শরৎ ভাসায় আকাশ গাঙে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শরৎ ভাসায় আকাশ গাঙে
এই বেলা সেই বেলা
পাল খাটানো হালকা এবং
ধবল মেঘের ভেলা।
সেই ভেলাতে চেপে আমি
বেড়াই আকাশ জুড়ে,
পাখিরা সব আমার সাথে
গান গায় এক সুরে।
কখনো যাই কাশের বনে
নদীর তীরে তীরে,
কী অপরূপ সেই সে-মেলা
হারাই তাদের ভিড়ে।
শিউলি ফুলের গন্ধে আকুল

শরৎকালেই হই,

ফুলটি পুজোর কুড়ায় যারা

কোনখানে আজ কই?

শরৎকালের পূর্ণিমা চাঁদ

স্বর্ণ দিয়ে মোড়া,

এমন চাঁদের আলোর দ্যুতি

নেইকো বিশ্বজোড়া।

বৃষ্টি নামে ঝিরঝিরিয়ে

এই আছে এই নেই,

কালো মেঘের দলরা উধাও

তাকাই যেদিকেই।

তাই তো শরৎ ঋতুর সেরা

সবচে’ পরিপাটি,

দেশের মাটি তার জন্যেই

তাই তো এমন খাঁটি!