
শব্দই চিকিৎসিত করে
সৈয়দ শামসুল হক
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশনী, ঢাকা
দাম: ২০০ টাকা
১.
তাহলে
এই ছিল,
সবুজের সেই বৃক্ষতাপ,
এখানেই সব মনস্তাপ!
সংসার করেও কেউ তাই যাযাবর।
উড়ে যায়
শীতের অভীত পাখি আকাশ ছাড়িয়ে
সমুদ্রেও নয় কিছু, ভূমিতেও নয়
সমস্ত কিছুর ভিতে অবিরাম ক্ষয়
হতে থাকে
তবু থাকে
এখনো পিঠের পরে একজোড়া ডানা
ভেঙে পড়ে নিঃসঙ্গ ঠিকানা
তাহলে
এই হচ্ছে যাবতীয় লেখা
লিখে যায় আমাদের অন্তর্গত এক লিপিকর।
২১ সেপ্টেম্বর, ২০১৫, লন্ডন, সকাল সাড়ে ৭টা

২৮.
গোয়েন্দা গল্পের মতো
এ জীবন
থেকে যায়।
নিষ্পাপ তবুও তাকে
পৃষ্ঠায় পৃষ্ঠায়
অপরাধী দেখায়—
পাতা হঠাৎ উল্টায়
এ জীবন
গোয়েন্দা গল্পের মতো
অপরাধী সোনার ডিঙায়
নিষ্পাপের ফাঁসি
হয়ে যায়।
ঘণ্টারোলে জীবনের খরতাল
বাতাস বাজায়
এ বাতাস।
মানবের প্রকৃত নিশ্বাস
গোয়েন্দা গল্পের প্রতি
পৃষ্ঠায় পৃষ্ঠায়।।
১৫ সেপ্টেম্বর, ২০১৬, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা, রাত ৩টা ১৫ মিনিট
শব্দই চিকিৎসিত করে কাব্যগ্রন্থের দুটি কবিতা।