শহরকেন্দ্রিক মানুষের অন্তর্দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীবিধৌত এই ভূখণ্ডে মানুষের ইতিহাসে সৃষ্টি হয়েছে নানা বাঁক। প্রকৃতির রূপ মলিন হয়ে গিয়েছে বহু আগেই। ইতিহাস ও সমাজের নানাবিধ দ্বন্দ্ব দ্রাবিড় সৈকতের মনে টানাপোড়েন তৈরি করে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘অর্বাচীন ধরিত্রীর বহুপ্রজ মন’ শিরোনামে প্রদর্শনী চলছে এই তরুণ শিল্পীর। তাতে দেয়ালগুলো হয়ে উঠেছে শিল্পকর্মের অন্যতম বিষয়; বাঁধাই করা কাজগুলো ঝুলছে নিয়মিত ব্যাকরণের বাইরে গিয়ে এলোমেলো অগোছালোভাবে, আমাদের অপরিকল্পিত অগোছালো অস্থির জীবনের প্রতিরূপ হয়ে ছড়িয়ে আছে গ্যালারির পুরো পরিসর। সিটিস্কেপ, জনাকীর্ণ শহরে শিল্পকর্মের আধিক্য, দেয়াল লিখন, আয়নার ব্যবহার ও প্রাসঙ্গিক প্রতিবিম্বের নতুন উপস্থাপনা কৌশল, শূন্য বিস্তৃত পরিসর, নিসর্গ-জলের বিমূর্ত কাঠামো নির্মাণ—সব মিলে সৈকত তাঁর সহযাত্রী শিল্পীদের চেয়ে নিজের অবস্থান আলাদা করেছেন। শিল্পীর নিজের জীবনের অভিজ্ঞতার এক নিবিড় অংশ হয়ে উঠেছে গ্যালারির প্রতিটি অংশ। এই নগর প্রকৃতিমুগ্ধ বাঙালির আর নয়। আহত-বিক্ষত যমপুরীতে মানুষ বিপন্ন; রূপসী বাংলার অস্তিত্ব ক্রমশ সমকালকে রুগ্ণ করে তুলছে। এই কালবেলায় মানুষের রেখাজালের আর্তি সৈকতের চিত্রভাষাকে পরিপূর্ণ করে তোলে। জনসংখ্যার আধিক্য বাংলাদেশসহ পৃথিবীকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে এসেছে; তাই মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবেগ, অনুভূতি ও দৈনন্দিন ক্রিয়াকলাপের সব পন্থায়। শিল্পীর বুদ্ধিদীপ্ত উপস্থাপনা খুব সহজেই দর্শককে আকৃষ্ট করে। একদিকে নগরে মানবতার অবমাননা, ডাস্টবিন, কোলাহল, দূষণ, নিষ্প্রাণ দেহ, সভ্যতার অবলুপ্ত্তি—অন্যদিকে স্নিগ্ধ প্রশান্তির রাত, সাঁঝবেলা-সুফলা নদী-মেঘের বাংলা স্বভাবতই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। স্থাপত্যিক উলম্ব-আনুভূমিক ছিন্ন রেখা কম্পোজিশনকে পূর্ণমাত্রা দিয়েছে। বিষাদের কালো-নীলের প্রকট অভিব্যক্তি সৈকতের চিত্রে লক্ষণীয়। মৃত্যুপুরী নগর নানা বর্ণে-রঙে, অস্থির-তির্যক রেখায় বিন্যস্ত। কখনো শিল্পী নিজেকে বেঁধেছেন জটিল-কেব্ল তার-ময়লা ছেঁড়া সামগ্রীর ইনস্টলেশনে, আবার মুক্তির অন্বেষায় বিমূর্তায়নের পথে এগিয়ে যাওয়ার স্পৃহা, সরল উপলব্ধির শিল্পী হিসেবে। শহরকেন্দ্রিক মানুষের অন্তর্দাহ শিল্পীর প্রতিটি ক্যানভাসে। সৈকতের মধ্যে নন্দনভাবনা স্বাধীনভাবে বিস্তৃত হলেও জীবনের নানা দুর্ভোগ, দায়িত্ব, ক্ষোভ, দ্বন্দ্ব, ভালোবাসা, সংগ্রাম, স্বপ্ন, প্রতিজ্ঞার নানা রূপকে তিনি তাঁর চিত্রভাষায় বিশ্লেষণ করেছেন। শিল্পীর এই সচেতন-দায়বোধ আমাদের অস্থির নাগরিক জীবনকে ভবিষ্যতের প্রতি আশাবাদী করে।