শব্দের শাসন
বেছে বেছে মোট ১১টি শব্দ জড়ো করি সাদা কাগজের ওপর,
ইচ্ছে ছিল মেধা আর মননের সুতো দিয়ে সেই শব্দগুলো
পর পর গেঁথে সযত্নে সাজাই
স্বপ্নের সোনালি মালা, সেখানে থাকবে উপলব্ধিঘেরা
নতুন চমক, নিখুঁত রঙের ছবি,
উপমার ব্যবহার আর শিল্পের শাসন!
কিন্তু কিছুতেই এ কাজ হচ্ছে না শেষ, বারবার
থেমে যেতে হয়, শব্দগুলো নিজে থেকে খালি নড়ে ওঠে,
ব্যাকরণ মোটেও মানে না, কখনোবা
সাদা কাগজের ওপর দৌড়ায়
এলোমেলো, সে এক অবাধ্য দস্যিপনা—
রহস্যের আঁধার ছড়িয়ে শুধু হাঁটে
ইচ্ছেমতো, কিছুতেই ১১টি শব্দ বাগে আনতে পারি না!
আবার কখনো শব্দগুলো পরপর এসে নিঃশব্দে দাঁড়ায়—
অচল আলস্যে তোলে হাই, শেষে ঘোরের ভেতর
নীরব পাথর হয়ে শুয়ে পড়ে পাশাপাশি,
অচেনা অদ্ভুত আচরণ,
তা ছাড়া শব্দের মানে নিয়ে বাধে আরও এক বড়
জটিলতা, একটির সঙ্গে আর একটির নেই
কোনো মিল, ফলে ছবিগুলো এক হয় না কখনো!
গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খেতে খেতে আমি
ভীষণ চমকে উঠি, রীতিমতো বাকরুদ্ধ,
বিস্ময়ের শেষ ধাপে দাঁড়িয়ে হঠাৎ দেখি—
সাদা কাগজের ওপর দাঁড়িয়ে থাকা শব্দগুলো
নীরবে ছড়িয়ে দিল সীমাহীন সবুজের সমারোহ, তারপর
সেই সবুজের মধ্যে ষোড়শীর দেহভঙ্গি নিয়ে জেগে ওঠে পুরো এক নদী!