শতপুষ্পের সুগন্ধি বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ
বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ

বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ
সম্পাদনা: হিমেল বরকত
প্রকাশক: মাওলা ব্রাদার্স
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
দাম: ৬২০ টাকা
বাংলা যখন ব্রিটিশ উপনিবেশ, আদিবাসী জনগোষ্ঠীগুলো এই উপনিবেশের পাশাপাশি নিজেদের জীবনে টের পেয়েছে আরেক স্তরের শাসন-শোষণের আঁচ, যা ঘটেছে বাঙালিদের দ্বারাই—যেন এক উপনিবেশের ভেতর আরেক উপনিবেশ। যে অরণ্য অনেক আদিবাসীর বাসভূমি, জীবকার উপায়, তাকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে নিজ বাসভূমি থেকে তাদের উৎখাতের প্রক্রিয়া শুরু হয়েছে ব্রিটিশ উপনিবেশের কালেই। সেই উপনিবেশের সমাপ্তি ঘটলেও রাষ্ট্র ও বাঙালির কাছে তারা ‘অপর’ই রয়ে গেছে। বাংলাদেশ রাষ্ট্রে তাদের ধর্ম ও ভাষার অধিকার প্রতিষ্ঠা পায়নি। রাষ্ট্র যখন ধর্মের দূরত্ব ঘোচাতে বাঙালি হওয়ার স্লোগান তুলেছে, তখন সেখানেও ‘অপর’ থেকে গেছে আদিবাসীদের ভাষা।
জাতীয়তাবাদ যে কেন্দ্রিকতার অধিবিদ্যাকে লালন করে তা জাতিসত্তাগুলোর সব বৈচিত্র্যকে মুছে দিতে চায়। সেই চাওয়ার বহিঃপ্রকাশ ঘটেছে আদিবাসীদের বেলায়ও। বাংলাদেশে মোট কতগুলো আদিবাসী জাতি আছে, কতগুলো ভাষা আছে তার হদিস করতে গেলে মিলবে নানা রকম পরস্পরবিরোধী তথ্য। কোনো সূত্র বলবে আদিবাসী জাতির সংখ্য ২৭, অন্য সূত্র বলবে ৪১, আবার কোনো গবেষক জানাবে ৫১। তথ্যের এই হেরফের থেকেই তাদের প্রতি শিক্ষিত মানুষজন ও রাষ্ট্রের উপেক্ষার মাত্রাটি অনুমান করা যায়।
আদিবাসীদের জীবন, তাঁদের ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে পাহাড় ও অরণ্য। ভূমি বা অরণ্যকে তাঁরা গণ্য করে মাতা বলে। মাকে যেমন বিক্রি করা যায় না, তাঁদের কাছে ভূমিও তেমনি বিক্রয়যোগ্য নয়। তাঁদের কোনো কোনো ভাষায় হত্যা, ধর্ষণ, ঋণ, শোষণ ইত্যাদি শব্দের অনুরূপ শব্দই নেই। তাঁদের পক্ষে আত্মসর্বস্ব হওয়া অসম্ভব, কারণ তাঁরা বিশ্বাস করে নিজের বাইরে যে প্রকৃতি, যে মানুষজন, তারাই তাঁদের বাঁচিয়ে রাখে; কীভাবে তাঁরা প্রকৃতি ধ্বংস করবে? বরং তাঁদের মধ্যে স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে কৃতজ্ঞতার বোধ আর তা পরম্পরাগতভাবে চলে এসেছে উত্তর প্রজন্মে। কবি সঞ্জীব দ্রং একটি কবিতায় লিখেছেন, ‘আমরা বলি, নদী তোমাকে ধন্যবাদ।/ আমরা ধানকে বলি, ধান তোমাকে ধন্যবাদ।’ (গারো, পৃ. ৯৪)। যে দেবতা ধানের বীজ দিয়েছিলেন, সেই মিসি সালজং-এর প্রতি কৃতজ্ঞতা জানাতে মান্দিরা ওয়ানগাল্লা উৎসব করেন।
উপনিবেশ ও জাতীয়তাবাদের আধিপত্যের মধ্যস্থতায় আদিবাসীদের জীবনে একটা বড় পালাবদল ঘটে গেছে কখনো। অনেক আদিবাসীই তাঁদের নিজেদের পরম্পরাগত ধর্ম হারিয়ে ফেলেছে, নিজেদের ভাষাগুলোও হারিয়ে যাচ্ছে ক্রমশ। আবার, দাপুটে সংস্কৃতির মুখে কোনো কোনো আদিবাসী জাতির সংস্কৃতির ভান্ডার তাঁদের যৌথ স্মৃতি থেকে মুছে যেতে বসেছে। এঁদের কবিতায়ও আমরা দেখতে পাই, তাঁদের একসময়ের সুখী দেবতারা, তাদের সমৃদ্ধ অরণ্য আর সজীব মানুষগুলো কেমন বিমর্ষ হয়ে পড়েছে। কবি পরাগ রিছিল তাঁর একটি কবিতায় প্রশ্ন তুলেছেন, ‘শত বর্ষ আগে রক্তে নিয়ে আসা ধর্ম ছেড়ে যেদিন ধর্মান্তরিত হলো প্রথম মান্দি, সেও কি মুখোমুখি হয়েছিল ধর্মদ্রোহিতার অভিযোগে?...মৃত্যুর পর যদি যাই কোথাও, যাব নিশ্চিত চিকমাং!’ (গারো, পৃ. ১১১)।
আদিবাসী নানা জাতির প্রাচীন কবিদের মধ্যে একটি ঐক্য ছিল প্রকৃতির সূত্রে। আবার, আধুনিকতার যুগে উপনিবেশী ও জাতীয়তাবাদী শক্তি শাসন-শোষণ, হত্যা-নিপীড়ন ও ধর্ষণ-দখলদারত্বের যে জাঁতাকলে তাঁদের সবাইকে পিষ্ট করে চলেছে, সেই সূত্রে আদিবাসী সব কবির কবিতায় আরেকটি ঐক্যের সূত্রপাত ঘটেছে। আদিবাসী সব কবিই এখন সরাসরি নিজেদের শোষণ-বঞ্চনার প্রতিবাদের স্বর ধ্বনিত করেন কবিতাটি। মংক্যশোয়েনু নেভী তাঁর একটি কবিতায় লিখেছেন, ‘এবার পাহাড়ে ফুলের মেলা বসেনি/ মানুষের ভালোবাসা দূরে সরে গেছে’ (মারমা, পৃ. ৩৪২) কবির এই উচ্চারণের ভেতর মিশে আছে একই সঙ্গে আক্ষেপ, প্রার্থনা ও প্রতিজ্ঞা।
হিমেল বরকত সম্পাদনা করেছেন বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ নামের এই গ্রন্থটি। এতে ২৩টি জাতির/ভাষার কবিদের কবিতা সংকলিত হয়েছে। গ্রন্থটিতে মূল ভাষার কবিতার নমুনার পাশাপাশি আছে বাংলা ভাষায় সেসবের প্রাঞ্জল অনুবাদ। পাঠকের জন্য এই সংকলনটি নিঃসন্দেহে হয়ে উঠতে পারে শতপুষ্পের একটি সুগন্ধি বাগান।