
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘শকুন্তলা’ উপাখ্যানে আছে শকুন্তলা নামে প্রকৃতির মতো নয়ন-নন্দননির্ভর এক মেয়ের জীবন কাহিনি। এবার রং-তুলি-ক্যানভাসে সেই শকুন্তলাকে নতুন করে হাজির করেছেন মলয় বালা।
তাঁর প্রাচ্যরীতির ২০টি ছবিতে শকুন্তলার বিভিন্ন আখ্যান যেভাবে মূর্ত হয়েছে, সেখানে অঙ্কন পদ্ধতিতে পাওয়া যাবে জলরঙের ধোয়া পদ্ধতির চূড়ান্ত অধ্যবসায়ের প্রকাশ। মলয় বালার ভাষ্যে, ‘প্রকৃতির শোভা ও শকুন্তলার সৌন্দর্য এক করে নব্য বেঙ্গল ঘরানার জলরং ওয়াশ পদ্ধতিতে “শকুন্তলা” সিরিজ আঁকতে চেষ্টা করেছি।’
শকুন্তলাকে মলয় দেখেছেন গাছের শিকড়-বাকড়ের সঙ্গে, কখনো সে নৃত্যরত, সখীদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত, কখনো আবার তাকে দেখা যায় হরিণশাবক নিয়ে, কখনো বা দুষ্মন্তের সঙ্গে প্রণয়রত শকুন্তলার মায়াবী অবয়বে স্নিগ্ধ আলংকারিক রূপের খোঁজ পাই আমরা। হ্যাঁ, মলয় বালার চিত্রপটে শকুন্তলা নাম্নী নারীরা আমাদের মুগ্ধ করে বটে, সেই ক্যানভাসে নারী ও প্রকৃতি যেন মিলেমিশে একাকার।
মলয় তাঁর ছবির পদ্ধতিতে প্রাচ্য ঘরানার কৌশল ঠিক রেখে প্রয়োগ করেছেন নিজস্ব নিরীক্ষা পদ্ধতি। নির্দিষ্ট কিছু রং—যেমন, প্রুশিয়ান ব্লু, মেটে হলুদ, সিঁদুররঙা লাল—এগুলো ব্যবহারের প্রবণতা দেখা যায়। তিনি ছবি গড়েছেন ভারতীয় শিল্পের ছয়টি অঙ্গ বা ষড়ঙ্গ ব্যবহারের ব্যাকরণ মেনে। তবে প্রদর্শনীর ছবিগুলোর বিশেষত্ব হলো, এখানে বেঙ্গল স্কুলের অবনীন্দ্রনাথ ঠাকুরের ওয়াশ পদ্ধতি অনুসরণ করে বড় পরিসরের ওয়াশ পদ্ধতির কাজ করেছেন শিল্পী, যদিও প্রাচ্যকলার মূল পরিসর সাধারণত ছোট মাপের হয়।
‘শকুন্তলা ও সখীরা’ ছবিতে দেখা যায়, একে অন্যের মুখোমুখি হয়ে কথোপকথনে ব্যস্ত ছয় জোড়া নারী। এখানে স্নিগ্ধ হলুদাভ সবুজ রঙের আলোর সঙ্গে মিশে আছে নারী দেহাবয়ব। পুরো ছবিটি অদ্ভুতভাবে মায়াময়। কথাটি বলা যাবে অন্য অনেক ছবি সম্পর্কেই।
চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১৬ নভেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে ৩০ নভেম্বর।