শতবর্ষের আতিথেয়তা
দূর-দূরান্তের পথিকের রাত কাটানোর জন্য একসময় প্রচলন ছিল মুসাফিরখানার। সেখানে পথিকের জন্য থাকত থাকা আর খাওয়ার ব্যবস্থা। নওগাঁ জেলার পোরশায় এখনো টিকে আছে ১৯০৮ সালে প্রতিষ্ঠিত তেমনই একটি মুসাফিরখানা। সেখানে রয়েছে বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা। মুসাফিরখানা ঘুরে এসে লিখেছেন আবুল কালাম মুহম্মদ আজাদশতবর্ষ আগের কথা। হেঁটে চলেন পথিক। মেঠোপথ। উঁচু-নিচু বরেন্দ্র ভূমি। বনজঙ্গলে ঘেরা। চলতে চলতে দুপুর হয়, সন্ধ্যা নামে। পথে বাঘের ভয়, চোর-ডাকাতের উপদ্রব। পথশ্রান্ত মানুষ আশ্রয়ের সন্ধানে লোকালয় খোঁজে। কারও ভাগ্যে নিরাপদ আশ্রয় মেলে, কেউ ভোগান্তিতে পড়ে। মানুষের এই দুর্ভোগের কথা ভেবে তৎকালীন জমিদার খাদেম মোহাম্মদ শাহ তৈরি করলেন একটি মাটির ঘর। ঘরের নাম দিলেন ‘মুসাফিরখানা’। এই মুসাফিরখানায় পথিকেরা শুধু নিরাপদে রাত যাপন করবেন, তা নয়, খাওয়াদাওয়াও করতে পারবেন কোনো ধরনের খরচাপাতি ছাড়াই। মুসাফিরখানা সব খরচ চালানোর জন্য তিনি লিখে দিলেন ৮০ বিঘা জমি। তাতে কাজ হয়েছে। সুন্দর রাস্তাঘাট আর দ্রুতগামী যানবাহনের এ যুগেও টিকে আছে নওগাঁ জেলার পোরশা গ্রামের এই মুসাফিরখানা। দূর-দূরান্তের পথিকদের আগের মতোই স্বাগত জানায় সেটি।নওগাঁ জেলা শহর থেকে ৬৪ কিলোমিটার পশ্চিমে এবং রাজশাহী থেকে ১০০ কিলোমিটার উত্তরে পোরশা উপজেলা। ফারসি শব্দ পোরশা অর্থ পবিত্র ভূমি। খাদেম মোহাম্মদ শাহর পূর্বপুরুষেরা ইরান থেকে ধর্ম প্রচারের জন্য বহু বছর আগে এই গ্রামে এসেছিলেন। খাদেম মোহাম্মদ শাহর নাতির ছেলে নাজিব চৌধুরী জানান, এখানকার মাটি ও মানুষের সঙ্গে তাঁদের সখ্য হয়। তাঁরা আর এই গ্রাম ছেড়ে যেতে পারেননি। ভালোবেসে গ্রামের নাম দেন পোরশা। গ্রামের নামে উপজেলার নাম হলেও থানা ও উপজেলা সদর এই গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে—নিতপুরে।৫ মে বিকেলে রাজশাহী থেকে রওনা দিয়ে মুসাফিরখানায় পৌঁছাতে সন্ধ্যা পার। পোরশা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেজোড়া নামক স্থানে গিয়ে মুসাফিরখানার কথা জিজ্ঞেস করতেই এক ব্যক্তি এসে রাস্তা দেখিয়ে বলেন, ‘বাঁমের পাকা রাস্তা ধরে যাবেন। যেতে যেতে অনেক বাঁক পাবেন। সব সময় ডানে ঘুরবেন। বামে মোড় নিলেই অন্য এলাকায় ঢুকে যাবেন।’ ফাঁকা মাঠ, এখানে-ওখানে ছড়ানো-ছিটানো মাটির বাড়ি, দেখতে দেখতে ভয় লাগছিল। মনে হচ্ছিল, যদি মুসাফিরখানা আর চালু না থাকে। সেখানে থাকার ব্যবস্থা যদি না হয়। রাতে আবার ১০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া মুশকিল হয়ে যাবে। আঁকাবাঁকা অনেক পথ পার হয়ে একটি বাজার। নাম মিনাবাজার। সেখানে গিয়ে জিজ্ঞেস করতেই একজন বললেন, ‘ওই তো, মসজিদের ওপারেই মুসাফিরখানা।’ মসজিদ পার হয়েই মুসাফিরখানার লম্বা দোতলা ভবন। এর পাশে গাড়ি পার্কিংয়ের বিরাট আঙিনা। বাইরে মোটরসাইকেল রেখে লোহার দরজা পার হয়ে ভেতরে যেতেই এক বৃদ্ধ বের হলে এলেন। নাম মিছির উল্লাহ। বয়স প্রায় ৬০ বছর। নিজেকে মুসাফিরখানার পাচক বলে পরিচয় দিলেন। রাজশাহী থেকে এসেছি, রাতে থাকতে চাই—বলতেই বললেন, ‘বসেন, ম্যানেজার অ্যাসুক।’ ভাবলাম, অনেক রাতে ম্যানেজার এসে যদি বলেন, থাকা যাবে না। তখন যাব কোথায়? তাই বললাম, ম্যানেজারের কাছে ফোন নেই? মিছির উল্লাহ হাত ইশরায় একটি দরজার চৌকাঠ দেখিয়ে দিয়ে বললেন, ওখানে নম্বর লেখা আছে। ফোন করার কিছুক্ষণ পরেই ম্যানেজার সিরাজুল ইসলাম এলেন। তিনি ১৫ বছর ধরে মুসাফিরখানার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। একটি কক্ষে তাঁর অফিস। সেখানে তাকিয়ার ওপরে একগাদা রেজিস্টার খাতা। তার একটায় নাম তুলে বারবার করে পরিচয় নিলেন। তারপর জানালেন, কোনো অসুবিধা নেই। থাকা যাবে। তাঁর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মুহূর্তেই তিনি বললেন, ‘কিন্তু আইজকা রাতে খাওয়ার ব্যবস্থা করা যাবে না। মিল দেয়া হয়া গ্যাছে। সন্ধ্যার আগেই খাওয়ার মিল দেওয়ার নিয়ম। মিনা বাজারে খাওয়ার হোটেল আছে। রাত ১২টা পর্যন্ত খুলা থাকে। কোনো সমিস্যা নাই।’ আমি থাকা নিয়েই টেনশনে ছিলাম। বললাম, থাকা গেলেই চলবে।ম্যানেজার সাহেব মিছির উল্লাহকে বাথরুম সংযুক্ত দোতলার রুম খুলে দিতে বললেন। মোজাইক করা মেঝে। তার ওপর আবার কার্পেট বিছানো। দুটি খাট। তাতে বিছানা পাতা রয়েছে। বিছায় ছয়টি বালিশ, দুটি লেপ ও দুটি কম্বল দেওয়া রয়েছে। ম্যানেজার এসে বললেন, ‘যেটা প্রয়োজন, ব্যবহার করবেন।’মুসাফিরখানার ইতিহাস জানতে চাইলে ম্যানেজার জানান, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জ্ঞানা হুজুর ভালো বলতে পারবেন। জ্ঞানা হুজুরের ভালো নাম শরিফ উদ্দিন শাহ। জ্ঞানী লোক বলে এলাকায় জ্ঞানা হুজুর নামেই তিনি পরিচিত। তিনি পাশের আল জামিয়া আল-আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার অধ্যক্ষ। মাদ্রাসার ভেতরে ঢুকে মনে হলো, আমরা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকেছি। জ্ঞানা হুজুর জানান, এটা তো বিশ্ববিদ্যালয়ই। আল জামিয়া মানেই বিশ্ববিদ্যালয়। এটি পরিচালনার জন্য বছরে দুই কোটি টাকার দরকার পড়ে। মাদ্রাসার এক হাজার বিঘা জমি রয়েছে। তাতে হয় না। এলাকার লোকেরা সহযোগিতা করে, তাতেই চলে। এখানে আবাসিক ছাত্রই রয়েছে এক হাজার ১০০ জন।জ্ঞানা হুজুর জানান, ১৯০৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৮০ বছর মুসাফিরখানাটি মাটির ঘরই ছিল। ১৯৮৮ সালে প্রতিষ্ঠানের আয় দিয়েই এখনকার ভবনটি তৈরি করা হয়। এর নিচতলার একাংশে মার্কেট। দোতলার একাংশ সম্প্রসারণ করে ওপরে কমিউনিটি সেন্টার করেছেন, তার নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছেন; বিদেশিরা এলেও সেখানেই গাড়ি রাখেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হয়, কিন্তু রাজনৈতিক অনুষ্ঠানের জন্য এটি ভাড়া দেওয়া হয় না। একসঙ্গে ৫০ থেকে ৬০ জন থাকতে পারে এখানে। তিনি আরও জানান, সারা বছরই কমবেশি অতিথি মুসাফিরখানায় থাকেন। রমজান মাসে মানুষের ভিড় লেগেই থাকে। সারা দেশের বিভিন্ন মাদ্রাসার লোক পোরশায় জাকাত আদায় করতে আসে। অতিথি হিসেবে তাদের থাকা-খাওয়ার সব দায়িত্ব মুসাফিরখানা থেকে পালন করা হয়। এ ছাড়া প্রতি বুধবার দুপুরে স্থানীয় দুস্থ লোকদের জন্য বিশেষ খানার আয়োজন করা হয়।রাতে মুসাফিরখানায় ফিরে দেখি, সেদিনের একমাত্র অতিথি আলাউদ্দিনকে সঙ্গে করে পাচক মিছির উল্লাহ খেতে বসেছেন। আলাউদ্দিনের বয়স হয়েছে। তিনি বলেন, বাড়ি খুব বেশি দূরে নয়, হাঁটতে হাঁটতে আর শরীরে কুলোচ্ছিল না। তাই এখানে এসেছেন। রাতে থাকার ব্যবস্থা আছে। সকালে উঠে চলে যাবেন। খোঁজ নিয়ে জানা গেল, পাশেই মুসাফিরখানার প্রতিষ্ঠাতা খাদেম মোহাম্মদ শাহর বাড়ি রয়েছে। তাঁর উত্তরপুরুষেরা বেশির ভাগই বাইরে থাকেন—কেউ লন্ডন, কেউ ঢাকায়, কেউ রাজশাহীতে। সেখানে গিয়ে দেখা গেল, জমিদারবাড়ির একাংশ ছাড়া সবই ধ্বংসস্তূপ। অচেনা মানুষ দেখে খাদেম মোহাম্মদ শাহর ছেলে মেহেদী শাহর নাতি মাহবুবুর রহমান শাহ চৌধুরী বের হয়ে এলেন। জমিদারবাড়ির একটি ঘর তাঁরা স্মৃতি হিসেবে বাসযোগ্য রেখেছেন। বাকি সব ভেঙে নতুন করে করা হয়েছে। মেহেদী শাহর অন্য নাতি নাজিব শাহ চৌধুরী তাঁর অংশে নতুন করে বাড়ি করেছেন। এখন তিনি রাজশাহীতে থাকেন।নাজিব শাহ চৌধুরী বলেন, ‘আমার বয়স ৬০ চলছে। আমিই দেখেছি, মুসাফিরখানার পাশের গরুর গাড়ি কাদায় ডুবে গেছে। এ এলাকায় রাস্তাঘাট বলে কিছু ছিল না। রাজশাহী যেতে হলে ভোরে গরুর গাড়ি নিয়ে বের হয়ে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গিয়ে ট্রেনে উঠতে হতো। রাজশাহী পৌঁছতে রাত আটটা সাড়ে আটটা। বর্ষার সময় পুনর্ভবা নদী হয়ে রহনপুরে যেতে হতো। ১৯৬৫ সালের পর পোরশায় অল্প কিছু রাস্তায় হেরিংবোন হয়। ১০০ বছর আগে এই এলাকার যাতায়াতব্যবস্থা কেমন ছিল, এ থেকেই অনুমান করা যায়। সেই সময়ের পথচারীদের দুর্ভোগের কথা ভেবেই এই মুসাফিরখানা তৈরি করা হয়েছিল।’পেরশা সদর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুর রহমান শাহ চৌধুরী বলেন, ‘এটা আমাদেরই প্রতিষ্ঠান। অনেক আগে যখন গাড়িঘোড়া ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, বেশির ভাগ মানুষ হেঁটে চলাফেরা করত তখন এই প্রতিষ্ঠান গড়া হয়েছিল। এখনো সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি সেই উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।’সকালে ইসমাইল আবার এলেন। রাতে কোনো সমস্যা হয়েছে কি না, খোঁজ নিলেন। বের হয়ে আসার সময় ম্যানেজার পেছনে পেছনে খানিকটা হেঁটে এলেন। ইসমাইল বলেন, ‘মিনাবাজারে মদিনা হোটেলে স্পঞ্জের মিষ্টি আছে, খ্যায়া যায়েন।’