শব্দ আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি জানি, শব্দ নিজেই আমার শব্দের নিরাভরণ কানে
দুল পরাবে, ললাটে টিপ দেবে
তিক্তমৃত অক্ষরগুলোর বুকে অমৃত জন্মগ্রহণ দেখবে

শব্দ দিয়েই আমার শব্দের সুরভি ছড়াবে চারদিক
মেঘপাথরের শিলাবৃষ্টিও জানে
শব্দ দিয়েই আমার শব্দের ফুটো চালাঘর
ঢাকতে হবে।
আমি জানি, এতিম শব্দ তার বাবা-মাকে
খুঁজে পাবে একদিন

শব্দগ্রাম শব্দশহরজুড়ে শব্দের হাহাকার থামবে
শস্যে ও সোনারুপায়
চোখ থেকে কানামাছি খেলার তপ্ত গামছাটা
খুলে ফেলবার কৌশল কেবল শব্দেরাই জানে

শব্দ আসবে তাই
অন্ধকার ঘরের জানালা-কপাট খুলে
নিঃশব্দে বসে আছি