিন ওই কম্পোজিটররা চলে গেলেন, সেই সংবাদ পত্রিকার পাতাতেই পড়া যায়, একইভাবে মফস্বল শহর কি রাজধানী থেকেও লেটার প্রেসের কর্মচারী বা কম্পোজিটররাও হটে গেলেন। সেখানেও বই তখন অফসেটেই ছাপা হয়।
ফলে এখন চাইলেও যেমন আর কোথাও লেটার প্রেস পাওয়া যাবে না, তেমন খুঁজেও পাওয়া যাবে না একজন কম্পোজিটর। সেটা জীবিকা হিসেবে হারিয়েই গেছে!