শহীদুল জহিরের আদি গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারাপার—শহীদুল জহির \ মাওলা ব্রাদার্স, ঢাকা \ ফেব্রুয়ারি ২০১০প্রচ্ছদ: ধ্রুব এষ \ ৬২ পৃষ্ঠা \ ৮৫ টাকাগত একুশের বইমেলায় স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছিলাম, সঙ্গে বন্ধু আহমেদ মাহমুদুল হক, মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী। মুক্তধারার স্টলে গিয়ে পুরোনো কিছু বই দেখতে দেখতে হাতে পড়ল একটি গল্পের বই, নাম পারাপার; লেখকের নাম শহীদুল হক। কয়েকটি পাতায় চোখ বুলিয়ে দেখে আহমেদ মাহমুদুল হককে বললাম, এই শহীদুল হক আসলে শহীদুল জহির। সঙ্গে সঙ্গে দুই কপি কেনা হলো, তিন দিনের মধ্যে মেলায় মাওলা ব্রাদার্সের স্টলে নতুন প্রচ্ছদপট নিয়ে হাজির হলো গল্পগ্রন্থ পারাপার। এবার লেখকের নাম শহীদুল জহির। প্রয়াত শহীদুল জহিরের অনুজ, সড়ক ও জনপথ বিভাগের একজন উচ্চপদস্থ প্রকৌশলী হাবিবুল হক বইটি মাওলা ব্রাদার্স থেকে পুনঃপ্রকাশের অনুমতি দিয়েছেন, সঙ্গে লিখে দিয়েছেন ছোট্ট ভূমিকা। ভূমিকা থেকে জানা যাচ্ছে: পারাপার শহীদুল জহিরের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ, ১৯৮৫ সালে প্রথম প্রকাশ করেছিল মুক্তধারা। পারাপার বইটিসহ শহীদুল জহিরের প্রথম দিকের লেখাগুলো প্রকাশিত হতো শহীদুল হক নামে। কিন্তু একই নামে একাধিক লেখক থাকায় তিনি নিজের নাম শহীদুল জহির করেন।আমার বিশ্বাস, শহীদুল জহির যদি শহীদুল হক নামেই তাঁর লেখালেখি অব্যাহত রাখতেন, অন্য সব শহীদুল হককে ছাপিয়ে তিনি বিশিষ্ট হয়ে উঠতেন। কারণ, কথাশিল্পী হিসেবে তাঁর বিশিষ্টতা মৌলিক। মাত্র পাঁচটি গল্প নিয়ে পারাপার। আশির দশকে বাংলাদেশের ছোটগল্প শাখায় যে একটি বিষয়ের প্রাধান্য ছিল, এ গল্পগুলোর বিষয়বস্তুও তাই: গরিব ও প্রান্তিক মানুষের জীবনযাপনের নানা খুঁটিনাটি। গল্পগুলোর লেখক যে একজন অত্যন্ত সংবেদনশীল কথাশিল্পী, তাঁর পর্যবেক্ষণের চোখ বেশ সূক্ষ্ম, তা প্রতিটি গল্পেই লক্ষ করা যায়। বাড়তি কথা নেই, গরিব মানুষের দুঃখ-দুর্দশার বিবরণে লেখকের তরল আবেগের প্রকাশ অনুপস্থিত। গল্পের পাত্রপাত্রীদের মনের খবর তিনি খুব একটা দেননি, তাদের মেলামেশা, কথাবার্তা, আচার-আচরণের যে কুশলী বিবরণ রচনা করেছেন, তার মধ্য দিয়ে ফুটে উঠেছে চরিত্রগুলোর বিশিষ্টতা। সংলাপ ব্যবহারে শহীদুল জহির যে লেখকজীবনের শুরুতেই বিশেষ পারঙ্গমতা রপ্ত করেছিলেন, পারাপার বইয়ের গল্পগুলো সেই সাক্ষ্য দেয়।অবশ্য এ কথাও সত্য যে পারাপার-এর পর থেকে শহীদুল জহির নিজেকে বদলে নিয়েছেন অনেক। ডুমুরখেকো মানুুষ ও অন্যান্য গল্প, ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প—তাঁর পরবর্তীকালের এই দুটি গল্পগ্রন্থের লেখক শহীদুল জহির বা জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূর্ণিমা ছিল, মুখের দিকে দেখি—এই উপন্যাসগুলোর লেখক শহীদুল জহির পারাপার-এর লেখক শহীদুল হক থেকে বেশ আলাদা, বিশেষত গল্পনির্মাণ ও বর্ণনাকৌশলে সম্পূর্ণ নিজস্ব এক ভঙ্গির কারণে। এসবের মাঝখানে লেখাআবু ইব্রাহীমের মৃত্যু উপন্যাসিকাটি লক্ষ করলে আমরা শহীদুল জহিরের লেখকজীবন বিকাশের বিষয়টি টের পাব। তিনি ক্রমশ উৎকর্ষের দিকে এগোচ্ছিলেন, বিশেষত আখ্যানের সঙ্গে লেখকের অবস্থান, কুশীলবের সঙ্গে বয়ানকারীর দূরত্ব, নিজের সৃষ্ট চরিত্রগুলো নিয়ে স্রষ্টার যে খেলা রচনা—তাতে তিনি হয়ে উঠছিলেন আর সবার থেকে ভিন্ন। বাস্তবকে এক দোদুল্যমান দৃষ্টিতে দেখা, নিত্যদিনের জীবনযাপনের মধ্যে এক গভীর ও স্থায়ী অনিশ্চয়তাকে চিহ্নিত করা এবং অনেক কিছু বলার পরও যেন কিছুই বললেন না, অথবা যত যা-কিছু বললেন, তার কোনো মানে দাঁড়াল কি না, যেন মানবজীবনেরই আসলে কোনো মানে আছে কি না—এসব বিষয় নিয়ে পাঠকের মনে তোলপাড় সৃষ্টি করেন যে পরিণত শহীদুল জহির, তাঁর পরিচয় তাঁর রচিত আদি গল্পগুলোতে রয়েছে সামান্যই। কিন্তু একজন প্রতিভাবান শিল্পীর উন্মেষের লক্ষণ সেসব গল্পে স্পষ্টভাবেই ধরা রয়েছে।শহীদুল জহিরকে নিয়ে যাঁদের কৌতূহল ও ঔৎসুক্য আছে, তাঁরা নিশ্চয় অনেক আনন্দ পাবেন তাঁর আদি পর্বের এই গল্পগুলো পাঠ করে।