২০০৬ সালের ১৪ আগস্ট। এই আগস্ট মাসেও নিউইয়র্কের রাস্তায় যেন জুন-জুলাইয়ের প্রচণ্ড গরমের তাণ্ডব! যেদিকে তাকাই, শুধুই শুষ্কতা! তখন মনের গহিন কোণে জমাট বেঁধে থাকে একধরনের একাকিত্ব। তখন শুধু মনের অজান্তেই জায়গা করে নেয় টি এস এলিয়টের ওয়েস্টল্যান্ড। ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন ব্রিজ, জমজমাট ফুটপাত, পাতাল ট্রেন, বাঙালিদের শহর জ্যাকসন হাইটস, চারপাশের জনতার হইহট্টগোল—সবকিছুই যেন উপুড় হয়ে ঝুলে পড়ছে। প্রাণ নেই। এ সময় নিউইয়র্ক বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক আশরাফুল হাসান আমাকে বললেন যে জ্যাকসন হাইটসে একজন বড় কবি এসেছেন। নাম শহীদ কাদরী। শহীদ কাদরী নামটার সঙ্গে আমার আগেই পরিচিতি ছিল। আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে জ্যাকসন হাইটসের দিকে ছুটলাম। ততক্ষণে জ্যাকসন হাইটসের ৭৩-এর স্ট্রিটের হাটবাজারে ছোটখাটো একটা ভিড়। আমি নিজের শরীরটাকে টেনেটুনে কাদরীর সামনে কোনোমতে হাজির করলাম। প্রথম দর্শনেই ধাক্কা। চেহারাটা মোটেও কবিসুলভ নয়। এই কবির পেট থেকে ‘বৃষ্টি বৃষ্টি’, ‘সঙতি’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’—এইসব জনপ্রিয় কবিতা বের হয়েছে? আস্লামালুম! কিন্তু ভুলটা আমার ভাঙতে খুব বেশি সময় লাগেনি। চেহারায় কী আসে যায় হে? শহীদ কাদরীর সঙ্গে আড্ডায় বসলে দিনক্ষণ যে ভুলে যেতে হয়, সেদিন তা হাড়ে হাড়ে টের পেলাম। অনেক মানুষের ভিড়ে সেদিন শহীদ ভাইয়ের সঙ্গে খুব বেশি কথা হয়নি। শহীদ কাদরী শুধু বললেন, ‘বাসায় আইসো, আড্ডা হবে।’ সপ্তাহান্তে শুক্রবার সন্ধ্যায় বন্ধু ঝন্টু আর শিবলীকে নিয়ে জ্যামাইকার পাসন্সবুলভার্ডের ১১ তলায় কবির বাসায় টোকা দিলাম। নীরা ভাবি শহীদ কাদরীর বাড়ির দরজা খুলে দিলেন আর সেই সঙ্গে শহীদ কাদরীর জাদুর কলসটিও আমাদের সামনে ধীরে ধীরে আবিষ্কার করার সুযোগ করে দিলেন। কী আছে সেই জাদুর কলসে? অবাক বিস্ময়ে বস্ফািরিত চোখে ধীরে ধীরে আবিষ্কার করলাম!! সেই জাদুর কলসটি ঠাসা রয়েছে নিরেট বাঙালির আড্ডা, রসে টইটম্বুর নানান উপাদেয় শিল্প-সাহিত্য, টক-ঝাল-মিষ্টি ঢাকার নানান স্মৃতিকথা, নস্টালজিয়াতে ভরা বাল্যস্মৃতি, কবি বন্ধু শামসুর রাহমান এবং অন্যদের অজানা গল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, চেনা-অচেনা নানামুখী বইপত্র, খুনসুটি—আরও কত কী? আমাদের তখন ত্রাহি দশা। তখন নেশায় বুঁদ। প্রতি সপ্তাহান্তেই সবকিছু ছেড়েটেড়ে এক ঐন্দ্রজালিক মোহে আবিষ্ট হয়ে আমরা কজন তরুণ শহীদ কাদরীর বাসায় হাজির হই। তারপর গভীর রাতে চোখ জবা ফুলের মতো লাল করে আবার ঘরে ফিরি। শুরু হলো নিউইয়র্কের এক মাতাল প্রাণের জীবন। শহীদ কাদরীর জাদুর স্পর্শে তখন আমরা সবাই পাঁড় মাতাল। আবিষ্কৃত হলো এক নতুন জীবন!শহীদ কাদরীর আড্ডার সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা সবাই চোখ বুজে কবুল করবেন যে কাদরী আড্ডায় নিজে একাই এক শ। বিশ্ব সাহিত্য থেকে শুরু করে কলকাতার পার্ক সার্কাস লেনের নিজ বাড়িতে শৈশবস্মৃতির প্রতিটি দৃশ্য এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সবার সামনে উপস্থাপন করেন যে মনে হবে আপনি বুঝি বসে একটা প্রামাণ্য চলচ্চিত্র দেখছেন। সে বর্ণনায় থাকে কোমল আবেগ, যুক্তি, রসবোধ, আর থাকে তাঁর বাচনভঙ্গির দুর্নিবার আকর্ষণ। আপনারা হয়তো জানেন যে শহীদ কাদরী অসাধারণ কৌতুক জানেন। মাঝেমধ্যে সে রকম কোনো কৌতুক বলে উপস্থিত সবাইকে যেন তাঁর জাদুর কলসে আটকে ফেলেন। পুরো ঘরটা একধরনের হাসির জোয়ারে তখন বেদম ধাক্কা খায়, আর শহীদ কাদরী তখন কাঁধ ঝাঁকিয়ে হাসতে হাসতে নিজেও তাঁর সরস কৌতুকের শিকার হয়ে পড়েন।প্রবাসের এই কঠিন রোদে যখন আমাদের দৃষ্টি ধূসর আর দিকহারা, ঠিক সেই কঠিন সময়ে শহীদ কাদরী যেন হঠাৎ আমাদের শূন্য বুকের সুমিষ্ট এক শীতল হাওয়া নিয়ে এলেন। সেই নরম ঠান্ডা তুলতুলে হাওয়ায় নিজের পোড় খাওয়া মনটাকে নতুন করে যেন সেকে নেওয়ার সুযোগ পেলাম। আর সে কারণেই প্রতিটা সময়ে প্রতিটা প্রহরে নিউইয়র্কের মিষ্টি রোদে শহীদ কাদরীকে নিত্য খুঁজে বেড়াই, আবিষ্কার করার চেষ্টা করি। কারণ, কাদরী শুধু একজন বড় কবিই নন, তিনি আমাদের একজন মনের মানুষও বটে। সত্যি, নিউইয়র্কের আকাশ শহীদ কাদরীবিহীন খুবই বেমানান, খুবই ম্লান।