লেনিনের বেঁচে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মুহম্মদ নিজামউদ্দিনের ডাকনাম লেনিন, দুই সন্তানের বাবা, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকার স্বামী। লেখাপড়া জানা বন্ধুরা তাকে মাঝেমধ্যে বলে, ‘তোর নামে কী কন্ট্রাডিকশন!’ এখনো পাবনার ব্রজনাথপুর গ্রামের কেউ কেউ ডাকে লেলিন বলে, নামটি ভুল বলাতে তাদের কোনো দোষ দেওয়া যাবে না। বয়স ৫২+ হওয়ার পর থেকে সে যত্নে দাড়ি রাখছে, দিচ্ছে মেহেদি। শুক্রবারে খুব জরুরি কাজ না থাকলে প্রায় নিয়মিত লেনিন জুমার নামাজ পড়তে যায় পাড়ার বায়তুল আমান জামে মসজিদে।
তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব গ্রেপ্তার হয়েছেন, সারা পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের আন্দোলন ঝঞ্ঝাপূর্ণ, ব্রজনাথপুরের সন্তানেরা ‘আব্বা’ ডাক থেকে ‘বাবা’তে যায়নি, কাজে-অকাজে ছোটকালে, লেনিনের ক্লাস সেভেন পাস করা আব্বা মুহম্মদ করিমুল্লাহ যখন লেনিন বলে ডাকত, ঘরে-বাইরের বাতাসে দুটো দন্ত-ন-এর ‘ন’ ‘ন’ ধ্বনি, তার মনে হতো, পৌঁছে যাচ্ছে মস্কোর অক্টোবরস্কায়া চত্বরে, সেখানে কমরেড ভ্লাদিমির লেনিনের বিশাল মূর্তি কখনো তুষারপাতে হয়ে উঠছে সাদা, কখনো রৌদ্রতে উজ্জ্বল বিপ্লবী।
লেনিন যখন পৃথিবীর আলোতে আসার জন্য মায়ের পেটের অন্ধকারে আন্দোলন শুরু করেছে, করিমুল্লাহ গ্রামের জমিসংক্রান্ত একটা মামলার বাদী পক্ষের সাক্ষী হয়ে এসেছিল, ১৮৭৯ সাল থেকে লাল ইটের গাঁথনিতে ভর করে দাঁড়িয়ে থাকা পাবনার জজ কোর্টে। মামলার শুনানি শেষ হলো দুপুর নাগাদ। বাদী বিপিন পালের বড় ছেলে সলিল পাল বলল, করিম ভালো সাক্ষী দিছো, চলো হোটেলে ভাত খাই, তারপর লক্ষ্মীর ওখেনে মিষ্টি খাব, টাউনে ঘুরে সুময় কাটাব, বিকেলে এক কমুনিস্ট নেত্রী রূপকথা সিনেমা হলে বক্তব্য দেবে, শুনে বাড়িত যাবো নে।’ করিমুল্লাহ আগে কখনো কমিউনিস্টদের বক্তব্য শোনেনি।
সুতির শাড়ি পরা কমিউনিস্ট নেত্রীর বক্তৃতায় করিমুল্লাহ প্রথম শোনে লেনিনের নাম এবং শোষক, শোষণ, সাম্রাজ্যবাদ, শ্রমিকদের অধিকার, বুর্জোয়া, লুটেরা শ্রেণি আর শ্রেণিসংগ্রামের কথা। নেত্রী সহজ ভাষায় বলেছিলেন, কীভাবে করতে হবে আন্দোলন এবং কী কী করণীয়। লেনিন নামটা শুনে করিমুল্লাহর মনে হয়, নামটার মধ্যে একটা নতুন কিছু আছে, ব্রজনাথপুর কেন, আশপাশের কোনো গ্রামে এই নামে কেউ নেই। তবে সে এক ধন্ধে পড়ে, নামটা ছেলের না মেয়ের। পাবনা এডোয়ার্ড কলেজ থেকে আইএ পাস করা তার সলিলদা তাকে জানায়, রাশিয়ার নেতা ছিলেন লেনিন, তিনি ছিলেন বাপের বেটা। গ্রামের মানুষ সলিলের কাছে শুনেছে, সে নাকি পাবনা এডোয়ার্ড কলেজে নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারকে দেখেছে, শুনেছে তাঁর বক্তৃতা। তাঁর এই দাবির সত্যতা কখনো কেউ যাচাই করেনি।
আট মাসের পোয়াতি বউকে, যদি তার বউ ছেলের জন্ম দেয়, আশপাশে তাকিয়ে, ফিসফিস স্বরে এমনভাবে করিমুল্লাহ বলল, যেন গোপন কিছু, নাম রাখা হবে লেনিন। নাম শুনে ভবিষ্যতের লেনিনের মা সন্দেহে চোখ কুঁচকায়। দুবার জানতে চেয়েছিল নামটা। করিমুল্লাহ, প্রথমবার বলেছিল লেনিন, দ্বিতীয়বার লেলিন, তৃতীয়বার নিজেরই চোখ কুঁচকায়, নামে দুটো ‘ল’, নাকি দুটো ‘ন’; কানে হাত দেয়, যেন শ্রবণকে নাড়া দিল এবং হেসে বলে, নাম লেনিন।’ সঠিক নাম কী, সন্দেহ দূর হয় না। পরদিন সকালে সলিলদা তার সন্দেহ দূর করে। করিমুল্লাহ তখন সলিলদাকে জানায় তার ইচ্ছা। ‘ভালোই তো, তুমার ছাওয়াল হলি আমরা তাক ডাকপো কমরেড লেনিন কয়ে।’—সলিলদার এই মন্তব্যে খুব খুশি হয় করিমুল্লাহ। সলিলকে সে অনুরোধ করে, লেনিনের কোনো ছবি দেখা যায় কি না। হবু পিতার স্বপ্ন-পীড়িত চোখ দেখে সলিল বলে, ‘তুমাক লাইবেরিত লিয়ে যাবো নে।’
কেন এই বিদেশি অচেনা নাম রাখা হবে, প্রশ্ন করেছিল লেনিনের মা। তার ইচ্ছে ছিল, ছেলে হলে নাম রাখবে বড় আউলিয়া নিজামউদ্দিনের নিজামউদ্দিন, আর মেয়ে হলে মহানবীর স্ত্রী মা আয়েশার আয়েশা। করিমুল্লাহ বউয়ের ইচ্ছেকে হেসে স্বাগত জানায়, ‘ঠিক আছে, ছাওয়াল হলি ভালো নাম মুহম্মদ নিজামউদ্দিন আর ডাকনাম হবি লেনিন। এখন তুমি কাউরে কইয়ো না এই নাম, জব্বারের বউর যদি ছাওয়াল হয়, ও নামডা লিয়ে লিবের পারে।’ বলে বউয়ের উঁচু পেটে আস্তে হাত বোলায়। ভবিষ্যতের লেনিন তার আব্বার স্পর্শ পেয়ে তখন নড়াচড়া করেনি। মনে হয়, মার পেটের অন্ধকারে তরল পানির মধ্যে ঘুমাচ্ছিল নিরাপদে।
আনন্দ আর ভয়ের মিশ্রিত উত্তেজনায় কলিমুল্লাহ অভিভূত, বাপ হতে যাচ্ছে বলে কথা। তবুও বউটার যদি কিছু হয়—এই ভাবনায় একবার আঁতুড়ঘরের দরজার সামনে, একবার উঠোনের কোনায় বুড়ো পেয়ারাগাছের নিচে, কৃষ্ণপক্ষের অর্ধেক চাঁদের ম্যাড়মেড়ে জোছনার ভেতর সতর্ক পায়ে সে যায়-আসে, আসে-যায়। আঁতুড়ঘর থেকে মানুষ-জন্মের আগে হবু মায়ের গলাফাটা আর্তচিৎকার ভেসে আসে, বাড়ির নেড়ি কুকুরটা বিপদের আশঙ্কায় ডাকতে থাকে ঘেউ ঘেউ। করিমুল্লাহ তখন দরজার সামনে। ‘এই তো আসতেছে’—ধাইয়ের গলা শুনে করিমুল্লাহ মোনাজাত ধরে, ‘হে আল্লাহ, আমার আশা পূরণ কইরো।’
‘ছাওয়াল, ছাওয়াল’—ধাইয়ের কথা আর তার পাশে থাকা অন্য মহিলাদের হাসির মধ্যে ভবিষ্যতের লেনিনের জন্মকান্না শুনে করিমুল্লাহ বলল, ‘আলহামদুলিল্লাহ’; এবং দ্রুত অজু করে নিজেই দিল আজান।
সাত দিন পর এক অনুষ্ঠানের মধ্যেই নবজাতকের হলো মাথা কামানি আর আল্লাহর নামে দুটো খাসি জবাই দিয়ে আকিকা করে ছেলের নাম রাখা হলো মুহম্মদ নিজামউদ্দিন। মায়ের ইচ্ছে হয়েছিল, মাথা কামানির সময় ভবিষ্যতের লেনিনের কয়টা নরম চুল রেখে দিতে, পূরণ হয়নি। করিমুল্লাহ বউয়ের ইচ্ছের কথা শুনে বলেছিল, ‘আসল লেনিনের মাথা টাক, চুল রাইখে দিয়ে লাভ নেই।’
ছেলে জন্ম নেওয়ার দুই দিন আগে গ্রামে দেশের রাজনীতি আর রাজনীতিবিদদের ভালোমন্দ নিয়ে কথা বলা সলিলদাকে করিমুল্লাহ বলেছিল, লেনিনের ছবি দেখবে এবং তাঁর সম্পর্কে কোনো বই থাকলে পড়বে। সলিল তাকে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল এবং সেখানেই পূরণ হয় করিমের ইচ্ছা। ১৯১৭ সালে রাশিয়ায় সংঘটিত সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির এলিচ লেনিনের চোখ, সামান্য ঝুলে পড়া গোঁফ ও দাড়ি খুব ভালো লেগেছিল তার, যদিও টাক দেখে কিছুক্ষণের জন্য করিমুল্লাহর মনটা একটু খারাপ হয়ে যায়। লাইব্রেরি থেকে বাড়িতে ফেরার পথে সলিলদাকে সে বলে, ‘আমি পড়লাম কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলসের চিন্তাধারা লেনিন এগিয়ে নিয়ে যান। লিখে লিখে ব্যাখ্যা করেন। তো, ওই দুইজনের চিন্তাধারা কী?’ সলিল বলল, তুমি বুঝবে না, তয় কয়েকটা কথা, যেমন বুর্জোয়া, ধনিক শ্রেণি, শ্রমিক-কৃষকের রাজ, শোষণ, সাম্রাজ্যবাদ, সম্পদের বণ্টন—এসব কথা একদিন কবো নে।’ করিমুল্লাহর মনে পড়ে, কদিন আগে কমিউনিস্ট নেত্রী রূপকথা হলের বক্তৃতায় ওই শব্দগুলো বলেছিলেন।
আকিকার খাসির গোশত নিয়ে যাওয়ার সময় গ্রামের গরিবদের মনে একবারও এল না ছাওয়ালডার ডাকনাম কী হতে পারে। বাড়ির দু-একজন করিমুল্লাহ আর তার বউকে বলল, ‘করিমের ছাওয়ালের নাম হবি রহিম।’ বাড়ির মানুষদের প্রস্তাবিত নাম শুনে কিছুই বলেনি করিমুল্লাহ ও তার বউ। লেনিন নামটি রাখার জন্য যাঁর সায় সবচেয়ে বেশি দরকার, তিনি হলেন লেনিনের দাদি। করিম তার মায়ের পায়ে সালাম করে বলল মনের ইচ্ছের কথা। দাদি তিনবার শুনলেন নামটি, একবার বললেন লেলিন। করিম তখন তাঁকে জানায়, কে ছিলেন লেনিন, কোথায় তাঁর বাড়ি, দুঃখী আর গরিব মানুষের নেতা। করিম তাকে

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বলে না, তিনি ছিলেন কমিউনিস্ট। দাদি হেসে বলেন, ‘তা রাখ, আমি কিন্তু নিজাম কয়ে ডাকপো।’
২.
ব্রজনাথপুর গ্রামের লেনিন ছিল ভালো ছাত্র। পাবনা এডোয়ার্ড কলেজ থেকে মানবিক শাখায় আইএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিল সমাজবিজ্ঞানে। এমএ পরীক্ষায় পেয়েছিল প্রথম শ্রেণি, তবে পজিশন ছিল দ্বিতীয়। করিমুল্লাহ ভাবত, রাশিয়ার লেনিনের মতো তার ছেলে করবে রাজনীতি, সমাজতন্ত্র আনবে দেশে, হবে শেখ মুজিবের মতো বড় নেতা। বাপ করিমুল্লাহর মাথায় এই স্বপ্ন আসার একটা কারণ হতে পারে, সম্পদের অধিকার নিয়ে কমিউনিস্ট নেত্রীর বক্তৃতা এবং সলিলদার কাছে শোনা চারু মজুমদারের নকশাল আন্দোলনের মূল কথা। কিন্তু ছেলে লেনিন বাপের স্বপ্নের ধার দিয়েও যায়নি। লেনিনের পছন্দ শিক্ষকতার চাকরি। যোগ দিল একটি বিশ্ববিদ্যালয়ে । দু-বছর চাকরি করার পর পেয়ে যায় বিদেশে পড়ার সুযোগ। লেনিনের বিদেশ যাওয়া উপলক্ষে ব্রজনাথপুর গ্রামের বাড়িতে মিলাদ হলো। মিলাদ পড়ালেন গ্রামের মসজিদের ইমাম সাহেব। মিলাদ শেষে তিনি লেনিনকে আলাদা ডেকে নিয়ে, প্রায় ফিসফিস স্বরে বললেন, ‘বাবা নাছারার দেশে যাচ্ছো সাবধানে থাইকো, মেয়েগুলি খুব শয়তান, সব সময় আল্লাহর নাম লিবে, নামাজ কাজা ক্যরে না।’ লেনিন মনোযোগ দিয়ে কথা শুনে মিলাদ পড়ানোর জন্য টাকা দিল ইমাম সাহেবকে। তিনি টাকা গুনে দেখলেন, তিন শ। ‘যাচ্ছো আমেরিকায় আর এক শ দিলি ভালো হয়।’ ইমাম সাহেবের চাওয়াকে পূরণ করে লেনিন। 

আগে অনেক চিঠি পাবনা থেকে গেছে আমেরিকার হাওয়াইতে, এসেছে অনেক উত্তর। প্রেরক ছিলেন মুহম্মদ করিমুল্লাহ; প্রাপক, মুহম্মদ নিজামউদ্দিন। আমেরিকার উদ্দেশে যাওয়ার আগের দিন সন্ধ্যায় লেনিন বাবাকে তার আমেরিকার ঠিকানা লিখে দেয়। নামের সঙ্গে লেখেনি লেনিন। করিমুল্লাহ, কেন নামের সঙ্গে লেনিন নেই, ছেলের কাছে জানতে চাইলে লেনিন বলল, আমেরিকানরা লেনিন নামের মানুষকে পছন্দ করে না।’
কিছুদিন পর লেনিনের পড়াশোনা শেষ হবে। আমরা পড়ব করিমুল্লাহর শেষ চিঠি।
বাবা লেনিন,
আশা করি খুদার ফজলে তুমি ভালো আছো। আমাদের বাড়ির সকলেই ভালো আছে।
তোমার হাতে লাগানো সিঁদুরী আমগাছে অনেক আম ধরিয়াছে। তোমার মা বলিল, সে এই আম খাইবে না, কারণ তুমি খাইতে পারিবে না। ওই দেশে কি আম আছে? থাকিলে জানাইবে, সেখানে ফজলি, ল্যাঙরা আর গোপালভোগ কি হয়?
রেহানার একটা মেয়ে হইল। জামাই এক মাস পর তাহাকে লইয়া যাইবে। মেয়ের ডাকনাম রাখিল খেয়া। আমি বলিলাম, খেয়া মানে তো নৌকা, তাহাকে আমি ডাকিব নৌকা। রেহানা আমার কথা শুনিয়া খুব হাসিল।
কালো ষাঁড়টা বিক্রি করিয়া দিলাম, ভালো দাম পাই নাই। এবার ফসল ভালো হয় নাই। সলিলদা জানে বাঁচিয়া গিয়াছে, একটি মোটর তাহাকে পেছন হইতে ধাক্কা মারে, তাহার ডান পা ভাঙিয়া গিয়াছে, এখন ক্রাচে ভর করিয়া হাঁটে। আমেরিকার কোনো বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়াইয়া ছবি তুলিয়া আনিও। ছবি তুলিবার সময় টাই পরিও।
স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হইয়াছে, মনে হয়, গদিতে আর বেশি দিন থাকিতে পারিবে না। তোমার মা তোমার জন্য একটি বিএ পাস মেয়ে দেখিয়াছে।
ভালো কথা, তুমি আসিবার সময়, যদি ওই দেশে আম হইয়া থাকে, আমের আঁটি আনিবে, আমি লাগাইব। শরীরের যত্ন লইবে। খারাপ পথে যাইয়ো না। সব সময় আল্লাহর নাম মনে রাখিবে।
ইতি,
তোমার আব্বা।

দুই মাস পর লেনিন দেশে এল। ব্রজনাথপুর গ্রামের করিমুল্লাহর বাড়িতে তাকে দেখতে এসেছে আত্মীয় ও পড়শিরা। কেউ কেউ বলল, ‘লেনিন ধলারে দ্যাশে যায়ে আগের তেন ধলা হয়ছে।’ কেউ কেউ এই কথার সঙ্গে একমত হলো না।
লেনিনের মনে ছিল বাপের জন্য আমের আঁটি আনার কথা। দুটি আঁটি পেয়ে করিমুল্লাহর বুড়ো চোখমুখ খুশি আর আনন্দে দিকহারা। পারলে তখনি বাড়ির পূর্ব দিকের বাগানে, পুকুরপাড়ে লাগাতে যায়। ছেলেকে জিজ্ঞেস করে, ‘আমের নাম কী?’ লেনিন বলল, ‘এই ম্যাঙ্গোর নাম জানি না, তবে টেস্ট আছে।’
সেদিন সন্ধ্যায় ব্রজনাথপুর গ্রামের অনেক লোক হারিকেনের আলোয় দেখল আমেরিকার আমের আঁটি। তবে দেখার সময় কাউকে করিমুল্লাহ আঁটি ধরতে দেয়নি। কারণ, বেশি হাত লাগলে, চারা নাও হতে পারে। সেদিন করিমুল্লাহ সবাইকে জানায়, কাল সকালে পুকুরপাড়ে লাগানো হবে আঁটি।
পুকুরপাড়ে ছোটখাটো ভিড়। ক্রাচে ভর করে সলিলদাও এসেছে। আঁটি লাগানোর জন্য ১০-১২ ফুট ব্যবধানে দুটি গর্ত করে দিল গ্রামের দুই তরুণ। করিমুল্লাহর সঙ্গে তারা ডেলা মাটি গুঁড়ো করে মেশাল আধা শুকনো গোবর; এবং আঁটি লাগানোর জন্য তৈরি করে দিল দুটি তাওয়া। করিমুল্লাহ তার সলিলদাকে অনুরোধ করল একটি আঁটি লাগাতে। হাঁটুর ওপর থেকে ডান পা কাটা সলিলদা দুই তরুণের সাহাঘ্যে ঝুঁকে লাগাল একটি আঁটি এবং করিমুল্লাহও ‘বিসমিল্লাহ’ বলে আরেকটি। আঁটি লাগানোর সময় লেনিন বাড়ির বড় ঘরের জানালা দিয়ে দেখছিল তার বাপের আবেগপূর্ণ অস্থিরতা। তার ডান হাতের তর্জনী ও মধ্যমায় তখন পুড়ছিল আমেরিকার মার্লবোরো সিগারেট।
আঁটি লাগানোর পর গ্রামের মানুষ নিজেদের মধ্যে বলাবলি করেছিল, যখন গাছে আম হবে, আমের রং মনে হয় সবুজ হবে না, হবে আমেরিকার মানুষদের মতো ধলা।
নাছোড় এক স্বপ্নের জালে আটকে পড়ে করিমুল্লাহ। প্রতিদিন সকাল-দুপুর-বিকেলে পুকুরপাড়ে দেখতে যায়, আমের চারা গজালো কি না। তবে প্রতিবার ঘরে ফিরে আসে হতাশ হয়ে। দু-একবার তার মনে হয়, গ্রামের কোনো হিংসুটে মানুষ তাওয়ার মধ্যে পড়া কু-তাবিজ ঢুকিয়ে দিয়েছে কি না। তাওয়ার মধ্যে কোথাও নতুন গর্তও দেখা যায় না। অবশ্য ছোট দুটি তাবিজ সত্যি একটি লম্বা কাঠি দিয়ে যদি কেউ দুই তাওয়ার ভেতরে ঢোকায় এবং তাওয়ার ওপরের মাটি আগের মতো ভরাট করে দেয়, তাহলে তো কিছুই বোঝা যাবে না।
দুটি তাওয়া বাঁশের যে কঞ্চি দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, কঞ্চি শুকিয়ে গেল সাত দিনে। আঁটি থেকে কোনো চারা গজায়নি। ব্রজনাথপুরের মানুষেরাও খোঁজখবর রাখছিল, আমেরিকার আমের আঁটি থেকে কবে চারা গজায়। কেন চারা হলো না, তা নিয়ে গ্রামের চায়ের দোকানে প্রায় প্রতি সন্ধ্যাতেই কেউ না কেউ কথা বলছিল। অনেক কথা। কিন্তু কেউ সঠিক কারণ বলতে পারেনি। কেউ কেউ বলেছিল, সলিলদা ঢাকায় পা দ্যাখাতি না গেলি তার কাছ তেন শুনবের পারতেম ক্যা চারা হ্যলে না।’
ঢাকায় অধ্যাপক মুহম্মদ নিজামউদ্দিন বাবা করিমুল্লাহর একটি চিঠি পেল, ঠিকানায় ছেলের নামের সঙ্গে ডাকনাম লেনিন লেখা নেই।